শমসের মবিন চৌধুরী আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক: তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।

এর আগে দুপুরে শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এদিকে গতকাল দুপুরে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে যেতে দেয়নি।

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী একসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন তিনি। সবশেষ গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের চেয়ারপারসন হন তিনি।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।




স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আসসামছ জগলুল হোসেনের আদালত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই নিষেধাজ্ঞা দেন।

দুদকের অভিযোগ অনুসারে, জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক এবং হস্তান্তরের মাধ্যমে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশে অর্থপাচার করেছেন বলে জানা যায়। অনুসন্ধানে উঠে এসেছে, তারা দেশের বাইরে ব্যবসা পরিচালনা ও সম্পত্তি ক্রয় করেছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রোধ করা জরুরি বলে উল্লেখ করেছে দুদক।

জানা গেছে, জেনারেল আজিজ এবং তার স্ত্রী দেশত্যাগের চেষ্টায় রয়েছেন। দুদক আদালতে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করে, যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারেন।

জেনারেল (অব.) আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। তার আগে তিনি সেনাবাহিনীর সদর দফতরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তার দুই ভাই হারিস ও জোসেফের ভুয়া পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরি করে তাদের নাম পরিবর্তনের সহযোগিতা করার অভিযোগও রয়েছে। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর তাদের চারটি ভুয়া জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে।

দুদকের দাবি, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করা অপরিহার্য।




দাম কমাতে ভোজ্যতেলে ভ্যাট ছাড়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাজারে ভোজ্যতেলের দাম কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জরুরি ভিত্তিতে ভ্যাট ছাড় দিয়েছে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক দুটি আদেশে এ ছাড় ঘোষণা করা হয়।

প্রথম আদেশে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে। দ্বিতীয় আদেশে, আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের দাম কমানো হবে বলে আশা করা হচ্ছে।




পটুয়াখালীর বৌদ্ধ বিহারগুলোতে শুরু হয়েছে প্রবারণা উৎসব

পটুয়াখালী প্রতিনিধি :: আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্যে দিয়ে দিনটির সূচনা করা হয়। পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধ ধর্মের বয়স্ক নারী-পুরুষরা। উৎসবটি ঘিরে রাখাইন পাড়ায় সাজ সাজ রব বিরাজ করছে। ঘরে ঘরে তৈরি করা হচ্ছে নিজস্ব সংস্কৃতিতে নানান পিঠাপুলি আর হরেক রকমের খাবার। দেশের নানা প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মের লোকেরা জমায়েত হয়েছে বৌদ্ধ বিহারে। পাড়ায় পাড়ায় নানা বয়সের রাখাইন নারী-পুরুষরা নতুন পোশাক পরিধান করে বৌদ্ধ বিহারে এ উৎসবে অংশ নিয়েছে।

কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধাক্ষ্য ইন্দ্র বংশ ভান্তে জানান, প্রবারণা উৎসবকে ঘিরে তারা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছেন। কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মাধ্যমে এবারের প্রবারণা উৎসবের সমাপ্তি হবে।

মিশ্রীপাড়া সিমা বৌদ্ধ বিহারের সভাপতি মংলাচি তালুকদার বলেন, “এটা আমাদের প্রধান উৎসবের মধ্যে অন্যতম। এ উৎসবকে ঘিরে নানা বয়সি মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। জগতের সবার মঙ্গল কামনা করছি। আজ আলোর ঝলকানিতে ফানুস উড়ানো হবে। আজকের এ উৎসবে চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারো অমঙ্গল না হোক। আমাদের সামাজিক অবস্থা অবনতি হচ্ছে। দিনে দিনে আমরা কোনঠাসা হয়ে পড়ছি। এখান থেকে মুক্তি চাই।”

উল্লেখ্য, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবর দান উৎসব।

 




১০ বছর পর শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

চন্দ্রদ্বীপ নিউজ :: লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টাসহ ৩টি হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে ২০১৩ সালের ১২ ডিসেম্বর। ঘটনার ১০ বছর ১০ মাস ৪ দিন পর এ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী আহমেদ ফেরদৌস মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলাটি আমলে নিয়েছেন। তিনি মামলাটি এফআইআর নেওয়ার জন্য সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারেক ছিদ্দিকি, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক, র‍্যাবের সাবেক এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, তৎকালীন এআইজি মাহফুজুর রহমান, সাবেক লক্ষ্মীপুর জেলা প্রশাসক মিজানুর রহমান, র‍্যাব-১১ এর লেফটেন্যান্ট কর্ণেল তারেক সাঈদ, মেজর মোহাম্মদ আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা, ডিএডি জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সাবেক সভাপতি তাহেরপুত্র একেএম সালাহ উদ্দিন টিপু, আনোয়ার সাদাত শিবলু, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়াসহ ৩৫ জন।

এজাহার সূত্র জানায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর লক্ষ্মীপুরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু উত্তর তেমুহনীতে র‍্যাব হামলা চালায়। এসময় তিনি বাসার পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু বাইরে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা তাহেরপুত্র টিপু, শিবলু ও যুবলীগ নেতা বায়েজীদের কারণে তিনি পালাতে পারেননি।

পরে র‍্যাবের তারেক সাঈদ, আরিফ ও রানাসহ অভিযুক্তরা তাকে মারধরে করে। একপর্যায়ে তার ডান পায়ে উরুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পালিয়ে গিয়ে তিনি প্রাণে রক্ষা পান। একইদিন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল, বিএনপি কর্মী মাহবুব ও শিহাবকে গুলি করে হত্যা করেন। শেখ হাসিনার নির্দেশে সেইদিন হামলা চালিয়ে বাদীকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার সঙ্গে অভিযুক্ত সবাই জড়িত রয়েছে।

বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবু বলেন, হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে আমি প্রাণে রক্ষা পেয়েছি। প্রাণ রক্ষা দেশ বিদেশে পালিয়েছিলাম। তখন মামলা করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু মামলা করতে পারিনি। দীর্ঘ ১০ বছর ১০ মাস পর অবশেষে আমি মামলা করতে সক্ষম হয়েছি।




ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চন্দ্রদ্বীপ নিউজ :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরুর প্রথম দিন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখযোগ্য অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে, বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম বরাবর হত্যা, গণহত্যা, গুম-খুনের অর্ধশত অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের।

স্বাধীনতার দীর্ঘ ৩৯ বছর পর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ওই বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটি ট্রাইব্যুনালকে একীভূত করা হয়। ফলে একটি ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য চলমান ছিল। আগের ত্রিশটি মামলা এখনও ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

 




শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

শেখ হাসিনাকে ১৮ নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের সব হত্যা, গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, পিলখানা হত্যার বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে ইতোমধ্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম বরাবর হত্যা, গণহত্যা, গুম-খুনের অর্ধশত অভিযোগ দাখিল করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের।

স্বাধীনতার দীর্ঘ ৩৯ বছর পর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। ওই বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটি ট্রাইব্যুনালকে একীভূত করা হয়। ফলে একটি ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারকার্য চলমান ছিল। আগের ত্রিশটি মামলা এখনও ট্রাইব্যুনালে চলমান রয়েছে।




‘সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, শিগগিরই ভাঙা হবে’

চন্দ্রদ্বীপ নিউজ :: সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টিসিবি কার্যালয়ের সামনে ফসল ডট কম কর্তৃক আয়োজিত ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দেশের বিভিন্ন সেক্টরে ইভিল প্র্যাকটিস হয়ে আসছিল। যার মধ্যে অন্যতম ছিল বাজার খাত। যে কারণে প্রতিবছরই কোনো না কোনো পণ্যের দাম বেড়ে যায়। এ বছরে ডিমের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। এর পেছনে মূলত দায়ী চাঁদাবাজি এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য। আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙার জন্য কাজ করে যাচ্ছি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে সরকার।

ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে।

বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনেও দেশে চালু করা হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এই অস্থিরতা থাকতো না।




সাবেক মেয়র আতিক কারাগারে

 

বরিশাল অফিস :: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আদালত এ আদেশ দিয়েছেন।

রাজধানীর মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা উপপরিচালক তালেবুর রহমান।

এর আগে, গত ১৮ আগস্ট গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খান আতিকুল ইসলাম। ওই সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান।

গত ১৯ আগস্ট ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামসহ দেশের ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।




ভারতীয় জেলের অনুপ্রবেশ নিয়ে শঙ্কায় পটুয়াখালীর স্থানীয় জেলেরা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মাছ ধরার অবরোধে স্থানীয় জেলেদের মধ্যে তীব্র সংকট দেখা দিয়েছে। অবরোধ চলবে ৩ নভেম্বর পর্যন্ত, যার ফলে জেলেরা মাছ ধরতে না পেরে চরম অর্থনৈতিক দুরবস্থায় পড়েছেন।

অন্যদিকে, ভারতীয় জেলেদের অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বেড়ে গেছে। মহিপুর এলাকার জেলে কবির হোসেন বলেন, “আমরা সরকারের নির্দেশনা মেনে বসে আছি, কিন্তু তারা আমাদের মাছ ধরে নিয়ে যাচ্ছে।”

মহিপুর আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা জানিয়েছেন, “অবরোধ মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হলেও, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।”

জেলেরা আশঙ্কা করছেন যে, যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে তারা অবরোধ শেষে পর্যাপ্ত মাছ ধরতে পারবে না, যা তাদের দীর্ঘমেয়াদে ক্ষতির দিকে ঠেলে দেবে। তাই তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন, যাতে ভারতীয় জেলেদের অনুপ্রবেশ রোধ করা যায় এবং তাদের জীবিকা সুরক্ষিত থাকে।