বিদ্যালয়ে সংসার পেতেছেন প্রধান শিক্ষক দম্পতি!

বরিশাল অফিস :: বরগুনার আমতলী উপজেলার উত্তরপূর্ব তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামাজ পড়ার স্থানে সংসার পাতার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক দম্পতির বিরুদ্ধে।

সরেজমিন জানা যায়, আমতলী উপজেলার উত্তরপূর্ব তক্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৩ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব পান মো. শাহজাহান তালুকদার। একই বিদ্যালয়ে তার স্ত্রী সহকারী শিক্ষিকা পদে চাকরি করছেন তাছলিমা আক্তার। প্রধান শিক্ষক হওয়ার পর থেকে শিক্ষক দম্পতির বিরুদ্ধে আর্থিক অনিয়ম, টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।

এসব অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক দম্পতির পদত্যাগ দাবিও করছেন বিদ্যালয়ের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন, প্রধান শিক্ষক শাহজাহান তালুকদার ২০০৩ সালে বিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে শিক্ষক দম্পতি বিদ্যালয়ের স্টোর রুমের পাশে নামাজের স্থানে হাঁড়িপাতিল, গ্যাসের চুলা, বিছানা বিছিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার করে সংসার পেতে বসেছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক দায়িত্ব পাওয়ার পর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকসহ সিন্ডিকেট করে নানা অনিয়ম-দুর্নীতি শুরু করেন। শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি আদায়, ভুয়া বিল করে টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতি করেন।

শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক কখনো শ্রেণিকক্ষে পাঠদান করতেন না। এমনকি এসব অনিয়ম নিয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো রাজনৈতিক নেতাদের দিয়ে হুমকি-ধমকি ও নানাভাবে হয়রানি করা হতো।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. শাহজাহান তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তেমন কিছু না, এখানে দুপুরের খাবার খাওয়ার সময় মাঝেমধ্যে তরকারি গরম করা হয়।

প্রধান শিক্ষকের স্ত্রী সহকারী শিক্ষিকা তাছলিমা আক্তার বলেন, এখানে স্থায়ীভাবে থাকা হয় না, বাচ্চাদের খাবার খাওয়ানো হয়।

আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুর রহমান বলেন, দুপুরে খাবার তৈরি করা হয়, চুলা, হাঁড়িপাতিল এটা প্রায় স্কুলে রয়েছে। এটা স্থায়ী নয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, আমি বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




মাদারীপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, আহত ১২

বরিশাল অফিস :: মাদারীপুরে মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কের আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন: কালকিনি উপজেলার আলীপুরের শহিদুল ইসলামের ছেলে হৃদয়, ভুরঘাটা এলাকার রোহান, একই এলাকার আলী সরদারের ছেলে লোকমান সরদার, ঝুরগাঁও এলাকার অনিল বাড়ৈর ছেলে গোবিন্দ বাড়ৈ ও তার মেয়ে চাঁদনী বাড়ৈ, একই এলাকার সুনীল মণ্ডল, বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড়ের হরবিলাসের ছেলে জয়। বাকিদের নাম তাৎক্ষনিক পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে শশিকর থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে তিনচাকার একটি মাহিন্দ্রা। ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় ও মাহিন্দ্রা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাস ও মাহিন্দ্রার অন্তত ১২ যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
আল আমিন নামে এক ভ্যানযাত্রী বলেন, ‘মাইক্রোবাসটিতে উচ্চ শব্দে গান বাজিয়ে বেপরোয়াভাবে আসার কারণেই এ দুর্ঘটনা ঘটে। গাড়ির গতি এতো বেশি ছিল যে, মুহূর্তেই খাদে পড়ে যায়। আমরা কয়েকজন ভ্যানে এ সড়ক দিয়ে যাবার সময় চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে।’

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি খাদে পড়ে যায় ও মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে এ ঘটনায় আহতের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাইক্রোবাসের বেপরোয়া গতিতেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।



সড়ক দুর্ঘটনায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় বাস চালক গ্রেফতার

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী মাইশা ফৌজিয়া মিম বাস চাপায় নিহতের ঘটনায় চালককে গ্রেফতারর করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে চালক জামিল হোসেনকে (২৭) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত জামিল হোসেন পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের হায়দার আলীর ছেলে এবং নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসের চালক।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসের চাপায় মাইশা ফৌজিয়া মিম প্রাণ হারান। মিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে সহপাঠীরা বাসটি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেন। পরদিন বৃহস্পতিবার ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শুক্রবারও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে পুনরায় বিক্ষোভ করেন। ঘটনাটি সমাধানের জন্য জেলা বাস মালিক সমিতির নেতারা আসতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে রাত ১০টার দিকে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বলে বন্দর থানার ওসি।




সাফজয়ী নারী ফুটবলারদের আজ সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

বরিশাল অফিস :: টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলকে আজ শনিবার (২ নভেম্বর) সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। সাফজয়ী দল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

এদিন দুপুরে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর অন্য আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে করে সাবিনাদের নেওয়া হয় মতিঝিলে বাফুফে ভবনে।

সন্ধ্যা সাতটায় সাবিনারা বাফুফে ভবনে পৌঁছান। পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাফজয়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন উপদেষ্টা।

পরে যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারীদের এক কোটি টাকা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা নারী দলের সঙ্গে সাক্ষাৎ করবে শনিবার। আমরা নারী ফুটবলের উন্নয়নের সঙ্গী হিসেবে রয়েছি।’




সাবেক প্রতিমন্ত্রী মুহিববুর রহমানের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী-৪ আসনের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মুহিববুর রহমানের বিরুদ্ধে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকায় তার ও তার পরিবারের নামে দুই শতাধিক একর জমি কেনা হয়েছে। এ ছাড়া সাগর ও বন বিভাগের জমি ইজারা, টিআর-কাবিখা প্রকল্প থেকে কমিশন গ্রহণ, টেন্ডার বাণিজ্য, বাজার ও খেয়াঘাট নিয়ন্ত্রণসহ বিভিন্ন উপায়ে সম্পদ অর্জন করেছেন তিনি।

মুহিবের স্ত্রীর নেতৃত্বে একটি সিন্ডিকেট গঠন করা হয়, যার মাধ্যমে নিয়োগ ও বদলি বাণিজ্য থেকে শুরু করে দালালি ও চাঁদাবাজির মতো কাজ করা হতো। জানা যায়, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় তিনি ও তার স্ত্রীর নামে প্রায় ৪৫ একর জমি কেনার দলিল পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, মুহিবের সমর্থকরা চাঁদাবাজি এবং জমি দখলের মতো কাজে লিপ্ত ছিলেন। স্থানীয়দের মতে, তার ক্ষমতার প্রভাবে এ অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এলাকাবাসীর ধারণা, সাবেক প্রতিমন্ত্রী মুহিব ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তার সহযোগী হিসেবে কাজ করতেন পিএ তরিকুল ইসলাম, যুবলীগ নেতা হুমায়ুন কবিরসহ আরও অনেকে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, মৎস্য বন্দরের চাঁদা ও টেন্ডার বাণিজ্য থেকে তার নেতৃত্বাধীন সিন্ডিকেট বিপুল অর্থ আয় করেছে বলে অভিযোগ রয়েছে।




বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্তে ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, জুলাই-আগস্টের বিপ্লবে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার কঠিন ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, এই ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক দলের নেতাদের সতর্ক থাকতে হবে, কারণ বিভক্ত জাতি রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১ নভেম্বর) কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর মতো দলের ওপর বিচারের নামে জুলুম চলতে দেওয়া উচিত নয়। তিনি আওয়ামী লীগকে অভিযুক্ত করে বলেন, তারা সাধারণ মানুষকে পশুর মতো হত্যা করেছে, এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যক্রমের ফলে অনেক মানুষ নিহত হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দখল করেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেখানে ৫৭ জন দেশপ্রেমিক সেনা সদস্য নিহত হন। এ হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করেছে।

গণমাধ্যমকে তিনি আহ্বান জানান যে, তারা যেন বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে, যাতে সমাজে সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। সাংবাদিকতা একটি মহান দায়িত্ব এবং জনগণের স্বার্থে সঠিক দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্বীনের পথে যারা থাকে, তারাই পরস্পর ভাই। আগামী দুই বছর দায়িত্বশীলদের জন্য কঠিন পরীক্ষা হবে, বিশেষ করে নির্বাচনের প্রেক্ষাপটে।

শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।




শ্রমিক দলনেতা হাসান মাহমুদ হত্যা মামলায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং পটুয়াখালী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানাকে গ্রেফতার করেছে। শুক্রবার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মামলার বাদী ফাতেমার স্বামী হাসান মাহমুদ বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি এবং পেশায় একজন সাংবাদিক ছিলেন। তিনি গত ৩১ জুলাই রাত দেড়টার দিকে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরেননি। তার স্ত্রী ফাতেমা অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পারেন, সাদা পোশাকে অস্ত্রধারী ৫০ থেকে ৬০ জন লোক তার স্বামীকে তুলে নিয়ে গেছে। পরবর্তীতে, তিনি জানতে পারেন তার স্বামী গোড়ান ছাপড়া মসজিদের সামনে রাস্তায় পড়ে আছেন। ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফাতেমা ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ৩০ আগস্ট খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্থানের পীর ইয়ামিন হোটেলের একটি কক্ষ থেকে জাকিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই নারী নেত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।




জনগণের রায়েই নির্ধারিত হবে আগামী সরকারের গঠন: হাসনাত আবদুল্লাহ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। তিনি বলেন, “পরবর্তীতে সরকারে কে আসবে, সেটা নির্ধারণ করবে দেশের জনগণ।” শুক্রবার (১ নভেম্বর) দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহিদ পরিবারের সদস্য ও ৪০ জন আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ যোগ করেন, “আপনারা যদি এমন কাউকে নির্বাচিত করেন যারা পূর্বের মতো ফ্যাসিবাদের প্রতিষ্ঠা করবে, তাহলে এর দায়ভার আপনাদের নিতে হবে।” তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “এখন আপনারাই সিদ্ধান্ত নিন, কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।”

তিনি শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব সরকারের বলে উল্লেখ করে বলেন, “আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না।”

দেবিদ্বার উপজেলা নিয়ে তিনি বলেন, “এখানে কোনভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না।” এছাড়া, দেবিদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার নির্মাণ এবং বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, “পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে।”

অন্যদিকে, বিকেলে “ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবিদ্বার” বিষয়ে জনগণের ভাবনা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার আমীর অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পারভেজ সরকার, জাতীয় গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, এবং ভিপি ময়নাল হোসেন প্রমুখ।




আলু-পেঁয়াজ ও চালের বাজারে উত্তাপ, সবজিতে কিছুটা স্বস্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের বাজারে আলু, পেঁয়াজ ও চালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে, আর পেঁয়াজের দাম ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, মজুদদারদের কারসাজির কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে। তারা জানান, সরকার নয়, বরং অসাধু ব্যবসায়ীরা বাজারকে নিয়ন্ত্রণ করছে।

বাজারে স্থিতিশীলতা যেন একটি অলীক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে আলু এবং পেঁয়াজের দাম বৃদ্ধি ক্রেতাদের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে। এক ভোক্তা জানিয়েছেন, “আগে যেখানে দুই কেজি পেঁয়াজ কিনতাম, এখন সেখানে এক কেজি কিনতে হচ্ছে।” বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণে তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সকল প্রকার চালের দামও বেড়েছে। খুচরা বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করে জানান, মিল মালিকদের কারসাজির কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে, শীতকালীন সবজির যোগান কিছুটা স্বস্তি দিয়েছে। কিছু সবজির দাম কমেছে এবং ডিম ও মুরগির দামও নিম্নমুখী হয়েছে। বিশেষ করে আদা, হলুদ এবং শুকনো মরিচের দামও কমেছে।

বর্তমান বাজার পরিস্থিতি ভোক্তাদের জন্য চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। সরকারের উচিত বাজারের নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যাতে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকে।




চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নিল সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সরকার দেশের বাজারে চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকার চাল আমদানির ওপর বিদ্যমান সকল শুল্ক এবং রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করেছে। ফলে, দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তা সাধারণের জন্য চাল সহজলভ্য করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

গত শুক্রবার (১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চালের ওপর ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এখন মোট শুল্ক-কর মাত্র ২ শতাংশ (অগ্রিম আয়কর) রাখা হয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

এই সিদ্ধান্তের ফলে, কৃষকদের উৎপাদিত চাল বাজারে আসার সুযোগ পাবে এবং বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। এনবিআরের পরিচালক সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে জানান, “সরবরাহ বৃদ্ধি করে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ের সীমার মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড চালের ওপর সমুদয় আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করেছে।”

সরকারের এই উদ্যোগের প্রেক্ষিতে, ২০ অক্টোবর প্রকাশিত একটি প্রজ্ঞাপনে আগে চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ এবং রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছিল। এরপর, শুক্রবারের ঘোষণার মাধ্যমে সরকার সমগ্র আমদানিতে শুল্ক ও কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল।

বিশেষজ্ঞরা বলছেন, সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, তা বাজারের স্বাভাবিক গতিশীলতা রক্ষা করবে এবং চালের দাম ক্রেতাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে। এটি দেশের কৃষি খাতকেও শক্তিশালী করবে এবং কৃষকদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে, ভোক্তা পর্যায়ে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং সাধারণ ক্রেতাদের জন্য চালের সুলভতা নিশ্চিত হবে।