বাজারে কমেছে ডিমের দাম, সরকারের পদক্ষেপের সুফল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম ডজন প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমেছে।

জনগণের জন্য ডিম সাশ্রয়ী করতে সরকার আমদানি শুল্ক কমিয়ে ডিম আমদানির অনুমতি দিয়েছে। ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জারি করা এক আদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এই শুল্ক ছাড় ১৫ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

কাওরান বাজারের ঢাকা পোল্ট্রির মালিক কাওসার আহমেদ বলেন, সরকারি উদ্যোগে বাজারে ডিমের সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কমেছে। তিনি আরও বলেন, আজ পাইকারি পর্যায়ে প্রতি শত ডিম বিক্রি করছি ১ হাজার ১০১ টাকায়। গতকাল দাম ছিল ১ হাজার ১৭০ টাকা থেকে ১ হাজার ১৮০ টাকা।

কাওসার জানান, আজ প্রতি ডজন ডিম পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ১৩২ টাকা ১২ পয়সায়, যা গতকাল ছিল ১৪১ টাকা ৬০ পয়সা।

ঢাকার বাসিন্দা আবু সুফিয়ান জানান, তিনি আজ খিলগাঁও তালতলা বাজার থেকে এক ডজন ফার্মের ডিম কিনেছেন ১৫০ টাকায়, যা দুদিন আগে ছিল ১৮০ টাকা।

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না তা নিশ্চিত করতে তিনি সরকারের তদারকি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, তিনি পশ্চিম শেওড়াপাড়া কাঁচাবাজার ও তালতলা কাঁচাবাজারে অভিযান চালিয়ে দেখেছেন ডিমের দাম সরকার নির্ধারিত মূল্যের কাছাকাছি।

সরকার নির্ধারিত মূল্যের আওতায় প্রতিটি ডিম উৎপাদক পর্যায়ে ১০.৫৮ টাকা, পাইকারি ১১.০১ টাকা এবং খুচরা ১১.৮৭ টাকায় বিক্রি করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় রিটেইল চেইন সুপারশপ স্বপ্নে প্রতিটি খুচরা ডিমের দাম ১১.৬৭ টাকা।

এদিকে সরবরাহ বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে ঢাকার প্রধান দুই পাইকারি বাজার তেজগাঁও ও কাপ্তান বাজারে প্রতিদিন ২০ লাখ ডিম সরবরাহের ঘোষণা দিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। গতকাল কাপ্তান বাজারে ডিম সরবরাহ শুরু করেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই উদ্যোগের মূল সমন্বয়কারী বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল।

প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও এর প্রভাব পুরো দেশে পড়বে বলে জানিয়েছে সংগঠনটি।

 




এবার অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগির দাম

চন্দ্রদ্বীপ ডেস্ক :: এবার অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগি কেজিতে বেড়েছে ৪০ টাকা আর ব্রয়লারের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। মাছের দামও চড়া। আর গেল কয়েকদিনের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম।

সরকার পরিবর্তনের পর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম নেমে আসে একশ পঞ্চাশ টাকায়। আর সোনালী মুরগি দুইশ বিশ টাকায়। কিন্তু গেল তিন সপ্তাহ থেকে আবারও অস্থির মুরগির বাজার।

এই সময়ের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ৮০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

বাজারে সবধরণের মাছেরও রয়েছে পর্যাপ্ত সরবরাহ। তবে, দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের মধ্যে।

সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও এখনো ৮০ টাকার কমে মিলছেনা বেশিরভাগ সবজি।

এদিকে, হঠাৎ করে মোটা ও আটাশ চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আনতে না পারায় ক্ষুব্ধ মানুষ।

অন্যদিকে, সরকারের তদারকিতে বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম।




এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে বাঁধা বাজার ব্যবস্থা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাজারে দরকারি পণ্যের দাম কমার কোন লক্ষণ নেই। বরং পাইকারি-খুচরা দুই পর্যায়েই কিছু পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহের চেয়ে মুরগির দাম বেড়েছে রাজধানীর বাজারগুলোতে। কাঁচামরিচ এখনও ধরা-ছোঁয়ার বাইরে সাধারণ ক্রেতাদের। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা, বাজার নিয়ন্ত্রণে কথার চেয়ে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপের।

বেসরকারি বিমা প্রতিষ্ঠানের কর্মকর্তা মাহফুজুর রহমান। সাপ্তাহিক কেনাকাটা করতে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে এসেছেন কারওয়ান বাজার। কাঁচা বাজার শেষে বাজার পরিস্থিতি নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, দোষের ওপর দোষ। আগে যে সরকার ছিল সে জামায়াত-বিএনপির দোষ দিতো। এখন যে সরকার এসেছে সেও আওয়ামী লীগের দোষ দিচ্ছে। কোনো পরিবর্তন আসেনি। শুধু লোক পরিবর্তন হয়েছে। বাজারে তদারকি নেই, কার্যক্রম নেই। যা যার ইচ্ছামত দাম রাখছে।

দরকারি পণ্যের লাগামছাড়া দশায় যে অস্বস্তি ছিল শেখ হাসিনা সরকারের পতনের আগে। পতনের পরেও একই হাল। ক্রেতাদের অভিযোগ, এখনো অদৃশ্য সিন্ডিকেটের জালে অষ্টেপৃষ্ঠে বাঁধা বাজার ব্যবস্থা।

বাজার করতে আসা ক্রেতারা জানান, বাজারে সব কিছুর দাম বেশি। শুধু মানুষের কোনো দাম নেই। ২ থেকে ৩ ধরণের তরকারি কিনলেই ৫শ’ টাকা শেষ। তরকারিতেই যদি এমন টাকা যায় তাহলে মাসে এর পেছনেই খরচ ১৫ হাজার টাকা। বাসা ভাড়া, সন্তানদের লেখাপড়া কিভাবে চলবে। সিস্টেম একই আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে।

বাজারে প্রায় সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকলেও ন্যূনতম ৬০ টাকার কমে মিলছে না কোন সবজি। এটি কারওয়ান বাজারের দাম, বলা বাহুল্য এলাকাভিত্তিক বাজারে এই দাম আরও বেশি।

বিক্রেতারা জানান, পেঁপের দাম সবচেয়ে কম, ৪০ টাকা কেজি। আর সব কিছুর দাম বেশি। অন্য সব সবজির দাম ৭০/৮০ টাকার মত। এদিকে দু সপ্তাহের ব্যবধানে বেশ অনেকটা বেড়েছে খোলা তেলের দাম, বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়। যদিও অপরিবর্তিত আছে বোতলজাত তেলের দাম।

তেল বিক্রেতা জানান, পাম তেলের দাম ৬ থেকে ৭ হাজার টাকা বেশি। আর বোতলজাত তেলের দাম ১০ টাকা করে বৃদ্ধির কথা তবে এখনও বাড়েনি।

শুধু চাল-ডাল-সবজিই নয়, বেড়েছে মুরগির দামও। ২০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি, যা গত সপ্তাহেও ছিল ১৯০। এছাড়া কেজি ৩০ টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম ভেঙে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা ক্রেতাদের।

 




 ‘আর্থিক প্রবাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্বশীল বিনিয়োগকে উৎসাহিত করার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থায়িত্ব এখন আর বিকল্প নয়, এটি প্রয়োজনীয়তা। ব্যাংকগুলোকে টেকসই উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতায় আর্থিক প্রবাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ইন্টারকন্টিনেন্টালে ব্র্যাক ব্যাংকের ‘সাসটেইনেবলিটি রিপোর্ট ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন। যেসব প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে, তাদের ঋণ না দেয়ারও আহ্বান জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ব্লুম ইনটু দ্য ফিউচার’- শিরোনামের প্রতিবেদনটি ব্যাংকের টেকসই ব্যাংকিংয়ের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে ব্যাংকের কার্বন নিঃসরণ কমানো, সবুজ অর্থায়ন সমর্থন এবং দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন প্রচারের ওপর জোর দেয়া হয়েছে। প্রতিবেদনটি ব্যাংকের জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার প্রচেষ্টাকে তুলে ধরে এবং বাংলাদেশের পরিবেশ ও সামাজিক উন্নয়নে অবদান রাখার কথা উল্লেখ করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর. এফ. হুসাইনও বক্তব্য রাখেন।

 




সাকিব আমাকেও কয়েকবার ফোন করেছে: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ক্রিকেটার সাকিব আল হাসান আসন্ন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সম্প্রতি দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাঝুঁকির কারণে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তাঁকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘সাকিব কিন্তু আমাকেও কয়েকবার ফোন করেছে। আমি তার সঙ্গে কথাও বলেছি। আমি বলেছি, ও যেন উপদেষ্টা আসিফের সঙ্গে কথা বলে, এটা তো আমার ব্যাপার না।’

গতকাল বৃহস্পতিবার রাতে চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন।

আইন উপদেষ্টা বলেন, ‘সাকিবের মতো খেলোয়াড় বাংলাদেশের ইতিহাসে আসে নাই। সাকিব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষ হয়ে থাকতে পারত। কিন্তু বর্তমানে রাজনীতির কারণে তার জনপ্রিয়তা কমে গেছে।’

তিনি আরও বলেন, ‘এ রকম একটা ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পৃক্তি… যখন মানুষ মরছে, ঘরে ঘরে কান্না, ঘরে ঘরে ক্ষোভ, তখন সাকিব একটা পোস্ট দিয়েছে “এনজয়িং মাই লাইফ ইন…”। এটা কি সম্ভব?’

এ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘সাকিবের যেসব আচরণ, যেমন জুয়া, বেটিং ও উচ্ছৃঙ্খল আচরণ, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মনে হয়, এটার জন্যও শেখ হাসিনা সরকার দায়ী। সরকার একটি রাষ্ট্রযন্ত্র তৈরি করেছে, যে যন্ত্রে শেখ হাসিনার প্রতি অনুগত থাকলে আপনি যা ইচ্ছা করতে পারেন।’

দুই দিন পর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সাকিব আল হাসানের নাম ছিল। কিন্তু তাঁর জায়গায় আজ বাঁহাতি স্পিনার হাসান মুরাদের নাম ঘোষণা করেছে বিসিবি।




শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কল্পনাপ্রসূত: আ.লীগ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কল্পনাপ্রসূত বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে মামলাটিকে অসাংবিধানিক ও বেআইনি উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ প্রতিবাদ জানানো হয়।

পোস্টে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন করেছিলেন। শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছে। জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

আওয়ামী লীগ আরও বলে, সেই বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং শেখ হাসিনার বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার তাঁর বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। আইনের শাসনের সকল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আওয়ামী লীগের পোস্টে বলা হয়, তারা অসাংবিধানিক ও অবৈধ সরকারের এই কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা জানাচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গণহত্যার ব্যাপারে জাতিসংঘের কনভেনশনের সংজ্ঞা তুলে ধরা হয়। এতে বলা হয়, গণহত্যা হলো হত্যাকাণ্ডসহ এমন ক্ষতিকারক কাজ করা, যার মূল লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায় কিংবা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করা।

ছাত্র-জনতার আন্দোলনের নামে সন্ত্রাস ও নৈরাজ্য চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগ বলে, দেশে পুলিশ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টধর্মাবলম্বীসহ অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে হত্যাসহ অকথ্য নির্যাতন চালানো হচ্ছে, যা গণহত্যার পর্যায়ে পড়ে।

পোস্টে আরও বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে যে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটি নিন্দিত হবে।




স্বৈরাচারের দোসরদের রেখে কোনো উদ্যোগই সফল হবে না: তারেক রহমান

চন্দ্রদ্বীপ নিউজ :: স্বৈরাচারের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেআরএফ) রজতজয়ন্তী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় জেডআরএফ-এর ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা ডা. জুবাইদা রহমানও ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।

তারেক রহমান বলেন, ‘গণঅভ্যুত্থান সফলকারী জনগণের সামনে অন্তবর্তীকালীন সরকারের সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময়ে ভিন্ন রকম বক্তব্য এসেছে। এমন একটি কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সরকারের বক্তব্যের গরমিল জনগণের মনে নানা ধরনের সন্দেহ-সংশয়ের উদ্রেক করে।’

তিনি বলেন, ‘জনগণ অন্তবর্তীকালীন সরকারকে আরও দায়িত্বশীল, গণভূমিকা ও কার্যকর দেখতে চায়। কারণ, অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ এবং জনগণের সরাসরি ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীলমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কোনো-ই বিকল্প নেই, এবং সেই লক্ষ্যে গণতন্ত্রকামী জনগণ বর্তমান সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। জনগণের নিঃশর্ত সমর্থনের প্রতি নিঃশর্ত মূল্য দেওয়া অন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব।’

রাষ্ট্র ও রাজনীতি সঠিক ভিত্তির ওপর দাঁড় করাতে অন্তবর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ। আমি বরাবরই সংস্কারের পক্ষে। তবে, সংস্কার একটি ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া। কখনো কখনো এটি সময়সাপেক্ষ। তবে, যে কোনো সংস্কার প্রক্রিয়ার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশীদারত্ব সৃষ্টি না হলে সেই সংস্কারের শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।’

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিষ্ট আদর্শ লালনকারী ও মাফিয়া সরকারের দোসরদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে কোনো উদোগেরই সুফল মিলবে না। মাফিয়াচক্রের কবল থেকে দেশে ও জনগণকে মুক্ত করতে হাজার হাজার ছাত্র-জনতা গণহত্যায় প্রাণ হারিয়েছেন। স্বৈরাচারের বুলেট বিদ্ধ হয়ে হাজারো মানুষ এখনো হাসপাতালের বিছানায়, রাজপথে শহিদের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ পলাতক স্বৈরাচারের সহযোগীদের মধ্যে নূন্যতম অনুতাপ নেই। বরঞ্চ মাফিয়া প্রধানের রেখে যাওয়া সুবিধাভোগীরা ইতোমধ্যে ঘর-বাহিরে, সরকারে-প্রশাসনে মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে চাইছে।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করতে চাইছে। ষড়যন্ত্রের বিষদাঁত শুরুতে উপড়ে ফেলতে না পারলে তাদের বিষাক্ত দংশনে ছাত্র-জনতার শত শহিদের রক্তে অর্জিত গণতন্ত্র আবারও বিপন্ন হবে।




আ. লীগের গড়া সিন্ডিকেট এ সরকার ভাঙতে পারেনি: জামায়াত আমির

চন্দ্রদ্বীপ নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার জাতির ওপর জুলুম করেছে। এখনো সেই জুলুমের ভার এই জাতিকে বহন করতে হচ্ছে। তাদের আমলে গড়া সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। জাতি যে প্রত্যাশা করেছে সেটা তারা পূরণ করতে পারেনি। প্রতিটি খাত থেকে অন্যায় অনিয়ম নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

শুক্রবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, কীভাবে একটি দেশের শাসক নিজের গদি টিকিয়ে রাখতে গুলি চালানোর নির্দেশ দেয়! গুলি চালালেই গদি রক্ষা হয় না। তারা মনে করেছে আমরাই সব। যেভাবে ফেরাউন বলেছিল ‘আমিই তোমাদের রব’। তারা ধরাকে সরা জ্ঞান করেছিল। তারা শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়নি বরং হেলমেট বাহিনীকেও ব্যবহার করেছিল। আমরা আর একটি সন্তানও হারাতে চাই না। ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়েছে। ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা এমন হত্যাকাণ্ড আর চাই না। আমাদের আর পেছনে তাকানোর সময় নেই।

যে চেতনার ভিত্তিতে বিপ্লব এসেছে তার বেশিরভাগ অপূর্ণ রয়ে গেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা দেশের দায়িত্বে আছেন তাদের দেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে। আমরা তাদেরকে বলব ১৮ কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জালকে পরিষ্কার করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে আপনাদের এগিয়ে যেতে হবে। এর কোনো বেশকম জনগণ দেখতে চায় না।

দেশের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘এমন একটা দেশ গঠন করতে হবে যেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন কোcbf জালিম যেন নারীদের অসম্মান করতে না পারে।




হত্যা মামলায় কারাগারে শমসের মবিন চৌধুরী

চন্দ্রদ্বীপ নিউজ :: যুবদল নেতা শামীম হত্যা মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস শমসের মবির চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে গত গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী থেকে শমসের মবিন চৌধুরীকে আটক করে। পরে তাকে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী লীগ। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়।

এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। যুবদল নেতা শামীম এই ঘটনায় মারা যান। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।




বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় ভারতের ৪৮ জেলে আটক

চন্দ্রদ্বীপ নিউজ :: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মোংলা থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে ওই দিন রাতে ট্রলারসহ তাদের আটক করে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীকালে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এমভি নারায়ন, এমভি অভিজিৎ ও এমভি অভিজিত নামক তিনটি ফিশিং ট্রলার ও এতে থাকা জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ওসি মো. আনিসুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আজ বিকেলে আটক জেলেদের বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে। ’