পিরোজপুরে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরে ২০১২ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি রেজাউল করিম খান (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। রোববার রাতে পিরোজপুর শহরের শেখপাড়ায় তার বাবার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম পিরোজপুর সদর উপজেলার কালিকাঠি গ্রামের আমীর আলী খানের ছেলে। ২০১২ সালের ৪ এপ্রিল রাতে মাহফিল থেকে ফেরার পথে রেজাউল এবং তার সহযোগীরা আপন ফুপাতো ভাই ফিরোজ মাঝিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। ফিরোজের বোনকে বিয়ে দিতে না চাওয়ায় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় ফিরোজের মা নাসিমা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৩১ জুলাই পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান ফিরোজসহ আরও ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ফিরোজের মা রেকসোনাসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রেজাউল আদালতে উপস্থিত ছিলেন না।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, গ্রেপ্তারকৃত রেজাউল করিম খানকে আজ সোমবার আদালতে পাঠানো হবে।




ঝালকাঠি বিসিক শিল্পনগরীতে ৭৯ প্লটের ৫৬টিই ফাঁকা

বরিশাল অফিস :: ঝালকাঠি বিসিক শিল্পনগরী ২০১৯ সালে উদ্বোধনের পর প্রায় পাঁচ বছর ধরে প্রায় ফাঁকা পড়ে আছে। ৭৯টি প্লটের মধ্যে ৫৬টি ফাঁকা রয়েছে। শিল্প মন্ত্রণালয় অবৈধভাবে দেউলিয়া ফরচুন ইনভেনশন অ্যান্ড টেকনোলজি নামে একটি কোম্পানিকে ২৫টি প্লট বরাদ্দ দিয়েছে, যা দীর্ঘদিন ধরে ফাঁকা অবস্থায় রয়েছে।

বিসিক সূত্রে জানা যায়, জেলা বিসিকের কোনো সুপারিশ ছাড়াই এই কোম্পানির জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর তিন উদ্যোক্তা ৬টি প্লটের বরাদ্দ বাতিলের আবেদন করেন, যা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর করা হয়। জুনে ১৫ উদ্যোক্তাকে ১৯টি প্লট বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারা এখনো কোনো কার্যক্রম শুরু করেননি।

স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বলেছেন, ৫৬টি ফাঁকা প্লট থাকায় এলাকার বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি। ফরচুনের নামে প্লট বরাদ্দের বিষয়ে বিসিক কর্মকর্তা আল আমিন বলেন, “এ রকম কোনো বিধান নেই। বিসিকের নীতিমালায় এই বরাদ্দ অযৌক্তিক।”

বর্তমানে এখানকার অবকাঠামো পরিস্থিতি দুর্বল থাকায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 




বরিশালের ‘লৌহ মানব’ ও ‘সিংহ পুরুষ’দের খোঁজ নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও তার সরকার পতনের পর আত্মগোপনে থাকা বরিশালের ৭ এমপি‘দের নিয়ে নানা আলোচনা –সমালোচনার শেষ নেই। ইতোমধ্যে রাশেদ খান মেনন ও বরিশাল সদর আসনের এমপি সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক গ্রেপ্তার হয়ে কারান্তরীন হয়েছেন। অন্যদের মধ্যে কেউ আছেন দেশে আত্মগোপনে। আবার কেউ ক্ষমতা ছাড়ার আগে-পরে পাড়ি জমাতে সক্ষম হয়েছেন প্রতিবেশী দেশ সহ বিদেশে। অনেকে আবার দেশত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হবার দিন কয়েক পরেই।

তবে বরিশালের ৬টি সংসদীয় আসন ছাড়াও একটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কোন দিনই এলাকার নিদিষ্ট লোকদের বাইরে আমজনতা সহ এলাকার উন্নয়ন ও ভালমন্দের তেমন কোন খোজ খবর রাখতেন না বিধায় তাদের উপস্থিতি-অনুপস্থিতি এলাকার রাজনীতিতে এখনো তেমন কোন প্রভাব ফেলেনি। নির্বাচিত ৬ এমপি’র মধ্যে গ্রেপ্তারকৃত বরিশাল-২ আসনের রাশেদ খান মেনন একাধিকবারের পুলিশ রিমান্ডে রয়েছেন। তবে তিনি অন্যদের তুলনায় কিছুটা ব্যতিক্রমও ছিলেন। এমপি বা মন্ত্রী অবস্থায় তিনি নিজ এলাকা ছাড়াও নির্বাচনী এলাকা এবং বরিশালের যেকোনো মানুষের উপকারের চেষ্টা করে গেছেন। মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে বরিশালের উন্নয়নে সম্ভব সবকিছু করারও চেষ্টা করেছেন মেনন।

তবে আওয়ামী লীগের সহযোগী ও অংগ সংগঠন যাকে এতদিন ‘দক্ষিণাঞ্চলের অভিভাবক’ হিসেবে উল্লেখ করতেন, সেই বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনের শুরুতেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দীঘ রাজনৈতিক জীবনে আবুল হাসনাত সব সময়ই বিপদের আগাম আঁচ করতে পারেন বলে খ্যাতি আছে। এবারো তিনি আন্দোলনের শুরুতেই মুম্বাইতে মেয়ের বাড়ীতে চলে গেছেন। অতীতে ভারতে অবস্থানকালে তিনি বেশীরভাগ সময়ই আজমির শরিফে অবস্থান করে এবাদত বন্দেগীতে রত থাকতেন। এবারো তার অন্যথা হচ্ছে না বলে ঘনিষ্ঠজনেরা মনে করছেন। তবে ইতোমধ্যে নিজ এলাকা আগৈলঝাড়াতে এক ছাত্রদল নেতাকে ক্রস ফায়ারে হত্যার দায়ের পুলিশের ডিঅই‌জি ও এসপি সহ কয়েকজনের নামের মামলায় আবুল হাসনাতের নামও উঠে এসেছে।

বরিশাল-৩ আসনে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্র গোলাম কিবরিয়া টিপু’র কোন খোজ নেই। যদিও তিনি ক্ষমতার আমলেও এলাকার তেমন কোন খোজ খবর রাখতেন না। তবে ক্ষমতা হারানো সরকারী দলের কোটায় নির্বাচন করে এমপি হওয়া আস্থা-ভাজন বিরোধী দলের এ নেতাও এখন অনেকটা নিরুদ্দেশ। তিনি দেশে না বিদেশে তাও বলতে পারছেন না ঘনিষ্ঠজনেরা।

এমনকি বরিশাল-৪ আসনের এমপি পংকজ দেবনাথও নিরাপদে ভারতে পালিয়েছেন বলে মনে করছেন অনেকেই। তার বিরুদ্ধেও দু বছর আগে বিএনপি অফিসে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগ মামলা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে আওয়ামী লীগ প্রার্থী শাম্মি আহমদ সুপ্রিম কোট থেকে অযোগ্য ঘোষিত হলেও পরে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। শাম্মি আহমদ বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানালেও ৫ আগস্টের পরে তার নিশ্চিত অবস্থান নিকটজনদেরও অজানা। অস্ট্রেলিয়ার পাসপোটধারী শাম্মির সন্তানেরা সেখানেই বসবাস করছে বলে জানা গেছে।

বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম গত ২ আগস্ট সর্বশেষ এলাকায় এসে খুব অল্প সময় অবস্থানের পর ঢাকায় ফিরে যান। ৩ আগস্ট তার বাড়ীতে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সরকার পতনের পরে ঢাকায় অবস্থান করলেও বরিশাল জেলা এবং মহানগর বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের মামলায় তাকে সম্প্রতি ঢাকা থেকে গ্রেপ্তারের পরে বরিশালে নিয়ে আসা হয়। পরে মহানগর বিএনপি’র শান্তি-সংহতি মিছিল এবং দলীয় নেতা জিয়া-উদ্দিন শিকদার সহ অন্যান্যদের ওপর হামলার অভিযোগে আরো একটি মামলায় জাহিদ ফারুককেও আসামী করা হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে প্রথমবার নৌকার টিকিট নিয়ে এমপি হওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক-এরও কোন খোঁজ নেই। সরকার পতনের পরে এলাকার ঘনিষ্ঠজনেরও তার অবস্থান জানেন না। এলাকায় অনেকটা বসন্তের কোকিল হিসেবে পরিচিত হাফিজ মল্লিক নির্বাচন এলেই এলাকার মানুষের খোজ খবর রাখতেন বলে খ্যাতি আছে। এখনো তার অন্যথা হচ্ছেনা বলে রাজনৈতিক বিশ্লেষক-গন মনে করছেন। তবে এখনো কোন মামলায় তার নাম আছে বলে জানা যায়নি।

মহানগরীর বগুড়া রোডের বাসিন্দা আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতা আমীর হোসেন আমু ঝালকঠী সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনের এমপি হলেও বরিশালের রাজনীতি সহ সব কিছুতেই সুদূর অতীত থেকে প্রভাব বিস্তার করে ছিলেন। তবে সদ্য পট পরিবর্তনের পরে তারও কোন খোঁজ নেই। ইতোমধ্যে বরিশাল ও ঝালকাঠিতে তার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঝলকাঠীর বাসায় আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীরা নগদ ৫ কোটি টাকাও উদ্ধার করেছেন। পোড়া গন্ধ আর ধ্বংসস্তুপের শুনশান নীরবতায় দাড়িয়ে আছে বরিশাল ও ঝালকাঠিতে আমীল হোসেন আমুর সুরম্য অট্টালিকা। কেউ বলছেন তিনি ভারতে পালিয়েছেন, আবার কেউ বলছেন দেশেই অবস্থান করছেন।

নিরুদ্দেশ আছেন সাম্প্রতিককালে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ’ও। আবুল হাসনাত আব্দুল্লাহর জ্যেষ্ঠ পুত্র সাদেক আবদুল্লাহ ৫ আগস্ট সরকার পতনের পরে তার বাসভবনে হামলার আগেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান এরপরে আর কোন সন্ধান নেই। তবে তার বাসায় হামলা ও অগ্নি সংযোগের পরে সেখান থেকে সাবেক কাউন্সিলর লিটু সহ ৩ জনের মৃতুদেহ উদ্ধার করা হয়েছে।

এভাবেই নিকট অতীতের একেকজন লৌহমানব ও সিংহ পুরুষেরা ক্ষমতা হারাবার পরে কেউ নিরাপদ আশ্রয়ে, আবার কেউ নিরাপদে থাকার লক্ষে ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

তবে যেহেতু দল আর ক্ষমতায় নেই, তাই তাদের নামের আগে-পরে এখন আর কোন তকমা নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মহলের মতে, ‘ক্ষমতা কি জিনিষ তা ইতোমধ্যে টের পেতে শুরু করেছেন বরিশালের সিংহ পুরুষ সহ নানা বিশেষণে অভিষিক্ত সদ্য ক্ষমতা হারানো নেতারা। ক্ষমতা এতদিন তাদের উত্থানের চূড়ান্ত শিখরে নিয়ে গেলেও তার ফলও এখন তারা ভোগ করছেন’ বলেও মনে করছেন বিশ্লেষক-গন।




বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে সামরিক যোগাযোগ জোরদার করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ-চীন সম্পর্ক ইতোমধ্যে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে, এবং সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে সামরিক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এই সংকটের একমাত্র সমাধান, এবং এ ক্ষেত্রে আমরা চীনের আরও জোরালো ভূমিকা চাই।”

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং থাকবে। কোভিড-১৯ মহামারি ও জুলাই আন্দোলন চলাকালেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে যাননি।




টানা ৪দিন ছুটির পর আজ খুলল অফিস-আদালত

চন্দ্রদ্বীপ নিউজ : পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিন বন্ধ ছিল সরকারি অফিস-আদালত। ছুটি শেষে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত সময়ে খুলতে শুরু করেছে অফিস-আদালত, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।

সরকারি ছুটির ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, রোববার (১৩ অক্টোবর) পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চার দিন ছুটি পেয়েছিল সরকারি চাকরিজীবীরা।

এদিকে দুর্গাপূজা, ফাতেহা ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বর্ধিত হয়েছে ১১ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় বুধবার (৯ অক্টোবর) থেকে, যা চলবে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। তবে পরবর্তী দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী রোববার (২০ অক্টোবর)। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা ই ইয়াজদাহম এর ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা ছুটি ১৬ অক্টোবর।




লক্ষ্মীপুরে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

চন্দ্রদীপ ডেস্ক : লক্ষ্মীপুরে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। তারা সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

আহতরা হলেন-সুমন হোসেন, মো. রকি , মোহাম্মদ ফাহাদ হোসেন, সিরাজ মিয়া, মো. হৃদয়, শান্ত খান ও আবদুল মালেকসহ ২০ জন অগ্নিদগ্ধ হয়। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বাস ও সিএনজির চালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহণ নামে একটি বাস গ্যাস নিতে আসে গ্রীণ লাইফ ফিলিং স্টেশনে। এ সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি  শুরু করেন। এ সময় ঘটনাস্থলে মারা যায় সিএনজির তিন চালক। আহত হয় অন্তত আরও ২০জন।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিন জনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিন জন ঘটনাস্থলেই মারা গেছেন। বাসের গ্যাস সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে।




বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীসহ সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে  রোববার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

সকাল থেকে দর্পণ-বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয় এই আয়োজন।

৯ অক্টোবর থেকে চন্ডীপাঠ, বোধন ও অধিবাসের মাধ্যমে শুরু হয় এই উৎসব। পাঁচদিন ধরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

এ বছর দেবী দুর্গার আগমন হয় দোলায় বা পালকিতে। তবে শাস্ত্রমতে, দেবীর ঘোটকে গমনের ফলে সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলার ইঙ্গিত করা হয়। দেবী বিসর্জনের মাধ্যমে ফিরে গেলেন কৈলাসে স্বামীর ঘরে, পরের বছর শরতে আবার আসবেন এই ধরণীতে।

নিরাপত্তার উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিসর্জনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়। বিদায়ের করুণ ছোঁয়ায় বুড়িগঙ্গা নদীতে সারিবদ্ধভাবে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। একইভাবে তুরাগ নদীতেও বিসর্জন চলে।

দুপুরে পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা বের হয়। ভক্তরা রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে ট্রাকে করে প্রতিমা নিয়ে সমবেত হতে শুরু করেন পলাশীর মোড়ে।

এ বছর সারা দেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ঢাকা মহানগরে ২৫২টি মণ্ডপ রয়েছে। প্রশাসনসহ প্রতিটি পূজা উদযাপন কমিটি নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থা করে।

 




তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনার তালতলীতে পায়রা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সাত জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে রাতভর নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে ওই সাত জেলেকে আটক করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, “ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।” এ সময় দেশের কোথাও ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ, যা দণ্ডনীয় অপরাধ।

নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকার করছিলেন। এমন সংবাদ পেয়ে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ পায়রা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় জেলেদের কাছ থেকে ৩ মণ মা ইলিশ, পাঁচটি মশারি জাল, ১৬টি কারেন্ট জালসহ (আট হাজার মিটার), এবং দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “প্রথমবারের মতো মুচলেকা রেখে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী সাত জেলেকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”




বেরোবি: ছাত্রলীগের রুমে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মোক্তার এলাহী হলের ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রুমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক ও কর্তৃপক্ষের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তৃতীয় তলার ৩০৫ ও ৩০৬, পঞ্চম তলার ৫০৩ ও ৫১১ রুম থেকে রড, চাপাতি, ছুরি, দা ও রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার জন্য ছাত্রলীগ এসব অস্ত্র জমা করে রেখেছিল।

হলটির প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, অবৈধ ছাত্রদের বের করে দেয়ার এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের জন্য নোটিশ দেয়া হয়েছিল। নোটিশের পর অভিযান চালিয়ে ৭-৮টি রুম থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এসব রুমে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করতেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন থামানোর উদ্দেশ্যে অস্ত্র মজুদ করেছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে কুশলাদি বিনিময় হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময়, প্রধান উপদেষ্টা জেনারেল ওয়াকার-উজ-জামানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।