সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ড আবেদন

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার মিছিলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ এ রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি।

গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিল চলছিল। এসময় কিছু আসামির যোগসাজশ ও উসকানিমূলক বক্তব্যে ও সরাসরি নির্দেশে নিরপরাধ মানুষের ওপর গুলি করা হলে ঘটনাস্থলে মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমান, মো. আবু মূসা, মাঈনুদ্দিন, শাহাদাত হোসেন, আবির হোসেনসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা ও সাধারণ পথচারী আহত হন। আব্দুল ওয়াদুদ (৪৫) নিউমার্কেট থানার প্রিয়াঙ্গন শপিং সেন্টারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




ভোলায় ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

বরিশাল অফিস :: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করায় ৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে ৬৫ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার রাতে লালমোহনের নাজিরপুর এলাকার তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের সময় জাল ও ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়।

পরে রাতেই আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

তিনি আরও জানান, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু ১৭ অক্টোবর

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর)।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনালের বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, আগামীকাল ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে, গতকাল সোমবার হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হওয়া মো. গোলাম মর্তূজা মজুমদারকে চেয়ারম্যান করে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়া প্রসিকিউশন টিমের অপর পাচ প্রসিকিউটররা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম বরাবর হত্যা, গণহত্যা, গুম-খুনের অর্ধশত অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, বিচারক নিয়োগ হওয়ামাত্র ট্রাইব্যুনাল ফাংশনাল (কার্যকর) হবে। ট্রাইব্যুনাল ফাংশনাল হওয়া মাত্র আমরা গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশ যাওয়া বন্ধ করা, তথ্য-উপাত্ত জব্দ করার জন্য আদেশ চাইব। আসামিদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে। সে ব্যাপারে ট্রাইব্যুনাল থেকে আদেশ আসবে।

২০১০ সালের ২৫ মার্চ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল বহাল রাখা হয়। ফলে একটি ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য চলমান রয়েছে।




সংকটের অর্থনীতি আর কতদিন চাপে থাকবে জানালো বিশ্বব্যাংক

চন্দ্রদ্বীপ নিউজ :: এক বছর আগে থেকেই দেশের অর্থনীতি নানা কারণে চাপে রয়েছে। এর মধ্যে সরকারের চলমান পরিবর্তনের কারণে ধাক্কা লেগেছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে।(জিডিপি)। বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি কমে দাঁড়াতে পারে ৪ শতাংশ। তবে ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে দাঁড়াতে পারে ৫ দশমিক ৫ শতাংশে।

উল্লেখযোগ্য অনিশ্চয়তায় বিনিয়োগ ও শিল্পে দুর্বল প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক বন্যার ফলে কৃষিতে মাঝারি মানের প্রবৃদ্ধি হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য অনলাইনে ওয়াশিংটন থেকে বক্তব্য রাখেন- বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের সিনিয়র ইকনোমিস্ট ধ্রুব শর্মা, ইকনোমিস্ট নাজমুস খান এবং বিশ্বব্যাংকের সিনিয়র যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহবুব।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো উচ্চ মূল্যস্ফীতি, বহিস্থ খাতের চাপ, আর্থিক খাতের দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা। এসব কারণে প্রবৃদ্ধি খুব বেশি বাড়বে না।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টির বড় চ্যালেঞ্জ রয়েছে। কেননা এখনো ৮৪ দশমিক ৯ শতাংশ কর্মসংস্থান অপ্রাতিষ্ঠানিক খাতে। এটি অত্যন্ত উচ্চ সংখ্যা। ২০১৬ সাল থেকে ২০২২ সালের মধ্যে ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ৬ শতাংশ হারে।

আর্থিক খাত নিয়ে বলা হয়েছে, ব্যাংকিং খাতে নানা ধরনের সংকট রয়েছে। বিশেষ করে খেলাপি ঋণ অনেক বেশি।

সরকারের অনেক প্রচেষ্টার পরও সেটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এছাড়া মূল্যস্ফীতি কমাতে ঋণের সুদেও হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বেসরকারি খাতে ঋণ গ্রহণ কমেছে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের প্রবৃদ্ধি শ্লথ হয়ে ৩ দশমিক ২ শতাংশ থেকে ৫ দশমিক ২ শতাংশের মধ্যে থাকবে।

বিশ্বব্যাংকের হিসাবে, মধ্যবর্তী পয়েন্ট হবে ৪ শতাংশ। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিশ্বব্যাংক এপ্রিলে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বভাস দিয়েছিল।

চলমান অর্থবছরের বাজেটে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকার ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। সেই হিসাবে বিশ্বব্যাংকের পূর্বাভাস সরকারি লক্ষ্যের চেয়ে ২ দশমিক ৭৫ শতাংশ কম হবে।

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী কমে গেলে তা হবে কোভিড মহামারির পর সবচেয়ে কম প্রবৃদ্ধি। ২০১৯-২০ অর্থবছরে দেশে ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।




শপথ নিলেন পিএসসির চেয়ারম্যানসহ চার সদস্য

চন্দ্রদ্বীপ নিউজ :: শপথ নিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ নতুন চার সদস্য।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া চার সদস্য হলেন- শপথ নেওয়া চার সদস্য হলেন- ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ এবং ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

পিএসসির নতুন চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন। তিনি ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।

মোবাশ্বের মোনেম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

প্রসঙ্গত, পিএসসির সাবেক চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ ১২ সদস্য গত ৯ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একইদিন চার সদস্যও নিয়োগ দেওয়া হয়।




৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি

চন্দ্রদ্বীপ নিউজ :: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া কেউ পাস করতে পারেননি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। সেখানে থেকে এসব তথ্য জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলে দেখা যাচ্ছে, ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

যদিও এবার দেশের ৬৫টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কেউ পাস করতে পারেননি। গত বছর শূন্যপাস করা কলেজের সংখ্যা ছিল ৪২টি।

এদিকে, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কিছুটা কমলেও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর দেশের ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন।

যদিও গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৯৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছিলেন। সেই হিসাবে এবার শতভাগ পাস করা কলেজের সংখ্যা বেড়েছে ৪৩৫টি।




ক্রিকেটার শরিফুলের ঘরে নতুন অতিথি

বরিশাল অফিস :: তারকা ক্রিকেটার শরিফুল ইসলামের মুখে তৃপ্তির হাসি। বাবা হলেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। ভারত সফর থেকে দেশে ফিরেই পেলেন সুখবর! প্রথমবারের মতো বাবা হয়েছেন পেসার শরিফুল। পুত্র সন্তানের বাবা হলেন তিনি।

এমনিতে এখন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন শরিফুল। খেলছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই। সদ্য শেষ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও দেখা গেছে তাকে। টেস্ট সিরিজে যদিও বিশ্রামে ছিলেন তিনি।

২০২২ সালে বিয়ে করেন শরিফুল। তার স্ত্রীর নাম ফারদিন শেখ চাঁদনী। বিয়ের ব্যাপারটা গোপন রাখলেও গতবছর আকদের একবছর পূর্তিতে স্ট্যাটাস দেন বাঁহাতি এ পেসার। এবার তাদের ঘরে এলো নতুন অতিথি।

নবজাতক সন্তানকে কোলে নিয়ে ছবিও তুললেন শরিফুল। তবে সন্তানের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাবেন না এখন শরিফুল। কারণ সামনেই জাতীয় দলের মিশনে ফের ব্যস্ত হয়ে উঠবেন। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু এই অক্টোবরেই। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তিনি যে থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। তারপরই বাংলাদেশ দল যাবে ওয়েস্ট ইন্ডিজ সফর।

সন্তান হওয়ার আগে আরও একটা সুখবর পেয়েছেন শরিফুল। বিপিএলে ড্রাফটের আগেই পেয়েছেন দল। ১১ বছর পর বিপিএলে ফিরে আসা দল চিটাগাং কিংসের হয়ে খেলবেন তিনি। যেখানে সাকিব আল হাসানকে সতীর্থ হিসেবে পাচ্ছেন শরিফুল।




বরিশালে বিশ্ব হাত দিবস উদযাপন: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত, জীবাণুমুক্ত থাকুন সবসময় এই মূল স্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠানটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

সকালে,জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার।

সভায় বক্তারা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, এর গুরুত্ব এবং স্বাস্থ্য সুরক্ষায় এর অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়া, করোনা ভাইরাসসহ নানা সংক্রামক রোগ থেকে সুরক্ষা পাওয়া যায়। উপস্থিত অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতার বার্তা প্রদান করেন।

অনুষ্ঠানের শেষে সেইন্ট বাংলাদেশের সহযোগিতায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়, যেখানে উপস্থিত সবাইকে হাত ধোয়ার বিভিন্ন ধাপ শেখানো হয়। বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপনের মাধ্যমে আয়োজকরা আশা প্রকাশ করেন, জনসাধারণের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং এর ফলে জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে।




জিপিএ-৫ পেলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার কিছুটা কমেছে।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।




বরিশাল বোর্ডে এইচএসসি পাসের হার ৮১.৮৫ শতাংশ

বরিশাল অফিস :: বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। এ বছর মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৫৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১১টায় এক সংবাদ সম্মেলনে ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

এ বছর মোট ৩১ হাজার ৯৯৩ জন ছাত্র এবং ৩৪ হাজার ৯৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৪ হাজার ৩৬৭ জন এবং ছাত্রী ২৯ হাজার ৭২২ জন। এবারও ছাত্রীদের পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ছেলেদের তুলনায় বেশি।

গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭৪ জন বেড়েছে। ২০২৩ সালে বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ, যা এ বছর বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৮৫ শতাংশে।

এবার বিভাগীয়ভাবে পাসের হারে এগিয়ে রয়েছে ঝালকাঠি জেলা। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাসের হার রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান শতভাগ ফেল করেনি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সঠিক সমর্থনেই এই সাফল্য এসেছে।