ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ফলে ভূমির মালিকানা-সংক্রান্ত জটিলতা কমে আসবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের ফলে ভূমির মালিকানা-সংক্রান্ত জটিলতা, ভূমি নিয়ে বিরোধ, মারামারি, মামলা-মোকদ্দমা একেবারেই কমে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের আয়োজিত ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সারা দেশে এই কার্যক্রম শুরু করতে আমাদের সর্বমোট ৩৮৩ কোটি টাকা খরচ হচ্ছে এবং ২০২৬ সালের অক্টোবর মাসে এর কার্যক্রম শেষ হবে।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, আগের দিনে গ্রামে যখন সার্ভে করা হতো তখন মাপজোক ঠিক হওয়া নিয়ে কিংবা জমির পরিমাপ ঠিক থাকবে কিনা তা নিয়ে ভয় কাজ করতো। এই বিপত্তিগুলো সৃষ্টি হতো বলে গ্রামগঞ্জে অস্থিরতা তৈরি হতো। পাশাপাশি মারামারি, মামলা-মোকদ্দমা হতো। এর ফলে সমাজে বড় একটি অংশের মানুষ ভূমি জরিপ নিয়ে ধারণা না থাকার কারণে দিনের পর দিন ভোগান্তির মধ্যে পড়তো। এ থেকে পরিত্রাণ পেতে আমরা ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম শুরু করেছি।




নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর নতুন সংবিধান কার্যকর করবে অন্তর্বর্তী সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকার নতুন সংবিধান কার্যকর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য মাহফুজ আলম।

রোববার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কার কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কমিশনের প্রস্তাব পাওয়ার পর সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করবে সরকার। তাদের পরামর্শের ভিত্তিতে সুপারিশ কার্যকর করার উদ্যোগ নেয়া হবে। আর সেটা বর্তমান সরকারই কার্যকর করবে।

মাহফুজ আলম বলেন, আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই নতুন সংবিধান। সেটা কিন্তু এক দফার ঘোষণাতেই স্পষ্ট হয়ে গেছে। এমনকি এক দফার আন্দোলনের মধ্য দিয়ে পুরোনো পলিটিক্যাল সেটেলমেন্ট সম্পূর্ণ বাতিল হয়েছে।

এ সময় সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে সংবিধান প্রণয়নের সুযোগ নেই। জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাইলে নিঃসন্দেহে সংবিধানে চব্বিশের গণঅভ্যুত্থানের বিষয়টি রাখতে হবে। গণঅভ্যুত্থান না হলে এই কমিশন হতো না।

তিনি আরো বলেন, সংবিধানে থাকুক বা না থাকুক, নিঃসন্দেহে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পেছনে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন আছে। সেটা তো নিঃসন্দেহে ডকুমেন্টেড হতে হবে। এর বাইরে গিয়ে আমরা কিছুই করতে পারব না। আমি মনে করি, চব্বিশের গণমানুষের বিপ্লবকে ইতিহাসে লিপিবদ্ধ করা শুধু জরুরিই নয়, অনিবার্যও বটে।

সংবাদ সম্মেলনে সাংবিধানিক সংস্কারের ৭টি উদ্দেশ্যের কথা জানানো হয়। বলা হয়, দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রতিশ্রুত উদ্দেশ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আলোকে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা; ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো; রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়াও ভবিষ্যতে যেকোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান রোধ; রাষ্ট্রের তিনটি অঙ্গ-নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগের পৃথকীকরণ ও ক্ষমতার ভারসাম্য; রাষ্ট্র ক্ষমতা ও প্রতিষ্ঠানগুলোর বিকেন্দ্রীকরণ ও পর্যাপ্ত ক্ষমতায়ন; রাষ্ট্রীয়, সাংবিধানিক এবং আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর স্বাধীনতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।




জাতীয় ও জেলা পর্যায়ের ১৪ হাসপাতালের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের সই করা এক প্রজ্ঞাপনে, জাতীয় ও জেলা পর্যায়ের ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ ১৪ মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে গত ৩১ অক্টোবর ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববারের প্রজ্ঞাপনে যেসব হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো- ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজকে টাঙ্গাইল মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে।

ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন ট্রমা সেন্টারের নাম গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামে পরিবর্তন করা হয়েছে।

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে খুলনা বিশেষায়িত হাসপাতাল, কিশোরগঞ্জের কটিয়াদির বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রকে দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদি, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।




ট্রাম্পের মন্তব্য আমাদের অনেককে বিব্রত করেছে: ধর্ম উপদেষ্টা

ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) যে মন্তব্য করেছেন, ‘এটা আমাদের অনেককে বিব্রত করেছে। কারণ, আমরা এখানে (বাংলাদেশে) যাঁরা আছি, তাঁরা মনে করি, সকল ধর্মাবলম্বীদের রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক-সাংস্কৃতিক অধিকার স্বীকৃত। ফলে অন্য ধর্মাবলম্বীদের হয়রানি করা হচ্ছে, এমন ধরনের যে অভিযোগ আমরা শুনি, আমরা এ কথাগুলোর সঙ্গে একমত নই।’

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামিক সেন্টার আয়োজিত আজ রোববার বেলা ১১টার দিকে দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’–এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বাংলাদেশ হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতা ঘটনা ঘটেছে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন।

খালিদ হোসেন আরও বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, এ দেশের যাঁরা নাগরিক, নানা ধর্মাবলম্বী আছেন, প্রত্যেকের নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যবসায়িক অধিকার আছে। এটা সাংবিধানিক অধিকার। তাঁদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সাম্প্রতিক সময়ে তাঁদের পূজা–পার্বন উৎসবগুলো গেল, তাঁদের আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছি। তাঁদের কিছু দাবিদাওয়া আছে। এগুলো সরকারের বিবেচনায় আছে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি সহনশীলতা না থাকলে আমরা সুন্দর, বৈষম্যহীন সমাজ গড়তে পারব না। বিভেদ কমিয়ে পারস্পরিক সম্মান, সহিষ্ণুতা, সম্প্রীতির আবহ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব।’

দুই দিনব্যাপী ‘সুন্নাহ ফাউন্ডেশন কনফারেন্স বাংলাদেশ-২০২৪’ উদ্বোধনী অনুষ্ঠানে সুন্নাহ ফাউন্ডেশনের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মনজুরে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাসের ডেপুটি হেড অব মিশন জিয়াদ হামাদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শামছুল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান প্রমুখ।




সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করবে: মাহফুজ আলম

চন্দ্রদ্বীপ নিউজ ::সংবিধান সংস্কারে গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সংস্কার কমিশনের সুপারিশ কারা বাস্তবায়ন করবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আমাকে যদি ছাত্র প্রতিনিধি হিসেবে ধরেন, তাহলে আমি বলতে পারি অবশ্যই অবশ্যই এ সরকারই বাস্তবায়ন করবে। কেন করবে না?’

আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে সংবিধান সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমিটির সদস্য ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিশন প্রধান আলী রীয়াজ। পরে তিনি ও মাহফুজ আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ‘সংবিধানের বিষয়ে যে প্রশ্নটা এসেছে সেটা যেদিন এক দফা ঘোষণা হয়েছিল, ওই দিনই বাতিল হয়েছে। কারণ, সেখানে বলা হয়েছিল পুরোনো রাজনৈতিক সেটেলমেন্ট আমরা খারিজ করছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই হচ্ছে নতুন সংবিধান। ওই দিনই বলা হয়ে গেছে। ওইটা শুনেই বাংলাদেশের মানুষ আন্দোলনে নেমেছিল।’

তিনি বলেন, ‘আমরা অনির্বাচিত হতে পারি, কিন্তু আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। পুরো দুনিয়ার কোথায় শিক্ষার্থীরা সরাসরি সরকারে যায়নি, আন্দোলন করেছে সরকারে গেছে—এমন হয়নি। কিন্তু এটা (অন্তর্বর্তীকালীন সরকার) একটা এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি। এখানে সংসদ, নির্বাচন, নির্বাচিত শব্দগুলো খুবই দুর্বল কথাবার্তা। আমি জানি না এ সরকারের ক্ষেত্রে এগুলোর কী তাৎপর্য আছে।’

সংস্কার কমিশনের প্রস্তাব সরকার কীভাবে বাস্তবায়ন করবে, এমন প্রশ্নের জবাবে—মাহফুজ আলম বলেন, ‘কমিশন গঠনের সময় আমরা অধিকাংশ রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। কমিশন থেকে প্রস্তাব পাওয়ার পরেও তাদের আমন্ত্রণ জানানো হবে, তাদের সঙ্গে আলোচনা করে কার্যকর করা হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকবে।’

সংস্কার কমিশন স্বাধীনভাবে কাজ করবে জানিয়ে তিনি বলেন, তাদের কার্যক্রম চলার সময় যেন কোনো রাজনৈতিক চাপ না আসে, সে জন্য আলোচনায় না বসে তাদের কাছ থেকে লিখিত সুনির্দিষ্ট প্রস্তাবনা নেবে।সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন।




পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখতে বললেন প্রধান উপদেষ্টা

দেশের ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এনডিসি ও এফডব্লিউসি কোর্সের সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি একথা বলেন,প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশেষ করে তরুণদের মনস্থির করতে, চিন্তা করতে ও স্বপ্ন দেখতে উৎসাহিত করি। স্বপ্ন হল পরিবর্তনের সূচনা। স্বপ্ন দেখলে পরিবর্তন হবে। আপনি যদি স্বপ্ন না দেখেন তবে এটি কখনোই হবে না।

তরুণদের দিকে ইঙ্গিত করে অধ্যাপক ইউনূস বলেন, নিজেকে প্রশ্ন করুন আমি বিশ্বের জন্য কী করতে পারি? একবার আপনি কী করতে চান তা বুঝতে পারলে আপনি তা করতে পারবেন, কারণ আপনার সেই ক্ষমতা রয়েছে।

তিনি বলেন, বিশ্বের তরুণ প্রজন্ম এখন সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। তারা যথেষ্ট স্মার্ট হওয়ার কারণে নয় বরং তাদের হাতে প্রচুর প্রযুক্তি রয়েছে বলে।

প্রযুক্তিকে আলাদিনের চেরাগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আপনি যদি ছাত্র বিপ্লবের দিকে তাকান, তবে এটি প্রযুক্তির বিষয়। তারা একে অপরের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারত। তাদের কোন কমান্ড কাঠামো ছিল না।

ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব সম্পর্কে তিনি বলেন, দেশের তরুণ যুবকরা একটি নতুন বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, তরুণরা রাজনীতিবিদ নয় এবং কোনো রাজনৈতিক স্বার্ধ হাসিলের চেষ্টাও তারা করছে না। তবে তারা নিজেদের জন্য একটি নতুন দেশ চায়।

বিশ্ব শান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ সময়, মানুষ শান্তির নামে একে অপরকে হত্যা করে। তিনি বলেন, ‘…কিন্তু আমরা প্রতিদিন, আমাদের সমস্ত উচ্চারণ ও আমাদের সমস্ত দর্শনে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করি। আমরা শান্তি চাই। দেশের ভেতরে .শান্তি, সব দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি।

অধ্যাপক ইউনূস বলেন, তার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয় যে বিশ্বের প্রতিটি সরকারেরই একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, যা আক্ষরিক অর্থে এটি যুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু কোনো শান্তি মন্ত্রণালয় নেই। তিনি প্রশ্ন করেন, যদি আপনার লক্ষ্য শান্তি হয়, তাহলে আপনার কি শান্তি মন্ত্রণালয় থাকা উচিত নয়?

তিনি প্রতিরক্ষা অ্যাটাশেসহ বৈদেশিক সম্পর্কে শান্তি অ্যাটাশে প্রবর্তনের পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বলেন, এটি আত্ম-ধ্বংসাত্মক গ্রহ। কেননা ‘আমরা শুধুমাত্র নিজেদের হত্যা করার জন্য প্রস্তুত সবকিছু করেছি।

উদাহরণ দিয়ে তিনি বলেন, মানুষ গ্রহ ধ্বংস করতে পরিবেশ ধ্বংস করছে। প্রতিদিন মানুষ গ্রহকে ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি ভুল সভ্যতা তৈরি করেছি – আত্মবিধ্বংসী সভ্যতা।




পটুয়াখালীতে ডাবল হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর সদর উপজেলার বহালগাছিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হয়েছে। চলতি বছরের জুলাই মাসে সংঘটিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ আলি হেসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি ঘটনার দায় স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাত থেকে ২১ জুলাই সকাল পর্যন্ত সময়ে অজ্ঞাতনামা আসামিরা বৃদ্ধ দম্পতি আশরাফ আলী হাওলাদার (৭৭) এবং তার স্ত্রী হোসনে আরা বেগমকে (৭০) তাদের নিজ বাড়িতে নির্মমভাবে হত্যা করে। গ্রেফতারকৃত আলি হেসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি তার ইজিবাইক নিয়ে সঙ্গীসহ চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে প্রবেশ করেন। গৃহকর্ত্রী টের পেলে তাকে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করা হয়, এরপর তার স্বামী প্রবেশ করলে তাকেও হত্যা করা হয়।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে এবং গোয়েন্দা টিমের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে ১ নভেম্বর টাউন বহালগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আলি হেসেনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের পর আলি হেসেন ২ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ নিশ্চিত করেছে যে, এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ষড়যন্ত্র বা মদদদাতা আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 




বরিশালে নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে ৬৩০ জেলের কারাদণ্ড

বরিশাল অফিস :: বরিশাল বিভাগের নদ-নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ২১ দিনে ৬৩০ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৩০ লাখ ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৩ হাজার ২১২টি অভিযান এবং ১ হাজার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছাড়া ১ হাজার ৪৯টি মামলা দায়ের করা হয়।

এই সময়ে বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কর্মকর্তারা ৫৮৪ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৪ হাজার ২৮১ বার মাছঘাট, ৭ হাজার ৯৬৭ বার আড়ত এবং ৪ হাজার ৬৯৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

অভিযান চলাকালে ২০ দিনে ১৭ হাজার ৭৩১ কেজি ইলিশ এবং ১ কোটি ৩ লাখ ২৭ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ৩০০ টাকা। এছাড়া নৌকাসহ জব্দকৃত সরঞ্জাম নিলামে বিক্রি করে ৬ লাখ ৭১ হাজার ৪০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ১৩ অক্টোবর থেকে ২২ দিনের জন্য উপকূলের ৭ হাজার বর্গকিলোমিটার এলাকা সহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০টি জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫.৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

 




কাঁঠালিয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

চন্দ্রদ্বীপ নিউজ :: ঝালকাঠির কাঁঠালিয়ায় পুর্ব শক্রতার জেরে নাজমুল হোসেন রাব্বি নামের এক ছাত্রদলের নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার (২ নভেম্বর) রাত সারে ৯টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ২৩ নং ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত রাব্বিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নাজমুল হোসেন রাব্বি উপজেলার ঝোড়খালী গ্রামের মো.জাহাঙ্গির বেপারীর ছেলে ও ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহসভাপতি।

আহত নাজমুল হোসন রাব্বি জানান, শনিবার রাত সারে ৯টার দিকে দুই বন্ধুকে নিয়ে আমুয়ার তালতলা বাজারের মেলা দেখে বাড়ী ফিরছিল। ঝোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসার পর পুর্ব শক্রতার জেরে মটর সাইকেল থামিয়ে তাকে কুপিয়ে জখম করে রায়হান, জুয়েল, সুমন, রিপন, সবুর, জাকির ও মারুফ। এতে রাব্বির দুই বন্ধু শাওন ও মনির আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকর করে রায়হান জমাদ্দার জানান, রাব্বির সাথে তার দ্বন্দ্ব চলছে। ঘটনার সময় তাকে মটর সাইকেল থামাতে বলা হয়। সে না থামিয়ে সজোরে টান দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মেহরাজ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ওপর পড়ে। এসময় টিনে রাব্বির মাথার পিছনের অংশ কেটে যায়।

কাঁঠালিয়া থানার ওসি মংচেনলা জানান, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




দ্রুতই শ্বেতপত্র সরকারের হাতে তুলে দেয়া হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

চন্দ্রদ্বীপ নিউজ :: দ্রুতই আর্থিক খাত নিয়ে শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে জানিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার সিদ্ধান্ত নেবে এটি নিয়ে কী করা হবে।

রোববার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে একনেক সম্মেলন কক্ষে আয়োজিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সচিবরা স্বাধীনভাবে কাজ করতে চান জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সচিব ও জ্যেষ্ঠ সচিবরা জানিয়েছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসন রাজনৈতিকভাবে জিম্মি ছিল। অর্থ লুটপাটের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নেও রাজনৈতিক প্রভাব ছিল বলে তারা অভিযোগ করেছেন। এখন তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ দাবি করেছেন।

প্রকল্প নেওয়ার আগেই জমি কেনার অনিয়ম পাওয়া গেছে, প্রকল্পের দরকারি যন্ত্রপাতি কিনতে দুর্নীতি করা হয়েছে, ঠিকাদার নিয়োগেও অনিয়ম করা হয়েছে, বলেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দুর্বলতা কাটানো দরকার জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা ও চলমান সংস্কার কাজ ঠিক মতো হলে জবাবদিহি নিশ্চিত হবে।