বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল: তারেক রহমান

চন্দ্রদ্বীপ নিউজ :: বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজ অনেকই সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব আমরাই দিয়েছিলাম।

এসময় তিনি বলেন, ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির সিনিয়র নেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে। জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেত্মাতারা রয়ে গেছে, তাই দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে।

এ সময় রাজনীতিতে তরিকুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, এমন একজন মানুষ হারিয়েছি বলেই হয়তো আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত হয়েছি। দেশ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন তিনি




সাকিবের চোখে ‘দুর্ভাগা’ ক্রিকেটার নাসির, সাব্বির, ইমরুল

চন্দ্রদ্বীপ নিউজ ::  সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার আটকে গেছে হঠাৎ করেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারলেন না, আফগানিস্তান সিরিজ থেকে সরেই দাঁড়ালেন।

তবে এ সময়টা সাকিব দিচ্ছেন আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সকে। সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বললেন বাংলাদেশের দুর্ভাগা কিছু মানুষকে নিয়ে। প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে এমন ক্রিকেটার কারা? তার জবাবে সাকিব বলেন, ‘নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস—এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক…। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। এ রকম অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন—আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারত।’

কেন দুর্ভাগা, সেটার জবাবও সাকিব দিলেন। বললেন, ‘সব খেলোয়াড় সমান সুযোগ পায় না। কেউ বেশি, কেউ কম। আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে, তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে আসলে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে একরকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।’

এমন কিছু হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বিশ্বাস তার। সাকিবের কথা, ‘আপনার দল, আপনি দল চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে মনে হয় হবে না। আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। এটা ভুল কিছু না।’

তবে সুযোগ যখনই আসবে, সেটাতেই মেলে ধরতে হবে নিজেকে, অভিমত সাকিবের, ‘যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি সুযোগ পাবে। যে কম পাচ্ছে, তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’




বাংলাদেশের চেয়ে যেখানে এগিয়ে আফগানিস্তান

চন্দ্রদ্বীপ নিউজ :: ফর্ম ভালো। কন্ডিশন এবং মাঠের সঙ্গে পরিচয়-সখ্য সবকিছুই তাদের একটু বাড়তি। দলটা আফগানিস্তান।

মাঠের বাইরে বিতর্ক। সাম্প্রতিক ফল চরম বাজে। অধিনায়ক অনাগ্রহী। বোর্ডও কিছুটা এলোমেলো। দলটা বাংলাদেশ। দু’দল ঠিক এই পরিস্থিতিতে বুধবার (৬ নভেম্বর) বিকেলে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে। ভেন্যু শারজাহ। খেলা হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের। আফগানিস্তান এই সিরিজের হোস্ট। বাংলাদেশ মেহমান। সিরিজ শুরুর আগে উপরে বর্ণিত এই পরিস্থিতির সার্বিক ব্যাখ্যা দাড় করালে আপনি নিশ্চিন্তে বলতে পারেন- অ্যাডভান্টেজ আফগানিস্তান ।

আফগানিস্তান এই সিরিজে খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকাকে হারানোর বিশাল আত্মবিশ্বাসকে সঙ্গী করে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো তারা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। সেটাও আবার খুব বেশিদিন আগে নয়। মাত্রই এই সেপ্টেম্বরে। তাও আবার কোথায়, এই শারজায়! দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব হলে বাংলাদেশকে কেন নয়- এমন আত্মবিশ্বাস নিয়ে বুধবার প্রথম ওয়ানডেতে টস করতে নামছে আফগানিস্তান।

ঠিক অন্যদিকে বাংলাদেশ শেষ দুটি টেস্ট সিরিজে যে দুর্বল বা ভাঙ্গাচোরা পারফরমেন্স দেখিয়েছে তাতে আত্মবিশ্বাস খুঁজে পাওয়াটাই এখন এই দলের জন্য সবচেয়ে বড় সঙ্কট। ভারতের মাটিতে ধবল ধোলাইয়ের পর নিজে মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বাংলাদেশ খেলল নেতিয়ে পড়া ক্রিকেট। টানা চার ম্যাচে ন্যূনতম প্রতিরোধ নেই। লড়াই নেই। একপেশে ভঙ্গিতে বড় ব্যবধানে হার। এক থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাটারদের একযোগে ফর্মহীন হয়ে পড়া একটা দলের কাছ থেকে আফগান সিরিজে বড়কিছু মিলবে কি-সেই প্রশ্নটা উঠতেই পারে।

শারজার মাটি আফগানিস্তানের জন্য হাতের তালুর মতো চেনা। শারজার নামের সঙ্গে বাংলাদেশ অপরিচিত না হলেও এই মাঠে ওয়ানডে খেলতে নামছে ২৯ বছর পর! এই হিসেব জানাচ্ছে বর্তমান বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়ের এই মাঠে ওয়ানডে খেলার অভিজ্ঞতা নেই! শেষবার এই ভেন্যুতে বাংলাদেশ ওয়ানডে ম্যাচ খেলেছিল ২৯ বছর আগে, ১৯৯৫ সালে। তখন বর্তমান বাংলাদেশ দলের অনেক খেলোয়াড়ের জন্মও হয়নি! হ্যাঁ, বলতে পারেন এই মাঠে তো এই দলের টি- টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ঠিকই। তা রয়েছে। তবে সেখানেও বিপত্তি আবার কম নয়। শেষবার এই মাঠে বাংলাদেশ যে টি- টোয়েন্টি খেলেছে তাতে প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। হ্যাঁ, ঠিক ধরেছেন আপনি, সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল। ২০২২ সালের এশিয়া কাপের সেই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান ৭ উইকেটের জয় পেয়েছিল।

আর তাই শুধু বর্তমান নয়, অতীতের সুখস্মৃতিকেও সঙ্গী করে এবারের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। তাহলে কোথাও কি বাংলাদেশ এগিয়ে নেই? আছে। দু’দলের মুখোমুখি ১৬ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচে আফগানিস্তান ৬টিতে। এটুকুতেই এগিয়ে থাকার সুখ নিয়ে শারজায় বুধবার ওয়ানডে সিরিজে লড়তে নামছে বাংলাদেশ। সিরিজ জেতার জন্য এটুকু এগিয়ে থাকা কতটুকু এগিয়ে নেবে বাংলাদেশকে। ১১ নভেম্বরের জন্য উত্তরটা তোলা রইলো। সেদিনই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। শুরুর দুটি লড়াই ৬ ও ৯ নভেম্বর।




চরফ্যাশনে পানিতে ডুবে শিশুসহ ২ জনের মৃত্যু

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) পৃথক স্থানে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানাসূত্রে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়িতে ফজরের নামাজ শেষ করে রাস্তায় হাঁটতে বের হয়ে পানিতে ডুবে মো. ছিদ্দিক (৬৯) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত ব্যক্তি দুলারহাট থানা এলাকার আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মৃত মতলব মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

একই উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পানিতে ডুবে তানজিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবার নাম কালাম উদ্দিন আজাদ। বাড়ির উঠানে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বার্তা২৪কম-কে জানিয়েছেন, মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। বিনা ময়নাতদন্তে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম চলছে।




জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন দিতে চান: মির্জা আব্বাস

চন্দ্রদ্বীপ নিউজ ::  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নেই, জাতিকে সুস্পষ্ট করে জানান কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দেবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবেন? এটা ভাবার কোনো কারণ নেই।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের পরিস্থিতি কিন্তু একটু ঘোলাটে, আমার ধারণা এ পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, আজকের এই সরকার জাতিকে আশার আলো দেখাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কিছু করবেন না, যেন জাতি আপনার প্রতি বিশ্বাস হারায়।

বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে সরকারের এমন মন্তব্যের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, আমরা যদি বলি আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, ‘জাতিকে বিভক্ত রেখে কোনো উন্নয়ন হয় না’। আমরাও বলছি, জাতিকে বিভক্ত করে দেশে উন্নয়ন সম্ভব না।




নাজিরপুরে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগ নেতাকর্মীদের নামে মামলা

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন ও তার মেজো ভাই বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুলসহ ৪০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. বেলায়েত হোসেন মাঝি বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. আল-আমীন হোসেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মো. শান্ত ইসলাম শোভনসহ ৪০ জনের নাম উল্লেখ করে ১২০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। অভিযুক্তরা ওই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর উপজেলা সদরের শহীদ জিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে পিস্তল, পাইপগান সহ আগ্নেয় অস্ত্র দিয়ে গুলিসহ হামলা করে। এসময় অনেকেই আহত হন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফদি বলেন, বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির দলীয় কার্যালয ভাঙচুরের অভিযোগ করে উপজেলার দীর্ঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল কবির বাদী হয়ে আদারতে একটি মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিলে তারা মামলাটি ভিত্তিহীন হিসেবে প্রতিবেদন দাখিল করেন।




ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রাপাতে নিহত ২

বরিশাল অফিস :: ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬নং ওয়ার্ড ও এওয়াজপুর ৩নং ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- এওয়াজপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে হঠাৎ ঝড়বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রঘাতে আহত হন। গুরুত্বর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একই সময় চর ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে মো. শিহাব মাইনুদ্দিন ঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রঘাতে গুরুত্বর আহত হন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




কর্মসংস্থান প্রশ্নের বাস্তব হালনাগাদ

চন্দ্রদ্বীপ নিউজ::বাংলাদেশে আমরা এমন একটা সময়ে ও বাস্তবতায় দাঁড়িয়ে কর্মসংস্থান প্রসঙ্গ বিবেচনা করছি, যেখানে আমাদের কিছু অনিবার্য প্রশ্ন করতেই হবে। কারণ, অনেকের কাছেই এখন কর্মসংস্থান প্রশ্ন ধাঁধা আকারে হাজির হয়েছে। বিগত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদী রেজিমের অর্থনীতিকেন্দ্রিক যেসব তথাকথিত মহাবয়ান—

যেমন প্রবৃদ্ধি, উন্নয়ন, রপ্তানি আয়, ‘ডিজিটাল’ বাংলাদেশের প্রযুক্তি-নিবিড় শিক্ষা ইত্যাদির মধ্যে আদতে কর্মসংস্থান প্রশ্নের কোনো সুরাহা হয়েছে কি না। যাবতীয় সামষ্টিক মহাবয়ানের মধ্যে থেকে আমরা কি আমাদের শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ সরবরাহযোগ্য করতে পেরেছি? সে ক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশনের তোড়জোড়, চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার গুঞ্জন কি কেবলই রাজনৈতিক ভোজবাজি ও বৈধতা উৎপাদনের উপাদান ছিল? এসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের দরকার ওই মহাবয়ানগুলোর রাজনৈতিক অর্থনীতি তালাশ করা। এ জন্য এই রচনাকে পরিসংখ্যান দিয়ে বোঝাই করা আমার উদ্দেশ্য নয়।

বাংলাদেশে কর্মসংস্থানের পুরো ক্ষেত্র অনেক বেশি সংকুচিত। কয়েকটা প্রচলিত খাতের মধ্যেই সব চাকরি সীমাবদ্ধ। এর মধ্যে আবার সিংহভাগই অপ্রাতিষ্ঠানিক। যেমন তুলনামূলকভাবে কর্মসংস্থানের বড় কয়েকটি খাত হচ্ছে সরকারি চাকরি, কৃষি, সেবা, ভোগ্যদ্রব্য উৎপাদন, তৈরি পোশাক, অভিবাসন, মজুরিভিত্তিক শ্রম ইত্যাদি। কিন্তু এ ছাড়া বেশ কিছু সম্ভাবনাময় খাত রয়েছে, যেখানে শ্রমপ্রবাহ পর্যাপ্ত নয়। উল্লেখ্য, যে বৃহৎ জনশক্তি প্রচলিত খাতগুলোয় নিয়োজিত, ব্যতিক্রম বাদ দিলে সে খাতগুলোও দক্ষতানির্ভর নয়। ফলে দেশের বিপুল জনশক্তি অদক্ষ থেকে গেছে।

লক্ষণীয়, বাংলাদেশের কর্মসংস্থানের খাতগুলোয় বৈচিত্র্য আনার মাধ্যমে বিস্তৃত করা এবং সেগুলোয় শ্রমপ্রবাহ ত্বরান্বিত করা সম্ভব না হওয়ার পেছনে বেশ কিছু পরস্পর আন্তসম্পর্কিত কারণ রয়েছে। মোটাদাগে দেশীয় ও বৈদেশিক বিনিয়োগের অভাব, খাতে বিদ্যমান অপ্রাতিষ্ঠানিকতা, প্রতিকূল ব্যবসায় পরিমণ্ডল, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বিকাশের অভাব, অদক্ষ শ্রমপ্রবাহ, সরকারি চাকরির প্রতি অস্বাভাবিক ঝোঁক ইত্যাদি। প্রাতিষ্ঠানিক গুণগত মান, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপস্থিতি ইত্যাদি রাজনৈতিক পূর্বশর্ত ছাড়াও বৈদেশিক বিনিয়োগ আহরণের ক্ষেত্রে অভ্যন্তরীণ বাণিজ্যিক কাঠামো, ব্যাংকিং ও আর্থিক খাতের নির্ভরযোগ্যতা, অপ্রাতিষ্ঠানিকতা, প্রতিকূল ব্যবসায় পরিমণ্ডল অন্যতম অন্তরায়। পাশাপাশি অদক্ষ শ্রমপ্রবাহও বিনিয়োগকারীদের বহুলাংশে নিরুৎসাহিত করে। আমরা দেখতে পাচ্ছি, বাস্তবিক প্রতিবন্ধকতার প্রায় সব শর্তই আমাদের বেলায় খাটে। তবে অর্থনীতির আওতার বাইরে গিয়ে কর্মসংস্থানের সমস্যা ও চাকরিপ্রার্থী তরুণ জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক দিক এবং আমাদের সার্বিক শিক্ষাব্যবস্থার দর্শনের মৌলিক ও নীতিগত গলদের পটভূমি আরও তলিয়ে দেখা দরকার।




পায়রা বন্দরের কৃষি জমি মালিকদের চাষের সুযোগ চেয়ে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে অধিগ্রহণকৃত অব্যবহৃত কৃষি জমি ইজারা না দিয়ে স্থানীয় মালিকদের নিজেদের জমিতে চাষাবাদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানীয় বাসিন্দারা নিজেদের কৃষি জমি ফেরত পেতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, সজল বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, ইব্রাহিম সাউগারসহ আরও অনেকে। তারা জানান, অধিগ্রহণের পরও অনেক জমির মালিক ক্ষতিপূরণের অর্থ পাননি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা এসব জমি চাষ করেই জীবিকা নির্বাহ করেন, এবং এই জমিগুলোই তাদের আয়ের প্রধান উৎস। অধিগ্রহণের পর থেকে বন্দর কর্তৃপক্ষের ইজারার সিদ্ধান্তে তাদের জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন যে, বন্দরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিগুলোতে ইজারার পরিবর্তে বাইরের ব্যক্তিদের কাছে দেওয়ার পাঁয়তারা চলছে। এর ফলে স্থানীয় কৃষকদের আয়ের উৎস বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জমিগুলোতে তাদের চাষাবাদ করতে না দিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।




বাউফলে দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির এক শিক্ষার্থী আয়েশা আক্তার মুক্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সূর্যমনি গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার বাবা বিআরটিসির বাসচালক। তার বড় বোন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার মা সেই বোনের সাথেই হাসপাতালে ছিলেন। বিকেলে বাড়িতে একা থাকা অবস্থায় মুক্তা নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। সন্ধ্যায় স্থানীয় চৌকিদার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় বোন জানান, তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সকালে মুক্তার কাছে একটি মোবাইল দেখতে পেয়ে সেটি তার মা নিয়ে নেন, যার কারণে মুক্তা কিছুটা রাগ করেছিলেন। তবে এটি কোনো আত্মহত্যার কারণ হতে পারে না বলে মনে করছেন তিনি।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।