২৮ সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে। তাদের সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর বিএফআইইউ সাংবাদিকদের ব্যাংক হিসাব, লকার, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ড এবং অন্যান্য আর্থিক উপকরণের বিষয়ে তথ্য জানতে চায়।

যেসব সাংবাদিকের ব্যাংক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন:

নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক)

ফরিদা ইয়াসমিন (জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি)

জায়েদুল হাসান পিন্টু (ডিবিসি নিউজের হেড অব নিউজ)

সুভাষ সিংহ রায় (এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক)

হায়দার আলী (কালারের নির্বাহী সম্পাদক)

জি মামুন (এটিএন)

সৈয়দ বোরহান কবীর (বাংলা ইনসাইডারের সম্পাদক)

শাবান মাহমুদ (বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার, নয়াদিল্লি)

মির্জা মেহেদী তমাল (বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর)

জুলকারনাইন রনো (চিফ রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন)

আলমগীর হোসেন (সমকাল)

মধুসূদন মণ্ডল (বাসস)

মাসুদ আইয়ুব কার্জন (ডিবিসি)

মইনুল ইসলাম (আমাদের সময়)

ফরাজী আজমল হোসেন (সাংবাদিক)

অশোক চৌধুরী (বৈশাখী টিভি)

রাহুল রাহা (ইডির এক্সিকিউটিভ এডিটর)

রেজাউল করিম লোটাস (ডেইলি সান)

আশিকুর রহমান শ্রাবণ (নিউজ টোয়েন্টিফোর)

আবদুল্লাহ আল মামুন (যুগান্তরের বিশেষ প্রতিনিধি)

রফিকুল ইসলাম রতন (স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক)

শেখ জামাল হোসেন (দৈনিক মুখপাত্রের সম্পাদক)

আদিত্য আরাফাত (ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি)

তাওহিদুল ইসলাম সৌরভ (এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি)

শেখ মামুনুর রশীদ (যুগান্তরের বিশেষ প্রতিনিধি)

শ্যামল সরকার (সাংবাদিক)

আবুল খায়ের (দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক)

সন্তোষ শর্মা (দৈনিক কালবেলার সম্পাদক ও প্রশাসক)




ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে চোরাগুপ্তা মা ইলিশ শিকার করছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার উৎসব চলছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১৩ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু সুগন্ধা ও বিষখালী নদীতে জেলেরা এই নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার করছে।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের সুবিধা নিয়ে এক শ্রেণির অসাধু জেলেদের ইলিশ শিকার করার অভিযোগ উঠেছে। মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশ রক্ষায় যথাযথভাবে অভিযান অব্যাহত আছে।

প্রজনন মৌসুমে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরা বন্ধে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলছে। অভিযানের টিমকে ফাঁকি দিয়ে পাহাড়া মধ্যেও সুযোগ বুঝে নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নেমে অবৈধ কারেন্ট জাল ফেলে এক শ্রেণির অসাধু জেলে দিনে ও রাতে মা ইলিশ শিকার করছে।

স্থানীয়দের অভিযোগ, নলছিটি ও ঝালকাঠি সদর মৎস্য কর্মকর্তার অভিযানের ট্রলার চালক আর্থিক সুবিধা নিয়ে জেলেদের অভিযানের খবর পৌঁছে দিচ্ছে। অভিযানের টিম নির্দিষ্ট এলাকায় নোঙর করে রাখে, যা অবৈধ মা ইলিশ শিকারের সুযোগ তৈরি করছে।

জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, প্রজনন মৌসুমে ইলিশ যাতে নির্বিগ্নে ডিম ছাড়তে পারে, সেজন্য জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের দিন ও রাতে অভিযান চালাচ্ছে। অভিযানে প্রতিদিন উদ্ধার হচ্ছে মা ইলিশসহ হাজার হাজার মিটার জাল। ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত ঝালকাঠি জেলায় ৪৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৯৮ কেজি ইলিশ ও ৫ লাখ মিটার জাল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩ জনকে আটক করে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

 




যমুনা ও এনসিসি ব্যাংকে নতুন চেয়ারম্যান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি খাতের ব্যাংক এনসিসি ও যমুনা ব্যাংকে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের সভায় এই পরিবর্তন ঘটে।

এনসিসি ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান মো. আবুল বাশার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে খেলাপি হয়ে পড়েন। এ কারণে বাংলাদেশ ব্যাংক তার পরিচালকের পদ শূন্য ঘোষণা করে। এর পর সোমবার ব্যাংকটির পরিচালনা সভায় মো. নূরুন নেওয়াজকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ইলেকট্রোমার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান।

অপরদিকে, যমুনা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান সাইদুল ইসলাম সাবেক সরকারের একজন মন্ত্রীর ছেলে। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিচালকেরা তার নেতৃত্বে ব্যাংক পরিচালনায় অস্বস্তি বোধ করছিলেন। এ পরিস্থিতিতে রবিন রাজন সাখাওয়াতকে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি জার্মানির গ্যেটে ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশে ফিরে এসে রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।




সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে পুলিশ সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, রাত একটার দিকে আব্দুস শহীদের বাসায় অভিযান চালানো হয় এবং সেখানে এখনও অভিযান চলছে। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর, তার মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আত্মগোপনে চলে গেছেন। তাদের মধ্যে কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন। আব্দুস শহীদও সেই তালিকার অন্তর্ভুক্ত, যিনি বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। এর আগে সাবেক মন্ত্রী, নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের নিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।




বরগুনায় হত্যার প্রতিবাদে মানববন্ধন, সুমাইয়া আক্তার ইতির হত্যাকারীর গ্রেফতারের দাবি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরগুনায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ইতি হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বরগুনা প্রেসক্লাব চত্বরে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

গত ২৬ অক্টোবর, শনিবার বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ইতির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। অভিযুক্ত মো: মইনুল হাসান টিটু, যিনি একই উপজেলার ৯ নং এম বালিয়ালী ইউনিয়নের মো: আইয়ূব আলীর ছেলে।

মানববন্ধনে বক্তব্য রাখেন একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা। তিনি বলেন, “ইতি আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্ত্যক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এ সময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওলাদার ও সহপাঠীরা।




ভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকা দেওয়ার পর ৬০ শিক্ষার্থী অসুস্থ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সবাই শঙ্কামুক্ত এবং বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সুস্থ হয়ে সকলেই বাড়ি ফিরে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পক্ষিয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর প্রথমে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর অসুস্থ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর বেশিরভাগ শিক্ষার্থী সুস্থ হয়ে ওঠে এবং দুপুরের মধ্যে ৫৫ জন শিক্ষার্থী স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যায়। কিন্তু পাঁচজন গুরুতর অবস্থায় থাকায় তাদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরুপম সরকার সোহাগ বলেন, “আমি টিকা দেওয়ার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। অসুস্থ শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসার পর বেশিরভাগ শিক্ষার্থী সুস্থ হয়ে যায়, কেউ কেউ আতঙ্কের কারণে অসুস্থ হয়ে পড়েছিল।”

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নোমান বলেন, “টিকা দেওয়ার কিছুক্ষণ পর ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় এবং পাঁচজনকে ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক নাহিদ সুলতানা বলেন, “টিকার প্রভাবে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়েছে। যারা চিকিৎসা নিতে এসেছে, তারা সবাই সুস্থ এবং শঙ্কামুক্ত।”

ভোলার সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম জানান, “এটি গণমনস্তাত্ত্বিক রোগ। আতঙ্কের কারণে অসুস্থ হয়েছে, যা কয়েক ঘণ্টার মধ্যে ঠিক হয়ে গেছে।”

গত ২৪ অক্টোবর থেকে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছরের কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া শুরু হয়েছে। দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি), ইউনিসেফ এবং ডাব্লিউএইচওর সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।




ঝালকাঠিতে আ.লীগ কর্মীকে কুপিয়ে জখম, যুবলীগ নেতা গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী রিপন হাওলাদার ওরফে হঠাৎ রিপনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় আহতের স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতা রাসেল জোমাদ্দারকে আটক করেছে। সে মালুহার গ্রামের মোসলেম জোমাদ্দারের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। আহত রিপন ওই এলাকার মৃত লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মোস্তফা প্যাদার ছেলে রাজ্জাক প্যাদার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, রিপনকে কুপিয়ে আহতের ঘটনায় তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল জোমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের করা হয়েছে।




গৌরনদী পৌর মেয়রের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিচুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দিয়েছেন আদালত। বিএনপি নেতার ওপর হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গতকাল বরিশালের বিচারিক হাকিম সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

গতকাল সকালে ঢাকার বনশ্রী এলাকা থেকে হারিচুর রহমানকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আবদুল হক সিকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদী থানার বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টার একটি মামলার আসামি হারিচুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন, কিন্তু আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হারিচুর রহমানের পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিচারক সেটি নামঞ্জুর করেন। আদালত আসামিকে রিমান্ডে নেওয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন হয়ে সুস্থতার সনদ নেওয়ার নির্দেশ দেন এবং রিমান্ড শেষে চিকিৎসকের সনদ নিয়ে আদালতে হাজির করার নির্দেশও দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর হারিচুর রহমান আত্মগোপনে চলে যান, যার কারণে তার বিরুদ্ধে গৌরনদী থানায় চারটি মামলা হয়েছে। এছাড়া, গত উপজেলা নির্বাচনে নিজ দলীয় কর্মীদের সঙ্গে সংঘাতের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।




দুমকিতে ২৮ অক্টোবরের ঘটনায় বিচারের দাবিতে জামায়াতে ইসলামীর গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার সহিংস ঘটনার বিচার দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় দুমকি নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল আহমেদ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দীন খান রাযী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী এবং পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বশার।

গণসমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা, পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি হাসান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলতাফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 




পটুয়াখালী-৩ আসনে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে ২৯ অক্টোবর অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের সমাবেশে জনতার ঢেউ লক্ষ্য করা গেছে। ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ এলাকা গলাচিপায় আগমন করে জনতার উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, “নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।” নুর বলেছেন, “আমি আপনারা যদি সমর্থন করেন, তাহলে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করবো।”

নুরুল হক নুর তার বক্তব্যে বলেন, “জনগণের অধিকার রক্ষা এবং রাজনৈতিক সংস্কারের জন্য আমাদের একত্রিত হতে হবে।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।