বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশে খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দাম বাড়ার গেজেট জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে নতুন দর কার্যকর হবে। সব বিতরণ কম্পানির ২৩০ কেভি এবং ১৩২ কেভি লাইনের জন্য পাইকারি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ টাকা ৪৪ পয়সা এবং ৮ টাকা ৪৭ পয়সা। এর বাইরে ৩৩ কেভি লাইনের জন্য পিডিবির বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৭ টাকা ৬২ পয়সা, আরইবির ক্ষেত্রে ৬ টাকা ২৩ পয়সা, ডিপিডিসির ৮ টাকা ৫৬ পয়সা, ডেসকো ৮ টাকা ৫৮ পয়সা, ওয়েস্টজোনের ক্ষেত্রে ৭ টাকা ৪৬ পয়সা এবং নেসকোর ৭ টাকা ৪ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ধারা ৩৪ক-তে দেওয়া ক্ষমতাবলে, ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে গেজেটে জানানো হয়।




আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: সুপারশপের পর আজ থেকে দেশের কাঁচাবাজারেও নিষিদ্ধ হচ্ছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার।

গত ২৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান। তখন তিনি বলেন, ১ নভেম্বর থেকে পলিথিনজাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ এবং কোনো ক্রেতাকে এ ব্যাগ দেওয়া যাবে না। এ ছাড়া পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে।

এরই অংশ হিসেবে আজ থেকে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চালানো হবে অভিযান।




দুমকিতে ইলিশ শিকারের বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলা, ১৮ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি :: দুমকির পায়রা নদীতে ইলিশ শিকারে বাঁধা দেয়ায় প্রশাসনের ওপর হামলার অভিযোগে ১৮ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকায় মা ইলিশ শিকারের সময় উপজেলা টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানে দুই জেলেকে আটক করায় ক্ষিপ্ত হয়ে বাকেরগঞ্জের দুধল মৌ এলাকা থেকে ট্রলারযোগে প্রায় অর্ধশত নারী-পুরুষ প্রশাসনের ওপর হামলা করে।

আটককৃত ১৮ জনের মধ্যে রয়েছেন হৃদয় হাওলাদার (২৩), সাবু হাওলাদার (২০), শাওন হাওলাদার (২০), ইমাম নকীব (২৭), হাফিজুল ইসলাম (১৮), মো. নাসির হাওলাদার (৫২), সৈয়দ ফাহাজুল হাওলাদার (৩৯), মো. রিয়াজ হাওলাদার (৩৩), হালিম গাজী (৫৫), সিয়াম আহমেদ (২৮), শাওন নকিব (১৯), মো. রিজন হাওলাদার (১৮), জহিরুল ইসলাম (১৮), ও মো. রনি হাওলাদার (৩০)।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ জন জেলেকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন, তবে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে মুক্তি পায়। এসময় ইঞ্জিল চালিত একটি ট্রলারও জব্দ করা হয়।

পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, আংগারিয়া ইউনিয়নে ইলিশ শিকারের সময় আটককৃত জেলেদের দুমকি থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এ পর্যন্ত টাস্ক ফোর্সের অভিযানে মোট ১৬ জন জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।

 




বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ: দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে।”

রাজধানীর সচিবালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় এ কথা বলেন। সভায় বাণিজ্যসচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “তিন মাসের মধ্যে সবকিছু করা সম্ভব নয়। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক, রাষ্ট্রক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি, দেশের জন্য কাজ করে যাব।” তিনি খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশীয় শিল্পের বিকাশে সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ব্যবসায়ী নেতারা। তাঁরা বেসরকারি খাতের সার্বিক উন্নয়নে ওয়ান–স্টপ সার্ভিস সেন্টার চালু, ওষুধ, চামড়া, তৈরি পোশাক ও অন্যান্য শিল্পের সঙ্গে সম্পর্কিত পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।




মির্জা ফখরুল: সাংবাদিকরা প্রশ্ন করে, ইউনূস কি ফেল করেছে?

চন্দ্রদ্বীপ ডেস্ক ::জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অন্তবর্তী সরকারের দায়িত্ব একটাই, তা হলো ভয়াবহ জঞ্জাল নির্মূল করে দ্রুত একটি অর্থবহ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।”

তিনি আরও উল্লেখ করেন, “যতো দ্রুত নির্বাচন হবে, রাষ্ট্র সংস্কার ততো দ্রুত হবে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র পরিবর্তনের কাজ দ্রুত করা সম্ভব নয়। নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে।”

মির্জা ফখরুল বলেন, “বর্তমানে বিদেশি সাংবাদিকরা, বিশেষ করে ভারতের সাংবাদিক, আমাকে প্রশ্ন করেন, ইউনূস কি ফেল করেছে? রাষ্ট্র চালাতে পারছে না?” তিনি জানান, তিনি বলেছিলেন, “গোটা দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। তার প্রতি জনগণের সমর্থন রয়েছে।”

এছাড়া, গণহত্যাকারীদের কোনো ক্ষমা নেই মন্তব্য করে তিনি বলেন, “আমরা যেন ভুলে না যাই আওয়ামী লীগ, হাসিনা গণহত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ‘রাষ্ট্র সংস্কার চাই’ স্লোগানটি বাস্তবায়িত করতে হবে।”

ফখরুল জানান, জনগণ সমর্থন না দিলে রাষ্ট্র সংস্কারে কোনো ফল আসবে না এবং তাই জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে। তিনি বর্তমান সরকারের প্রতি আস্থা এবং সম্মান রেখেছেন এবং উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের আস্থা হারিয়ে যায়।”

মির্জা ফখরুল বলেন, “আমরা যারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চেয়েছি এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমরা সে লক্ষ্য বাস্তবায়ন করেছি।”




পেঁয়াজ আমদানিতে আরও শুল্ক কমানোর প্রস্তাব

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন প্রস্তাব দিয়েছে। কমিশন পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহারের সুপারিশ করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ সুপারিশ করা হয়।

এর আগে ৫ সেপ্টেম্বর ট্যারিফ কমিশনের সুপারিশের ভিত্তিতে পেঁয়াজ আমদানির সব শুল্ক ৩০ নভেম্বর পর্যন্ত প্রত্যাহার করা হয়েছিল।

ট্যারিফ কমিশনের চিঠি অনুযায়ী, সম্প্রতি দেশে অত্যাবশ্যকীয় ভোগ্য পণ্য পেঁয়াজের দাম আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে পেঁয়াজের স্থানীয় চাহিদা ২৬-২৭ লাখ মেট্রিক টন। স্থানীয় উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদার ৭৫-৮০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে।

এদিকে, ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ এবং বাজারমূল্য নিয়ন্ত্রণের জন্য আমদানি করা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি অপরিহার্য হয়ে পড়েছে। তাই, আমদানি ব্যয় কমানোর জন্য ৫ শতাংশ শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার করা প্রয়োজন বলে ট্যারিফ কমিশন উল্লেখ করেছে। কমিশন আরও বলেছে যে, আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে প্রবেশের পর সঠিকভাবে মনিটরিং করা উচিত।

বর্তমানে খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি পেঁয়াজের দাম বাড়তে থাকায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বছরের এই সময়ে সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম থাকায় পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

 




সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক ::গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। এর মধ্যে কিছু মামলা অত্যন্ত গুরুতর এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের উপর এর প্রভাব পড়েছে।

উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১১ সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন।

এরপর শেখ হাসিনার গঠিত মন্ত্রিসভায় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তবে তার বিরুদ্ধে চলমান আইনগত সমস্যাগুলো তার রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করেছে, যা দলের জন্যও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, উবায়দুল মোকতাদিরের গ্রেফতার নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে, এটি সরকারের বিরুদ্ধে সম্ভাব্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।




পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১০ জন জেলেকে পাঁচ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও, ১৮ জন জেলেকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে আগুনমুখা, দাঁড়চিড়া ও তেঁতুলিয়া নদী থেকে ৭০ কেজি মা ইলিশ এবং প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, গলাচিপা সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং নিষিদ্ধ জালগুলো উলানিয়া বন্দরের কাছে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানিয়েছেন, আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ নিউজ :: যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার তেজগাঁও কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়।

এসময় একজন শীর্ষ কূটনীতিক হিসেবে লাফেভের দায়িত্ব পালন ও সেবার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এগিয়ে নিতে তার আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

জুলাই-আগস্টে শিক্ষার্থী-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে হেলেন লাফেভ বলেন, আমি ইতিহাসের সাক্ষী হতে পেরে খুব গর্বিত।

এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি চিঠি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বাংলাদেশ ক্যাম্প থেকে উত্তর আমেরিকার দেশে পুনর্বাসন ত্বরান্বিত করছে।

আলোচনায় বিচারিক সংস্কার, দক্ষিণ এশীয় বিদ্যুৎ সংযোগ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্বৈরচারী সরকার আমলে বাংলাদেশ থেকে চুরি হওয়া কয়েক বিলিয়ন ডলার দেশে ফেরানোর প্রচেষ্টা, বেসামরিক আমলাতন্ত্রের সংস্কার এবং শ্রম সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

লাফেভ জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বাংলাদেশকে পরামর্শ ও অন্যান্য সহায়তা দিয়ে অর্থ উদ্ধার এবং বাংলাদেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে। ‘চুরি করা টাকা ফেরত দেওয়া কঠিন, কিন্তু এটা অসম্ভব নয়,’ বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই এটি করব।

অন্তর্বর্তী সরকার ব্যাপক শ্রম সংস্কার করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াসে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।




বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুতে শিক্ষার্থীদের অবরোধ, সড়কে জানাজা

বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে মাইশার জন্য বিচার দাবি করেন তারা। এতে সড়কের দুই প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা অভিযুক্ত বাসের চালক, হেলপার ও মালিকের গ্রেপ্তারসহ বরিশাল-ভোলা এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। নীরব প্রতিবাদে অংশ নেয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে আসবেন না।

সড়ক অবরোধ চলাকালে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মাইশার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মাইশার পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় কমিশনার এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে কুয়াকাটা থেকে বরিশালের দিকে বেপরোয়া গতিতে আসা নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাস মাইশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসেন এবং বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সূচিতা শারমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ৪৮ শতাংশ সমাধানের পথে, বাকিগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা চলছে। দ্রুতই শিক্ষার্থীদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সকাল থেকে সড়ক অবরোধ থাকায় উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে, বিশেষত কুয়াকাটাগামী পর্যটকরা ও স্থানীয় যাত্রীরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।