তিন দফা দাবি নিয়ে আন্দোলনে বিএম কলেজের শিক্ষার্থীরা

বরিশাল অফিস :: তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে মানববন্ধন করেন তারা।

ব্রজমোহন কলেজের সেশনজট নিরসন, উত্তরপত্রের সঠিক মূল্যায়ন ও ব্রজমোহন কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান করার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলকারী শিক্ষার্থী শুভ বলেন, নানান অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের শিক্ষা জীবন পার করছি। বিএম কলেজে সেশনজটে হাজার হাজার শিক্ষার্থীর চাকরির বয়স শেষ হয়ে যায়। তার ওপর উত্তরপত্রের অবমূল্যায়ন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় আমাদের ছোট করে দেখা হয়। এসব বৈষম্য থেকে আমরা পরিত্রাণ চাই।

সাকিবুল হৃদয় নামে আরেক শিক্ষার্থী বলেন, ব্রজমোহন কলেজ কারো অধীনে না রেখে স্বতন্ত্র করে দেওয়ার দাবি জানাই। এই কলেজের ঐতিহ্য আছে, স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে চলার সক্ষমতা আছে। কিন্তু সঠিকভাবে মূল্যায়ন না করে আমাদের অধীনস্ত করে রাখা হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে আমাদের কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হোক।

 




গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার, পাচারকারীকে এক বছরের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযানে ১৭টি কাছিম উদ্ধার করা হয়েছে এবং এক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার সকালে বন বিভাগের উদ্যোগে এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা বন বিভাগের কর্মকর্তা বিএম মো. নাইম হোসেন খাঁন এবং পরিবেশ সংগঠন Animal Lovers of Patuakhali (ALP)-এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল। গলাচিপা রেঞ্জ অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এবং বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযানটি পরিচালিত হয়।

উদ্ধারের পর স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছিম রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক পাচারকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করে।

উদ্ধারকৃত কাছিমগুলো পরবর্তীতে বন বিভাগের সদস্য, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশবাদী সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।

পটুয়াখালী বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে এবং পাচার প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।




বরিশাল কলেজের মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বরিশাল অফিস :: ঐতিহ্যবাহী সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ রক্ষা এবং ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে একটিমহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

বিক্ষোভে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শাহ সাজেদা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী। বক্তৃতা প্রদান করেন বরিশাল এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশন (বেলা) বরিশাল শাখার সমন্বয়ক লিংকন বায়েন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, মহিলা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল শাখার সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার, শুভ সংগঠনের আহ্বায়ক মোসা: নীলা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক তুষার সেন এবং সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী শিবানী শিকদার।

বক্তারা জানান, সরকারি বরিশাল কলেজের পূর্বপাশে পর্যাপ্ত বিকল্প জমি থাকলেও কর্তৃপক্ষ কলেজের একমাত্র খেলার মাঠটি নষ্ট করে ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। তারা উল্লেখ করেন যে, ২০০০ সালের খেলার মাঠ ও জলাধার সংরক্ষণ আইনে খেলার মাঠের শ্রেণী পরিবর্তন বা মাঠ ভাড়া দেয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই মাঠে কলেজ শিক্ষার্থীসহ এলাকার শিশু-কিশোররা নিয়মিত খেলাধুলা করে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য মাঠের অভাবে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে জায়গা বের করা হয়েছিল। জুলাই মাসে প্রশাসনের সাথে বৈঠকে বিকল্প স্থানে ভবন নির্মাণের সিদ্ধান্ত হলেও, বর্তমানে আবারো মাঠে নির্মাণ কাজ শুরু হয়েছে।

বক্তারা কলেজ কর্তৃপক্ষকে অবিলম্বে এই পরিকল্পনা থেকে সরে এসে মাঠ সংরক্ষণে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।




পটুয়াখালীর মাছ বাজারে প্রাণচাঞ্চল্য, সরবরাহে স্বস্তি

পটুয়াখালী প্রতিনিধি:: ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর পটুয়াখালীর মাছ বাজারে স্বাভাবিক সরবরাহ ফিরে এসেছে। দীর্ঘদিনের এই অবরোধের কারণে মাছের বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গিয়েছিল। তবে অবরোধ শেষে ফের ট্রলারগুলো সমুদ্রে যাত্রা শুরু করেছে এবং নদীতেও মাছ ধরা শুরু হওয়ায় বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং দামও কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাছের সরবরাহ দেখা গেছে। ইলিশ, চিংড়ি, পাঙ্গাস, রুইসহ নানা প্রজাতির মাছের উপস্থিতি ক্রেতাদের মধ্যে আনন্দ তৈরি করেছে। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধির ফলে দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে এসেছে বলে জানান তারা।

বর্তমানে বাজারে ইলিশের দাম প্রতি কেজি ৪৫০ থেকে ১৪০০ টাকা, দেশি চিংড়ি ৬০০ থেকে ১০০০ টাকা, পাঙ্গাস ২৫০ থেকে ৪০০ টাকা এবং রুই ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাদা মির্শা মাছের দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।

মাছ ব্যবসায়ী দুলাল হাওলাদার বলেন, “অবরোধের সময় মাছের দাম অনেক বেড়ে গিয়েছিল। সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম এখন ক্রেতাদের সামর্থ্যের মধ্যে এসেছে। ইলিশের দামও ৪৫০ থেকে ১৪০০ টাকার মধ্যে রয়েছে, যা অবরোধের সময় ১৫০০ টাকার ওপরে ছিল।”

আরেক ব্যবসায়ী জব্বার ফকির জানান, “বর্তমানে বাজারে নদী ও চাষের মাছ আসছে। গভীর সাগরের মাছ ফিরলে আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে এবং দাম কমার সম্ভাবনা রয়েছে।”

মাছ কিনতে আসা ক্রেতা হাসান কবির জানান, “অবরোধের কারণে মাছের দাম অনেক বেড়ে গিয়েছিল। এখন মাছের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় স্বস্তি পাচ্ছি।”

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “অবরোধের ফলে মাছের প্রজনন ও সংখ্যা বৃদ্ধি পায়, যা পরিবেশ ও প্রজনন সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখে। অবরোধ শেষ হওয়ার পর বাজারে ভালো মাছ পাওয়া যাচ্ছে, যা ক্রেতাদের জন্যও উপকারী।”




কুয়াকাটায় দোকানের দেয়াল ধসে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় একটি দোকানের পুরনো দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটার কেরানীপাড়া এলাকায় রাখাইন মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে একজন নবীনপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) এবং অন্যজন হাকিম আলীর ছেলে কামাল (৪০)। জানা গেছে, তারা দোকানের পুরনো সাটার খুলে নতুন সাটার লাগানোর কাজ করছিলেন। হঠাৎ করে দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।

মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. নোমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১৬৮২ মামলা, জরিমানা আদায় ৬৩ লাখ

চন্দ্রদ্বীপ নিউজ::রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামাসহ বিভিন্ন কারনে সৃষ্ঠ দীর্ঘ দিনের যানজটে অতিষ্ঠ নগড়বাসী। ফলে যানজটের নিরসন ঘটিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র সবগুলো ট্রাফিক বিভাগ।

এরই মধ্যে রাজধানী ঢাকার যানজট নিরসনের সমাধান খুঁজতে পুলিশ ও দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

গত এক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৮২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব মামলায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল রোববার (০৩নভেম্বর) এক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৮২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ১৬৮২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ২১৫ টি গাড়ি ডাম্পিং ও ৪৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এদিকে এর আগে গত ১৬ সেপ্টেম্বর সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে রাজধানী ঢাকার যানজট নিরসনের সমাধান খুঁজতে পুলিশ ও দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু ঘরোয়া সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। তাদের স্থানীয় দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়। ট্রাফিক সমস্যার কিছু দ্রুত ও কার্যকর সমাধান খুঁজে বের করতে ডিএমপিকেও নির্দেশ দেওয়া হয়েছে।

বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটে প্রতিবছর দেশের অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করার পর ট্রাফিক পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে।

বৈঠকে আরও বক্তব্য দেন- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মো. হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।




নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয়, তবে জনগণ সংস্কার চায়’

চন্দ্রদ্বীপ নিউজ::নির্বাচন নিয়ে বিএনপির দাবি অমূলক নয় বলে মন্তব্য করে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তবে জনগণ আগে সংস্কার চায়।

সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়ান হেলথ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক দল বা যে কেউ নির্বাচন নিয়ে কথা বলতে পারে। তবে নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। এখনও কিছু কিছু জায়গায় ফ্যাসিবাদের ভিত্তিমূল থেকে গেছে, যারা বিভিন্ন কর্মকাণ্ডে অস্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ নিয়ে প্রশ্নে উপদেষ্টা বলেন, সরকার সাংস্কৃতিক অঙ্গনে বাধা সমর্থন করে না। এসময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সেন্টমার্টিন এবং পর্যটন শিল্প একসাথে রক্ষা করতে চায়।

অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন রক্ষা ও পর্যটন একইসঙ্গে সমন্বয় করছে সরকার। সেন্টমার্টিনে নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। আর ডিসেম্বর ও জানুয়ারিতে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন।

বন্যপ্রাণীর অধিকার নিয়ে তিনি বলেন, শুধু মানবাধিকার নিয়ে কথা নয়, বন্যপ্রাণীর অধিকার নিয়েও সচেতন হতে হবে। পরিবেশ ও বন্যপ্রাণী সম্পর্কে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

বর্তমানে হাতি চলাচলের পথ যে অবস্থায় আছে তা খুবই অ্যালার্মিং বলেও উল্লেখ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা।




বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি

চন্দ্রদ্বীপ নিউজ::আগামী ৩১ জানুয়ারি গাজীপুরের টঙ্গীতে শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি শেষ হবে।

সোমবার (৪ নভেম্বর) তাবলীগ জামাতের দুই গ্রুপকে (জুবায়ের ও সাদ) নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার সূচি ও অন্য বিষয়ে মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক সভায় এই তথ্য জানান তিনি।

তবে কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতি বছরই বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জমায়েত হিসেবে পরিচিত। লাখ লাখ মুসলিম ইবাদত-বন্দেগি, দোয়া এবং ধর্মীয় আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হন। বিশ্ব ইজতেমার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বছর ইজতেমাকে দুই দফায় বিভক্ত করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুবিধার জন্য বিশেষভাবে সহায়ক হবে।

ইজতেমার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে, এ বিশাল ধর্মীয় জমায়েত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এদিকে ৫৮তম বিশ্ব ইজতেমাকে সামনে রেখে ঢাকার টঙ্গী ময়দানের পাশে টিনশেডে ২৮ নভেম্বর শুরু হবে তাবলিগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমা।




গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে পুলিশ গ্রেফতার করেছে। রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনের স্টুডিও, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেলসহ কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট করা হয়। ভবনের বাইরের গ্লাস ভেঙে ভেতরের যন্ত্রাংশ বাইরে ফেলে দেওয়া হয় এবং সামনে আগুন জ্বালানো হয়।

গানবাংলায় দেশের প্রায় সব জনপ্রিয় সংগীতশিল্পীকে গাইতে দেখা গেছে। এছাড়াও সরকারি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন তাপস। অনেকেই ধারণা করছেন, সরকারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বিক্ষুব্ধ জনতা চ্যানেলটিতে হামলা চালায়।

 




সাবেক সচিবের বাসায় মিলল কোটি টাকা, ১১ আইফোন

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উত্তরার-১১ নম্বর সেক্টরে আমজাদ হোসেনের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তাদের বাসা থেকে ১ কোটি ৯ লাখ টাকা ও ১১টি আইফোন জব্দ করা হয়।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, আমজাদ হোসেনের বাসায় ৩ ঘণ্টা অভিযান চালিয়ে বাড়িটির চার, পাঁচ ও ছয় তলার ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ টাকা, বেশ কিছু বিভিন্ন বৈদেশিক মুদ্রা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করে যৌথবাহিনীএ সময় আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান আবু সাইদ।২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন আমজাদ হোসেন খান। তার বাড়ি গাজীপুর সদরে।