বরিশাল বোর্ডে পাসের হারে দ্বিতীয় ভোলা

বরিশাল অফিস :: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার অনুযায়ী দ্বিতীয় স্থান অর্জন করেছে ভোলা জেলা। এ জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭২০ জন ছাত্র-ছাত্রী।

ভোলা জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের তথ্য মতে, ভোলার সাত উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে ১০ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯ হাজার ২৬২ জন ছাত্র-ছাত্রী।

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে ৬ হাজার ৬ জন ছাত্র ও ৪ হাজার ৯৭৩ জন ছাত্রী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৮১০ জন ছাত্র ও ৪ হাজার ৪৫২ জন ছাত্রী।

আরও জানা গেছে, ভোলা জেলায় মোট জিপিএ-৫ পাওয়া ৭২০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৯ জন ছাত্র ও ৪৬১ জন ছাত্রী।

ভোলা জেলায় মোট পাসের হার ৮৪.৩৬ শতাংশ। পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের অবস্থান ভোলা জেলায় দ্বিতীয়। এসব তথ্য জানিয়েছেন ভোলা জেলা শিক্ষা কর্মকর্তা দীপক হালদার।

 




ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান পটুয়াখালীতে আত্মসমর্পণ করেছেন

পটুয়াখালী প্রতিনিধি :: কলাপাড়া উপজেলার মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যিনি জিএস মিজান নামেও পরিচিত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন, বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

মিজানুর রহমানের বিরুদ্ধে সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে, যার মধ্যে হত্যার অভিযোগও অন্তর্ভুক্ত। গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি সাভার থেকে পালিয়ে কুয়াকাটায় অবস্থান করছিলেন। এর আগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছিল।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। তিনি জানান, সাভার থানার সঙ্গে কথা বলে তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ এ বিষয়ে মন্তব্য করেন, “মিজানুর রহমান পালিয়ে না থেকে আত্মসমর্পণকেই সঠিক মনে করেছেন।” তার এই সিদ্ধান্ত প্রশাসনের কাছে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ ঘটনায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এবং যুবলীগের মধ্যে তার আত্মসমর্পণের প্রভাব নিয়ে আলোচনা চলছে। মিজানুর রহমানের আত্মসমর্পণ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।




বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধ’র যাবজ্জীবন

বরিশাল অফিস :: বরিশালে শিশুকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলার রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার (৬৫) রায় ঘোষণার সময় এজলাসে উপস্থিত ছিলেন।

দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজ উদ্দিন সরদারের ছেলে। মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদারের প্রতিবেশী শিশুকে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের যে কোনো সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন।

এতে ১২ বছর বয়সী শিশুকন্যা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশুটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশুর বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে।

গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়।

বিচারক ৭ জনের সাক্ষ্যে নিয়ে রায় দিয়েছেন। বেঞ্চ সহকারী আরও জানান, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোনো আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।

 




বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি চায় প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধি এবং দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

এ সময় স্টিভেন কোবোস অধ্যাপক ইউনূসকে স্বাগত জানিয়ে বলেন, তার নেতৃত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে আমেরিকান কোম্পানিগুলোর আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ বেশ কয়েকটি শীর্ষ মার্কিন কোম্পানি বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

স্টিভেন কোবোস আরও বলেন, এক্সিলারেট এনার্জি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগের পরিকল্পনা করছে। কোম্পানিটি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে।

বর্তমানে এক্সিলারেটের বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে, যা দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ যোগান দেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি সম্প্রতি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন। এছাড়া কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, র‌্যামন ওয়াংডি এবং কান্ট্রি ম্যানেজার হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকের অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।




হাথুরু বরখাস্ত, বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্স

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় শেষ। আজ মঙ্গলবার খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মিরপুরের শেরেবাংলায় গণমাধ্যমের সামনে জানিয়ে দিলেন, তাকে আর রাখছে না। অসাদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একই দিনে নতুন কোচের নামও ঘোষণা করল বিসিবি।

ফারুক আহমেদ অফিসিয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ফিল সিমন্সের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ফিল সিমন্স এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে প্রধান কোচ ছিলেন সিমন্স।

কোচের পদ থেকে হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে দলীয় পারফরমেন্সের তুল্যমুল্য বিচারের চেয়ে খেলোয়াড়দের সঙ্গে তার অসদাচরণ ও একনায়কতান্ত্রিক ভুমিকার কারণকেই বেশি প্রাধান্য দিচ্ছে বিসিবি। গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদের সঙ্গে কোচ চরম বাজে আচরণ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তও করেছিল বিসিবি। অভিযোগ ছিল কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুমের ঘাড়ে ধাক্কা দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

বাংলাদেশের সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরির মেয়াদ ছিল সামনের বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কিন্তু তাকে আগেভাগেই বিদায় করে দিল বিসিবি।




বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী ফারুক ২ দিনের রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবির আন্দোলনে গুলিতে মকবুল নামের বিএনপিকর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান আসামিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন।

রিমান্ডের পক্ষে পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান ও মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানি করেন। আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যার আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার (১৪ অক্টোবর) রাতে ঢাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীরা যখন জড়ো হতে থাকেন তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।

এসময় বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের লাঠিচার্জ ও গুলি করেন। এসময় মকবুল নামে এক বিএনপি কর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।

১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক খান। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।




দুমকিতে বাল্যবিবাহে কনের বাবাসহ দু’জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকীতে বাল্যবিবাহের অপরাধে কনের বাবাসহ দু’জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলগী গ্রামের রুহুল আমিন সিকদার (৫৫) এবং তাসলিমা বেগম (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের পক্ষ পালিয়ে যায়।

নবম শ্রেণির ছাত্রী রুমানা আক্তারের বয়স গোপন করে বিয়ে দেওয়ার সময় স্থানীয়দের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা ও একজন সহযোগীকে আটক করে। কনের বরের নাম মোঃ রিপন হাওলাদার এবং তার ঠিকানা পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে। এ সময় পুলিশের সহযোগিতায় ইউএনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে, তাদের সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।




আকার বাড়ছে উপদেষ্টা পরিষদের, যুক্ত হচ্ছেন যারা

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন বলে আলোচনা চলছে।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য একজন চিকিৎসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য একজন সাবেক আমলা অন্তর্বতী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন।
সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কাজের গতি এবং শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত অভিজ্ঞ ব্যক্তিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে।
একজন বিশেষজ্ঞ চিকিৎসককে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে। এক্ষেত্রে দুজন চিকিৎসকের নাম আলোচনায় আছে, তাদের মধ্যে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র অধ্যাপকের নাম রয়েছে।

জানা যায়, দ্রব্যমূল্য ও ব্যবসা-বাণিজ্যে চলমান পরিস্থিতি সামাল দিতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একই সঙ্গে দায়িত্ব পালন করছেন অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

এ ছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। ফলে দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই দুয়েক দিনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা নিয়োগ দেয়া হতে পারে। এই তালিকায় আছেন সদ্য এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করা সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর নাম। তিনি বুধবার দলটির আহ্বায়কের পদ ছাড়েন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ই আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতিমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে। উৎস: বাংলাদেশ জার্নাল।




বরিশালে অনুমতি ছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

বরিশাল অফিস :: বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে অনুমতি ব্যতীত কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল পুলিশ (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই আদেশ উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত বরিশাল মহানগর এলাকায় মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা, মানববন্ধনসহ যেকোনো গণজমায়েত ও মাইক ব্যবহার না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সর্বসাধারণের অবগতির জন্য জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন দাবি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে আন্দোলন, সভা-সমাবেশ এবং মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। এর অধিকাংশ কর্মসূচিই পালিত হয় শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক আটকে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষ-পথচারীদের।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি রাজধানীতে কোর কমিটির সভা হয়েছে, সেই সভার সিদ্ধান্তের আলোকে বরিশাল মহানগরীর আওতাভুক্ত এলাকাসমূহে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।




বরগুনায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বরিশাল অফিস :: হাতে দেখলে সাদাছড়ি, এগিয়ে আসলে সহয়তা করি স্লোগানকে সামনে রেখে বরগুনা জেলায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ পালিত হয়েছে। বরগুনা জেলা সমাজসেবার দিবসটির আয়োজন করে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল দশটায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ জহিরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শুভ্রা দাস। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে বরগুনা জেলা সমাজসেবার প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।