রোববারের মধ্যে গণমাধ্যমসহ আরও ৫ সংস্কার কমিশনের গেজেট

চন্দ্রদ্বীপ নিউজ :: রাষ্ট্র সংস্কারে আরও ৫টি কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগামী রোববারের মধ্যে এর গেজেট প্রকাশিত হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আরও ৫টি নতুন সংস্কার কমিশন হচ্ছে। স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন। আগামী রোববারের মধ্যে গেজেট হবে।

এছাড়া উপদেষ্টা পরিষদ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে, বলে জানান তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সাথে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি।

কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচনা হয়নি। কিন্তু এটা সত্য যে, কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত দরকার।

আজকে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয় সেটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে।




ছাদখোলা বাসে নারী ফুটবল দলের বিজয় প্যারেড শুরু

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ছাদখোলা বাসে চড়ে বাফুফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর ঢাকার রাস্তায় হাজারো সমর্থক তাদের বরণ করে নিতে হাজির হন।

আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা ঢাকায় পা রাখেন। সংবাদকর্মীদের সামনে কথা বলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন। এরপর ফুটবলাররা বাসে উঠে বাফুফের দিকে যাত্রা করেন।

এই বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে চলে যাবে, এরপর এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামবে। এরপর মগবাজার ফ্লাইওভারে উঠবে এবং কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে শেষে বাফুফে ভবনে পৌঁছাবে।

বাফুফে ভবনে আনুষ্ঠানিকতা হবে, যেখানে আরও সমর্থক উপস্থিত থাকবেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেবেন।

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে, গত বুধবার কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই সাফল্য অর্জন করে।

 




কুয়াকাটায় অটোভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক বেলাল (২৭), মোটরসাইকেল আরোহী কাউয়ুম (৪০), অটোচালক রনি (২৮), এবং অটোযাত্রী শাহজালাল (৩২)। এদের মধ্যে সেনেটারি মিস্ত্রি কাউয়ুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে আহত ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কাউয়ুমের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অটোযাত্রী শাহজালালের মতে, মোটরসাইকেলটি রং সাইড দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে, ফলে ভ্যানটি পুকুরের পাশে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।




ইসি গঠনে অনুসন্ধান কমিটি গঠন, সভাপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আইন অনুযায়ী, এই কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী , অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম,বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।




ভোলার সাগরমোহনার অপরূপ সবুজদ্বীপ কুকরি-মুকরি পর্যটকদের আকর্ষণে মুখরিত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলার সাগর মোহনার মনোরম সবুজ জনপদ চরফ্যাশনের কুকরি-মুকরি এখন পর্যটকদের আগমনে মুখরিত। শীতের আগমনীতে প্রাকৃতিক সৌন্দর্যের এ দ্বীপে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এখানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন, এবং স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন।

কুকরি-মুকরির মূল আকর্ষণগুলোর মধ্যে ইকোপার্ক, নারিকেল বাগান, কুকরি বীচ, ঝুলন্ত সেতু এবং মাকড়শার জাল অন্যতম। পর্যটকরা এসব দর্শনীয় স্থানে আনন্দময় সময় কাটাচ্ছেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা ব্যবসায়ী মফিজুল ইসলাম ও কন্ঠশিল্পী জিয়াউর রহমান বলেন, “রাজধানীর কোলাহল থেকে মুক্তি পেতে আমরা কুকরি-মুকরিতে এসেছি। এখানকার সবুজ বনভূমি এবং প্রাকৃতিক পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। সারাদিন ছবি তোলা ও আনন্দে সময় কেটেছে।”

কুকরি-মুকরির হোটেল ব্যবসায়ী মোরশেদ আলম জানান, পর্যটন খাতে সরকারের সহায়তা পেলে এখানে আরও উন্নত অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে, যা পর্যটকদের জন্য সুবিধাজনক হবে। স্থানীয় বাসিন্দা কামাল গোলদার ও ঈমাম হোসেন মনে করেন, পর্যটকদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে কুকরি-মুকরির পর্যটন আরো সমৃদ্ধ হবে।

কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন বাসসকে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা কুকরি-মুকরির সৌন্দর্য উপভোগ করতে আসছেন এবং এখানে ভ্রমণের জন্য স্থানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

ভোলা উপকূলীয় বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কুকরি-মুকরিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে এবং এর জন্য নতুন সবুজ বনায়ন ও অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। পর্যটকদের পরিপূর্ণ সন্তুষ্টি দিতে আরও উন্নত অবকাঠামো তৈরি হবে বলে তিনি জানান।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপটি যেন দক্ষিণাঞ্চলের আরেক সুন্দরবন। এখানকার ম্যানগ্রোভ বনে হরিণ, বানর, কাঠবিড়াল, বন্য মহিষ এবং অতিথি পাখির মেলা পর্যটকদের আরও মুগ্ধ করে তোলে।




ইন্দুরকানীতে ১১টি রাস্তা ও ৪টি ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদার লাপাত্তা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের ইন্দুরকানীতে ১১টি রাস্তা ও ৪টি ব্রিজের নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদাররা প্রকল্প ফেলে রেখে চলে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিগত অর্থ বছরের অনেক অসম্পূর্ণ কাজও ফেলে রাখা হয়েছে, যার ফলে সড়কগুলো অচল হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে সাঈদখালী, মধ্য কালাইয়া রোড থেকে সরদারবাড়ী, পত্তাশী ইউনিয়ন থেকে খেজুরতলা বাজার, চালনা ব্রিজ থেকে বৌডুবি, বালিপাড়া জমাদ্দারহাট থেকে কাপালিবাড়ী, চণ্ডীপুর স্টিল ব্রিজ থেকে খোলপটুয়া, বালিপাড়া হাইস্কুল থেকে সোবহান চেয়ারম্যানের বাড়ি, পাড়েরহাট বাসস্ট্যান্ড থেকে হোগলাবুনিয়া এবং চাড়াখালী কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিএনপি নেতা আঃ লতিফ হাওলাদারের বাড়ি পর্যন্ত বেশ কয়েকটি রাস্তায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, “রাস্তাগুলোর কাজ শেষ হলে এলাকাবাসীর চলাচলে সুবিধা হতো। কিন্তু কেন এ কাজ ফেলে রাখা হয়েছে, তা আমরা জানি না।”

উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর কবির মান্নু জানান, “বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সিন্ডিকেট টেন্ডার নিয়েও কাজ করেনি। কিছু জায়গায় সামান্য কাজ দেখিয়ে বিল উত্তোলন করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।”

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, “পরিত্যক্ত রাস্তাগুলোর কাজ সম্পন্ন করতে আমরা ঠিকাদারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি দ্রুত কাজ শুরু হবে।”




কাউখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাঙচুর, গ্রেফতার ১

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুরের কাউখালীর সোনাকুর এলাকার পাল পাড়ায় কালী পূজার জন্য তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিজেই জড়িত থাকার কথা স্বীকার করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পাল পাড়ায় প্রতিমা তৈরির কারিগর সুখরঞ্জন পাল প্রতিমার রং করা শেষ করে ঘুমাতে গেলেও গভীর রাতে নিজেরাই প্রতিমার একটি হাত ভেঙে মাথা ঘুরিয়ে রাখেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

কাউখালী থানা পুলিশের একটি দল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশ ও উপস্থিত ব্যক্তিবর্গ সুখরঞ্জন পালের অভিযোগের সঙ্গে কথাবার্তা অসংলগ্ন মনে করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে সুখরঞ্জন পাল স্বীকার করেন যে, জমিজমা নিয়ে পুরোনো বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি নিজেই প্রতিমা ভাঙচুর করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান জানান, প্রতিমা ভাঙচুরের দায় স্বীকার করায় সুখরঞ্জন পালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও।

 




পিরোজপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পিরোজপুর খুলনা-বরিশাল মহাসড়কের সিও অফিস থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত মহাসড়কের দুই পাশের জায়গা থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক বিভাগের উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সড়কের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন পাকা, আধাপাকা এবং কাঠের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো দীর্ঘদিন ধরে চলাচলে বাধা সৃষ্টি করছিল। স্থানীয় জনগণ এবং যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় সরকারি নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। পুরাতন বাসস্ট্যান্ড থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে মহাসড়ককে আরো প্রশস্ত ও নিরাপদ করার চেষ্টা করা হয়েছে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম-সচিব আব্দুল লতিফ খান। এছাড়া উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সড়ক ও জনপথ বিভাগের অন্যান্য কর্মকর্তা, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই উচ্ছেদ অভিযানে নিরাপত্তার জন্য মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মহাসড়কের জায়গা পুনরুদ্ধার করায় সড়ক বিভাগকে ধন্যবাদ জানিয়েছে। সড়ক বিভাগ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মহাসড়কের পাশে নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।




বরিশালে শ্মশান দিপালী উদযাপন

বরিশাল : বরিশালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দিপালী উৎসব উদযাপিত হয়েছে। বরিশাল নগরের কাউনিয়ার মহাশ্মশানে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীরা মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে এই আয়োজন সম্পন্ন করেন। প্রতি বছরের মতোই এবারো মৃতদের আত্মার শান্তির উদ্দেশ্যে পূজা-অর্চনার জন্য স্বজনরা সমবেত হন।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সদস্য সচিব সুশান্ত ঘোষ জানান, প্রায় ২০০ বছর আগে স্থাপিত এই মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ সমাধি যাদের স্বজনরা দেশে নেই, সেগুলো হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে এবং এসব সমাধিতেও কমিটির পক্ষ থেকে দীপ জ্বালানো হয়।

শ্মশান দিপালী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব বিজয় ভক্ত জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মেট্রোপলিটন পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।




৮ জেলায় নতুন ডিসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবশেষে আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।

বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি করা হয়েছে।

গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তন হওয়ার পর প্রশাসনে রদবদল আনে অন্তর্বর্তী সরকার।

গত ১০ সেপ্টেম্বর ৩৪ জেলায় এবং ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।
এই দুই দফায় ৫৯ জেলায় নিয়োগ পাওয়া নতুন ডিসিদের অনেকের বিরুদ্ধে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত প্রশাসনে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এই অসন্তোষ নিয়ে বঞ্চিতরা ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দুইজন যুগ্মসচিবকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে হাতাহাতি ও হট্টগোল হয়। তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে তাদের দাবি-দাওয়া তুলে ধরে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলেরও দাবি জানান। মন্ত্রিপরিষদ সচিব তাদের আশ্বাস দেন।
পর দিন ১১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলন করে জানান, জয়পুরহাট, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ী জেলা ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে।

লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমী, জয়পুরহাটে বঙ্গবন্ধু হাইটেক সিটি ২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সাইদুজ্জামান, কুষ্টিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলাম, রাজশাহীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মনির হোসেন হাওলাদার, শরীয়তপুরে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আব্দুল আজিজ, দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, রাজবাড়ীতে আরপিএটিসির উপ-পরিচালক মনোয়ারা বেগমকে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছিল।