১৬ বছর পর পটুয়াখালীতে জামাতের প্রকাশ্যে বিশাল মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীতে ‘লগি-বৈঠা’ দ্বারা মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত সেই নৃশংস ঘটনার স্মরণে আজ (২৮ অক্টোবর) বিকাল ৩টায় পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী পৌর শাখার জামায়াতের আমীর মাওলানা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শাহ আলম। সমাবেশে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “লগি-বৈঠার ঘটনা ছিল জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। এই ঘটনা শুধুমাত্র হত্যাকাণ্ড নয়, বরং একটি পুরো জাতির উপর নৃশংস অত্যাচার।” তারা আরও বলেন, “আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই নির্মম ঘটনার বিচার করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশের পর বিকাল ৪:৩০ টায় জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী নিউ মার্কেটে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি”, “মানুষ হত্যার বিচার চাই” স্লোগান তুলেন।

এ কার্যক্রমের মাধ্যমে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা একটি সামাজিক ন্যায়বিচারের দাবি তুলেছে। বক্তারা বিশ্বাস প্রকাশ করেন যে, এই ধরনের কর্মসূচি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং ন্যায়বিচারের পথে আরও অগ্রগতি সাধন করবে। জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, “আমরা যেন সকলের অধিকার রক্ষায় এবং শান্তি প্রতিষ্ঠায় সচেষ্ট থাকি।”




পটুয়াখালী-৩ আসনে নুরের জন্য বিএনপির সহযোগিতা নির্দেশনা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণসংযোগ ও সাংগঠনিক কাজে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহায়তা করতে স্থানীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। ২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়, যা প্রকাশ্যে আসে রোববার (২৭ অক্টোবর)।

চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টিকে জানানো হয়, নুরুল হক নুর বিভিন্ন সময়ে আওয়ামী শাসনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ কারণেই পটুয়াখালী-৩ আসনে তার রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা নিশ্চিত করতে স্থানীয় সংগঠনের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের অবহিত করা হয়েছে। এছাড়াও থানা, উপজেলা, পৌরসভাসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকেও নির্দেশনাটি দ্রুত জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের শক্ত অবস্থান থাকলেও নুরুল হক নুরও ওই আসনের অধিবাসী হওয়ায় আগামী নির্বাচনে তাকে জোটের মনোনয়ন দেয়া হতে পারে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাসান মামুন বলেন, “জোটের নেতাদের সমর্থন দিতে কেন্দ্র থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কাজ করা যায়।”




আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল : মাসুদ সাঈদী

বরিশাল অফিস :: দেশ ও গণতন্ত্রকে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী।

তিনি বলেন, হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এ দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল হাসিনা। জামায়াতে ইসলামী বিগত ১৫টি বছর ধরে সব জুলুম-নির্যাতন সয়ে এ দেশের মানুষকে সচেতন করেছে। দাবি আদায়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে।

সোমবার (২৮ অক্টোবর) গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল। দলটির জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া কোনো দিন টিকে থাকতে পারেনি। আন্দোলনের নামে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা গান পাউডার দিয়ে বাস পুড়িয়ে ১১ জনকে হত্যা করেছিল। এটা নতুন কোনো ব্যাপার না।

তিনি আরও বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠা দিয়ে পৈশাচিকভাবে পিটিয়ে মানুষ হত্যা করেছে। হত্যার পর মৃত মানুষের উপর এই পাপিষ্ঠরা নৃত্য করেছে। ২০১০ সালে তারা পিলখানায় দেশের ৫৭ জন দেশপ্রেমিক সেনাসদস্যকে গুলি করে হত্যা করেছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি তথাকথিত ট্রাইব্যুনালে কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে অন্যায়ভাবে দেওয়া ফাঁসির রায়ের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ফুঁসে উঠলে বিক্ষোভরত জনতার বুকে গুলি চালিয়ে তিন শতাধিক মানুষকে হত্যা করেছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাস্তিকদের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে গভীর রাতে সহস্রাধিক নিরীহ আলেমকে গুলি করে হত্যা করেছে। ২০১৮ সালেও তারা কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা করেছে। সবশেষ আওয়ামী লীগ ২০২৪ সালের জুলাই মাস থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে দুই হাজারের অধিক ছাত্রকে গুলি করে হত্যা করেছে।




ভোলায় পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার তজুমদ্দিনে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) উপজেলার সোনারপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, বোরহানউদ্দিন উপজেলার হোসেনের মেয়ে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯) এবং তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মোর্শেদের মেয়ে রাফিয়া আক্তার (১০)।

স্থানীয়রা জানায়, শিশু মিম আক্তার ও মারজিয়া বেগম বোরহানউদ্দিন উপজেলা থেকে চারদিন আগে তজুমদ্দিনের সোনাপুর তাদের মামার বাড়িতে বেড়াতে আসে।

ঘটনার দিন মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তার বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পুকুরের গিয়ে মিম, মারজিয়া এবং রাফিয়া আক্তারের ভাসমান মরদেহ উদ্ধার করে। এক বাড়িতে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।




বরগুনায় ১৮ বছর পর পাথরঘাটায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বরিশাল অফিস :: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ১৮ বছর পর বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

সোমবার বিকালে পাথরঘাটার শহীদ আবু সাঈদ চত্বরে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’ এ ধরনের স্লোগানে মুখরিত করে উপজেলার কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে একটি মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা আমীর মো. শামীম আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা নায়েবে আমির মাও. আবু জাফর মোহাম্মাদ সালেহ, পাথরঘাটা উপজেলা আমীর মো. শামীম আহসান, পৌর আমীর হাফেজ মাও. মাসুদুল আলম, ইসলামী ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর সভাপতি হাফেজ রাকিব হাসান ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান খান প্রমুখ।




বরিশাল নদী বন্দর: লাভ-ক্ষতি নিয়ে কর্মকর্তা ও ঠিকাদারের নোটিশ-আবেদন

বরিশাল অফিস :: ২০২৪-২০২৫ অর্থ বছরের অবশিষ্ট ইজারা মূল্য পরিশোধের জন্য ‘মেসার্স মিশু এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানকে বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ অফিসিয়াভাবে নোটিশ পূর্বক তাগিদ করেছে। বিপরীতে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আর্থিক ক্ষতি পোষানোর লক্ষ্যে পূর্বের ইজারার টাকায় ২০২৫-২০২৬ অর্থ বছরেও ইজারা কার্যক্রম অব্যহত রাখার জন্য বরিশাল নদী বন্দর এর উপ-পরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন। চলমান বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বরিশাল নদী বন্দরের নিয়ন্ত্রনাধীণ “কাঁচাবাজার (পাতাপট্টি) ঘাট লেঃ হ্যাঃ নৌ-যানের বার্দিং সহ শাকসবজি, তরিতরকারী ও সাধারণ মালামাল উঠা নামার লেবার হ্যান্ডলিং পয়েন্ট” নিয়ে ‘বন্দর কর্মকর্তা ও ঠিকাদার’ এর মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

২২ সেপ্টেম্বর বরিশাল নদী বন্দর উপ-পরিচালক (বওপ) মোঃ আব্দুর রাজ্জাক এর স্বাক্ষরিত প্রেরিত এক তাগিদ পত্রে উল্লেখ রয়েছে, ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য গত ২৭/০৫/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত ১ম দফা দরপত্রে ৩২ লাখ ২০ হাজার টাকায় ওই ঘাট/পয়েন্ট ‘মেসার্স মিশু এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানকে ইজারা প্রদান করা হয়। দরপত্রের সাথে জমাকৃত ৫০% এবং বাকি ৫০% টাকা দুই দফায় সমানভাবে সরকারী ব্যাংক এর (সোনালী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি ও জনতা ব্যাংক পিএলসি) পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে বিআইডব্লিউটিএ বরিশাল দপ্তরের অনুকূলে দেয়ার কথা থাকলেও ৪৫ দিন অতিবাহিত হবার পরও পরিশোধ করেনি। যা ইজারা প্রদান পদ্ধতির অনুচ্ছেদ-২৭ ও ২৮ এর পরিপন্থী।

পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষের সাথে ৩০০ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন পূর্বক বকেয়া ইজারামূল্য বাবদ অবশিষ্ট ১৬ লাখ ১০ হাজার টাকা ওই সরকারী ব্যাংকে পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পরিশোধ পূর্বক ঘাট/পয়েন্টটি পরিচালনার জন্য কার্যাদেশ দেয়া হল। ব্যর্থ হলে ইজারা নীতিমালা অনুযায়ী ঘাট/পয়েন্টটি বাতিল করা হবে। সদয় অবগতির জন্য যার অনুলিপি প্রেরণ করা হয়েছে বিআইডব্লিউটিএ’র ঢাকা-বরিশালের গুরুত্বপূর্ণ ৮ স্থানে।

বিপরীতে ‘মেসার্স মিশু এন্টারপ্রাইজ’ এর প্রোঃ মোঃ আলাউদ্দিন আলো চলমান মাসের ১৪ অক্টোবর বরিশাল নদী বন্দর উপ-পরিচালক (বওপ) বরাবর লিখিত এক আবেদনে জানিয়েছেন, ২০২৪-২০২৫ অর্থ বছরের ইজারা/ লাইসেন্স সম্মতিপত্রের ধারাবাহিকতায় আর্থিক ক্ষতি পোষানোর লক্ষ্যে পূর্বের ইজারা মূল্যে ও টাকায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজারা কার্যক্রম অব্যহত রাখার অনুমতি প্রদান প্রসঙ্গে।

লিখিত আবেদনে উল্লেখ করেছে, তিনি ২৪ লাখ টাকার উপরে জমা প্রদান করেছেন। পরবর্তীতে জুলাই-২৪ মাস হইতে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলন ও ৫ আগষ্ট-২৪ এর পরবর্তী প্রেক্ষাপট এবং বিআইডব্লিউটিএ’র- জেটি কাজের জন্য নদী রক্ষাবাদ পাইলিং ওয়াকওয়ে, বালি পাথর বিভিন্ন মালামাল ও স্পিড বোর্ড রাখায় ইজারা দেওয়ার সীমানা সম্পূর্ণ জেটি নির্মাণের কাজ চলিতেছে। যে কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে দিশেহারা হন তিনি। ৫ আগষ্টের পর ব্যবসা-বাণিজ্য মন্দাভাব থাকায় লাখ লাখ টাকা লোকসানের শিকার হন।

আর্থিক ক্ষতি পোষানোর লক্ষ্যে বরিশাল নদীবন্দরের নিয়ন্ত্রণাধীন কাঁচাবাজার (পাতাপট্রি) ঘাট হ্যাঃ নৌ-যানের বার্দিং সহ শাকসবজি, তরিতরকারী ও সাধারণ মালামাল উঠা নামার লেবার হ্যান্ডিলিং পয়েন্ট-এর ২০২৪- ২০২৫ অর্থ বছরের ইজারা/ লাইসেন্স সম্মতিপত্রের ধারাবাহিকতায় আমার আর্থিক ক্ষতি পোষাইবার লক্ষ্যে পূর্বেও ইজারা মূল্যে ও টাকায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ইজারা ইজারা কার্যক্রম অব্যহত রাখার অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন করেন। সদয় অবগতির জন্য যার অনুলিপি প্রেরণ করা হয়েছে বিআইডব্লিউটিএ’র ঢাকা-বরিশালের গুরুত্বপূর্ণ ৬ স্থানে।




মেঘনায় অভিযান চলাকালে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

বরিশাল প্রতিনিধি :: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ নিধনকালে অভিযান চালাতে গিয়ে নয়ন ব্যাপারী (৬০) নামে এক জেলে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি আবুল কালাম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নয়ন ব্যাপারী ও তার ছেলে ফরিদ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ ধরছিলেন। হঠাৎ স্পিডবোটের শব্দ শুনে আইনশৃঙ্খলা বাহিনী আসছে ভেবে দ্রুত পালানোর চেষ্টা করেন তারা। পালানোর সময় নয়ন ট্রলার থেকে নদীতে পড়ে যান এবং ট্রলারের প্রপেলারের আঘাতে গুরুতর আহত হন। তার ছেলে ফরিদ নদীতে ঝাঁপিয়ে পড়ে নয়নকে অচেতন অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষার্থে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য নদী ও সাগরে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই সময়ে জেলেদের সহায়তার জন্য ২৫ কেজি করে চাল বিতরণ করেছে মৎস্য বিভাগ।




রাজনৈতিক পট পরিবর্তনের সেই ২৮ অক্টোবর আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ২০০৬ এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দুটি উল্লেখযোগ্য দিন হিসেবে চিহ্নিত। ২০০৬ সালের এই দিনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শেষ দিন ছিল। তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্বে যেন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান না আসেন, সেই লক্ষ্যে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন শুরু করেছিল।

এই প্রেক্ষাপটে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। আওয়ামী লীগের ‘লগি-বৈঠা’ আন্দোলন নামে পরিচিত সেই দিনটি বাংলাদেশে গভীর আলোড়ন তৈরি করেছিল, যেখানে রাস্তায় প্রকাশ্যে সংঘর্ষের মাধ্যমে মানুষ মারা যায়।

২০২৩ সালের ২৮ অক্টোবরও রাজনীতিতে গভীর অর্থবহ দিন হিসেবে স্থান করে নেয়। দেশের প্রধান দুই দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ ও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনটি শেষ হয় রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণহানি এবং হরতাল ঘোষণার মধ্য দিয়ে। পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অনেক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়। ধারণা করা হয়, এই ২৮ অক্টোবরের ঘটনাবলীই বিএনপিকে নির্বাচনের আগে রাজপথ থেকে সরে যেতে বাধ্য করে।




বিএনপির সিদ্ধান্তের পক্ষে ১২ দল

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের অপসারণ ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত অনুসরণ করবে ১২ দলীয় জোট। একই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টিতে প্রধান উপদেষ্টার সংলাপ চায় গণ-অধিকার পরিষদ। গতকাল রবিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকের পর এ অবস্থানের কথা জানিয়েছে জোট ও পরিষদ। বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আরিফ সোহেল, উমামা ফাতেমা ও আবদুল হান্নান মাসউদ। জাতীয় নাগরিক কমিটির পক্ষে ছিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব।

ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, সহ আইন সম্পাদক হাবিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ।

এর আগে গত শনিবার বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়। জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈঠক করেন গত শুক্রবার। এসব বৈঠকের মূল আলোচ্য বিষয় রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে নৈতিকভাবে একমত হওয়া। এ ছাড়া সংবিধান বাতিল ও প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার বিষয়েও আলোচনা হয়েছে।

‘শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই’- রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের এমন বক্তব্যের পর তাকে অপসারণে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন। সরকারও নানা তৎপরতা চালায়। কিন্তু এতে সাংবিধানিক সংকট হতে পারে- এমন আশঙ্কা করা হয়। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান ব্যক্ত করে বিএনপি। এরপরই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে ধারাবাহিক বৈঠক শুরু করেন।




পবিপ্রবিতে ওরিয়েন্টেশন ৩১ অক্টোবর, ক্লাস শুরু ৩ নভেম্বর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছের অধীনে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে ৩ নভেম্বর।

রোববার (২৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর সকাল ১০টায় টিএসসি কনফারেন্স রুমে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হবেন। এরপর ৩ নভেম্বর স্ব-স্ব অনুষদে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরুর ১৪ দিনের মধ্যে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে; অন্যথায় তাদের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা আগামী ৩০ অক্টোবর সংশ্লিষ্ট প্রভোস্ট অফিসে যোগাযোগ করে হলরুম নির্ধারণের কাজ সম্পন্ন করবেন। এ সময় চূড়ান্ত ভর্তি সম্পন্নের সময় প্রদত্ত Acknowledgement Slip এবং হল ভর্তি ফি জমার রশিদ সঙ্গে আনতে হবে।

যেসব শিক্ষার্থী পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক বা চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছিলেন, তারা GST গুচ্ছ নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে পবিপ্রবিতে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের ভর্তি বাতিল হবে। শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক এবং আবাসন প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী শিক্ষাজীবন শুরুর জন্য প্রস্তুত হতে পারবেন।