২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন না করলে ভোগান্তির আশঙ্কা

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী ২৩ অক্টোবরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন না করলে মিনা ও আরাফার ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। এতে জামারা (কঙ্কর নিক্ষেপের স্থান) থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটার কারণে ভোগান্তিতে পড়তে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু হজযাত্রী, বেসরকারি হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে, আল-মাশায়ের ও আল-মোকাদ্দাসার (মিনা ও আরাফা) তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাঁবু বরাদ্দ প্রদান করা হয় বলে বিশ্বের অনেক দেশ জামারার নিকটবর্তী জোনে তাঁবু বরাদ্দ নেবে।

ফলে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন না হলে মিনা ও আরাফার ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে বিলম্ব হলে হজযাত্রীদের জামারা থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে। মিনা ও আরাফার কাঙ্ক্ষিত জোনে তাঁবু গ্রহণ, সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন, মক্কা ও মদিনায় বাড়ি/হোটেল ভাড়া ও নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা করার মাধ্যমে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজে গমনেচ্ছু সবাইকে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এবার সরকারি বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজপালনের সুযোগ পাবেন। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে মোট এক হাজার ৪০৩ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজপালন করতে যান। তবে অনুমোদন ছাড়া হজে অংশ নেওয়া, তীব্র সূর্যতাপ ও গরমের মধ্যে যথেষ্ট বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে ২০২৪ সালের সবচেয়ে বেশি হাজির মৃত্যু হয়েছে।




শুভেচ্ছা বিনিময়ে ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী মন্দিরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান তিনি।

মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 




দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে: জ্বালানি উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট কুপ) গ্যাস কূপের খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের ৪ হাজার এমসি গ্যাস দরকার। সেখানে আমরা ৩ হাজার এমসি গ্যাস পাচ্ছি। প্রয়োজনে আমাদের গ্যাস আমদানি করতে হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার ব্যয় হয়। এ মুহূর্তে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস।

বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তবে ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে তখন এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পরে দেশে এখনো পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোন কুপে পাওয়া যায়নি।

এসময় নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুকসহ বাংলাদেশে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশসন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




বিয়ে করলেন হাসনাত, শুভেচ্ছা সারজিসের

চন্দ্রদ্বীপ নিউজ :: হাসনাত আব্দুল্লাহর বিবাহিত জীবনের জন্য শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সারজিস আলম তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত। তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রী’র দায়িত্ব গ্রহণ করছো।

তিনি আরও লিখেছেন, দাম্পত্য জীবন সুখের হোক। আল্লাহ তোমাকে জীবনের বরকতময় করে তুলুন।

এদিকে, শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকেই আন্দোলনের সঙ্গে জড়িত অন্যান্য সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদের গায়ে হলুদ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব প্রচার করেছেন। পরবর্তীতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে ‘গুজব কে না বলুন’ বলে একটি বার্তা দিয়েছেন।




মঠবাড়িয়ায় যৌথ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, ৪ জন আটক

বরিশাল অফিস :: বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মঠবাড়িয়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। অদ্য ১২ অক্টোবর ২০২৪ তারিখ, রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে ৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র, ১৩৫ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল এবং ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। অভিযানে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন:মোঃ হাফিজুর রহমান হাসিব (৩টি মামলা), পিতা: মোঃ হেলাল উদ্দিন,নাজমুল শিকদার ওরফে কালিয়া (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), পিতা: নাসির শিকদার,মোঃ ফাহাদ, পিতা: মোঃ কুদ্দুস মুন্সি ,মোঃ তৌহিদুল ইসলাম, পিতা: রিপন হাওলাদার

থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা আগে থেকেই রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে, তাদের মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই অভিযানের মাধ্যমে মঠবাড়িয়া এলাকায় মাদক ও অস্ত্রবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে স্থানীয় প্রশাসন।




গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার হবে: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গণহত্যার পক্ষে ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করা গণমাধ্যমগুলোর বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি মামলা দায়ের হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার সৈয়দপুর বিমানবন্দরে রংপুর যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের গণহত্যাকে সমর্থন করে যারা গণমাধ্যমে প্রচারণা চালিয়েছে, তারা দেশের স্বার্থবিরোধী কাজ করেছে। আমরা এদের কেউই ছাড় দেব না।”

উপদেষ্টা নাহিদ ইসলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় নীলফামারী জেলা প্রশাসন ও সৈয়দপুর উপজেলা প্রশাসন। উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের নেতা-কর্মীসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা।

উল্লেখ্য, নাহিদ ইসলামের সফরে তার সাথে নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেনও ছিলেন।




মধ্যরাত থেকে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা : বিপাকে জেলেরা

পটুয়াখালী প্রতিনিধি :: সুষ্ঠু প্রজনন, সামুদ্রিক মৎস্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে ২২ দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞাটি ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পটুয়াখালী কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের জন্য পোস্টারিং, ব্যানার, সচেতনতামূলক সভা ও মাইকিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

কলাপাড়া উপজেলায় নিবন্ধিত ১৮,৩০৫ জন জেলের জন্য সরকার ২৫ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে, যা শীঘ্রই তাদের মাঝে বিতরণ করা হবে। তবে জেলেরা বলছেন, বছরে দুইবার নিষেধাজ্ঞার ফলে তাদের আর্থিক সংকট ক্রমেই বেড়ে চলেছে। নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যে তারা কর্মহীন হয়ে পড়বেন, ফলে ঋণের বোঝা আরও বাড়বে।

একজন জেলে সোবহান জানান, “ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। এনজিওর ঋণের চাপ আর মহাজনের দাদনের টাকা কীভাবে পরিশোধ করব, বুঝতে পারছি না। মাত্র ২৫ কেজি চাল দিয়ে এতদিনের সংসার চলবে না।”

ট্রলার মালিক কামাল বলেন, “জমিজমা বিক্রি করে দুইটি ট্রলার তৈরি করেছি, কিন্তু লাভের মুখ দেখিনি। অবরোধের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই কৃষিকাজে ফিরে যেতে চাই।”

আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বলেন, “নিষেধাজ্ঞার উদ্দেশ্য ভালো, তবে সময়সীমা এবং নিয়মের বাস্তবায়ন পুনর্বিবেচনা প্রয়োজন, যাতে জেলেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।”

মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের আর্থিক সহায়তা ও ঋণ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে।




বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ প্রকল্পের মেঘনাঘাট এলাকায় গ্যাস পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি এই পরিদর্শন করেন।

জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) সূত্রে জানা গেছে, ২০২১ সালের জুনে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫১২ কোটি ৫৯ লাখ এবং ৭৯২ কোটি ৩ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।

প্রকল্পের লক্ষ্য হলো নারায়ণগঞ্জের মেঘনাঘাট, হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকার বিদ্যুৎকেন্দ্র এবং শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

 




দশমী পূজা চলছে, একদিন আগেই কৈলাসে ফিরছেন দুর্গা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মহানবমীর দিনে পরলো দশমীর তিথি। শনিবার (১২ অক্টোবর) নবমী বিহিত পূজা শেষে দশমীর বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে।

নবমীতে দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন, তাই নবমীর সকাল অশুভ শক্তি থেকে মুক্তির প্রতীক। সকাল ৬টা থেকে নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি প্রদান করা হয়।

৮টা ২৬ মিনিটে দশমী পূজা শুরু হয়। পূজা শেষে দেবীর দর্পণ বিসর্জনের মাধ্যমে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই কৈলাসে ফিরবেন দুর্গা। দেবীর বিদায়ে নবমীর আনন্দ বিষাদের রূপ নিয়েছে, আর ভক্তরা দেবীর কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছেন।




চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন পটুয়াখালীর রিক্সাচালক আনসার প্যাদা

পটুয়াখালী প্রতিনিধি :: লিভার সিরোসিসে আক্রান্ত রিক্সাচালক আনসার প্যাদা (৩৫) চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা আনসার ঢাকায় রিক্সা চালিয়ে সংসার চালাতেন। কিন্তু চার মাস আগে অসুস্থ হয়ে গ্রামে ফিরে আসার পর থেকে তার চিকিৎসার খরচ যোগাতে কষ্ট হচ্ছে।

স্বামীর অসুস্থতায় পরিবারে নেমে এসেছে সংকট। আনসারের স্ত্রী আমেনা বেগম জানান, স্বামীর আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার পর তিনি মানুষের কাছে হাত পাতছেন, তবে সেই সামান্য আয় দিয়েও সন্তানের খাবার জোগানো দুষ্কর হয়ে পড়েছে। বর্তমানে তিন সন্তান— নবম শ্রেণির ছাত্রী মোসা. আমান্তু, প্রথম শ্রেণির ছাত্রী মোসা. তুলি ও তিন বছরের ছেলে মারুফ—সহ বিপাকে পড়েছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আনসারের শরীরে লিভার সিরোসিস ধরা পড়ে। এ খবর শোনার পর আমেনার মনে আকাশ ভেঙে পড়ে। দীর্ঘ চার মাস ধরে প্রাপ্ত সাহায্যে চলছে আনসারের চিকিৎসা, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন। আমেনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কারণ স্বামীকে যথাযথ চিকিৎসা করাতে না পারছেন তিনি।

আমেনা বলেন, “আমি চারপাশে অন্ধকার দেখছি। কোনো উপায় না পেয়ে সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। যদি কেউ সাহায্য করেন, আমি মহান আল্লাহর কাছে দু’আ করবো।”

আমাদের সমাজের সাহায্যপ্রার্থী আনসার প্যাদার পরিবারকে সহযোগিতা করতে পারলে তারা নতুন জীবন ফিরে পেতে পারে।

**সাহায্য পাঠানোর ঠিকানা:** বিকাশ ০১৭৭৮৩৩৫১৮৭।