ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক গ্রেফতার

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপপরিচালক তালেবুর রহমান।

এর আগে, গত ১৮ আগস্ট গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

গত ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

ব্যবসায়ী আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৩-১৪ মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

 




মেডিমেট ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের আন্দোলনের মুখে বেতনবৃদ্ধি ও দাবিপূরণ

বরিশাল অফিস : বরিশালের মেডিমেট ফার্মাসিউটিক্যালস কারখানায় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে দিনব্যাপী কর্মবিরতির পর অবশেষে তাদের দাবিগুলো মেনে নেয়া হয়েছে।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া এ আন্দোলনে শ্রমিকরা কারখানার গেট অবরোধ করে কর্মবিরতি পালন করেন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

বিক্ষোভে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, এবং মেডিমেট ফার্মাসিউটিক্যালস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি সোনিয়া বেগম ও সাধারণ সম্পাদক মিঠু।

দুপুরে কারখানার কর্তৃপক্ষ, প্রশাসন, বাসদ এবং শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ৮ দফা দাবি মেনে নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর ২০২৪ থেকে শ্রমিকদের বেতন ১২০০ টাকা, ৮০০ টাকা এবং ৫০০ টাকা হারে বৃদ্ধি করা হবে, যা নির্ভর করবে তাদের বর্তমান বেতনের উপর। এছাড়াও এপ্রিল মাসের বকেয়া বেতন ডিসেম্বর ২০২৪ এর মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়া হয়।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে শ্রমিকদের দ্বিগুণ হারে ওভারটাইমের বেতন পরিশোধ, তিন মাসের মধ্যে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, যা কর্তৃপক্ষ মেনে নিয়েছে। আন্দোলনের ফলে শ্রমিকদের ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সুবিধাগুলো নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে শ্রমিক নেতারা জানান।




কোজাগরী পূর্ণিমায় আজ শুরু লক্ষ্মীপূজা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কোজাগরী লক্ষ্মীপূজা শুরু হচ্ছে। বুধবার (১৬ অক্টোবর) পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার পাঁচ দিন পর পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই পূজা।

পঞ্জিকা অনুযায়ী, আজ রাত ৮টা ১৩ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৪৮ মিনিটে শেষ হবে। পূর্ণিমা তিথি শুরুর সঙ্গে সঙ্গেই শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে পূজা শুরু হবে এবং পরের দিন সন্ধ্যায় পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

প্রসাদ হিসেবে থাকবে নারিকেলের নাড়ু, লুচি, ডাল, ও ফলাহার। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, লক্ষ্মী দেবীর পূজা করলে ধন-সম্পদ, সুখ-শান্তি, এবং সুস্বাস্থ্য লাভ করা যায়। পরিবারে ধন, যশ, খ্যাতি ও সমৃদ্ধির জন্য লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন ভক্তরা।

কোজাগরী পূর্ণিমার এই লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশেষ আচার, যা ধন-সম্পদের দেবী লক্ষ্মীর প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করে।




ভোলায় ১২ জেলেকে জরিমানা ও একজনের কারাদণ্ড

চন্দ্রদ্বীপ নিউজ :: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা-তেতুঁলিয়া নদীতে ইলিশ মাছ শিকার করায় অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে ৬২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৬৬ কেজি ইলিশ ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত ভোলা সদর উপজেলা, তজুমদ্দিন ও লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন অংশে স্ব স্ব উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুরে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

অভিযানে আটক হওয়া জেলেদের মধ্যে ভোলা সদর উপজেলার একজন, তজুমদ্দিন উপজেলার চারজন ও লালমোহন উপজেলার আটজন বলে জানা গেছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তজুমদ্দিন উপজেলার চার জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা ও লালমোহন উপজেলার আট জেলেকে মোট ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। পরে মুচলেকা দিয়ে ওই ১২ জেলেকে ছেড়ে দেওয়া হয় এবং ভোলা সদর উপজেলার তেতুঁলিয়া নদী ভেদুরিয়া এলাকা থেকে আটক মো. রিয়াজ নামের জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. রহমাতুল্লাহ।

এ ছাড়া তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে আটক হওয়া একটি মাছ ধরার নৌকা স্থানীয় প্রশাসনের জিম্মায় রেখেছে মৎস্য বিভাগ।

অভিযানে আটক ৬৬ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং ৬২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

 




‘গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করা হবে’

চন্দ্রদ্বীপ নিউজ :: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, দেশের বিভিন্ন কর্মসংস্থান খাতে পেনশন সুবিধা ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা থাকলেও পোশাক খাতে সেরকম কোনো ব্যবস্থা হয়নি। তবে আমার স্বপ্ন গার্মেন্টস শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করার। যদিও এটা সময় সাপেক্ষ, তবুও আমি এই প্রকল্পটি শুরু করে দিয়ে যেতে চাই। পরবর্তী যেকোনো সরকার আসলে যেন এটা বাস্তবায়ন করতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী পাগার এলাকায় জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে শিল্প শ্রমিকদের জন্য টিসিবি পন্য বিক্রয় কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পোশাক শ্রমিকদের ১৮ দফা মেনে নেওয়ার পর এবারই প্রথম ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। ৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ লিটার সয়াবিন তেল গার্মেন্টস শ্রমিকদের মধ্যে বিতরণ করা শুরু হয়েছে। যাতে পরবর্তীতে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে না হয়। পোশাক খাতে যেন উৎপাদন ব্যাহত না হয়।

আমরা দায়িত্ব গ্রহণের পরপরই শ্রমিক অসন্তোষের সম্মুখীন হয়েছি। শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরাও দায়ী রয়েছে। এ নিয়ে আমরা শ্রমিক নেতৃবৃন্দ মালিকপক্ষসহ সকলদের সাথে বারবার বসে গত ২৪ তারিখ ১৮ দফা প্রণয়ন করেছি। আমরা আশাবাদী অচিরেই এই খাতের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশে সীমাহীন দুর্নীতি, লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাকশিল্পের ওপর নির্ভর করে। দীর্ঘ লড়াই শেষে আমরা দায়িত্বে এসেছি। আমাদের প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। শ্রম অঞ্চলে অসন্তোষের ঘটনায় বহিরাগতরা জড়িত। শ্রমণ অসন্তোষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

বি‌জিএমইএ`র সভাপ‌তি খন্দকার র‌ফিকুল ইসলাম এর সভাপ‌তিত্বে অনুষ্ঠানে বি‌শেষ অতিথি ছি‌লেন, বা‌ণিজ‌্য মন্ত্রনাল‌য়ের স‌চিব মোহাং সে‌লিম উ‌দ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স‌চিব এ এইচ এম স‌ফিকুজ্জামান, টে‌ডিং ক‌র্পো‌রেশন অব বাংলাদেশের (‌টি‌সি‌বি) চেয়ারম‌্যান ব্রিগে‌ডিয়ার জেনারেল মো, মোস্তফা ইকবাল, গাজীপুর জেলা প্রশাসক না‌ফিসা আ‌রে‌ফীন, নোমান গ্রুপের চেয়ারম‌্যান এ এইচ এম র‌ফিকুল ইসলামসহ কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকা‌রের সং‌শ্লিষ্ট দফতরের কর্মকর্তাবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

বুধবার কারখানাটির ১ হাজার শ্রমিকের হাতে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়। পরে কয়েকটি ধাপে কারখানাটির ১৩ হাজার শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানায় শ্রমিকদের প্রতি মাসের পাওনা বেতন থেকে টিসিবির পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেওয়া হবে।




ভুটানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চান ড. ইউনূস

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস দুই অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বর্ধিত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক শক্তিশালী হোক আমরা এমনটাই দেখতে চাই।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উপায়, বাংলাদেশে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, নবায়নযোগ্য জ্বালানি, পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র এবং হিমালয় রাজ্যে বৌদ্ধ ধর্মে বাংলার প্রভাব নিয়ে আলোচনা হয়।

ভুটানের রাষ্ট্রদূত ২০২০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রশংসা করে বলেন, বাংলাদেশই একমাত্র দেশ যার সঙ্গে ভুটানের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তিনি পিটিএ-তে আরও পণ্য অন্তর্ভুক্ত করার আহবান জানান কারণ দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত এসময় কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারকেরও প্রশংসা করেন। ভুটান ইতোমধ্যে সমঝোতা স্মারক অনুযায়ী একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।

তিব্বত, নেপাল ও ভুটানে বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতরা কীভাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন তারও বর্ণনা দিয়েছেন রাষ্ট্রদূত কুয়েনসিল।

এছাড়াও তিনি অষ্টম শতাব্দীর সন্ন্যাসী শান্তরক্ষিতকে নিয়েও কথা বলেছেন। যিনি ছিলেন অতীশ দীপঙ্করের পূর্বপুরুষ এবং দশম শতাব্দীর সন্ন্যাসী যিনি তিব্বতে বৌদ্ধ ধর্মকে পুনরুজ্জীবিত করেছিলেন। দুজনেরই জন্ম বাংলাদেশের আধুনিক মুন্সীগঞ্জ জেলায়।

ভুটানের রাষ্ট্রদূত বলেন, ১৫ শতকের প্রথম দিকে, বানারত্ন, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি ভুটান সফর করেছিলেন এবং সেখানে একটি বুদ্ধের মূর্তি এবং একটি মঠ স্থাপন করেছিলেন। তিনি এখনও রাজ্যের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইশরাত জাহান।




শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না: উপদেষ্টা নাহিদ

চন্দ্রদ্বীপ নিউজ :: আওয়ামী লীগের দলীয় দিবসকে জাতীয় দিবস হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না।

বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে। তাকে আপনারা ‘জাতির পিতা’ মনে করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্টভাবে ক্ষমতায় ছিল। মানুষের ভোটাধিকার হরণ ও গুম-খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। কাজেই কারা তাকে জাতির পিতা বলল, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না। আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি। ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে।

জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চকে বাদ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো না। আওয়ামী লীগ অনেক দিবসকে নষ্ট করে ফেলেছে।

৭ মার্চ নিশ্চিহ্ন করা হচ্ছে না জানিয়ে নাহিদ বলেন, শেখ মুজিবুর রহমান অবশ্যই জাতির জনক না। এই ভূখণ্ডে অনেকেরই ভূমিকা রয়েছে, লড়াই রয়েছে। ইতিহাসের বহুমুখীতা রয়েছে। আওয়ামী লীগ মাওলানা ভাসানীর অবদানকে অস্বীকার করেছে। তাই এখন সময় এসেছে সবার ভূমিকা স্মরণ করার।

৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়ে নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে। আপাতত ৫ আগস্টকে প্রাধান্য দিয়ে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে।

তথ্য উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। চাইলেই আমলাতন্ত্র পুরো বাতিল করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। অভিযোগ যে কারও বিরুদ্ধেই হতে পারে। তাই গুরুত্ব দিয়ে তদন্ত করছে সরকার। অন্তর্বর্তী সরকারের কাজ সবার কথাকে গুরুত্ব দেওয়া। জনগণের সমর্থন নিয়েই কাজ করছে সরকার।

এদিকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করছে অন্তর্বর্তী সরকার। আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদের বরাত দিয়ে ওই পোস্টে বলা হয়েছে, ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস এবং ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বাতিল করা হচ্ছে।




অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী মারা গেছেন

চন্দ্রদ্বীপ নিউজ ::অগ্নিকন্যা খ্যাত বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিয়া চৌধুরীর মামা সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলায় মতিয়া চৌধুরী জন্মগ্রহণ করেন। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী।

ইডেন কলেজের ছাত্রী থাকাকালীন তিনি প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত হন। ১৯৬২ সালে হামদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে প্রবল ছাত্র আন্দোলন গড়ে ওঠে, তারও সম্মুখসারির সংগঠক ছিলেন মতিয়া চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ১৯৬৩ সালে তিনি রোকেয়া হল ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর পরের বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৫ সালে ছাত্র ইউনিয়ন মতাদর্শিক কারণে বিভক্ত হলে মতিয়া চৌধুরী এক অংশের সভাপতি নির্বাচিত হন। অন্য অংশের সভাপতি হয়েছিলেন রাশেদ খান মেনন। সেই হিসাবে ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ ও ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ নামে পরিচিতি পেয়েছিল।

মতিয়া চৌধুরী তার জ্বালাময়ী বক্তৃতার কারণে ‘অগ্নিকন্যা’ হিসাবে ছাত্র-জনতার কাছে পরিচিতি পেয়েছিলেন। ছাত্রজীবন শেষ হওয়ার পর ১৯৬৭ সালেই মতিয়া চৌধুরী যোগ দিয়েছিলেন অধ্যাপক মোজাফফর আহমদের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে। দ্রুতই রাজনৈতিক মহলে ব্যাপকভাবে খ্যাতি অর্জন করেন তার বক্তৃতার কারণে।

১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হলে শেখ মুজিবুর রহমানসহ অনেক রাজনৈতিক বন্দি কারাগার থেকে মুক্তি পান। মতিয়া চৌধুরীও তখন জেল থেকে বেরিয়ে এসে মাঠের রাজনীতিতে আবার সক্রিয় হন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা। মতিয়া চৌধুরী মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী গঠনে তিনি একজন সংগঠকের ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পর তিনি ন্যাপের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের রাজনীতি করেন।

বাংলাদেশের রাষ্ট্রীয় চার মূলনীতি-গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ-এই ধারার রাজনীতি থেকে মতিয়া চৌধুরী কখনো বিচ্যুত হননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে বামপন্থি রাজনীতিবিদদের ভালো সম্পর্ক ছিল। সেই ধারাবাহিকতায় মতিয়া চৌধুরীও ছিলেন তার পছন্দের তালিকায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল গঠন করলে এর ১১৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে মতিয়া চৌধুরীকেও রাখা হয়।

১৯৭৯ সালে তিনি আওয়ামী লীগের যোগ দেন। তিনি দলটির কৃষি সম্পাদক হয়েছিলেন। ১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। বর্তমান তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। একাদশ জাতীয় সংসদে সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেলে জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন মতিয়া চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদেও একই দায়িত্ব পালন করেন।

 




পটুয়াখালী থেকে গ্রেপ্তার খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল

পটুয়াখালী প্রতিনিধি :: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযানে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

সম্প্রতি রাজনৈতিক সহিংসতার অভিযোগের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় কোনো অবৈধ দ্রব্য পাওয়া যায়নি, তবে মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।

রশীদুজ্জামান মোড়ল ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন, যার ফলে তিনি সংসদ সদস্য পদ হারান।

র‌্যাব জানিয়েছে, রশীদুজ্জামান মোড়লকে আদালতে সোপর্দ করা হবে এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করা হবে।




বঙ্গোপসাগরে ৩১ ভারতীয় জেলেসহ দুটি ট্রলার আটক

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৩১ জন ভারতীয় জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে নৌবাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে কুয়াকাটার কাছাকাছি বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন ট্রলার দুটি আটক করে। আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে।

বুধবার সকালে পায়রা বন্দরের জেটি এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান বিএনএস শহীদ আকতার উদ্দিনের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। তিনি আরও জানান, আটককৃতদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।