বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ মিলল খালে

বরিশাল অফিস :: বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইয়াসিন (১৬) বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোমিন উদ্দিন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ইয়াসিনের সন্ধান পাচ্ছিল না মাদ্রাসা কর্তৃপক্ষ। অনেক খোঁজাখুঁজির পর তারা স্বজনদের জানালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল ইয়াসিন উজিরপুরের সাতলায় নানা বাড়িতে গিয়েছে। কিন্তু রাত অবধি সে সেখানে পৌঁছায় না।

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে মাদ্রাসার অদূরে থাকা আউয়ার বাজার সংলগ্ন খালে মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে মরদেহটি ইয়াসিনের বলে শনাক্ত করা হয়।

পরিদর্শক (তদন্ত) মোমিন আরও বলেন, ইয়াসিনের মৃত্যু কীভাবে হয়েছে এর কারণ সঠিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার নিখোঁজের আগ মুহূর্তে ওই খালে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা গোসলে গেলেও ইয়াসিনকে কেউ গোসলে যেতে দেখেনি। তাই বিষয়টি নিয়ে রহস্য থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।




রিজার্ভের পতন থেমেছে, ডলার বাজার স্থিতিশীল

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রবাসী আয়ের প্রবাহ বাড়ায় দেশের রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসীরা গত আগস্ট মাস থেকে বৈধ চ্যানেলে বেশি পরিমাণ আয় পাঠাচ্ছেন। তাতে এ খাতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে আমদানি ব্যয় হ্রাস পাওয়া ও বাড়তি বৈদেশিক ঋণের প্রতিশ্রুতির ফলে বহিস্থ খাতে কিছুটা স্বস্তি মিলছে। সব মিলিয়ে বিনিময় হারে একধরনের স্থিতিশীলতা ফিরে এসেছে বলে আর্থিক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে জ্বালানি, খাদ্যমূল্য ও পরিবহন খরচ বেড়ে যায়। এতে বাংলাদেশে আমদানি খরচ বেড়ে যায়, শুরু হয় ডলারের সংকট। ডলারের এই সংকটে ওলট–পালট হয়ে যায় দেশের প্রায় সব আর্থিক সূচক। ব্যবসা–বাণিজ্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংকট মোকাবিলায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক। এতে একসময়ের ৪৬ বিলিয়ন ডলারের রিজার্ভ কমে প্রায় অর্ধেকে নেমে আসে। একপর্যায়ে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ কমে দাঁড়ায় ১৩ বিলিয়ন ডলারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আসে। বাড়তে থাকে প্রবাসী আয়। আমদানিও কিছুটা কমে। এতে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল হতে শুরু করে। রিজার্ভ থেকে ডলার বিক্রি একেবারেই বন্ধ করে দেওয়ায় বৈদেশিক মুদ্রার মজুতের পতন থেমেছে। ব্যাংকে এখন ডলার ১২০ টাকা ও খোলাবাজারে ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকারি পরিসংখ্যানে মূল্যস্ফীতি কমে এলেও মুরগি, ডিম ও সব ধরনের সবজি উচ্চ দামে বিক্রি হচ্ছে। এতে মানুষের কষ্ট বেড়েছে।




পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সকল সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১১ টায় পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি সদর রোড দিয়ে প্রেসক্লাব হয়ে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম লিটন বলেন, “ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার খুনি হাসিনা পালালেও তার দোষর ও পেতাত্মারা শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলার মাটিতে বহু নিরীহ শিক্ষার্থীসহ সাধারণ জনগণের প্রাণ ঝরেছে। জনগণকে শান্তিতে থাকতে দিন। মামলার আসামী হয়ে কিভাবে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা শহরে প্রকাশ্যে কর্মকাণ্ড চালায়?”
তিনি আরো বলেন, “প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, জনগণ ও ছাত্রজনতা ছাড় দিবে না। আমরা পরিবেশ ঘোলাটে করতে চাই না, বিএনপি নৈরাজ্যে বিশ্বাসী নয়।”
এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, মৎস্যজীবিদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রিজার্ভে হাত না দিয়েই দেনা পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক রিজার্ভে কোন অর্থ খরচ না করে, গত দুই মাসে ১.৫ বিলিয়ন ডলার দেনা পরিশোধ করেছে। ফলে, দেশের তেল, গ্যাস ও সার আমদানিতে অনিশ্চয়তা কমতে শুরু করেছে। গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে সব দেনা মেটানোর পরিকল্পনা রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

জ্বালানি তেল, গ্যাস ও কয়লাসহ পেট্রোলিয়াম পণ্যের জন্য বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয় করে। তবে, গত দুই বছর ধরে ডলার সংকটের কারণে বকেয়া তৈরি হয়। আদানি, কাফকো, শেভরনসহ বিদেশি প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রায় ২.৫ বিলিয়ন ডলার অনাদায়ী ছিল। এর মধ্যে ১.৫ বিলিয়ন ডলার পরিশোধের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিস্থিতি উন্নত করার চেষ্টা করছে।

গভর্নর বলেন, “বর্তমানে ৭০০ মিলিয়ন ডলারের অনাদায়ী বকেয়া রয়েছে, যা আগামী দুই মাসের মধ্যে শূন্যে নামিয়ে আনবো। এতে করে বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাবে।”

বাংলাদেশ ব্যাংক আরও প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। তবে ১০৩ বিলিয়ন ডলারের বিদেশি ঋণ ও পরিশোধের চাপ নিয়ে গভর্নর কিছুটা চিন্তিত। তিনি বলেন, “অবস্থা সামাল দিতে অন্তত এক বছর ধৈর্য ধরতে হবে।”

গভর্নর এ সময় শ্রম অসন্তোষের কারণে রপ্তানি কমে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেন।




নির্বাচনের সময় ঘোষণার এখতিয়ার প্রধান উপদেষ্টার: আসিফ নজরুল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জাতীয় নির্বাচন আয়োজনের সময় নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, “২০২৫ সালে নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে,” তবে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার কেবল প্রধান উপদেষ্টার।

শনিবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল বলেন, “সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি, নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেক ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। তবে আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “সংস্কারের কথা আমি অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান। এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলছি, এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটি ঘোষণার এখতিয়ার রাখেন।”

গত জুলাইয়ের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে তা দমনে প্রথমে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে মাঠে নামানো হয়। এরপর শেখ হাসিনার সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করে, যার কারণে ওই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এক পর্যায়ে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘটে, যার ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা, এবং তার সরকারের অনেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বিদেশে পালিয়ে গেছেন।

সরকারের হিসাব অনুযায়ী, আন্দোলনে অনেক শিশু-কিশোরসহ ৭৩৭ জনের মৃত্যু হয়েছে, যদিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির তথ্য মতে, শহীদের সংখ্যা এক হাজার ৪২৩ জনের বেশি। এ ছাড়া সরকারের হিসাবে আহত হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ, এদের মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন।

হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকার রাষ্ট্র সংস্কারের পর জাতীয় নির্বাচন আয়োজন করে ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে বলে জানিয়েছে।




অবশেষে দুমকির পীরতলা খালের ময়লা অপসারণ শুরু

পটুয়াখালী প্রতিনিধি :: চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম সহো বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পীরতলা খালের ময়লা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার, ১৯ অক্টোবর সকাল সাড়ে ৮টায় খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জার্মপ্লাজমের পরিচালক ড. মাহাবুব রব্বানী, এবং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী মৃধা।

এ অভিযানের প্রেক্ষাপটে উল্লেখ্য,  “দুমকিতে বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর স্থানীয়রা দীর্ঘদিন ধরে খালটি সংস্কারের দাবি জানাচ্ছিলেন। খালটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক খননের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও ময়লা ফেলার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়।

খালের দুই পাশে অবস্থিত বিদ্যাপীঠ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েন। এ প্রসঙ্গে, চেয়ারম্যান আজাহার আলী মৃধা জানান, “পীরতলা খাল দীর্ঘদিন ধরে ময়লার স্তূপে পরিণত হয়েছে এবং আজকের এই উদ্যোগ জনদুর্ভোগ কমাবে।”

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, “প্রথমে খালের ময়লা স্কাভেটর দিয়ে পরিষ্কার করা হবে, পরে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালিত হবে।”

ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম জানিয়েছেন, পীরতলা খালের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।




সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কামাল আহমেদ মজুমদার এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি মোস্তফা।

শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রিমান্ডের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।




সংরক্ষিত বনের বালু কেটে বেড়িবাঁধ নির্মাণ, হুমকির মুখে সবুজবেষ্টনী

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা উপকূলজুড়ে বেড়িবাঁধের পাকা সড়ক নির্মাণের কাজ চলছে। উপকূলীয় এলাকা বন্যা ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য বেড়িবাঁধ তৈরি হলেও, বনের বালু ব্যবহার করে এ কাজ করার কারণে পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। ড্রেজার মেশিন দিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে বালু কেটে সড়ক নির্মাণের ফলে ধ্বংস হচ্ছে সবুজবেষ্টনী এবং বন্যপ্রাণীর আবাসস্থল। অভিযোগ উঠেছে, বন উজাড় করে প্রভাবশালী ঠিকাদাররা অবৈধ বালু উত্তোলন করছেন, যা নিয়ে স্থানীয়দের উদ্বেগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বনের জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে দিঘির মতো গর্ত তৈরি করা হচ্ছে, যা সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হচ্ছে। বাঁধা দিলে স্থানীয় প্রভাবশালী ঠিকাদারদের পক্ষ থেকে মামলা ও হামলার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা পাওয়া যায়নি।

পটুয়াখালীর মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, বন থেকে বালু উত্তোলনের বিষয়ে আমরা একাধিকবার উপজেলা প্রশাসনকে জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বনভূমি ধ্বংসের পাশাপাশি স্থানীয় পরিবেশও হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের মতে, সংরক্ষিত বন উপকূলীয় এলাকাকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। তবে বন উজাড় করে প্রভাবশালীরা বালু উত্তোলন করে কোটি টাকার অবৈধ বাণিজ্যে লিপ্ত হয়েছেন, যা এই সবুজবেষ্টনীকে হুমকির মুখে ফেলে দিয়েছে। প্রশাসনের উদাসীনতায় এখনো চলমান রয়েছে এ অবৈধ বালু উত্তোলন কার্যক্রম।

 




১৫টি রাজনৈতিক দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার সংলাপ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে অংশ নেবে ১৫টি রাজনৈতিক দল, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব)।

এই সংলাপের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা এবং দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কার্যকর সমাধান বের করা। আশা করা হচ্ছে, অংশগ্রহণকারী দলগুলো তাদের মতামত এবং প্রস্তাবনা তুলে ধরবে, যা আগামী রাজনৈতিক কার্যক্রমে সহায়ক হবে।

এদিকে, উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে অধ্যাপক ইউনূস ছোটখাটো চিকিৎসা গ্রহণ করেছেন। চিকিৎসা শেষে শুক্রবার সকালে তিনি তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।




সাগরে লঘুচাপ সৃষ্টি, আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

চন্দ্রদ্বীপ ডেস্ক :: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘ডানা’। ‘ডানা’ নামটি কাতারের দেওয়া। এ অঞ্চলে ঘূর্ণিঝড় রূপ নিলে এর নাম হবে ‘ডানা’। তারপর গতিপ্রকৃতি দেখে কখন কোথায় আঘাত হানতে পারে-সে পূর্বাভাস দেবে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিলো মেঘলা। সাগরে লঘু চাপের কারণে বরিশাল ও যশোরে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সোমবার কিংবা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে এটি ভারতের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে আঘাত হানতে পারে। তবে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানতে পারে।

শুক্রবার দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, শনিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে।