ডিম, তেল ও চিনির আমদানিতে শুল্ক ও ভ্যাট কমালো এনবিআর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সরকার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নিয়েছে। ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বাড়াতে এবং মূল্য সহনীয় রাখতে শুল্ক ও ভ্যাট হ্রাসের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, ডিমের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিকৃত ডিমের দাম কমে যাবে এবং ভোক্তা পর্যায়ে প্রতি ডজন ডিমের মূল্য ১৩ টাকা ৮০ পয়সা কমবে। তবে এই শুল্ক অব্যাহতি সুবিধা ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। বিশেষত, এই শুল্ক কমানোর ফলে দেশে ডিমের সরবরাহ বৃদ্ধি পাবে এবং কনফেকশনারি, বেকারি ও অন্যান্য ডিম নির্ভর শিল্পখাতের খরচও কমে আসবে।

এছাড়া, ভোজ্যতেলের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে এনবিআর। পরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল সরবরাহে স্থানীয় পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেলের আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধাও ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও দেশীয় বাজারে ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

চিনির ক্ষেত্রে এনবিআর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। চলতি মাসের শুরুর দিকে পরিশোধিত ও অপরিশোধিত চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পরবর্তীতে, চিনির ওপর বিদ্যমান আমদানি শুল্ক প্রতি টনে ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে করে বাজারে চিনির সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম সহনীয় হবে বলে এনবিআর আশাবাদী।




এস আলমের কালো টাকা সাদা করায় বরখাস্ত ৩ কর কর্মকর্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আলোচিত ব্যবসায়ী সাইফুল আলম ওরফে এস আলমের দুই ছেলের কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত কর কমিশনার সাইফুল আলম, যুগ্ম কর কমিশনার এ কে এম শামসুজ্জামান এবং সহকারী কর কমিশনার মো. আমিনুল ইসলাম।

এস আলমের দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির ৫০০ কোটি টাকা অপ্রদর্শিত আয় বৈধ করার সময় তারা মাত্র ৫০ কোটি টাকা কর প্রদান করেন, যেখানে ১২৫ কোটি টাকা কর দেওয়ার কথা ছিল। এই বিশেষ সুবিধা প্রদানের বিনিময়ে ঘুস গ্রহণের অভিযোগে ওই তিন কর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

এনবিআরের নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিলেন। তারই ধারাবাহিকতায় এই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই উড়োজাহাজ লিজের অর্থ বিদেশে পাঠানো যাবে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক দেশীয় এয়ারলাইন্স এবং তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থ বিদেশে পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করেছে। এখন থেকে দেশের এয়ারলাইন্সগুলো তাদের উড়োজাহাজের ভাড়া বা লিজের অর্থ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, শুধু উড়োজাহাজ লিজই নয়, ক্লাউড সেবা, আইটি অবকাঠামো, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ব্যয়ও অনুমোদন ছাড়াই বিদেশে পাঠানো যাবে। দেশীয় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় আইটি সেবা গ্রহণ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি প্রতিষ্ঠানে অর্থ পাঠাতে পারবে ব্যাংকের মাধ্যমে। আগে এসব ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

এছাড়া প্রবাসীদের জন্যও অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রবাসী কর্মীদের জন্য বিদেশের ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি আর লাগবে না। এতে তাদের কাজ আরও সুবিধাজনক হবে।

 




জামায়াতের লক্ষ্য: মানবিক সমাজ গড়ার প্রত্যয়

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের লক্ষ্য হলো বৈষম্য বিলোপ করে ইসলামী আদর্শে একটি সত্যিকারের মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। তিনি নিশ্চিত করেছেন যে, এই সমাজে নারীদের ওপর কোনো অত্যাচার হবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যুবসমাজ বেকার থাকবে না।

ডা. শফিকুর রহমান এই মন্তব্য করেন মাগুরার ভায়নার মোড়ের একটি পথসভায়, যেখানে হাজার হাজার নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের ঘটনা অব্যাহত ছিল।

তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থন নিয়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

এছাড়া, জামায়াতের আমির জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে যারা বাজারে দাম বাড়াচ্ছে, তারা এখনও সক্রিয়। তিনি দাবি করেছেন, “জালিমদের হাত থেকে আল্লাহ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্তি দিয়েছে। আমাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং সাজানো আদালতে তাদেরকে হত্যা করা হয়েছে।”

জামায়াতের আমির বলেন, “আমরা আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করে যাব। এবং সরকারকে জানাতে চাই যে, আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

সভায় জামায়াতের নেতারা আরও জানান যে, দেশের যুবকদের কর্মসংস্থান ও নারীদের সম্মানের সাথে সমাজের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।




সময় বেঁধে দিয়ে নির্বাচন নয়, তবে অংশ নেবে আ. লীগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা শুরু হয়েছে। কত দিনের ভেতরে নির্বাচন হবে, সেটিও জানতে চাচ্ছেন অনেকে। বিএনপি নির্বাচনের রোডম্যাপ চাইলেও নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। তবে, অন্য রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বলছেন, আগে নির্বাচন পরে সংস্কার। কেউ বলছেন, সংস্কার আগে পরে নির্বাচন।

কেউ কেউ আবার বলছেন, এ সরকারের দায়িত্ব সংস্কার করা নয়, নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা। নির্বাচিত সরকারই সব সংস্কার করবে। এদিকে, নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল মুখ খুললেও এখনও নিশ্চুপ সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। অন্যান্য দলের মতো বর্তমান সরকারকে নির্বাচনের সময় বেঁধে দিতে না চাইলেও ভেতরে ভেতরে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। ছন্নছাড়া দলটিকে আবারও ঐক্যবদ্ধ করতে এবং মাঠের রাজনীতিতে সক্রিয় হতে নির্বাচনকে ‘আশীর্বাদ’ হিসেবে দেখছেন তারা। আওয়ামী লীগের একাধিক নেতা এমন তথ্য দিয়েছেন।




চেয়ারম্যান-মেম্বারদের অনুপস্থিতে উপজেলা সদরে জেলেদের মাঝে চাল বিতরণ

বরিশাল অফিস :: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২৬শ নিবন্ধিত জেলের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের অনুপস্থিতি এবং স্বচ্ছতার জন্য বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা ভূমি অফিসে এই চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় অনুপস্থিত রয়েছে। তার সাথে পরিষদের ১জন ছাড়া বাকী সদস্যদেরও উপস্থিতি নেই। এই অবস্থায় ভিজিএফ, ভিজিডি বিতরণে এলাকায় নানামুখি সমস্যার কারণে উপজেলা সদরে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর আগে ওই এলাকার টিসিবির পণ্যও উজেলা সদরে বিতরণ হয়।

ইউনিয়নের ২৬শ জেলেদের জন্য বরাদ্দকৃত জেলে পুনর্বাসনের প্রথম কিস্তির ২৫ কেজি করে চাল বৃহস্পতিবার বিতরণ শুরু হয় উপজেলা ভূমি অফিসে। আগামী আরো তিনদিন পর্যন্ত এই চাল বিতরণ করা হবে বলে জানান ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। সঠিকভাবে নিজেদের বরাদ্দের চাল পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগী জেলেরা।

 




রাষ্ট্র সংস্কারে আরও ৪ সংস্কার কমিশন গঠন

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্র সংস্কারে আরও ৪টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নতুন ৪ সংস্কার কমিশন হলো::

> স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ড. একে আজাদ খান।

> গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

> শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।

> নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন হক।

 




কলাপাড়ায় পুনর্বাসনের দাবিতে বন্দর চেয়ারম্যানের কাছে আবেদন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জিয়া কলোনীর ১৩৬টি পরিবার পায়রা বন্দরের রাস্তা নির্মাণ প্রকল্পের কারণে উচ্ছেদের শঙ্কায় মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় পায়রা বন্দরের মূল ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী পরিবারের সদস্যরা বলেন, “আমাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে আমরা পরিবার নিয়ে কোথায় যাব?” বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করেই উচ্ছেদের নোটিশ পাওয়ার কারণে তারা আতঙ্কিত। তাদের জন্য বসবাসের উপযোগী জায়গা না থাকায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

মানববন্ধনের পরে জিয়া কলোনির প্রতিনিধিরা বন্দর চেয়ারম্যান এ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে দেখা করে একটি দাবীনামা জমা দেন। চেয়ারম্যানের সাথে আলাপকালে, তিনি বলেন, “আপনাদের দাবী আমি সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রণালয়ে জানাবো। মানবিক দিক বিবেচনায় এই বিষয়টি খতিয়ে দেখবো।”

এসময় তিনি বলেন, “প্রকল্প বাস্তবায়নের আগে আপনাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা হবে।” মানববন্ধনে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আবদুর রহমান, মোহাম্মদ সেলিম, লাইলি বেগম এবং শারমিন নাহারসহ অনেকেই ছিলেন।

জানা গেছে, পায়রা বন্দরের এই রাস্তা নির্মাণ প্রকল্পের কারণে এলাকার ১৩৬টি পরিবার উচ্ছেদের শঙ্কায় রয়েছে, যা তাদের জীবন ও জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। স্থানীয় প্রশাসনের প্রতি তাদের দাবি, যাতে তাদের পুনর্বাসন নিশ্চিত করা হয় এবং তারা যাতে নিরাপদে জীবনযাপন করতে পারেন।




পটুয়াখালীতে ৫০ হাজার মিটার ইলিশের জাল জব্দ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়ালীর পায়রা নদীতে যৌথ অভিযানে প্রায় ৫০ হাজার মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড এবং পুলিশের যৌথ অভিযানে এ জালগুলো জব্দ হয়। অভিযানের সময় অসাধু জেলেরা পালিয়ে যায় এবং উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ দিন ধরে পায়রা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু কিছু অসাধু জেলে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে জাল ফেলছিলেন। অভিযোগ পাওয়ার পর প্রশাসন এবং মৎস্য অফিসের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান।

তিনি জানান, অভিযানের শুরুতে জেলেরা টের পেয়ে পালিয়ে যায়। তবে প্রশাসনের তৎপরতায় প্রায় ৫০ হাজার মিটার জাল জব্দ করতে সক্ষম হন তারা। উদ্ধারকৃত জালগুলো পায়রা নদীর পাড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।

মুহাম্মাদ মাহফুজুর রহমান আরও জানান, পায়রা নদীতে ইলিশ মাছের প্রজনন মৌসুম চলছে, তাই সরকার এ সময় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, “আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এ নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা শাস্তির আওতায় আসবে।”

এদিকে, স্থানীয় জেলেদের মধ্যে কিছু ক্ষোভ দেখা দিয়েছে। তাদের মতে, নিষেধাজ্ঞার সময় তারা তাদের জীবিকার জন্য বিকল্প কিছু করার সুযোগ পাননি। তবে মৎস্য কর্মকর্তারা তাদের জানিয়েছেন যে, এ নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য জরুরি।




শেখ হাসিনার অবস্থান জানাল ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছেন, সেই বিষয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ভারতের দেশটির পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছেন।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন।’’

ছাত্র-জনতার আন্দোলনে চরম আকার ধারণ করায় গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে চলে যান শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর চূড়ান্ত গন্তব্য নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা থাকলেও তিনি কতদিন ভারতে অবস্থান করবেন, সেই বিষয়ে দেশটির সরকার কোনও তথ্য জানায়নি।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক রনধীর জয়সওয়ালকে প্রশ্ন করে বলেন, আজ দুপুরের দিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী মাসে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারতের পদক্ষেপ কী হবে? এছাড়া বাংলাদেশ থেকে অনেক খবর আসছে যে, শেখ হাসিনা ভারতে আছেন, অথবা ভারতের বাইরে আছেন এবং তিনি ভারতে ফিরে আসতে পারেন। ভারতের সরকার তাকে ট্রাভেল ডক্যুমেন্ট দিয়েছে। সুতরাং ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কি না, অথবা তার অনুরোধে নাকি স্বল্প সময়ের নোটিশে এখানে অবস্থান করছেন? নাকি তার একই স্ট্যাটাস এখনও অব্যাহত আছে?

এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা বাংলাদেশের বিষয়ে সাম্প্রতিক কিছু প্রতিবেদন পেয়েছি। তবে এই বিষয়ে আমার কাছে মন্তব্য করার মতো কোনও তথ্য নেই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এখানে অবস্থানের বিষয়ে আমি আগেও জানিয়েছি যে, তিনি নিরাপত্তার স্বার্থে স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছেন এবং তিনি এখানেই আছেন।

সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, গতকাল (বুধবার) বাংলাদেশের সরকার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীসহ সাতটি জাতীয় দিবসের ছুটি বাতিল করে একটি আদেশ জারি করেছে। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি সম্পর্কে ভারতের মন্তব্য কী? পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের ভিসা কার্যক্রম কী স্থগিত থাকবে, নাকি নতুন করে শুরু হবে?

জবাবে রনধীর বলেন, ‘‘বাংলাদেশে ভিসা কার্যক্রম সীমিত পরিসরে চালু রয়েছে। মেডিক্যাল ও জরুরি ভিসা হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে এবং আমাদের কার্যক্রম পুরোদমে শুরু করার মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আমরা তখন তাই করবো।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশে সাম্প্রতিক পুজা উদযাপনের সময় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রচুর সহিংসতা হয়েছে। পুজা প্যান্ডেলে সহিংসতা হয়েছে। এই বিষয়ে আমরা কিছু বিবৃতিও দিয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। তখন আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। লোকজনকে নিরাপদ রাখার বিষয়ে অবশ্যই সেসব পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।