পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ আজ

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ পাওয়া পাঁচ জন শপথ নেবেন আজ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করানোর কথা রয়েছে।

পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন। তিনি ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে। মোবাশ্বের মোনেম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত, পিএসসির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ ১২ সদস্য গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একইদিন চার সদস্যও নিয়োগ দেওয়া হয়।




দুর্ভোগের শেষ নেই, এখনও কাঁচা রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মুচির পুল বাজার ব্রিজ থেকে শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক ও বসাক বাজার মহাসড়কের সংযোগ সড়ক (Road code = 578955366, 578955269) পর্যন্ত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ মাটির কাচা রাস্তাটি স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত পাকাকরণ করা হয়নি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দাসহ কালিকাপুর ইউনিয়নের জনসাধারণের।

সরেজমিনে দেখা যায়, মুচির পুল বাজার ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে শুক্রবারের হাট হয়ে আবদুল স্টান ও হাজী করিম রাইচ মিল এর সামনে দিয়ে জবান গাজী বাড়ি (শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়ক) পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য গর্তসহ চুঙ্গা ভেঙ্গে খালে বাধ সৃষ্টি হয়ে গেছে। জোয়ারের পানি রাস্তার ওপর দিয়ে গড়িয়ে ফসলের মাঠ ডুবে যায় ও বাড়িঘরে ঢুকে পড়ে। সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তায় হাঁটু পরিমাণ পানি উঠে গেছে।

বিগত ৮-৯ বছর আগে জবান গাজী বাড়ি থেকে প্রায় মৃধা বাড়ি পর্যন্ত ৩০০ মিটার রাস্তায় ইটের সোলিং হয়েছিল। তাও মেরামত, সংস্কার ও সম্প্রসারণের অভাবে ভেঙে গেছে এবং মাঝে মাঝে পানির গর্ত হয়ে গেছে।

জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম এ রাস্তাটি দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষ চলাচল করে। যার মধ্যে উল্লেখযোগ্য ৩ ইউনিয়নের শিক্ষার্থীরা এই পথে শারীকখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে থাকে।

এছাড়া রাস্তাটি পাকাকরণ করা হলে মুচির পুল বাজার থেকে আবদুল স্টান হয়ে বসাক বাজার হয়ে পটুয়াখালী চৌরাস্তা, শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়, ও বিপরীত দিকে মুচির পুল হয়ে ২ নং বাধঘাট এবং মুচির পুল হয়ে বাদুরা বাজার যাতায়াতে সুবিধা হবে। এককথায় মহাসড়কের সঙ্গে বিকল্প সড়ক যোগাযোগ মাধ্যম হতে পারে।

জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি নিয়ে শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, “শারিকখালী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, বসাক বাজার ব্যতীত ইসলামিয়া হোসাইনিয়া ময়দান মাদ্রাসা, বড় আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শারিকখালী নূরানী তালিমুল কুরআন মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং দক্ষিণাঞ্চলের বিদ্যাপীঠ পটুয়াখালী সরকারি কলেজের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের রাস্তাটি একমাত্র ভরসা। এই রাস্তাটি পাকাকরণ করা হলে এলাকার সর্বস্তরের মানুষের উপকার হবে। তাই জরুরি ভিত্তিতে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোর দাবি জানাচ্ছি।”

স্থানীয় ৮০ বছরের বয়স্ক একজন বলেন, “ইউনিয়নে সব থেকে ১ নং ওয়ার্ড পিছিয়ে আছে। ইচ্ছে করেই চেয়ারম্যান উওর আউলিয়াপুরের মানুষের সাথে এমন করছে। সাবেক চেয়ারম্যানের বাড়ি এই রাস্তায় তাই আমাদের কোনো উন্নতি নাই।”

এ বিষয়ে হানিফ মৃধা নামে একজন স্থানীয় বলেন, “এক যুগেও একটু করে মাটি দেয়া হয়নি, উন্নয়ন বঞ্চিত এ রাস্তাটি পাকাকরণ এখন গণদাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে প্রার্থীরা ও রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন।”

দিন ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, “জন্মের পর রাস্তাটি মাটি দিতে দেখিনি, মেরামত, সংস্কার ও পাকা তো পরের কথা। মেম্বার-চেয়ারম্যানের বাড়ির ধারের লোক না হলে আমাদের রাস্তা হয় না। একটু বৃষ্টি হলেই পানি উঠে যায়, স্কুল কলেজে যাওয়ার মতো অবস্থা থাকে না।”

এ ব্যাপারে পটুয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ হোসেন আলী বলেন, “এই সংক্রান্ত সমস্যার কথা এখন পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধি আমাদের জানায়নি। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমাদের কাছে স্থানীয়রা আবেদন করলে রাস্তাটি দ্রুত পাকা করার চেষ্টা করব। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”




আজ এইচএসসির ফল প্রকাশ: জানতে হবে যেভাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। এবার সরকারপ্রধান বা শিক্ষা উপদেষ্টা ফল ঘোষণা করবেন না; বরং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বেলা ১১টায় নিজ নিজ বোর্ডের ফল প্রকাশ করবেন।

শিক্ষার্থীরা এবার শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। ১৫ অক্টোবর, অর্থাৎ আজ বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল জানতে www.dhakaeducationboard.gov.bd ও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নামানো যাবে। পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফলও জানতে পারবেন।

ফল জানতে চাইলে এসএমএসের মাধ্যমে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে এবারের পরীক্ষার ফল প্রকাশে সময় লেগে যাওয়ায় প্রায় সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থী ফলাফলের অপেক্ষায় রয়েছেন। ১৫ অক্টোবর তাদের সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পতনের পর এবারের উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি। কিছু শিক্ষার্থীর দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয় পরে বাকি পরীক্ষা নেওয়া হবে না বলে ঘোষণা দেয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে, যেগুলোর পরীক্ষা হয়নি, সেগুলোর এসএসসিতে প্রাপ্ত নম্বরের মাধ্যমে মূল্যায়ন হবে।”

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 




সাবেক বিমানমন্ত্রী ফারুক খান গ্রেপ্তার, ডিবির কাছে হস্তান্তর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফারুক খান একাধিক মামলার আসামি, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলা।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন। ফারুক খান আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

 




দুই ডজন মামলার আসামি গলাকাটা শহিদ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক, নাশকতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ দুই ডজনের অধিক মামলার আসামি শহিদ প্যাদা ওরফে গলাকাটা শহিদকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ঢাকার সভার থানাধীন ডেন্ডাবর এলাকায় র‌্যাব-৮ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শহিদ প্যাদার বিরুদ্ধে এরইমধ্যে বাবুগঞ্জসহ বরিশালের বিভিন্ন থানায় হত্যা, মাদক, ডাকাতি, মারামারি, ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনের বেশি মামলা রয়েছে। গ্রেপ্তার শহিদ প্যাদা বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল কাদের প্যাদার ছেলে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব জানিয়েছে, ‘শহিদ প্যাদা ওরফে গলাকাটা শহিদ বরিশাল এবং বাবুগঞ্জ উপজেলার একজন শীর্ষ সন্ত্রাসী। ইতোপূর্বে তিনি নিজ উপজেলা বাবুগঞ্জে ত্রাশের রাজত্ব কায়েম করেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বাবুগঞ্জের বিভিন্ন জনপদে দখল, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর এবং লুটপাট করেন তিনিসহ তার লোকেরা। এর ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে ‘আড়িয়াল খা’ নদীর সরকারি ইজরাকৃত বালু মহল দখলের চেষ্টা করেন শহিদ প্যাদা।

এজন্য তিনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বালু মহলে ইজারাদারের টোকেন ঘরে হামলা ভাঙচুর করে। এ সময় তারা টোকেন ঘর থেকে বালু বিক্রির এক লাখ পঁচাত্তর হাজার টাকা লুট করে। পাশাপাশি নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুই রাউন্ড ফাকা গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ড্রেজার ছিনতাই করে গলাকাটা শহিদ ও তার বাহিনী।

এ ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর বালু মহলের ইজারাদারের পক্ষে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম। এর প্রেক্ষিতে র‌্যাবের দুটি কোম্পানির পৃথক টিম যৌথ অভিযান চালিয়ে তাদের শীর্ষ সন্ত্রাসী গলাকাটা শহিদকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, শহিদ প্যাদার বিরুদ্ধে বাবুগঞ্জসহ বরিশালের বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, মারামারি, ছিনতাই ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দুই ডজনের বেশি মামলা রয়েছে।




যৌথ অভিযানে ৩১৮ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৪

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যৌথ বাহিনীর চলমান অভিযানে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত সারা দেশে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময়ে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শটগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, একে৪৭ ১টি, এসএমজি ৫টি, গ্যাসগান ৪টি, এয়ারগান ১০টি, এসবিবিএল ১০টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

এছাড়া, গত ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।




ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ নিউজ :: সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমকে (ঊর্মি) দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিপি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) তাপসী তাবাসসুম ঊর্মিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।

এ অবস্থায় তাপসী তাবাসসুম ঊর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে গত ৭ অক্টোবর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

তাপসী তাবাসসুমের (ঊর্মি) বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও এক হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। গত বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২–এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।




১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮৩ হাজার ৮৬৫ জন। এবারের নিবন্ধনের গড় পাসের হার ২৪ শতাংশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে এনটিআরসিএ’র ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে গড় পাসের হার ছিল ৩৫.৮০ শতাংশ, এবং স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাসের সংখ্যা ছিল ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন।

চলতি বছরের ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদন করেছিলেন, তবে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেননি ৮ লাখ ৬০ হাজারের বেশি চাকরিপ্রার্থী। পরবর্তীতে ১২ ও ১৩ জুলাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম শিগগিরই শুরু হবে। সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর প্রয়োজন হলে সরকার তা দিতে প্রস্তুত রয়েছে। আসিফ নজরুল বলেন, ‘আমরা হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি।’ নতুন আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।

আইন উপদেষ্টা জানান, ‘এর মাধ্যমে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিচার কাজ শুরু করার ব্যাপারে একটি বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করি খুব শিগগির বিচার কাজ শুরু হয়ে যাবে।’ তিনি উল্লেখ করেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল, তাতে এক হাজারেরও বেশি মানুষ হত্যা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে আহত করা হয়েছে। এই অপরাধের বিচারের জন্য এটি একটি শক্তিশালী ফোরাম।’

এছাড়া, অধস্তন আদালতের বিচার কাজের স্থবিরতা দূরীকরণে আগামী বৃহস্পতিবারের মধ্যে সারা দেশের অধস্তন আদালতে জিপি-পিপি নিয়োগের কাজ শেষ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।




সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১২ থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

জুলাই-অগাস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও গ্রেপ্তার হলেন। তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে আর দেখা যাননি।