তারকাময় বরিশাল, চমক ঢাকারও

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। গতবারের মতো এবারও বিপিএলে সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। অবশ্য চারটি পুরোনো ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি নাম ও মালিকানা বদল করে যোগ হয়েছে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি।

এবারের পুরোনো চার দল ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স থাকছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন তিন দল ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। চট্টগ্রাম ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির নাম ও মালিকানা পরিবর্তন হলেও রাজশাহী অংশ নিচ্ছে বিপিএলের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বদলে। অবশ্য চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয় আসরেও অংশ নিয়েছিল।

এবার চমক দিয়েছে শোবিজ তারকা শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। বর্তমান চ্যাম্পিয়্ন ফরচুন বরিশাল এবারও গড়েছে শক্তিশালী দল। তামিম ইকবালের দলে আছে অভিজ্ঞ-তরুণ মিশেলের একঝাঁক তারকা। বরিশাল ও ঢাকা ছাড়াও দেশি-বিদেশি মিলিয়ে দুর্দান্ত দল গড়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী।

গত আসরের শিরোপাজয়ী বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে ধরে রেখেছে। পাশাপাশি তরুণ তারকা তাওহীদ হৃদয়কে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। ড্রাফট থেকে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লেগস্পিনার রিশাদসহ দলে নিয়েছে দেশি-বিদেশিসহ সবচেয়ে বেশি ১৩ জন খেলোয়াড়।

এদিকে কুমিল্লা না থাকায় ঢাকা ক্যাপিট্যালস কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে আগেই দলে নিয়েছে। আর ড্রাফট থেকে লিটন দাস, সাব্বির রহমানসহ ১০ জন খেলোয়াড় দলে যোগ করেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশিদের মধ্যে দলটিতে আছেন থিসারা পেরেরা, জনসন চার্লস, সাইম আইয়ুবের মতো আন্তর্জাতিক তারকারা।

চিটাগং কিংস সাকিব আল হাসান ও শরিফুল ইসলামসহ ছয়জন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ হয়েছিল। ড্রাফট থেকে বন্দর নগরীর দলটি আরও ১২ ক্রিকেটাকে দলে ভিড়িয়েছে। যাদের মধ্যে শামীম পাটওয়ারী, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলামদের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

দুর্বার রাজশাহী সরাসরি দলে টেনেছিল শুধু এনামুল হক বিজয়কে। আজ ড্রাফট থেকে ১২ জন খেলোয়াড় বেছে নিলেও তাদের স্কোয়াডকে তুলনামূলক ‘দুর্বল’ বলতে হচ্ছে। দলে তাসকিন আহমেদ, ইয়াসির আলীর মতো খেলোয়াড় থাকলেও বিদেশিদের মধ্যে শুধু সাদ নাসিম, লাহিরু সামারাকুনকে দলে নিয়েছে তারা।

খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজকে দলে নিয়ে তাদের অলরাউন্ড শক্তি বাড়িয়েছে। তারা আফিফ হোসেন এবং নাসুম আহমেদকে ধরে রেখে শক্তিশালী একটি মূল দল গঠন করেছে। গতকাল ড্রাফট থেকে ইমরুল কায়েস, হাসান মাহমুদসহ ৮ দেশি ও ৪ বিদেশিকে দলভুক্ত করেছে।

অন্য দলগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স তানজিম হাসান সাকিব ও জাকির হাসানকে ধরে রেখেছিল। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল জাকের আলী অনিককে। গতকাল ড্রাফট থেকে মাশরাফি বিন মর্তুজাসহ আট দেশি ও পাঁচ বিদেশিকে দলভুক্ত করেছে। আর রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রাখার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনকে সরাসরি চুক্তিতে দলভুক্ত করেছিল। ড্রাফট থেকে লোকাল আট ও বিদেশিদের মধ্যে সাতজনকে দলে নিয়েছে।




বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মৎস্যজীবী দলের সভাপতি মো. আনোয়ার হোসেনকে শিশু ধর্ষণের অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ (সোমবার) উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারেফ হোসেন খান মিল্টন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের স্বাক্ষরিত একটি পত্রে আনোয়ার হোসেনের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে চতুর্থ শ্রেণির একটি শিশুকে ফুসলিয়ে ধর্ষণ করছিলেন। সর্বশেষ, তিনি গত বুধবার ওই শিশুকে একটি দোকানে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করেন। এই ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং পরে তার মাকে এ ব্যাপারে জানায়। মা শিশুকে চিকিৎসার জন্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ধর্ষিত শিশুর মা অভিযোগ করেন, ঘটনার প্রকাশ পেলে ধর্ষকের পক্ষ থেকে তাদেরকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। পরে পুলিশ বিষয়টি জানার পর শিশু ও তার মাকে থানায় আসতে বলে এবং রবিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়।

এদিকে, একটি সূত্রে থেকে জানা গেছে, ধর্ষকের পক্ষ থেকে একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ‘ধর্ষণের চেষ্টা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। এবার গড় পাসের হার ২৪ শতাংশ।

সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইট থেকে এ ফল জানা যায়।




ভোলায় অস্থির নিত্যপণ্যের বাজার, হতাশ ক্রেতারা

বরিশাল অফিস :: ভোলায় প্রতিদিনই বাড়ছে সবজি, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের কারসাজি আর বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম।

গত ১ সপ্তাহের ভোলার বিভিন্ন বাজারের নিত্যপণ্যের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত। তবে নিম্নগামী পেঁপের দাম। লাগামহীন কাঁচামরিচ। এছাড়া চালসহ বেড়েছে ভোজ্যতেলের দাম।

বাজারে প্রতি কেজি বরবটি ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাচাঁমরিচ ২৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় বরবটিতে বেড়েছে ৩০ টাকা আর কাচাঁমরিচে বেড়েছে প্রায় ৮০ টাকা।

কাকরোল, পটল, মুলা, করলা, ঝিঙ্গা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকার ভেতর। তবে টমেটো ও গাঁজর বিক্রি হচ্ছে ১৫০ ও ১৬০ টাকায়, যা গত সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা। কেজিতে ৫০ থেকে ৫৫ টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে আলু দাম।

এদিকে পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে চায়না আদার দাম, বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫০ টাকায়। যা সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩০ টাকা।

একই চিত্র চাল ও মাছের বাজারে। প্রকারভেদে প্রতিকেজি মোটা চাল ৫৪ থেকে ৫৭ টাকা ও মাঝারি চাল (আটাশ) বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।
খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে প্রতি কেজিতে ৬ থেকে ৮ টাকা। কোয়ালিটি খুচরা ১৬৫ টাকা ও সুপার সয়াবিন বিক্রি করা হচ্ছে ১৭৩ থেকে ১৭৫ টাকা লিটার।

সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম না বাড়লেও কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে সব প্রকার নদী ও সামুদ্রিক মাছের দাম। বাড়েনি পুকুরে চাষ করা মাছসহ গরু ও খাসির মাংসের দাম।

বাজার করতে আসা ক্রেতা বাদল, মো. জিলানি, ওমর ফারুক জানান, বাজারের নিত্যপণ্যের দাম মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে গেছে। কাচাঁবাজারসহ দিন দিন সব পণ্যের দাম বাড়ছে, ক্রয় করতে আমাদের কষ্ট হচ্ছে।

ক্রেতারা আরও জানান, ভোলার নিত্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যদি প্রশাসন নিয়মিত মনিটরিং করতো তাহলে বাজার নিয়ন্ত্রণে আসতো বলেও জানান তারা।

সবজি বিক্রেতা রাশেদ, হুমায়ুন ও ইকরাম জানান, সব মালের দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও টমেটো গাজর ও কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে বাইরে। বাজারে মালের কম সরবরাহ কারণে চাহিদা বেশি। যার কারণে দামও বেশি।

বিক্রেতারা আরও বলেন, আড়ত থেকে যে দামে কিনে আনি সে দামেও বিক্রি করি, তারপরও কাস্টমারের সঙ্গে আমাদের মনোমালিন্য হয়। তবে আমরা খুচরা বিক্রেতারা কোনো সিন্ডিকেট করি না। আড়ত থেকে কেনা দামের ওপর নির্ভর করে খুচরা বাজারে বিক্রি করি। সিন্ডিকেটের কারসাজির বিষয়ে আড়তদাররা জানেন, আমরা জানি না।

সিন্ডিকেটের কারসাজির বিষয়টি অস্বীকার করে পরিবহন খরচ বৃদ্বি ও প্রাকৃতিক দুর্যোগের ওপর দোষ চাপিয়ে আড়তদাররা বলছেন, বৃষ্টিতে ভোলায় উৎপাদিত অনেক সবজি নষ্ট হওয়ায় ভোলার বাজারে কাঁচামালের সংকট দেখা দিয়েছে। সংকট নিরসনে যশোর চুয়াডাঙ্গা মেহেরপুরসহ বিভিন্ন জেলা থেকে আমরা কাঁচামাল মাল কিনে এনে ভোলার বাজারের খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করি। তাদের দাবি, ভোলার বাজারে স্থানীয় পণ্যের যোগান বাড়লে সংকট কেটে যাবে, একইসঙ্গে দামও কমবে।

তবে ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বার্তা ২৪.কম কে জানান, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বাজার মনিটরিং চলমান রয়েছে। এরপরও সিন্ডিকেটের মাধ্যমে যদি কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করেন তাহলে কৃষি বিপণন আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে: সরোয়ার

বরিশাল অফিস :: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থান হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনীতিবিদরা মিলেমিশে কাজ করে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন।

সোমবার ( ১৪ অক্টোবর) বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সরোয়ার আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতিবিদদের সঙ্গে সাংবাদিকদেরও হাত ধরে চলতে হবে।

অনুষ্ঠানে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।




বরিশালে পূজামণ্ডপের চাল কালোবাজারে বিক্রি: চার সদস্যের পদত্যাগ

বরিশাল অফিস :: বরিশালের গৌরনদী উপজেলা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলুর বিরুদ্ধে পূজামণ্ডপের ভুয়া কাগজপত্র বানিয়ে বরাদ্দকৃত সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। কমিটির অন্য সদস্যরা এই অভিযোগ করেছেন।

দুই মেট্রিক টন সরকারি বরাদ্দের চাল কালোবাজারে বিক্রি করার পাশাপাশি, স্বেচ্ছাসেবক কার্ড তৈরি ও পিআইও অফিসের খরচের নামে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী জানান, উপজেলায় ৮৫টি পূজামণ্ডপে বরাদ্দ দেওয়া সাড়ে ৪২ মেট্রিক টন চালের মধ্যে প্রতিটি মণ্ডপে পাঁচশ’ কেজি করে চাল বরাদ্দ হয়। তবে, দুলু এ চাল কালোবাজারে ৩৮ টাকা কেজি দরে বিক্রি করেছেন। পূজা না হওয়া বা অনুদান না নেওয়া মণ্ডপগুলোকেও বরাদ্দের তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কমিটির চার সদস্য, প্রেমানন্দ ঘরামী, সহসভাপতি সুজিত চন্দ্র বাড়ৈ, সহ-সাংগঠনিক সম্পাদক বিপুল হালদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক অশোক গোস্বামী কমিটি থেকে পদত্যাগ করেছেন।

এদিকে দুলাল রায় দুলু অভিযোগ অস্বীকার করে বলেন, সর্বসম্মতিক্রমে বরাদ্দকৃত চাল বিক্রি করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খাদ্য গুদামের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।




নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীতে চার জেলে গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে চার জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজার মিটার জালও জব্দ করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহাঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন তারা মাছ ধরার চেষ্টা করেন।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ প্রজননের সময় নদীতে মাছ শিকার, আহরণ, মজুত এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অভিযানে আটক চার জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা এবং ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। অভিযানের সময় মাছ ব্যবসায়ী জুয়েল পালিয়ে গেলেও তার গদি সিলগালা করে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ চরঘূর্ণী ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়।

নৌ-পুলিশ জানিয়েছে, এই অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।




বাউফলে শিক্ষকের ঘর ভাঙচুর: দুই দিনেও মামলা নেয়নি পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে এক শিক্ষক হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন। কিন্তু দুই দিন পেরিয়ে গেলেও থানা পুলিশ মামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠি গ্রামে আলমগীর হোসেন মাষ্টার (৫৮) নামে ওই শিক্ষকের বসতঘরে এই ঘটনা ঘটে। ঘটনার রাতে ভুক্তভোগী শিক্ষক বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী আলমগীর স্থানীয় তাঁতেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। তিনি ভাতিজা করিম শাহ (৩২) ও কাওসার শাহ (২৮) এবং ১০-১২ জন অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে তার বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীরের বড় ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন, তিনি তার ভোগদখলকৃত জমিতে নতুন রান্নাঘর নির্মাণের কাজ শুরু করেন, যা পূর্ববিরোধের জেরে হামলাকারীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। হামলাকারীরা নির্মাণাধীন ঘর ভাঙচুর করার পাশাপাশি আলমগীরের বসতঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে।

হামলার সময় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ জানায়, তারা অভিযোগের প্রাথমিক তদন্ত করেছেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য আলোচনা চলছিল। অভিযুক্তরা দাবি করেছেন, জমির বিরোধের কারণে তারা এ কাজ করেছেন।

এদিকে, শিক্ষক আলমগীরের পরিবার পুলিশি সহযোগিতা আশা করছেন, তবে এখনও মামলা না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন।




ডিজিএফআই’র নতুন প্রধান: মেজর জেনারেল জাহাঙ্গীর আলম

চন্দ্রদ্বীপ ডেস্ক :: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার (১৪ অক্টোবর) ডিজিএফআই’র প্রধান পদে এই পরিবর্তন আনা হয়। বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া, ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকেও লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডক এর জিওসির দায়িত্ব প্রদান করা হয়েছে।

মেজর জেনারেল ফয়জুর রহমানকে ১২ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিজিএফআই’র মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন।




১৩ বিষয়ে অটো পাশেও অকৃতকার্য লাখো শিক্ষার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। অন্যান্য সময়ে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করতেন। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তা করছেন না। স্ব স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরাই ফল প্রকাশ করবেন বলে জানা গেছে।

এবার এইচএসসি বা সমমানের মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। সাত বিষয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হলেও ১৩ বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল তৈরি করা হয়েছে। অর্থাৎ ১৩ বিষয়ে ‘অটো পাশ’ দেওয়া হয়েছে। তার পরও কপাল পুড়ল লাখো শিক্ষার্থীর। কারণ ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে এবার অনুপস্থিত ছিলেন ৯৬ হাজার ৯৯৭ জন। আর বহিষ্কার হন ২৯৭ জন।

নিয়ম অনুযায়ী পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিংবা বহিষ্কার হলে সামগ্রিক ফলাফল অকৃতকার্য আসে। পরীক্ষার মাধ্যমে যে সাতটি বিষয়ের ফলাফল তৈরি করা হয়েছে, সেখানে কতজন ফেল করেছেন, সেটা জানা যাবে আগামীকাল।

২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। আর পাশ করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। সেই হিসেবে ৩ লাখ ৭ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী ফেল করেন। তাদের মধ্যে ১৭ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ না নিয়ে ফেল করেন। আর ২ লাখ ৯০ হাজার ৬৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি।