জুলাই হত্যাকাণ্ডে পলাতকদের ফিরিয়ে আনা হবে: অ্যাটর্নি জেনারেল

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই হত্যাকাণ্ডে জড়িত পলাতকদের ফিরিয়ে আনতে আদালতের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, পলাতকরা ফিরে এসে বিচারের মুখোমুখি না হলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর এফডিসিতে জুলাই হত্যাকাণ্ডের দায় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার লক্ষ্যে একটি নির্দিষ্ট সিভিলিয়ান গোষ্ঠির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে যে হত্যা ঘটানো হয়েছে তা মানবতাবিরোধী অপরাধ আইন ১৯৭৩ এর মাধ্যমে বিচার করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইবুনাল পুনর্গঠন করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিতে বিচার প্রক্রিয়ার ট্রায়াল টেলিভিশনে দেখানোর ব্যাপারে আইনগত দিক পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, খুব শিগগিরই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হবে। যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, শেখ হাসিনা এত মিথ্যা বলেছেন, এমনভাবে বলেছেন, এমন কৌশল করে বলেছেন, তিনি নিজেই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে, তিনি যা বলেন সেটাই সত্য, সেটাই বেদবাক্য। শেখ হাসিনা মিথ্যা বলতে বলতে মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তার মিথ্যাচার গোয়েবলসকেও হার মানিয়েছে। গোয়েবলস বেঁচে থাকলে তিনি হয়তো শেখ হাসিনার ছাত্র হওয়ার ইচ্ছা প্রকাশ করতেন।

তিনি আর বলেন, গত ১৫ বছরে দেশে কার্যত এক ব্যক্তির শাসন কায়েম হয়েছিল। জাতীয় সংসদেও একক কর্তৃত্ববাদে পরিচালিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংক্রান্ত রায় পরিবর্তনের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অপরাধ করেছে। যে অপরাধের সুবিধা নিয়েছে আওয়ামী লীগ। তার বিরুদ্ধে মামলা হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই-আগস্টের শান্তিপূর্ণ আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নজিরবিহীন হত্যাকাণ্ড বাংলাদেশে ইতিহাসে বড় কালো দাগ হয়ে থাকবে। পাঠ্যপুস্তকে রচিত হবে জুলাই বিপ্লবের এসব শহীদদের শোক গাঁথা। রক্ত পিপাসু জুলুমবাজ সরকারের অন্যায় অত্যাচারের নির্মম চিত্র। তারা চেয়েছিল রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে। কিন্তু মৃত্যুকে ভয় না পাওয়া ছাত্র জনতা যখন রাজধানী ঘিরে ফেললো এক কাপড়ে পালিয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




সাবেক এমপি হাজী রহিম উল্লাহ গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: হত্যা মামলায় ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে র‍্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ফেনীর সোনাগাজী এলাকায় টমটম চালক জাফর আহাম্মদকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাব-২।




‘সব সম্প্রদায়ের সমান অধিকার থাকবে এমন বাংলাদেশ চাই’

চন্দ্রদ্বীপ নিউজ :: সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার থাকবে এমন বাংলাদেশ গঠন করতে চান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন সমাজ চাই না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশে গঠন করতে চায় যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।

দুর্গাপূজার আনন্দ এবার বিশেষ আনন্দে পরিণত হয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, চারদিনের ছুটি পেয়ে সবাই খুশি। সব জায়গায় নির্বিঘ্নে পূজা করতে পারছেন সনাতন ধর্মাবলম্বীরা। সবাই চেষ্টা করেছেন, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, বিশৃঙ্খলা যেন না হয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ করছে। সবাই মিলে কাজ করলে যে সফল হওয়া যায় তা প্রমাণ হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের মতো আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমরা এমন সমাজ চাই না, যেখানে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে আনন্দ উৎসব করতে হবে। এজন্য ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে নতুন একটি সমাজ গঠনের চেষ্টা করছে। আগামী দিনে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পূজা বা যেকোনো উৎসব পালন করতে যেন না হয় সেই উদ্যোগ নিতে হবে সবাইকে।

তিনি বলেন, শুধু সংখ্যালঘু নয়, মুসলমানদের ছেলেমেয়েরাও ঘর থেকে বের হলে বাসায় ফিরবে কিনা সে নিরাপত্তা ছিল না। এমন সমাজ আমরা চাই না। আমরা একটি কাল্পনিক সমাজের কথা বলছি, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে এমন সমাজ বিনির্মাণ সম্ভব।

তিনি আরও বলেন, ছোটখাটো বিষয়ে আমরা যেন আটকে না থাকি। আপনাদের ছেলেমেয়েরা যেন স্বাভাবিক নাগরিক অধিকার পায়। সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের পক্ষে থাকুন। আমরা স্বপ্নের রাষ্ট্র গঠন করবো, যেন দুনিয়ার বুকে গর্ব করতে পারি। আমাদের ছেলেমেয়েরা যেন আকাশে উড়তে পারে সেই ব্যবস্থা করবো। বন্দি হয়ে থাকার জন্য আমাদের ছেলেমেয়েরা জন্মগ্রহণ করেনি।

এর আগে, বিকেলে ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করতে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করছে। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

 




নির্বাচনকালীন মন্ত্রণালয়ের দায়িত্ব ইসির হাতে চান সাখাওয়াত হোসেন

চন্দ্রদ্বীপ নিউজ :: নির্বাচনকালীন সময় মন্ত্রণালয়গুলোর দায়িত্ব ইসির (নির্বাচন কমিশন) হাতে চান বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জে. (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশন যাদেরকে নিয়োগ দেয়, তাদের ক্ষেত্রে ইসি যে রিপোর্ট দেয় সেটিই যেন চূড়ান্ত হয়। এটি জবাবদিহি নিশ্চিতে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকার যেন হস্তক্ষেপ না করে। নির্বাচনের সময় মন্ত্রণালয়গুলোর ওপর খবরদারির ক্ষমতা ইসিকে দিতে হবে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটা একদিনের বিষয় নয়। এখানে সহিংসতা মুক্তভাবে প্রচারণা থেকে শুরু করে ভোট গণনা হয়। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে। পুরো প্রক্রিয়া সঠিক হতে হবে। যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করে না, সেটা সংবিধানের লঙ্ঘন। সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল সঠিকভাবে দায়িত্ব পালন না করলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। গণমাধ্যম, নাগরিক সমাজসহ আরও অংশীজনদের সঠিক ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমত এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। নিরপেক্ষ, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন কমিশন নিয়োগের এখতিয়ার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নয়। এ সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমাদের সমস্যা অনেক জায়গায়। বর্তমান যে সংবিধান এই সংবিধানের আর্টিকেল ৫৯ এ বলা হয়েছে স্থানীয় সরকার, আর্টিকেল ৬০ তে বলা আছে স্থানীয় শাসন। পরপর দুটি ধারায় একই কথা বলা আছে। এই জিনিসগুলো বহু বছর ধরে আবর্জনা জমে আছে। এখানে একে অপরের দোষারোপের চেয়ে সলিউশনটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেজন্য আমরা বলি সব জায়গায় কিছু কিছু নতুন জিনিস সংযুক্ত করা দরকার। যারা নির্বাচনের প্রার্থী হবেন তারা নির্বাচন কমিশনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন এবং তাদের লক্ষ্যের কথা বলবেন। তাহলে লুকোচুরি বিষয়টা থাকবে না। আর একটা হচ্ছে রুল অফ ল, এটা হওয়া উচিত রোল অফ জাস্টিস। পরপর দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা বিএনপি’র প্রস্তাব। দুবার কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না এটাও বিএনপি’র প্রস্তাব।

তিনি আরও বলেন, বদলি, দায়িত্ব প্রদান এই জিনিসগুলোর সাথে আরেকটা জিনিস যুক্ত করতে হবে। নির্বাচন চলাকালীন সময় কোন উচ্চ আদালতে বা আদালতে নির্বাচন কমিশনের মতামত না নিয়ে কোন রিট গ্রহণযোগ্য হবে না। নির্বাচন কমিশনকে যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা ন্যায়পরায়ণ থাকতে বাধ্য হবে। নির্বাচন কমিশনের জবাবদিহিতা বেশি করে নির্ধারণ করা গেলে কার্যকরিতা বেশি হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কমিশনগুলো কিভাবে কাজ করবে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলোর ভেতরে নির্বাচন সুষ্ঠু করার আগ্রহ নেই। তারা নিরঙ্কুশ ক্ষমতা পেতে চায়। অন্তত ৩ থেকে ৫টি নির্বাচন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। নির্বাচন কমিশনকে একটি স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে হবে। না ভোটের বিধান থাকা দরকার। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নিবন্ধন সহজ করা দরকার।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বর্তমান সংবিধান বাতিল করতে হবে। পাশাপাশি নতুন সংবিধান রচনা করতে হবে। ভোটের সময় রাজনৈতিক দলগুলোকে বাজেট দিতে হবে।

সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানকে গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, আপনারা মান্নান সাহেবের মতো ভদ্র মানুষকে গ্রেফতার করলেন অথচ ওবায়দুল কাদেরকে গ্রেফতার করতে পারলে না। সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে বিদেশের চাপে ছেড়ে দিলেন কেন? এই নীতি থেকে বের হতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুর আগে এদেশের মানুষের তথ্য যারা হাজার হাজার কোটি টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, অন্য সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করাই এ সরকারের মুখ্য দায়িত্ব। মুখ্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী তফসিল দিতে হবে। এ সরকারের অধীনে যে ভোট হবে সেটা নিঃসন্দেহে সুষ্ঠু ভোট হবে। কিন্তু এরপরে যে নির্বাচনগুলো হবে সেগুলোও যাতে সুষ্ঠু হয় সেই ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নাগরিক কমিটির সদস্য আরিফুল আদিব বলেন, আমরা মনে করি আগামী নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে কেন্দ্র করে এখন যত শক্তি আছে তারা মেরুকরণ করছে। আমরা বিপ্লবের পরপর দেখেছি যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবি করছে। তাদেরকে কিভাবে আটক করা যায় সে দাবিগুলো করছে। কিন্তু দেড় মাস যেতে না যেতেই নির্বাচন কেন্দ্রিক তাদের সভা সমাবেশে বক্তব্যগুলো কেন্দ্রীভূত হচ্ছে। ফলে বিচারের চেয়ে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার বাসনা এবং চাহিদা তাদের কাছে বেশি মুখ্য হয়ে উঠেছে। অভ্যুত্থানের প্রধান দাবি ছিল দেশে কোন ফ্যাসিবাদী ব্যবস্থা থাকবে না। এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আগামীতে বিএনপি অথবা অন্য কেউ ক্ষমতায় আসুক না কেন তারা কিন্তু ফ্যাসিবাদী দানবে রূপান্তর হবে।

তিনি আরও বলেন, আগামীতে কেউ যাতে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে একটা জাতীয় ঐক্য অনুযায়ী কাজ করতে হবে।




না পারলে দায়িত্ব আমাদেরকে দেন: সারজিস আলম

চন্দ্রদ্বীপ নিউজ :: ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আপনারা না পারলে দায়িত্ব আমাদেরকে দেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেনো প্রশ্ন রেখে সারজিস আলম বলেন, আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে ২ হাজারেরও বেশি মন্তব্য করেছেন পাঠকরা।

স্ট্যাটাসটির কমেন্ট বক্সে নূর মো. মির্জা নামের একজন লেখেন, দুঃখজনক বিষয় এখনো তাদের চিকিৎসা চলছে ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।

আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।

মো. মিশকাত আলী লিখেছেন, সরকারের যেসব উপদেষ্টারা আছেন তারা নিজের পকেট ভরার জন্য উন্মাদ হয়ে পড়েছে আফসোস। কারা দেশটা স্বাধীন করল? কার জন্য দেশটা পেয়েছি, আর কারা দেশটাকে খাচ্ছে?

আকলিমা আলি নামের একজন লেখেন, নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে দিকে তাকান। কিছু তো শিক্ষা আমরা পেয়েছি বিগত দিনগুলো থেকে। সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন যেন আর কোনো দল আমাদের ভারাটিয়া মনে না করে। দেশ আমাদের সবার। তাই অন্যের আসায় বসে না থেকে দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। আর মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা।




বরিশালে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী শিরিন

বরিশাল অফিস :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর ফলপট্টিসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নবমীর দিন তিনি বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এসব পরিদর্শন করেন।

সাবেক এমপি শিরিনের নেতৃত্বে বরিশাল শহরের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শনের সময় বিএনপি নেতা আলমগীর হোসেন ও মানিক জানান, জেলা, মহানগর, সদর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। নেত্রী শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সাথে। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও দোয়া চান।

এসময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা কালি বাড়ি রোডের কালী বাড়ি মন্দিরসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা বিনিময় শহরের ধর্মীয় সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।




সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলোচনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) প্রাপ্ত এক বিবৃতিতে জানা যায়, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংস্কার, মানবাধিকার রক্ষা, রোহিঙ্গা সংকট সমাধান এবং শ্রম অধিকার নিয়ে আলোচনা করেন। এই বৈঠকটি দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিফলন ছিল।

রাজনৈতিক বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস এবং মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গেও পৃথক বৈঠকে বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু, শ্রম আইন সংস্কার এবং মার্কিন কারিগরি ও আর্থিক সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হোয়াইট হাউসে প্রেসিডেন্টের বিশেষ সহকারী লিন্ডসে ডব্লিউ ফোর্ডের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে আলাপ করেন।

এছাড়া, ইউএসটিআর ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে রফতানিতে বৈচিত্র্য আনতে সহযোগিতা, ওষুধ পণ্যের নিবন্ধন ফি হ্রাস এবং শ্রম আইন সংস্কার নিয়ে আলোচনা করা হয়।

এসময় মার্কিন কর্মকর্তাদের মধ্যে অ্যাম্বাসেডর ডোনাল্ড লু, মার্টা সি. ইয়ুথ এবং নিকোল চুলিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করবেন বলে জানা গেছে।

খবর: বাসস




বরিশালের দুই ছাত্রলীগ কর্মী আটক

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস ও কমেন্ট করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আটকরা হলেন- বরিশালের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে রাকিবুল হাসান (২২) এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের সুনীল কৃষ্ণ মৃধার ছেলে সৈকত মৃধা (২২)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মুকিত হাসান কালবেলাকে বলেন, তারা দুজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে কমেন্ট ও পোস্ট করে। এতে এলাকায় এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৈকত মৃধাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে এবং রাকিবুলকে নিজ এলাকা থেকে আটক করা হয় বলেও জানান তিনি।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ বলেন, ফেসবুকে ওই লেখার জেরে সৈকত মৃধার বাড়ির এলাকায় লোকজন জড়ো হয়। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ বলেন, তারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আউয়াল সমর্থিত ছাত্রলীগ কর্মী।




বরিশাল ছেড়ে খুলনা টাইগার্সে মিরাজ

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: বিপিএলের একাদশ আসরের প্লেয়ার ড্রাফটের আর বেশি সময় বাকি নেই। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ড্রাফট। তবে দলগুলো তাদের স্কোয়াড সাজানোর তোড়জোড় শুরু করেছে আগেভাগেই।

দলগুলো শেষ মুহূর্তে দেশি-বিদেশি খেলোয়াড়দের সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে। খুলনা টাইগার্সও এই সুযোগ কাজে লাগাচ্ছে।

গতবারের মতো এবারও দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সাবেক পেসার তালহা জুবায়ের। তার কোচিংয়ে খুলনা টাইগার্স গত আসরে ভালো শুরু করেছিল, কিন্তু মাঝপথে ছন্দ হারিয়ে সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল।

কোচকে ধরে রাখলেও গেল বারের অধিনায়ককে ধরে রাখছে না খুলনা। ছেড়ে দিয়েছে আগের আসরের অধিনায়ক এনামুল হক বিজয়কে। তার বদলে অধিনায়ক কে হবেন, তা নিয়ে এখন শুরু হয়েছে জল্পনা কল্পনা।

এরই মধ্যে দলটা এক চমক দিল। সরাসরি চুক্তির মাধ্যমে তারা ইতিমধ্যে মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে দলটা। সব ঠিক থাকলে তিনিই অধিনায়কত্ব করবেন খুলনার।

গেল বারের অধিনায়ককে ছেড়ে দিলেও দলটি গতবারের স্কোয়াড দুজনকে ধরে রাখছে। সে দুজন হলেন– স্পিনার নাসুম আহমেদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন।




সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান: আইজিপি

চন্দ্রদ্বীপ নিউজ :: সন্ত্রাসী কার্যক্রম বন্ধে দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি ময়নুল ইসলাম এসব কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাঁড়াশি অভিযান শুরু করব। মাঝে মাঝে আপনাদের যে শঙ্কা তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে আমরা সেগুলোকে আমলে নিতে চাই। আমরা যেন আইন-শৃঙ্খলা অবনতির ঘটনাগুলো প্রতিহত করতে পারি।

তিনি জানান, যারা অপরাধী অপতৎপরতা চালাতে চায় তারা মুষ্টিমেয়। আমরা যদি একতাবদ্ধ থাকি এই সংখ্যা কোনো সংখ্যাই না। গতকালের ঘটনাই তার প্রমাণ। আমরা কিন্তু তাদের ধরেছি এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং যারাই কোনো অপরাধ করতে চাইবে তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেটুকুভাবে আশ্বস্ত করতে চাই।

চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাপসহ সব অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়ে পুলিশ মহাপরিদর্শক জানান, আমি বলব কোনো সংবাদ যদি সেনসেটিভ মনে হয় তবে সে বিষয়ে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা হয় সোশ্যাল মিডিয়ায় জানছেন অথবা অন্যভাবে জানছেন সেটা আমাদের জানান। আপনার পরিচয় গোপন করে জানান।