খানাখন্দে ভরা ঢাকা-বরিশাল মহাসড়কের ২৪ কিলোমিটার

 

বরিশাল অফিস :: সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় খানাখন্দের। কোথাও কোথাও তৈরি হয়েছে কাদা। কোথাও সড়কের একপাশ মেরামতের জন্য খুঁড়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন। দেখে বোঝার উপায় নেই যে এটা ঢাকা-বরিশাল মহাসড়ক।

খানাখন্দে ভরা এসব স্থানে ছোট-বড়, মাঝারি ও ভারী যানবাহন চলতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে গাড়ি, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে দক্ষিণের কয়েক লাখ মানুষ।

বুধবার (১৬ অক্টোবর) গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী বাসস্ট্যান্ড পর্যন্ত ২৪ কিলোমিটার সড়ক ঘুরে দেখা যায়, অসংখ্য স্থানে বিটুমিন (পিচ) আর পাথরের কার্পেটিং উঠে কাঁদা মাটির সড়কে পরিণত হয়েছে। সড়কটির দুই পাশে ঢালের মাঝ বরাবর শত শত গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়ক প্রসস্থকরণের নামে কোথাও কোথাও দুই পাশে কেটে ফেলে রাখায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কের এ অবস্থায় একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যেতে পারছে না। ফলে ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিভিন্ন ভারী যানবাহন, অটোরিকশা, ভ্যান, বড় বড় গর্তের কারণে ধীরগতিতে চলাচল করছে। আবার দুর্ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এ মহাসড়কটি প্রসস্থকরণের জন্য সড়কের দুই পাশ দীর্ঘ দিন যাবত কেটে ফেলে রাখা হয়েছে। এতে করে প্রতিনিয়ত এ মহাসড়কে কোনো-না-কোনো যান দুর্ঘটনার শিকার হচ্ছে। খানাখন্দে ভরা এ মহাসড়কে অত্যন্ত ঝুঁকি নিয়ে হেলে-দুলে প্রতিদিন হাজার হাজার যানবাহনসহ জনসাধারণ চলাচল করছে।

ভুরঘাটা এলাকার বাসিন্দা শামীম হোসেন বলেন, এ সড়ক বেহাল অনেক দিন ধরেই। সড়কের কোথাও খানাখন্দ আবার কোথাও ঢেউয়ের মতো উঁচু-নিচু। সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

জয়শ্রী গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলামসহ একাধিক ব্যবসায়ী বলেন, এ সড়কটুকু পার হতে যেমন যানবাহনের ক্ষতি হচ্ছে তেমনি সময় যাচ্ছে দ্বিগুণ। ভাঙাচোরা রাস্তার জন্য সময়মতো বাজারে পণ্য আনা নেওয়াও যায় না। তাছাড়া ভাঙাচোরা সড়কের কারণে ভ্যানচালকরা মালামাল নিয়ে যেতে চান না। গেলেও বেশি ভাড়া দিতে হয়।

পরিবহনগুলোর একাধিক চালকরা জানান, মালবাহী পরিবহন, যাত্রীবাহী পরিবহনের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন ও টায়ার-টিউবে সমস্যা হচ্ছে। এতে প্রতিটি ট্রিপ শেষে কোনো না কোনো যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যাত্রীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া একটু বৃষ্টি নামলেই মহাসড়কের গর্তে পানি জমে থাকে। ফলে ঠিকমতো গর্ত দেখা যায় না। ভুক্তভোগীরা গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, গত জুন মাস থেকে চলমান বৃষ্টি ও কয়েকটি ঘূর্ণিঝড়ের কারণে রাস্তার বেশ ক্ষতি হয়েছে। বৃষ্টিপাত শেষ হলেই আবার সংস্কার কাজ শুরু করা হবে।

 




৮ দিনের রিমান্ডে ফজল করিম

চন্দ্রদ্বীপ নিউজ :: চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ছাত্র আন্দোলন নিহতসহ পৃথক তিনটি মামলায় ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে আরও ৫ মামলায় শোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখান আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিম ও অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে ফজলে করিমকে নিরাপত্তাজনিত কারণে সশরীরে আদালতে হাজির করা হয়নি। আদালতে তাকে হাজির না করায় ক্ষোভ জানিয়ে বিক্ষোভ করেছেন বিক্ষুব্দ লোকজন। ওই সময় তারা ফজলে করিমের ফাঁসি দাবি করে নানা স্লোগানও দেন।

আদালত সূত্র জানায়, ফজলে করিমকে রাউজান থানার মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিম ৩ দিনের রিমান্ড এবং অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত নগরের চান্দগাঁও থানায় ৩ দিন এবং পাঁচলাইশ থানার মামলায় ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়াও ফজলে করিমকে নগর ও জেলার আরও পাঁচ মামলায় শুনানি শেষে গ্রেফতার দেখান আদালত।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন জানান, ফজলে করিমকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়ালি শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর ও নতুন মামলায় গ্রেফতার দেখান।

ফজলে করিমের আইনজীবী এএইচএম জিয়া উদ্দিন জানান, ফজলে করিমকে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। আদালতে হাজির না করে ভার্চুয়ালি শুনানি করা যায় আদালতে আবেদন করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন আদালত ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ সেপ্টেম্বর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

রাউজানে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ইবাদতখানা ভাঙচুর, অগ্নিসংযোগের দুই মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের ঘটনায় পাঁচলাইশ ও চান্দগাঁও থানার দুই মামলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক নুরুল আলম হত্যার ঘটনায় চকবাজার থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে ফজলে করিমকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ লোকজন ডিম ছুড়ে মারেন। এ সময় তার ফাঁসির দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম চৌধুরী। হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয় তাকে।
গত ১৯ সেপ্টেম্বর এবিএম ফজলে করিম চৌধুরীকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।




২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে: ড. আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::২০২৫ সালের মধ্যে নির্বাচন দেয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার রাতে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সময়ের আভাস দেয়ার পর এই কোনো উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন।

আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলে জনান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে উল্লেখ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে তিনি বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।

ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় হতো গায়েবি মামলা। এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধীদলের লোকদের বিরুদ্ধে হতো। এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এটা বলেননি উল্লেখ করে তিনি বলেন, দায়ী না হলে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনালে বিচার হবে না। ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কি কাজ করেছে তা সব গণমাধ্যমে এসেছে। দেশবাসী দেখেছে।

নির্বাচন কমিশনের জন্য কিছু দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলেন আসিফ নজরুল জানান। দ্রবমূল্যের ঊর্ধগতির জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে।

তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেকক্ষেত্রে উন্নতি হয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় একজন বিচারক বলেছিলেন তিনি শপথবদ্ধ রাজনীতিবিদ। আরো অনেকে অনেক কিছু করেছেন।

দেশে এত গুম-খুন হলো, ভুয়া নির্বাচন হলো বিচারকরা কিছুই বললেন না। অনেক বিচারক বিচারবিভাগকে ধ্বংস করেছেন। আওয়ামী লীগের আইনজীবীরা প্রধান বিচারপতির উপর আক্রমণ করেছেন। যারা এসব করেছেন তাদের আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে। এমন অবস্থা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যেত না। এখন সেখানে যে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কাজের ফল।

৭০ দিন হলো উপদেষ্টামণ্ডলীতে দায়িত্ব পালন করছেন, কোন ভুল কি হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন ভুলতো হতে পারে। কারণ আমার অভিজ্ঞতাও কম। কিন্তু এটা বলতে পারি জেনে বুঝে অন্যায় করিনি। আমার নীতিগত ভুল হতে পারে। তবে ব্যক্তিগত স্বার্থে কোন কাজ করিনি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি৷ মানুষ এই নামগুলোই শুনতে পারে না।

সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসে নাই। কিন্তু যখন আন্দোলন চলে মানুষ মরছে সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন।

তিনি বলেন, এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হতো আগে। আমার স্বপ্ন ছিল তাদের ভি আই পি সুবিধা দেবো। আমি উদ্যোগ নিয়েছি তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা হবে। মানবজমিন’র সৌজন্যে।




আগরবাতি থেকে তেলের দোকানে আগুন, দগ্ধ ৪

চন্দ্রদ্বীপ নিউজ :: নোয়াখালীর সুবর্ণচরে আগরবাতি জ্বালানোর সময় তেলের দোকানে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর ওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজারে এ ঘটনা ঘটে। এসময় চারটি সিএনজি ও একটি মোটরসাইকেল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দুর্গানগর গ্রামের আব্দুল হকের ছেলে মো. সজিব (৩৬), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের আজীমের ছেলে মো. রিপন (৩২), সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের মৃত সোলেমানের ছেলে সালাউদ্দিন (৫০) ও আব্দুর শহীদের ছেলে মঈন উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে সেলুনের দোকানে সন্ধ্যা বাতি জ্বালানোর সময় পার্শ্ববর্তী অকটেনের দোকানের তেলের ড্রামে আগুন লেগে যায়। সেসময় দোকানে তেল দিতে আসা তেলবাহী গাড়ি ও তেল নিতে আসা চারটি সিএনজি ও একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়। ফলে ঘটনাস্থলে দোকানের কর্মচারী, সিএনজি ড্রাইভার ও তেলের গাড়ির হেলপারসহ চারজন অগ্নিদগ্ধ হয়।

এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তারপর সেখান থেকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। তারপর দুইজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।




ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান

চন্দ্রদ্বীপ নিউজ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করেছে।

ওয়েবসাইটটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগে এ কম্পন অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪.১।

যেসব জেলায় ভূমিকম্প অনুভূত

ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, গোপালগঞ্জ, নড়াইল, ভোলা, কুমিল্লা, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ।




আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: আরও চারটি খাত সংস্কারে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনগুলো হলো, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক বিষয়ক কমিশন ও নারী বিষয়ক কমিশন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এর মধ্যে, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন ড. এ কে আজাদ খান, গণমাধ্যম সংস্কার কমিশনে কামাল আহমেদ, শ্রমিক বিষয়ক কমিশনে সৈয়দ সুলতান আহমেদ এবং নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরীন পারভিন হক। আগামী ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিশন ঘোষণা করা হবে বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের ভেরিফায়েড তালিকা হয়েছে। এর বাইরেও আরেকটি তালিকা করা হচ্ছে। আন্দোলনের সময় তৎকালিন সরকারের নির্দেশে হাসপাতাল থেকে অনেক কাগজপত্র সরিয়ে নেয়া হয়েছে। এর সাথে জড়িতদেরও শাস্তির আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে আহতদের পুনর্বাসনে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে জানিয়ে তিনি বলেন, যাদের বিদেশে চিকিৎসা প্রয়োজন তাদেরকে সেখানে পাঠানো হবে। আহতদের চিকিৎসায় কোনও শৈথিল্য সহ্য করা হবে না। যেসকল বেসরকারি হাসপাতাল আহতদের কাছ থেকে টাকা নিয়েছে তা ফেরত দিতে হবে। অন্যথায় সরকারিভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এর আগে, রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সেগুলো হলো, সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও দুদক সংস্কার কমিশন।




বাউফলে শিশু ধর্ষণ ঘটনায় অভিযুক্তের বিচার ও ফাঁসির দাবি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতার গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাউফল প্রেস ক্লাবের সামনে সচেতন সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

অভিযুক্ত মো. আনোয়ার হাওলাদার, মদনপুরা ইউনিয়নের মৎস্যজীবী দলের (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সভাপতি এবং মৃধার বাজারে মুদি ব্যবসায়ী। শিশুটির পরিবার ১১ অক্টোবর তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে। এর আগে, আনোয়ার হাওলাদার শিশু নির্যাতনের আরেকটি ঘটনায় গ্রেফতার হয়েছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, শিশুটি প্রায়ই আনোয়ারের দোকানে যেত এবং তখনই সে যৌন নির্যাতনের শিকার হতো। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং দ্রুত তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতের প্ল্যাকার্ডে ‘শিশুরা আমাদের ভবিষ্যৎ’, ‘অপরাধীর ফাঁসি চাই’ এবং ‘শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ লিখে নিজেদের দাবি তুলে ধরেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “ঘটনাটি নিয়ে মামলা হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।” তিনি আরো বলেন, “আমরা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। তারা বলছেন, শিশু ধর্ষণের মতো অপরাধ সমাজে এক অভিশাপ হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং এর বিরুদ্ধে সকলের সচেতনতা ও আন্দোলন জরুরি।

বিভিন্ন সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এই ঘটনার পর আইনগত প্রক্রিয়ায় সঠিক পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন। তারা আশা প্রকাশ করেন যে, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা যায়।

এদিকে, শিশুটির পরিবার নিরাপত্তা এবং আইনি সহায়তার দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা চান যে, তাদের শিশু যেন এই ঘটনার পর থেকে মানসিকভাবে সুস্থ থাকতে পারে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হয়।




যে বেতন পাই তা দিয়ে ইলিশ খেতে পারি না: পটুয়াখালী ডিসি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমার যে বেতন, তাতে আমি ইলিশ খেতে পারি না।” তিনি আরও জানান, বর্তমানে বাজার পরিস্থিতি এমন যে সাধারণ মানুষের জন্য ইলিশ মাছ কেনা কঠিন হয়ে পড়েছে।

ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ সময় খাদ্য নিরাপত্তা এবং বাজার নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা বাজার মনিটরিং করছি এবং সিন্ডিকেট ও মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে, সরকার বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে।

জেলা প্রশাসক আরও বলেন, “সামাজিক স্বার্থে সকলকে ন্যায্যতার প্রতি সচেতন হতে হবে।” তিনি জনগণকে আহ্বান জানান যে, “যদি সবাই একসাথে কাজ করে, তবে আমরা এ সমস্যার সমাধান করতে পারব।”

তিনি উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা এবং বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা।”

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের এ মন্তব্যগুলোর মাধ্যমে বাজারের বর্তমান অবস্থার দিকে নজর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, সামগ্রিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে।

এ সময় জেলা প্রশাসক সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করেন এবং বলেন যে, প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।




বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত শুনানিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।

বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এ খবরটি গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে, “নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি।” তারা জানিয়েছে, চলতি বছরের শুরুতে সহিংস আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, “শেখ হাসিনা: সাবেক নেতার বিরুদ্ধে বাংলাদেশের গ্রেপ্তারি পরোয়ানা জারি।” বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হাসিনা সরকার ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে এই আদালত প্রতিষ্ঠা করেছিল, তবে এর কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে, যা দিয়ে তিনি অন্য দেশে যেতে পারবেন। তবে ভারত বাংলাদেশকে প্রত্যর্পণের জন্য চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে বাধ্য হতে পারে।

এছাড়াও পাকিস্তানের দ্য ডন, মধ্যপ্রাচ্যের গালফ নিউজ ও খালিজ টাইমসসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই ঘটনার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পর জামায়াত ও বিএনপির অনেক নেতা দণ্ডিত হয়েছেন। এখন শেখ হাসিনারও সেই আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।

**ট্যাগ:** শেখ হাসিনা, গ্রেপ্তারি পরোয়ানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, গণহত্যা, আওয়ামী লীগ, ভারত, বিশ্ব গণমাধ্যম




ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ভূমিকম্প চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও অনুভূত হয়েছে। যদিও তা হালকা ছিল, তবে এটি সাম্প্রতিক সময়ে দেশের বেশ কয়েকটি ভূমিকম্পের মধ্যে অন্যতম।

ভলকানো ডিসকভারি ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। এর আগে, ৬ সেপ্টেম্বর রংপুরেও একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের সংখ্যা বাড়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।