‘রাজনৈতিক পরিচয়ে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে এসআই অব্যাহতি’

চন্দ্রদ্বীপ নিউজ :: রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কোন ধরনের শৃঙ্খলাভঙ্গ করেছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। অনেক ধরনের শৃঙ্খলাভঙ্গ হতে পারে। এটা কোন বিষয় না। নতুন সার্কুলার দেওয়া হয়েছে দ্রুত নিয়োগ হবে।

তিনি বলেন, যে কোনো আন্দোলনে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।

রাজধানী ঢাকার যানজটের বিষয়টি মাথায় রেখে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রসঙ্গত, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৮২৩ জনের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে। এ ছাড়া এই ২৫২ জনকে গত ১৭ অক্টোবর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।




দশমিনায় নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৪ জেলের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) রাতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এই জেলেরা আটক হন। অভিযানের সময় ৩৫ হাজার মিটার জালসহ ইলিশ মাছ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের মোঃ জাবের (১৯), মোঃ মাহবুব (৩৬), মোঃ সোহাগ (২৬) এবং বাউফল উপজেলার শৌলা এলাকার বাসিন্দা মোঃ জলিল (৫৫)।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং ৩৫ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, “এ পর্যন্ত ২৬ জন জেলেকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজকের অভিযানে চারজনকে আটক করে লক্ষাধিক মিটার জাল জব্দ করা হয়েছে।”



বরিশালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: আলোচনা সভা অনুষ্ঠিত

 

বরিশাল অফিস :: ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উদযাপন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪। জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশালের আয়োজনে নগরীর এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সকালে এই উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। আলোচনা সভায় মালিক-শ্রমিক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতে অংশগ্রহণকারীদের মাঝে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ছাত্র-জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষকে এই বিষয়ে সম্পৃক্ত হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে যাতে সড়ক দুর্ঘটনা হ্রাস পায়।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সকলের মধ্যে সড়ক নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা এবং অঙ্গীকারের মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়।




সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘ডানা’।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।

আজ সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়লেও আগামীকাল তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।




রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে গণজমায়েত, বঙ্গভবন ঘেরাওয়ের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক বিশাল গণজমায়েতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম স্পষ্টভাবে জানান, যদি রাষ্ট্রপতি পদত্যাগ না করেন, তবে তারা বঙ্গভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করবে। তিনি আরও বলেন, “আমরা কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা সহ্য করবো না। ছাত্রসমাজ ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশের ফ্যাসিস্ট শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

গণজমায়েত থেকে বৃহস্পতিবারের (২৪ অক্টোবর ২০২৪) মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়েছে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ দাবির পুনরাবৃত্তি করে বলেন, “সংবিধান বাতিল করে নতুন সংবিধান ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের বিপ্লব চলবে।”

 

 




শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি দিয়েছে একাডেমি কর্তৃপক্ষ

চন্দ্রদ্বীপ নিউজ: রাজনৈতিক কারণে কোনো পুলিশ সদস্যকে অব্যাহতি দেয়া হয়নি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি ব্যবস্থা নিয়েছে।

প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়মিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন বা কর্মসূচির বিষয়গুলো রাস্তা আটকিয়ে না করে সোহরাওয়ার্দী উদ্যানে করার পরামর্শ এসেছে। পাশাপাশি দাবি-দাওয়াগুলো লিখিত আকারে সরকারের কাছে দেওয়া এবং সরকারের একটি সুনির্দিষ্ট কমিটি করে দেওয়া, যারা এগুলো রিসিভ করবে এবং ব্যবস্থা নেবে।




আদালতে ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম এ রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি হবে।

এর আগে সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।




কুয়াকাটা পৌর আ.লীগ সভাপতিসহ ৪ জন জেল হাজতে

পটুয়াখালী প্রতিনিধি:: বিএনপির অফিস ভাংচুর ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক মেয়র আ. বারেক মোল্লাসহ চারজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার (২১ অক্টোবর) পটুয়াখালী জেলা জজ আদালতে হাজির হওয়ার পর বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

জানা গেছে, কুয়াকাটা সিকদার মার্কেটে অবস্থিত পৌর বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আ. বারেক মোল্লাসহ মোট ৫৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। এই চারজনের মধ্যে আ. বারেক মোল্লা ছাড়াও রয়েছেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জি, ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আলাউদ্দিন এবং ৪ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

এদিকে, বিএনপির নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে আসামিদের জামিন না দেওয়ার দাবি জানান।




বরিশালে সরকারি অফিসের অধিকাংশ অগ্নিনির্বাপক যন্ত্র বিকল-অকেজো!

বরিশাল অফিস :: আগুন নেভাতে বরিশালের সরকারি দফতরগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও বেশিরভাগেরই নেই মেয়াদ। কোনোটি অকেজো, আবার কোনো কোনো দফতরের কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার পদ্ধতি জানেন না। একেকটি অগ্নি দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসলেও নেন না কার্যকরী কোনো পদক্ষেপ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস ফায়ার সার্ভিসের।

গত ১৩ অক্টোবর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের নিচতলার স্টোররুমে আগুন লাগে। হাসপাতালের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও বেশিরভাগ অগ্নিনির্বাপন যন্ত্র বিকল। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গত জুন মাসেও এই হাসপাতালেরই আরেকটি স্টোর রুমে আগুন লাগে। তখনও ক্ষয়ক্ষতি হয় সরকারি সম্পত্তির। এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে, কিন্তু টনক নড়ে না কর্তৃপক্ষের। হাসপাতালটির বিভিন্ন স্থানের বেশিরভাগ অগ্নিনির্বাপন যন্ত্রেরই মেয়াদ উত্তীর্ণ ও বিকল।

হাসপাতালে সেবা নিতে আসা রোগীর স্বজন আসিফ জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটলেও কোনো টনক নড়েনি প্রশাসনের। একই অভিযোগ হাসপাতালের কর্মচারীদেরও। তারা জানান জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন ব্যবস্থা নেয় সেই দাবিও করেন তারা।

তবে হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, দুই এক জায়গায় দুই একটি অগ্নিনির্বাপন যন্ত্র বিকল থাকতে পারে। এছাড়া সবই সচল আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। একই অবস্থা নগরীর বেশিরভাগ সরকারি অফিসের। খোদ জেলা প্রশাসকের কার্যালয়ের অগ্নি নির্বাপন যন্ত্রের বেশ কয়েকটিরই মেয়াদ নেই। জেলা ও দায়রা জজ আদালত ও আইনজীবী সমিতির ভবনগুলোরও একই দশা। এসব অফিস আদালতে প্রতিদিনই কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন। তাই কোনো অগ্নি দুর্ঘটনা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন আইনজীবীরা।

বরিশাল জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু বলেন, প্রতিদিন হাজার মানুষের আনাগোনা হয় সরকারি বিভিন্ন অফিস ও আদালতে। তবে এসব জায়গায় অগ্নি ঝুঁকি রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবস্থা করা হবে। শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত। কোনোভাবেই মানুষকে আগুনের ঝুঁকিতে ফেলা যাবে না।

দুর্ঘটনার ঘটার পরে নয়, আগে থেকেই প্রতিরোধের ব্যবস্থা নেয়ার তাগিদ সচেতন মহলের। আর জনবল সংকটের কথা জানিয়ে সবার সহযোগিতায়, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস ফায়ার সার্ভিসের।

বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক নুরুল আলম ফরিদ বলেন, ‘বরিশাল নগরীতে এক সময় হাজার খানেক পুকুর থাকলেও দখলের কারণে এখন হাতেগোনা কিছু পুকুর রয়েছে। এমন অবস্থায় শহরে যানবাহন ও জনগণ বাড়লেও বাড়েনি রাস্তাঘাটের পরিধি। ফলে প্রায়ই পানি সংকট ও রাস্তা প্রসস্ত না হওয়ায় হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে আগুন নিভাতে কাজ করতে গিয়ে। এছাড়া অধিকাংশ ভবন ও অফিসে নেই অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েও প্রশ্ন রয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া জরুরি।

আর বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মোস্তফা মহসিন বলেন, ‘জনবল সংকট থাকলেও আমরা সব সময় কাজ করে যাচ্ছি। সামনে শীত আসলেই আগুন লাগার ঘটনা বেড়ে যায়। এমন অবস্থায় অনেকেই আগ্নি নির্বাপন যন্ত্রের বিষয়ে উদাসীন। তবে সবার সহযোগিতা পেলে বরিশালকে আরও নিরাপদ করে গড়ে তোলা যাবে। বরিশাল বিভাগের ৬ জেলায় বর্তমানে ৪২টি ফায়ার স্টেশন চালু আছে।




মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন

চন্দ্রদ্বীপ নিউজ :: হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন।

পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’