সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন: নুর

চন্দ্রদ্বীপ নিউজ :: অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে যাত্রবাড়ীর দনিয়া কলেজে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন। ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়ার আয়োজন ও স্মৃতিচারণে সভাটি আয়োজন করা হয়।

নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার এই আন্দোলনে যাত্রাবাড়ীর মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। এখানে কোনো নেতা ছিল না, সাধারণ মানুষই এখানে নেতৃত্ব দিয়েছে। যাত্রাবাড়ীর মানুষ বুলেটের সামনে যেভাবে প্রতিবাদ করেছে তা এই আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই শহীদদের পরিবারকে মূল্যায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা শুনেছি নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হবে। আমাদের দাবি শহীদের পরিবার থেকে দুজনকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকেই মূল্যায়ন করা হচ্ছে। শহীদ পরিবারের খোঁজ না নিয়ে কেউ কেউ সচিবালয়ে নিয়োগ নিয়ে ব্যস্ত, নতুন দল গঠন নিয়ে ব্যস্ত। এই শহীদদের ত্যাগ নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।’

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি বলেন, ‘ইতোমধ্যে দেখেছি এই সরকারের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের নির্দেশদাতা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।




সাকিব আমাকেও ফোন করেছে, কথা বলেছি: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ নিউজ :: সবকিছু ঠিকঠাকই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার জন্য দলে ডাক পেয়েছেন। নিউইয়র্ক থেকে রওনা দিয়ে দুবাই পর্যন্ত চলে এসেছিলেন। তবে সেখানে ট্রানজিট নেওয়ার সময়ই সাকিবকে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় সরকারের তরফ থেকে।

গতকাল সাকিব আল হাসান নিজেই জানান, দেশে ফিরছেন না তিনি। তবে দেশার ফেরার জন্য ভালো রকমের চেষ্টাই চালিয়ে গেছেন এই ক্রিকেটার। ফোন দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকেও। গতকাল রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের একটি টক শো’তে উপস্থিত হয়ে আইন উপদেষ্টা নিজেই এই তথ্য জানান।

সাকিব আল হাসানের দেশের আসার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে, আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।

সাকিবকে দেশে ফিরতে না দেওয়া দেশের ইমেজের জন্য ক্ষতিকর কি না এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘দেখুন, সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে আসেনাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। শুধু তো রাজনীতি না, এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি না। আমি না বিশ্বাস করতে পারি না, যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না ঘরে ঘরে ক্ষোভ ঘরে ঘরে কষ্ট তখন সাকিব একটা পোস্ট দিয়েছে ইনজয়িং মাই লাই কোন জায়গায় যেন, এটা সম্ভব কোনো একটা মানুষের পক্ষে?’

সাকিবের অন্যান্য আচরণের জন্যও শেখ হাসিনা সরকারের দুঃশাসনকে দায়ী করলেন আসিফ নজরুল, ‘এছাড়া (সাকিবের) জুয়া, বেটিং, উশৃঙ্খল আচরণ… আমার মনে হয় এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। এমন একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করা হয়েছে, যেখানে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন। আপনার শাস্তি হবে না। এটা অনেক মানুষকে বিভ্রান্ত করে, তাকেও করেছে। মায়া লাগে। কিন্তু তার প্রতি মানুষ যে ক্ষোভ দেখায়, সেটি একটুও অযৌক্তিক লাগে না।’




বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ বারবারই আসতে পারে: ত্রাণ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ বারবারই আসতে পারে।তাই জনদুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে।’

শুক্রবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের রামেরকুড়া ব্রিজপাড় ও নলকুড়া ইউনিয়নের শালচূড়া বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ত্রাণ উপদেষ্টা বলেন, ‘চলতি বর্ষা মৌসুমে শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। এতে জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘পুনর্বাসন কার্যক্রম জোরদার করার জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়েও এই কমিটি গঠন করা হয়েছে।’

ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি ও ক্ষুদ্র ঋণদানকারী সংস্থাকে সম্পৃক্ত করা হয়েছে জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘আশা করা যায় বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করে সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন করা সম্ভব হবে। তবে, কিছু জিনিস আশু আর কিছু জিনিস ধীরে ধীরে সম্পন্ন করা হবে। ’

এদিন উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যায় ক্ষতিগ্রস্ত ঝিনাইগাতী উপজেলার ৪৫টি পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী এবং ২০টি পরিবারের মধ্যে ৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।




রাষ্ট্রদ্রোহ মামলায় পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা রিমান্ডে

চন্দ্রদ্বীপ নিউজ :: পৃথক দুই রাষ্ট্রদ্রোহসহ সাইবার নিরাপত্তা আইনের মামলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ছয়জন কর্মকর্তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী রাজধানীর খিলক্ষেত থানায় করা পৃথক মামলায় তাদের এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির মুন্সীগঞ্জের সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, মাগুরার শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন ও সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বেলাল হোসেন। এদের মধ্যে বেলাল হোসেন এক মামলার আসামি। অপর পাঁচজন আরেক মামলার আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা, খিলক্ষেত থানার পরিদর্শক আশিকুর রহমান দেওয়ানপ্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার অভিযোগে খিলক্ষেত থানায় পৃথক দুটি মামলা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড খিলক্ষেত থানার পরিচালক প্রশাসন (আইন শাখার) আরশাদ হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি থেকে বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতির কতিপয় বিপথগামী কর্মকর্তা/ কর্মচারী একত্রিত হয়ে কেন্দ্রীয় কমিটি পরিচয়ে পরস্পর যোগসাজশে জরুরি সেবা বিদ্যুৎখাতকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত হয়ে এবং বিগত সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের মদদে নানান অযৌক্তিক দাবি দাওয়ায় ষড়যন্ত্র করে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করছে। বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম কাজে লিপ্ত আছে।

এতে আরও অভিযোগ করা হয়, তাদের এ ধরনের কার্যকলাপ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে চরমভাবে অস্থিতিশীল করার অপচেষ্টা করার শামিল। তাদের এ সব কর্মকাণ্ড বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, বোর্ডের কর্মকর্তাদদের সম্মানহানি এবং বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ব্যর্থতা তথা জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করার মাধ্যমে সরকারকে চরমভাবে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা। যা দেশদ্রোহীতার শামিল।




বাউফল গ্রামীণ নারী দিবস উদযাপনে ক্যাম্পেইন

পটুয়াখালী প্রতিনিধি :: আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় চন্দ্রদ্বীপ থেকে ক্যাম্পেইনের শুরু হয়, যেখানে বিভিন্ন দাবি তুলে ধরে বিলবোর্ড প্রদর্শন করা হয়।

স্পিড ট্রাস্টের আয়োজনে ব্রিজ ঘাট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ শিক্ষক ও সাংস্কৃতিক উন্নয়ন কর্মী মো. আহসান হাবিব। উজ্জীবক ও প্রতিদিনের কাগজের বাউফল প্রতিনিধি সাইফুল ইসলাম এই আলোচনা সভাটি পরিচালনা করেন।

ধারণাপত্রের উপর বক্তব্য রাখেন দলনেতা মিনারা বেগম, জেসমিন বেগম, সালাম গাজী এবং সালমা বেগম। এএলআরডি মিজেরিয়া প্রকল্পের চন্দ্রদ্বীপ জন সমবায় দলের পক্ষ থেকে “বৈষম্যহীন সমাজ গড়তে নারীর ভূমি অধিকার নিশ্চিত করুন” স্লোগান নিয়ে দাবি জানানো হয়, নারীর জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ ও সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

এছাড়াও, খাসজমি বন্দোবস্তের অগ্রাধিকার তালিকা থেকে সক্ষম পুত্রসন্তানসহ নারী প্রধান পরিবারের শর্ত বাতিল করার দাবি তোলা হয়। সম্পদ ও সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সকল কর্মে নারীর সমান মজুরি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন বক্তারা।




সিনিওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস

চন্দ্রদ্বীপ নিউজ :: হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোষ্ঠীর এক সিনিয়র নেতা।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম বিবিসি।

ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক ভিডিও বার্তা দেন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া।

বিবৃতিতে তিনি বলেন, ‘সিনওয়ার যুদ্ধে মারা গেছেন।’

হামাসের এই কর্মকর্তা বলেছেন, গোষ্ঠীটি ফিলিস্তিনি জনগণের উচ্চাকাঙ্ক্ষা অর্জনের পথে অগ্রসর হবে। এই যাত্রায় সিনওয়ারের মৃত্যু দলটিকে আরও শক্তিশালী করে তুলবে।

ঊর্ধ্বতন এই নেতা আরও বলেন, গাজার উপর আগ্রাসন শেষ না হওয়া এবং উপত্যকায় সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেয়া হবে না।

হাইয়া বলেন, ‘জেরুজালেমকে রাজধানী করে পুরো এলাকা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হামাসের আন্দোলন অব্যাহত থাকবে।’

শহীদ ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতি স্মরণ করে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খলিল হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী এবং নির্ভীক। সিনওয়ার আমাদের মুক্তির লক্ষ্যে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি মাথা উঁচু করে, আগ্নেয়াস্ত্র ধরে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত গুলি চালিয়েছিলেন।

হাইয়া বলেন, ‘তার (সিনওয়ার) পুরো জীবন একজন পবিত্র যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোট বেলা থেকেই তিনি একজন প্রতিরোধী যোদ্ধা হিসেবে তার সংগ্রামে নিয়োজিত ছিলেন। তিনি ইসরায়েলি কারাগারের ছিলেন এবং বদলি চুক্তির মাধ্যমে মুক্তি পান। এরপরও তিনি সংগ্রাম চালিয়ে গেছেন।’

হামাস প্রধান সিনওয়ারের মৃত্যুর পর গোষ্ঠীর সবচেয়ে সিনিয়র ব্যক্তি হলেন আল-হাইয়া।




মোবাইল এসএমএসে ডিমের দাম নির্ধারণ বন্ধ, বাজারে স্বস্তি

চন্দ্রদ্বীপ নিউজ :: টানা উত্তেজনা শেষে ডিমের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। খুচরা বাজারে ডিমের ডজন টানা কয়েকদিন ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হলেও এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির আমদানি বাড়লে বাজার পুরো নিয়ন্ত্রণে চলে আসবে, এমনটাই মনে করছেন ডিমের পাইকারি আড়ত মালিকরা। সেইসাথে সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত দামে ডিম বিক্রি হওয়ায় এখন আর মোবাইলে এসএমএসে দাম চালাচালি করছে না কোম্পানিগুলো।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও ডিমের আড়ত মালিকদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়। সরকারের বেঁধে দেওয়া দামে করপোরেট কোম্পানিগুলো বিক্রি করতে বাধ্য হওয়ায় বাজারে ডিমের দামে স্বস্তি ফিরেছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

ঢাকার ডিম বিক্রির অন্যতম বড় পাইকারি বাজার হচ্ছে তেজগাঁও আড়ত। দেশের বিভিন্ন স্থানের খামার থেকে ট্রাকে করে এখানে ডিম আসে। এরপর তেজগাঁও থেকে ঢাকার বিভিন্ন খুচরা বাজার ও পাড়া-মহল্লায় ডিম সরবরাহ হয়। ফলে তেজগাঁওয়ে ডিম বিক্রি বন্ধ রাখলে সাধারণত খুচরা বাজারে এর প্রভাব পড়ে।

তেজগাঁওয়ে পাইকারি ডিমের আড়তদার ইসলামপুর পোলট্রি মালিক মেহেদী হাসান। সারারাত ডিম বিক্রি করার পর সকালে হিসাব নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তিনি বার্তা২৪.কমকে বলেন, প্যারাগন ও কাজী ফার্মের মত বড় বড় করপোরেট কোম্পানিগুলো মোবাইল ফোনে এসএমএস চালাচালি করে ডিমের দাম নির্ধারণ করতো। ফলে তাদের খেয়ালখুশি মত দাম ওঠানামা করতো।

 

মেহেদী হাসানের চোখেমুখে এখন স্বস্তি। তিনি বলেন, সরকার ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার পর গত দু’দিন ধরে ডিমের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। দু’দিন ধরে মোবাইল এসএমএসে আর দাম নির্ধারণ হচ্ছে না।

আগস্ট মাসে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল ও উত্তর অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভয়াবহ বন্যা হওয়ায় বাজারে কাঁচাবাজারে বেশ প্রভাব পড়েছে। সেইসাথে এইসব অঞ্চলে মাছের ঘেরগুলো ডুবে যাওয়ায় মাছ বাজারেও অস্থিরতা চলছে। কাঁচাবাজার ও মাছ বাজারে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় ডিমের দামও লাগামহীন ও উদ্বেগজনক হারে বেড়ে যায়। তবে এখন তা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। ব্যবসায়ীদের ধারণা আগামী মাস থেকে বাজারে সবজির আমদানি বেড়ে গেলে ডিমের দামও মানুষের নাগালে চলে আসবে।

ইসলামপুর পোলট্রি মালিক মেহেদী হাসানের দাবি, আগামী মাস থেকে বাজারে ডিমের দাম আরও কমে যাবে। কারণ শীতের সবজি আগামী মাস থেকে বাজারে আসতে শুরু করবে। সবজির দাম বেশি থাকায় ডিমের চাহিদা বেড়েছে। আগে আমার দোকান থেকে দৈনিক ৫০ হাজার ডিম বিক্রি হতো, এখন দৈনিক ৭০ থেকে ৮০ হাজার ডিম বিক্রি হচ্ছে।

এদিকে আল্লাহর দান ডিমের আড়তের ম্যানেজার আল আমীন হোসেন বলেন, এখন সরকার নির্ধারিত দামে করপোরেট কোম্পানিগুলো ডিম দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি আসতে শুরু করেছে। বাজারে আজকে প্রতিটি ১১ টাকা দরে ডিম বিক্রি হচ্ছে। ডজন ১৩৩ টাকা করে বিক্রি হচ্ছে। করপোরেট কোম্পানিগুলো যদি সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করে তাহলে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

পাইকারি আড়তে ডিমের ডজন ১৩৩ টাকা বিক্রি হলেও রাজধানীর বিভিন্ন মহল্লার দোকানগুলোতে ১৫০ টাকা করে ডিমের ডজন বিক্রি হচ্ছে।

বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারে জব্বার স্টোরে সকালে দেখা যায় লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তেজগাঁও পাইকারি বাজারে ডজন ১৩৩ টাকা হলে আপনার কিভাবে ১৫০ টাকা বিক্রি করেন জবাবে জব্বার স্টোরের মালিক রফিক জব্বার বলেন, তেজগাঁও পাইকারি বাজার থেকে আমাদের সরাসরি ডিম আনা হয় না। আড়তের পরে আরও তিন থেকে চার হাত হয়ে আমাদের এখানে ডিম আসে। ফলে আমাদের বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে।

টিসিবির তথ্য থেকে জানা যায়, গত ৮ আগস্ট ডিমের দাম ছিল, ডজন প্রতি ১৫০ থেকে ১৬২ টাকা। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ডিমের দাম বাড়তে থাকে। ধাপে ধাপে বেড়ে তা ১৫০ টাকা ছাড়িয়ে যায়। কখনো কখনো দাম ওঠে ১৭০ থেকে ১৮০ টাকায়। ২০২২ সালের আগে বছরজুড়ে ডজন প্রতি ডিমের দাম ৮০ থেকে ১২০ টাকায় ওঠানামা করত। দেশে দৈনিক ডিমের চাহিদা প্রায় সাড়ে ৪ কোটি। আগে দিনে সাড়ে চার-পাঁচ কোটির মতো ডিম উৎপাদন হতো।

ডিমের লাগামহীন দামে বেসামাল বাজারকে সামাল দিতে অন্তর্বর্তী সরকার গত ৮ অক্টোবর সাতটি প্রতিষ্ঠানকে সাড়ে চার কোটি ডিম আমদানির অনুমতি দেয়। এরপর বাজারে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে দাবি ব্যবসায়ীদের।




সংবাদ প্রকাশের পর পটুয়াখালীতে বাজার মনিটরিংয়ে ডিসি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পৌর নিউমার্কেট এলাকায় কাঁচা বাজার, মাছ, মাংস ও ফলের বাজারে অভিযান চালানো হয়। এ সময় চার অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগের ২ দিন আগে চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কমে প্রকাশিত ‘  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পটুয়াখালীবাসীর নাভিশ্বাস ,  শিরোনামের সংবাদে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এরপর জেলা প্রশাসক মো. আবু হাসনাত মোহাম্মদ আরেফীনসহ টাস্কফোর্স কমিটি বাজার মনিটরিং করেন।

পটুয়াখালীবাসী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকলে সিন্ডিকেটের সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটির প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
গণহত্যায় উস্কানিদাতা হিসেবে জাফর ইকবালের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান কৌঁসুলি। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জাফর ইকবালসহ আরও ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী সরকারের বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছেন আইসিটির প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে অধ্যাপক ড. জাফর ইকবাল তার মতামত প্রকাশের পর শাবিপ্রবির শিক্ষার্থীরা তাকে ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকার’ উক্তির প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেন। ১৪ জুলাই রাতের ওই মিছিলে তারা স্লোগান দেন, ‘তুমি কে আমি কে – রাজাকার, রাজাকার, কে বলেছে কে বলেছে – স্বৈরাচার, স্বৈরাচার।’ এই স্লোগান ঘিরে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত শিক্ষক ও লেখক ড. মুহম্মদ জাফর। ফেসবুকে করা এক পোস্টে করেন আন্দোলনকারীদের কটাক্ষ।

১৬ জুলাই ‘সাদাসিধে কথা’ নামে নিজের একটি ওয়েবসাইটে বিষয়টি নিয়ে দুই প্যারায় ছোট্ট মতামত লিখেছেন তিনি। তার নিজ হাতে লেখা চিরকুটও সেখানে আপলোড করা হয়। হাতে লেখা চিরকুটের অংশটি অনলাইনে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সেখানে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনো দিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়ত সেই ‘রাজাকার’। আর যে কয়দিন বেঁচে আছি, আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে?’




বাউফলে কিশোর গ্যাং আতঙ্কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবের শিকার হয়ে সাইদুল ইসলাম ওরফে শুভ (১৫) নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) বাউফলের কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট সড়কে এ ঘটনা ঘটে। আহত শুভকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুভ হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাবা জানান, সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বখাটে আলভি (১৭) এবং তার কয়েকজন সহযোগীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার কিছুক্ষণ পর আলভি ও তার সঙ্গীরা শুভকে রাস্তায় পেয়ে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে, যার ফলে শুভ গুরুতরভাবে আহত হয়।

বাউফল থানার পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত নয়, তবে ঘটনার খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাংয়ের প্রভাব বাউফলে ক্রমেই বাড়ছে, এবং এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। স্কুলগামী শিক্ষার্থীদের চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। অভিভাবকরা বলেন, “কিশোর গ্যাংয়ের এমন তাণ্ডব যদি অব্যাহত থাকে, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়? প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

স্থানীয় পর্যায়ে সচেতন মহল মনে করছেন, কিশোর অপরাধ দমনে বিশেষ নজরদারি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।