গলাচিপায় ছাত্রদলের উদ্যােগে ন্যায্য মূল্যের দোকান

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় ছাত্রদলের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান বসেছে। এসময় দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ন্যায্য মূল্যের এই দোকান থেকে পণ্য কিনে খুশি ক্রেতারা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) শহরের পৌর মঞ্চ চত্বরে এমন দৃশ্য দেখা গেছে। দোকানটি সকাল ১০টায় শুরু হয়। গলাচিপা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই দোকান পরিচালনা করেন।

জানা গেছে, ন্যায্য মূলের এ দোকানে ডিম প্রতি পিস ১১ টাকা, গাডা ৪০ টাকা কেজি, পটল ৪৫ টাকা কেজি, প্রতিপিস লাউ ৫০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, ভেন্ডি (ঢেড়স) ৪০ টাকা, ধনিয়া প্রতি আঁটি ২৫ টাকা, করলা ৫৫ টাকা, কুমার ৫৫ টাকা, মুলা ৫০ টাকা, পাতাকপি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, ও প্রতি কেজি সিম ১৩০ টাকা দরে বিক্রি করা হয়। যা খুচরা বাজারের মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, খুচরা বাজারের থেকে এখানে দাম কম শুনে তারা এসেছেন। যে বাজার ৪০০ টাকায় কিনতে হতো এখানে ২০০ টাকায় পাওয়া গেছে। এই দোকান চলমান রাখতে পারলে জনসাধারণ উপকৃত হবেন। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে উপজেলা প্রশাসনকে পদক্ষেপ নিতেও অনুরোধ করেন তারা।

গলাচিপা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ প্রিতম বলেন, দ্রব্যমূল্য অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের ন্যায্য মূল্যের দোকান। প্রতি সপ্তাহে একদিন এই দোকান পরিচালনা করা হবে। মানুষজন দোকান শুরুর সাথেই পণ্য ক্রয় করতে ভিড় করছে। অল্প সময়ের মধ্যে সব বিক্রি হয়ে যাবে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে আমরা পাইকারি মূল্যে পণ্য কিনে ওই দরেই বিক্রি করছি। সাধারণ মানুষের দৈনন্দিন কাঁচামাল ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এই উদ্যােগ। আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বাজার মনিটরিং করতে।




দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনার মোছা. আছিয়া খাতুন ও কমিশনার মো. জহুরুল হক।

মঙ্গলবার দুদকের একটি সূত্রে এই খবর জানা গেছে। সূত্রটি জানায়, দুপুর সোয়া দুইটার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করেন।

দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।




গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

বরিশাল অফিস :: বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে বরিশালে নিয়ে আসা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।




ভোলায় জালে উঠলো তিন শিশুর নিথর দেহ

চন্দ্রদ্বীপ নিউজ :: ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের হাকিম উদ্দিন বাজার এলাকার প্রবাসী মো. হোসেনের দুই মেয়ে মিম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯) এবং তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোরশেদের মেয়ে রাফিয়া আক্তার ১০। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।

স্বজনরা জানান, কয়েকদিন আগে বোরহানউদ্দিন থেকে মিম ও মারজিয়া মায়ের সঙ্গে সোনাপুরে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে একসঙ্গে মিম, মারজিয়া এবং রাফিয়া পুকুরে গোসল করতে যায়। তবে দীর্ঘক্ষণ হলেও ঘরে না ফেরায় তাদের খুঁজতে শুরু করেন স্বজনরা। এরপর স্বজনরা পুকুরের ঘাটলায় ওই তিন শিশুর জামা-কাপড় দেখতে পান। তখন সন্দেহের বশে স্বজনরা পুকুরে জাল ফেলেন। ওই জালেই একে একে তিন শিশুরই মরদেহ ওঠে আসে।

একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনসহ এলাকাবাসী। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বইছে।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু সত্যিই দুঃখজনক এবং মর্মান্তিক। খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই শিশুদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।




জানুয়ারির আগেই বঙ্গবন্ধু রেলসেতুর উদ্বোধন, এখনই নয় পূর্ণগতির ট্রেন

চন্দ্রদ্বীপ নিউজ :: চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর উদ্বোধন করা হবে। যদিও এতদিন বলা হচ্ছিল- ডিসেম্বরেই যমুনা নদীর ওপর রেলসেতু চালু করা সম্ভব হবে। কিন্তু কিছু জটিলতা থাকায় সেতু উদ্বোধনের সময় সামান্য হেরফের করে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে কার্যক্রম চালুর কথা জানাচ্ছে প্রকল্প সূত্র।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিম রেল স্টেশনে শুরু থেকে কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু করা সম্ভব হচ্ছে না। ফলে প্রথম দিকে সেতুতে পূর্ণগতি অর্থাৎ ১২০ কিলোমিটার বেগ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি এবং ভারত থেকে প্রযুক্তিপণ্য আমদানিতে জটিলতার কারণে সেতুর দুই পাশের স্টেশনে শুরু থেকে সিবিআইএস চালু করা যাচ্ছে না। ফলে এ সময়টাতে ট্রেনের গতি কম থাকবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে সিবিআইএস চালু করা সম্ভব হবে।

রেল কর্তৃপক্ষের তথ্যমতে, বঙ্গবন্ধু বহুমুখী সেতুর ৩০০ মিটার উত্তরে সমান্তরালভাবে নির্মাণাধীন প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ রেলসেতুর জন্য সাড়ে ৭ কিলোমিটারের বেশি রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেন্ট এবং লুপ, সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী গত আগস্টের মধ্যে এসবের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। তবে প্রকল্পের সময়সীমা সংশোধন করে তা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহেই সেতুর ওপর দিয়ে ট্রেন চালানো সম্ভব হবে।

রেলওয়ের তথ্যমতে, বর্তমানে যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুতে যে মিটারগেজ রেললাইন রয়েছে- তাতে সর্বোচ্চ ৪৩ দশমিক ৭০ কিলো-নিউটন/মিটার ওজন বহন করা সম্ভব। তাই ট্রেনে বেশি বগি যুক্ত করার সুযোগ নেই। এছাড়া এক লাইনের সীমাবদ্ধতা থাকায় বেশি ট্রেন চালানোও সম্ভব নয়। মাত্র ২০ কিলোমিটার গতিতে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সেতু পার হতে ২৫ মিনিট লেগে যায়। দুই পাড়ের স্টেশনে সিগন্যালের জন্য ট্রেনগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। সব মিলিয়ে মাত্র ৫ কিলোমিটার পাড়ি দিতে লাগে এক ঘণ্টার বেশি সময় লাগে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু উদ্বোধন হলে এ রুটে গড়ে সময় বাঁচবে এক ঘণ্টা। ক্রসিংয়েও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।

প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে পাঁচটি জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে ডব্লিউডি-৩ নামে অপর একটি প্যাকেজের আওতায় সিগন্যালিং সিস্টেম স্থাপনের কাজ করা হচ্ছে। সিবিআইএস চালু করার কাজে জাপানি বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান হিটাচির সহায়তা নিচ্ছে রেলওয়ে। ভারতে হিটাচির পণ্য উৎপাদন কারখানা থাকায় জাপানি ঠিকাদাররা সেখান থেকেই পণ্য আমদানি করছিলেন। ঠিকাদাররা সম্প্রতি সেখান থেকে পণ্য আমদানি করতে কিছু জটিলতায় পড়েছেন। প্রকল্প পরিচালকের দপ্তর ওই জটিলতা নিরসনে রেলওয়ে ঠিকাদারদের তাগিদ দেওয়া অব্যাহত রেখেছে।

দেশের দ্বিতীয় বৃহত্তর রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান জানান, নতুন এই রেলসেতু দিয়ে প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। যদিও সিবিআইএসের কাজের অগ্রগতি হয়েছে মাত্র ৪০-৪২ শতাংশ। এ পদ্ধতি চালু করতে আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তায় সেতু উদ্বোধন হওয়ার পরে আরও দু-তিন মাস লাগতে পারে।

তিনি আরও জানান, সিগন্যাল সিস্টেম সাধারণত স্টেশনে থাকে সেতুতে তো আর থাকে না। তাই গতি পেতে তেমন কোন সমস্যা হবে না। আগামী মার্চ মাসের শেষ দিকে কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু করা সম্ভব হবে। আপাতত প্রথাগত নন-ইন্টারলিঙ্ক ব্যবস্থায় ট্রেন চালাতে হবে।

তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, আধুনিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা চালু না হলে ট্রেনের গতি কমে সময়ের অপচয় হওয়া ছাড়াও নিরাপত্তার দিকে ঘাটতি থাকবে। এ থেকে জটের আশঙ্কাও রয়েছে। সূত্রমতে, পুরোনো নন-ইন্টারলিঙ্ক ব্যবস্থা যত দিন চালু থাকবে তত দিন নয়া সেতুতে ট্রেনের গড় গতিসীমা অনেক কম থাকবে। এ ব্যবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে গেলে মারাত্মক শিডিউল বিপর্যয় ঘটবে।

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হাদিউজ্জামান জানান, কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বা কম্পিউটার বেইজড ইন্টারলিঙ্ক সিস্টেম (সিবিআইএস) চালু না হলে পশ্চিমাঞ্চলের রেলপথে নিরাপত্তাগত শঙ্কা থেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে সিগন্যাল সিস্টেমের ওপর অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। যে প্রকল্পের মূল উদ্দেশ ট্রেনের গতি বাড়িয়ে শিডিউল বিপর্যয় কমানো সেখানে নন-ইন্টারলিঙ্ক সিস্টেম চালু থাকলে যাত্রী সেবার মান বিন্দুমাত্র বাড়বে না। এতে রেলপথে যাত্রী ঝুঁকি থেকে যাচ্ছে।

প্রকল্প সূত্রমতে, নকশা অনুযায়ী সেতু নির্মাণের জন্য ৫০টি পিয়ার ও ৪৯টি স্প্যানের নির্মাণ কাজ চলছে। সব পিয়ার ও স্প্যানের উপরিকাঠামোর কাজ সম্পন্ন হয়েছে। সেতুর দুই দিকে বাঁধ নির্মাণের কাজও শেষ। সেতুর ওপর রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। এখন ১ থেকে ২৩ নম্বর পিয়ারের মাঝের অংশে লাইনের খুঁটিনাটি কিছু কারিগরি কাজ চলছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম শেড, পার্কিং এরিয়া, অন্যান্য পূর্তসংক্রান্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে এসব কাজের ৭৫ শতাংশ শেষ হয়েছে। উভয় প্রান্তে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার কাজের অগ্রগতি ৪৫-৪৭ শতাংশ। যমুনা বহুমুখী সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন রেলসেতু চালুর পরে আন্তঃনগর, লোকাল, কমিউটার, মালবাহী ট্রেনসহ ৮৮টি রেল চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রেলওয়ে।

সেতুর বিষয়ে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী জানান, সিবিআইএস চালুর বিষয়টি প্রকল্প পরিচালক ভালো বলতে পারবেন। তবে এটা সময়ের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। দেরি হলেও ১৫ দিন থেকে ১ মাসের বেশি সময় লাগবে না।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর উদ্বোধন হলে নতুন ট্রেন এ রুটে যুক্ত করা হবে কি না জানতে চাইলে মহাপরিচালক জানান, ঢাকার সঙ্গে ওই অঞ্চলে নতুন ট্রেন যুক্ত করা কঠিন হয়ে যাবে। থার্ড বা ফোর্থ লাইন চালু না হলে নতুন ট্রেনের ক্যাপাসিটি তৈরি হবে না। নতুন ট্রেন এলেও জয়দেবপুর বা টঙ্গী পর্যন্ত চালানো যেতে পারে। এতে পুরোপুরি সুফল আসবে না।




আইসিজেতে ইসরায়েলের গণহত্যার নথি দিয়েছে দক্ষিণ আফ্রিকা

চন্দ্রদ্বীপ আন্তর্জাতিক :: গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাখিল করেছে দক্ষিণ আফ্রিকা।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

আল জাজিরা জানায়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দাখিল করেছে দক্ষিণ আফ্রিকা। দাখিল করা ওই নথিতে গণহত্যার সব প্রমাণ রয়েছে।

ওই নথিতে কীভাবে ইসরায়েল সরকার গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের ধ্বংসের জন্য গণহত্যা চুক্তি লঙ্ঘন করেছে তাও উল্লেখ করা হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার আনা মামলা আইসিজেতে প্রমাণ হয়েছে। সংস্থাটি জানায়, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তার প্রমাণ মিলেছে। গণহত্যার প্ররোচনা রোধ ও শাস্তি এবং মানবিক সহায়তার বিধান বাড়ানোর জন্য আদালত ইসরায়েলকে নির্দেশ দিয়ে ইতিমধ্যেই সেই মামলায় একটি প্রাথমিক রায় ঘোষণা দিয়েছে।

মে মাসের ওই রায়ে আইসিজে গাজায় আশ্রয় নেওয়া কয়েক হাজার ফিলিস্তিনিকে “প্রচুর ঝুঁকি” উল্লেখ করে রাফাহতে হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। কিন্তু ইসরায়েল জাতিসংঘের আদালতকে অমান্য করে রাফাসহ গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে।




রোজার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

চন্দ্রদ্বীপ ইসলাম ডেস্ক :: ২০২৫ সালে পবিত্র রামজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত।

সোমবার (২৮ অক্টোবর) দেশটির গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে।

দেশটির এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি ঘোষণা করেছে, হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। হিজরি পঞ্চম এই মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ৩ নভেম্বর। আর এরপরই ধারণা করা যাবে, এবার রোজা কবে শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে এটা সম্পূর্ণ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।




‘অধিনায়কত্বের খেলা’কে দুঃখজনক বললেন বুলবুল

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: হঠাৎ করেই নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাতেই রীতিমতো উত্তাল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারাও দুশ্চিন্তায় পড়ে গেছেন। সিরিজের মাঝ পথে শান্তর এমন ঘোষণা দলেও প্রভাব পড়ছে কীনা এনিয়েও হচ্ছে। অবশ্য বাংলাদেশ ক্রিকেটে এমনটা নতুন নয়। সিরিজ কিংবা বিশ্বকাপ চলার সময় মাঠের বাইরের নানা ঘটনায় পরিবেশটা ক্রিকেটাররাই অন্যরকম করে দেন।

এই ব্যাপারটি নিয়েই এবার প্রশ্ন তুললেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রাক্তন এই অধিনায়ক মনে করেন, জাতীয় দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মনে করেন এটা দুঃখজনক একটা ব্যাপার।

এ নিয়ে আমিনুল ইসলাম বুলবুল তার ফেসবুক স্ট্যাটাসে সোমবার লিখলেন, ‘খুবই দুঃখজনক যে সিরিজের সময় ক্রিকেটের বাইরে অন্য বিষয়গুলোতে সবার মনোযোগ চলে যায়, বিশেষ করে দলের অধিনায়ককে ঘিরে। জাতীয় দলের অধিনায়কত্ব এখন অনেকটা খেলায় পরিণত হয়ে গেছে। এর যথাযথ মূল্য আমরা দিচ্ছি না।’

সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল আরও যোগ করলেন, ‘একটা সিরিজের আগে আমাদের কত কিছু বিশ্লেষণ করতে হয়, যেমন – Opponent analysis • Team composition • Tactical requirements • Strategic priorities • Individual and team performance। এত কিছু মাথায় রেখে বাইরের বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়া কি করে সম্ভব? বোর্ডের দায়িত্ব অধিনায়ককে ফোকাসে রাখতে এবং দলকে খেলায় মনোযোগী হতে সহায়তা করা। এই বিষয়গুলিতে সঠিক মনোযোগ না দিলে ধারাবাহিক পারফরম্যান্স সম্ভব নয়।’

সঙ্গে একটা আক্ষেপও থাকল কিংবদন্তি এই ক্রিকেটারের। যিনি এখন আইসিসির সঙ্গে কাজ করছেন। বুলবুল তার স্ট্যাটাসে আরও লিখলেন, ‘ইদানীং ক্রিকেট নিয়ে বিস্তারিত বিশ্লেষণও চোখে পড়ে না-যেমন একটি ইনিংস তৈরি, দুর্দান্ত বোলিং স্পেল, ফরওয়ার্ড শর্টলেগে চমৎকার ক্যাচ, কিংবা সময়মতো বোলিং পরিবর্তন। এ ধরনের আলোচনা যেন হারিয়েই গেছে।’




রাষ্ট্রপতি ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সম্পর্কের ফাটল ধরলো বিএনপির?

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐকমত্য থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে।

বিএনপির সাথে এ নিয়ে বৈঠক করেও এখনও পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্যে ফাটল ধরলো সেই প্রশ্নও তৈরি হয়েছে।

জবাবে বিএনপি বলছেন, সাংবিধানিক সংকট তৈরির হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে হাঁটতে চাচ্ছে না তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, “এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না। তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সাথে আলোচনা করেছে। আমরা তাদের বুঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে।”

এই প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করছে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপি যে সংকটের কথা ভাবছে সেটি রাজনৈতিক। যেটি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেন, “হয়তো বিএনপি ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারণ হলে আগামী নির্বাচন আয়োজন বিলম্বিত হতে পারে। আমরা তাদের আশ্বস্ত করবো যেনো প্রয়োজনের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার একদিনও বেশি না থাকে।”

গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে আলোচনা করছে ছাত্রদের পৃথক দুটি প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। তাই তাকে অপসারণ বা তিনি পদে থাকলে খুব বেশি সংকটও তৈরি হবারও কথা না।




দুমকিতে ভোক্তা অধিকার অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার পীরতলা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মুদি, সবজি ও ঔষধের দোকান সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রেতাদের মনিটরিং করা হয়। এ সময় দেখা যায়, সবজি বিক্রেতারা অতিরিক্ত মুনাফায় সবজি বিক্রি করছিলেন এবং মূল্য তালিকা থেকে অধিক মূল্যে সবজি বিক্রয় করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগেও ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান চলাকালীন স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদেরকে ভোক্তা অধিকারের বিভিন্ন আইনসহ অন্যান্য বিষয়ে সচেতন করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদেরকে সীমিত লাভে পণ্য বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়াইব মিয়া বলেন, “বাজার নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”