সিন্ডিকেট বন্ধে বিকল্প কৃষিবাজার তৈরি করবে সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার দক্ষিণ বেগুনবাড়িতে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে সরকার বিকল্প কৃষিবাজার চালুর পরিকল্পনা করছে। এই বাজারের মাধ্যমে কৃষকেরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন, যা সিন্ডিকেটের প্রভাব কমাবে।

আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল। টিসিবির মাধ্যমে এখন ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে এক কোটি পরিবারের কার্ডধারীর মধ্যে বিভিন্ন পণ্য বিক্রি করে আসছে। এবার সাধারণ ভোক্তাদের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে, যাতে পরিবার কার্ড না থাকা সত্ত্বেও নিম্ন আয়ের মানুষ টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে পারেন।

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের কারণে পণ্যের দাম বৃদ্ধি পায়। তাই দীর্ঘমেয়াদী সিন্ডিকেট ভাঙতে সরকার সম্ভাব্য সব উপায়ে কাজ করছে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের সংখ্যা কমিয়ে আনাও জরুরি।

বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, অতি মুনাফার উদ্দেশ্যে কেউ দাম বাড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

বর্তমানে দেশে নিত্যপণ্যের উচ্চ দামের কারণে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের স্বস্তি দিতে সরকার খোলাবাজারে কৃষিপণ্য বিক্রিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হয়েছে ১০০ টাকা, প্রতি কেজি চাল ৩০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে গৃহকর্মী মায়া আক্তার বলেন, “কম দামে কিছু জিনিস পেলে তো উপকার হয়। তবে কাজ ফেলে লাইনে দাঁড়িয়ে থাকা কঠিন। সরকার বাজারে জিনিসপত্রের দাম কমালেই বেশি উপকার হবে।”

 




আসছে নতুন বিপণন কৌশল, স্বস্তি ফিরবে বাজারে!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বছরের পর বছর ধরে সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা ভোক্তাদের মুক্তি মিলবে মাত্র ৭ দিনে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি নতুন বিপণন মডেল তৈরি করেছেন সরকারের একজন আমলা, যা বাস্তবায়নে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমানে দেশের নিত্যপণ্যের বাজার চলছে চরম অস্থিরতার মধ্যে, যেখানে ঊর্ধ্বমুখী প্রতিটি পণ্যের দাম। এতে নিম্নবিত্ত থেকে উচ্চ-মধ্যবিত্তদের জীবনে সংকট তৈরি হয়েছে, এবং তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায়, মোংলা বন্দরের সদস্য ও যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন নতুন এ কৌশলটি উদ্ভাবন করেছেন। তিনি জানান, এই মডেলটি কার্যকর করতে কোনো বাড়তি সরকারি অর্থ বা জনবল লাগবে না; বরং প্রতিটি স্তরে নিশ্চিত হবে জবাবদিহিতা।

মডেলটি বাস্তবায়নে গত ১৮ আগস্ট নৌপরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে এটি কার্যকর করার জন্য ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়কে আবারও চিঠি পাঠানো হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই মডেলের আওতায় প্রতিটি উপজেলায় দুটি করে কমিটি গঠন করা হবে। প্রথম কমিটিতে সরকারি কর্মকর্তা, কৃষক, হাটের সভাপতি ও সম্পাদক থাকবে, এবং দ্বিতীয় কমিটির সদস্য হিসেবে উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।




২০২৫ সালে ব্যারেলপ্রতি তেলের দাম ৬০ ডলারে নামতে পারে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসতে পারে।

জেপি মরগ্যানের প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছরে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করতে পারে। ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২০২৫ সালের শেষ দিকে এটি ৬০ ডলারে নামতে পারে।

জ্বালানি তেলের বাজারে বিদ্যমান অস্থিরতার জন্য পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। এই উত্তেজনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষতিকর, ফলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে।

বিশ্লেষকদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির চাহিদা কমে যাওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেলের দাম বাড়ছে না। অর্থাৎ অর্থনীতির এই চাহিদা-জোগানের তত্ত্ব অনুসারে তেলের দামের এই অবস্থান দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, চীনের চাহিদার ওপর বিশ্ববাজারে তেলের দাম অনেকটা নির্ভরশীল। তবে চীনের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং সেখানে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় যুদ্ধের শঙ্কার মধ্যেও তেলের দাম বাড়ছে না। গত বছরের একই সময়ের তুলনায় চীনের তেল আমদানি বছরের প্রথম ভাগে কমেছে। চাহিদা কম থাকায় চীন তেল মজুত করছে না, যা দাম কমার একটি মূল কারণ।




যে কারণে বিক্রি করে দেয়া হচ্ছে তেলবাহী দুই জাহাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বয়সের ভারে আগেই চলাচলে সক্ষমতা হারিয়েছে তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’ ও ‘সৌরভ’। সম্প্রতি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে একেবারে অকেজো হয়ে পড়ায় এই দুই জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে।

বিশ্লেষকদের মতে, জাহাজ দুটি বিমার আওতায় থাকলেও ‘বাংলার জ্যোতি’র জন্য ক্লাসিফিকেশন বা সার্ভে কাভারেজ নেই। দুর্ঘটনার পর দুটি জাহাজ অকেজো হয়ে যাওয়ায় তেল পরিবহনের জন্য এক মাসের জন্য একটি ট্যাংকার ভাড়া করা হয়েছে, যার দৈনিক খরচ ২৬ হাজার ডলার। ভাড়া করা জাহাজটির মেয়াদ শেষ হতে চলায় নতুন জাহাজ ভাড়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

বিপিসির এসপিএম প্রকল্প চালুর আগে আরেকটি জাহাজ ভাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জাহাজ দুইটির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে জাহাজের বিক্রির সকল প্রস্তুতি নেওয়া হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানিয়েছেন, বিমার ক্ষেত্রে দুই ধরনের সিস্টেম রয়েছে—টোটাল লস এবং কনস্ট্রাকটিভ টোটাল লস। এই ব্যবস্থার মাধ্যমে মালিকপক্ষ জাহাজটি বিক্রি করে কিছু রিকাভারি করতে পারবেন।

গত অর্থবছরে ‘জ্যোতি’ ও ‘সৌরভ’ বহির্নোঙর থেকে ইস্টার্ন রিফাইনারী পর্যন্ত তেল বহন করে আয় করেছে ১শ’ ৩ কোটি টাকা, যেখানে রক্ষণাবেক্ষণসহ মোট ব্যয় ৫৫ কোটি টাকা। কিন্তু জাহাজগুলো পুরনো হওয়ায় বিএসসি ভাড়া জাহাজে বেশি লাভ দেখছে।

গত ৩০ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর জাহাজ দুটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটে।




দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক পরিবর্তন এনে দল ঘোষণা করেছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন খালেদ আহমেদ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বিসিবির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়।

প্রথম টেস্টে বাংলাদেশ একাদশে মাত্র একজন পেসার নিয়ে খেলেছিল, যা মিরপুরের কন্ডিশনে অপ্রতুল প্রমাণিত হয়। বাংলাদেশ ওই ম্যাচে সাত উইকেটের ব্যবধানে পরাজিত হয়। বিশেষত, প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হওয়ার ফলে তাদের পরাজয় নিশ্চিত হয়ে যায়। ঢাকা টেস্টটি মাত্র ৪ দিনে শেষ হয় এবং বাংলাদেশ দল এখন চট্টগ্রামের দিকে রওনা হবে শনিবার (২৬ অক্টোবর)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকা টেস্টে পরাজয়ের ফলে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দলের তালিকা:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক)

সাদমান ইসলাম

মাহমুদুল হাসান জয়

জাকির হাসান

মুমিনুল হক

মুশফিকুর রহিম

লিটন কুমার দাস (উইকেটরক্ষক)

জাকের আলী অনিক

মেহেদী হাসান মিরাজ

তাইজুল ইসলাম

নাঈম হাসান

খালেদ আহমেদ

হাসান মাহমুদ

নাহিদ রানা

হাসান মুরাদ




নয়াদিল্লির লোধি গার্ডেন এলাকায় আছেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে তাঁর অবস্থান নিয়ে জল্পনা–কল্পনা শুরু হয়। তবে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি। তবে আজ বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনা দিল্লিতে আছেন। নয়াদিল্লির লোধি গার্ডেনের লুটেনস বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন তিনি। ভারত সরকারই তাঁর থাকার জন্য বাড়িটির ব্যবস্থা করে দিয়েছে।

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার মর্যাদা অনুসারে তাঁকে থাকার জন্য বেশ বড়সড় বাংলো দেওয়া হয়েছে। সাধারণত এ ধরনের বাংলো ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া হয়। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তার কথা ভেবে দ্য প্রিন্ট ওই বাংলোর প্রকৃত ঠিকানা বা সড়ক নম্বর প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে।

ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান
ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যানছবি: সংগৃহীত
সূত্র জানিয়েছে, নিরাপত্তার খাতিরে যথার্থ প্রটোকল সঙ্গে নিয়ে শেখ হাসিনা মাঝেমধ্যে লোধি গার্ডেনে হাঁটতে বের হন।

সূত্র জানায়, শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। সাদাপোশাকে ২৪ ঘণ্টা তাঁর চারপাশে নিরাপত্তারক্ষীরা থাকেন। বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন। সূত্র আরও জানায়, তিনি এই বাড়িতে দুই মাসের বেশি সময় ধরে বসবাস করছেন। এখানে তাঁর থাকার সব ব্যবস্থা করা হয়েছে।




পটুয়াখালীতে ৭২ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, বিপাকে নিম্নআয়ের মানুষ

পটুয়াখালী প্রতিনিধি :: ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীতে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ৭২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত হয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার।

বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে এবং জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। সাগরের উত্তাল অবস্থার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আবু হাসনাত মুহাম্মদ আরেফিন জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মির্জাগঞ্জে ঘরের নিচে চাপা পড়ার ফলে তিনজন আহত হয়েছেন, তাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা ও ত্রাণ সহায়তা নিশ্চিত করা হয়েছে।

জেলায় ৪৩৩টি স্বেচ্ছাসেবক টিম কাজ করছে এবং সৈকতে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।




ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝালকাঠিতে ভারি বৃষ্টি, গাছ পড়ে গরুর মৃত্যু

বরিশাল অফিস :: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে সকল থেকে দফায় দফায় ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে হচ্ছে। জেলার বড় কাঁঠালিয়া গ্রামে আবু হানিফ হাওলাদারের গোয়াল ঘরের উপর গাছ উপড়ে পড়ে একটি গরু মারা গেছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোগাতিন্তে পড়েছে দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

জেলার নদী তীরের মানুষদের মধ্যে ঘূর্ণিঝড় আতঙ্ক দেখা দিয়েছে। বিষখালী নদীসহ আশে-পাশের নদ-নদীগুলোতে পানির উচ্চতা বেড়েছে। নদী তীরের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয় নেওয়ার জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল। এ ছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য ৪০০ টন চাল মজুদ রয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. কে. এম. নিলয় পাশা বলেন, ঝালকাঠিতে নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। কিছু কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। যেগুলো বরাদ্দ পেলে করা হবে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, যদি অতিরিক্ত বৃষ্টি হতে থাকে তাহলে কিছু শাকসবজির ক্ষতি হতে পারে।




ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ

বরিশাল অফিস: দেশব্যাপী রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে , বরিশালের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অশ্বিনী কুমার হলচত্বরে সাবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক। এ সময় আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, সংগঠক শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, ইজিবাইক সংগ্রাম পরিষদের সভাপতি আবদুল মান্নান, ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী এবং দপদপিয়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান আকন।

বক্তারা বলেন , দেশে প্রায় ৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে আড়াই কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। এই শ্রমিকদের BRTA স্বীকৃত লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদ ১২ বছর ধরে আন্দোলন করে আসছে। তবে, এখনো তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা অবিলম্বে ২০২৪ সালের থ্রি হুইলার নীতিমালা অনুযায়ী ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের জন্য BRTA-এর স্বীকৃত লাইসেন্স প্রদানের দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, বরিশালের ট্রাফিক বিভাগ সম্প্রতি ট্রাফিক মামলায় ব্যাটারিচালিত যানবাহন আটক করে ৫ দিন ধরে আটকে রাখছে এবং জরিমানা ৪ হাজার টাকা করেছে, যা শ্রমিকদের জন্য অত্যন্ত অমানবিক। তারা জরিমানা কমিয়ে ৫০০ টাকা করার দাবি জানান। এছাড়াও, মামলার দীর্ঘসূত্রিতা কমানোর এবং যানজট নিয়ন্ত্রণের নামে শুধু ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকদের উপর চড়াও না হয়ে সঠিক পার্কিং স্ট্যান্ড স্থাপন এবং মহাসড়কে সাইডলেন নির্মাণের দাবি করেন।

বিক্ষোভ শেষে একটি মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে।

সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে ৫ দিন থেকে ২ দিন এবং জরিমানা ৪ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার ঘোষণা দেন।




মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ‘দানা’র আঘাতে ৭টি ঘর বিধ্বস্ত, আহত ৩ জন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ৭টি ঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং এতে ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলী গ্রামে এই ঘটনা ঘটে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আহতরা বর্তমানে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ইউপি সচিব মো. মুনসুর হেলাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে মো. সেলিম হাওলাদার, মো. আলমগীর সিকদার এবং মো. করিম মিয়ার ঘর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ প্রবল বৃষ্টির সাথে ঝড়ো বাতাস শুরু হলে ঘরবাড়ি ভেঙে পড়ে এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় ‘দানা’ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মির্জাগঞ্জসহ উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার কারণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং উপজেলা জুড়ে ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।”