বাংলাদেশ ব্যাংকের আহ্বান: গ্রাহকদের প্রয়োজন ছাড়া টাকা না তোলার পরামর্শ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কাছে আহ্বান জানিয়েছে, প্রয়োজন ছাড়া ব্যাংক থেকে টাকা তোলা বন্ধ রাখতে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এক সংবাদ সম্মেলনে বলেন, কিছু গ্রাহক প্রয়োজন ছাড়াই তাদের আমানতের টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন, যার ফলে কিছু ব্যাংক টাকার সংকটে পড়ছে। একযোগে অনেক গ্রাহক টাকা তুললে কোনো ব্যাংকই স্থিতিশীল থাকতে পারে না, এমন মন্তব্য করেন তিনি।

মুখপাত্র আরও বলেন, ব্যাংকগুলোতে কোনো আতঙ্কের কারণ নেই এবং কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতকে সুস্থ অবস্থানে ফিরিয়ে আনার জন্য সুপরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি ব্যাংকগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে আস্থা ফেরানোর কথা বলেন এবং জানান, যেসব ব্যাংক সমস্যা মোকাবেলা করছে, সেগুলোর পর্ষদে ইতিমধ্যে পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি, গত দেড় মাসে ৫ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের উন্নয়নে একটি টাস্কফোর্স গঠন করেছে, যা কাজ করছে। তিনি বলেন, পাচার করা অর্থ ফেরত আনার লক্ষ্যে বিভিন্ন দেশের আইনজীবী ও পরামর্শক নিয়োগের কাজ চলছে।

অন্যদিকে, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত চলছে এবং ১১টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠিত হয়েছে। আগামীতে আরও ৪টি ব্যাংকের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

অর্থ পাচার সম্পর্কে তিনি জানান, বৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার হলে কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করবে, তবে হুন্ডির মাধ্যমে পাচার কঠিন, কিন্তু বিএফআইইউ এ বিষয়ে কাজ করছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে তিনি জানান, সুদের হার বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি কমে এসেছে এবং আগামী ছয় মাসে এটি ৬ শতাংশের কাছাকাছি নেমে আসবে বলে আশা করা হচ্ছে।




সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ, দেশে ফেরার পথ বন্ধ!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসানের ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ অক্টোবর সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। পুঁজিবাজারে কারসাজি এবং আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবের যাবতীয় তথ্য সংগ্রহ করেছে।

তদন্ত শেষে সরকারের নির্দেশে সাকিবের সকল ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এর ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও জটিলতা তৈরি হয়েছে। জানা গেছে, সাকিব আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজসহ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলবেন না। এর আগে সাকিব টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন, এবং ওয়ানডে ফরম্যাটে খেলতে চাইছিলেন। তবে ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর তার দেশে ফেরার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

এছাড়া সাকিব চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএলে খেলতে পারবেন না এবং তার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। সাকিবের দেশে ফেরার পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সাকিব আল হাসান রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তার ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে নানা সংকটের মুখোমুখি হয়েছেন। সাম্প্রতিক পরিস্থিতি তাকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে, যা তার ক্রিকেট ভবিষ্যতকে আরো জটিল করে তুলেছে।




কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, উত্তেজনা সামাল দিলো প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত লাগোয়া সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা সৃষ্টি করেন স্থানীয় কিছু লোকজন। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের টুরিজম পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানের সময় দখলদাররা উত্তেজিত হয়ে প্রশাসনের কাজে বাধা দেয় এবং উচ্ছেদ কাজে ব্যবহৃত বুলডোজারের কাচ ভেঙে ফেলে। এমনকি ড্রাইভারকে আক্রমণেরও চেষ্টা করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় নেতারা দ্রুত উদ্যোগী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “কুয়াকাটা সৈকত এলাকায় পর্যটকদের জন্য স্বস্তিকর পরিবেশ বজায় রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসন থেকে জানানো হয়, কুয়াকাটা সৈকত এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সৈকতের সৌন্দর্য নষ্ট করছে এবং পর্যটকদের চলাচলে বাধা সৃষ্টি করছে। আগেই এসব স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা ও সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে কেউ তা মেনে না চলায় বাধ্য হয়ে এ অভিযান চালানো হয়েছে।




ট্রাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ট্রাম্পকে অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে ড. ইউনূস ট্রাম্পকে “মুক্ত বিশ্বের নেতা” ও “বিশ্ব মানবতার রক্ষক” হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ট্রাম্পের নেতৃত্ব বিশ্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

 




“আওয়ামী লীগকে সমর্থন করে ৫০ শতাংশ মানুষ“

চন্দ্রদ্বীপ নিউজ::যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাক্ষাৎকার দেন। তিনি বলেন ‘আওয়ামী লীগকে কখনো নিষিদ্ধ করা যাবে না। কারণ বাংলাদেশে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।’

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বক্তব্য আমি দেখেছি, যারা এর বিরোধিতা করেছেন। তাদের কথার সঙ্গে আমি একমত। কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে কাগজে-কলমে নিষিদ্ধ করার চেষ্টা করলেও, বাস্তবে তা নিষিদ্ধ হয়ে যায় না। ছাত্রলীগের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য।

ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে  তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে অনেক সময় রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ওঠানামা করেছে। ১৯৭৫ সালের পর যখন প্রথম নির্বাচন হয় এবং ১৯৭৯ সালের পার্লামেন্ট নির্বাচনের সময় অনেকেই বলেছিলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গেছে। তবে সে সময়ও আওয়ামী লীগ ৩৫ শতাংশের বেশি ভোট পেয়েছিল। আজকে বাংলাদেশে কমপক্ষে ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিকে একেবারেই ‘অলীক কল্পনা’ হিসেবে অভিহিত করে ড. হাছান মাহমুদ বলেন, অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয় যে কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করার কথা ভাববেন।
আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং এটি বাংলাদেশের জনগণের সমর্থন পেয়ে এসেছে।
এ সময় তিনি ছাত্রলীগের কার্যক্রম এবং সংগঠনের উদ্দেশ্য নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার কোনো যুক্তি না থাকার কথাও তুলে ধরেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে রাজনৈতিক মতামত এবং দলের কর্মকাণ্ড স্বাধীনভাবে চলতে থাকবে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে সামনে এগিয়ে যাবে, আর যে কেউ এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন, তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।




কুয়াকাটায় ১৪ কেজি ওজনের লম্বু পোয়া মাছ, বিক্রি ১০ হাজার টাকায়

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় মো. ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের সামুদ্রিক লম্বু পোয়া মাছ, যা বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে সাগরে মাছ ধরতে গিয়ে এই মাছটি জালে আটকা পড়ে।

জানা যায়, ইলিয়াস মাঝি গঙ্গামতি এলাকার বাসিন্দা এবং তিনি মূলত ছোট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করেন। এই মাছটির ধরা পড়ার পর, কুয়াকাটা মেয়র বাজারের মেসার্স সাথী ফিসের আড়তে নিলাম ডাকা হয়। মৎস্য ব্যবসায়ী আল-আমিন ৭৫০ টাকা কেজি ধরে ১০ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে ইলিয়াস মাঝি বলেন, “২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরতে গেছি। লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি পেলাম। সকালে বাজারে নিয়ে বিক্রি করলাম, এটা আমার জন্য অনেক বড় পাওনা।”

মৎস্য ব্যবসায়ী আল-আমিন বলেন, “পোয়াটি নিলামের মাধ্যমে কিনেছি, আশা করি এখানেই বিক্রি হবে, না হলে ঢাকায় পাঠিয়ে ভালো লাভে বিক্রি করবো।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির নাম লম্বু পোয়া, যা স্থানীয়রা নানা নামে জানে। গভীর সমুদ্রে এই মাছটি কুয়াকাটা উপকূলে মাঝে মাঝে ধরা পড়ে। পোয়া মাছের পেটের বালিশ খুব দামি হওয়ায় এটি খুবই দামী মাছ হিসেবে পরিচিত।




টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চন্দ্রদ্বীপ নিউজ :: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আর কিছুক্ষণ পরই। এর আগে ম্যাচের টস হয়ে গেছে।

টস ভাগ্যটাকে সঙ্গে পাননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরেছেন তিনি। আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। দীর্ঘ ৭ মাস পর বাংলাদেশ নামছে ওয়ানডে ক্রিকেটে। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আছেন ৩ পেসার ও দুই স্পিনার। চোটের কারণে লিটন দাস স্কোয়াডেই ছিলেন না, সাকিব আল হাসানও নেই। এদিকে নাহিদ রানা আর নাসুম আহমেদ স্কোয়াডে থাকলেও এই সিরিজের প্রথম ওয়ানডেতে নেই ভিসা সমস্যার কারণে।

সিরিজে আজকের ম্যাচ ছাড়াও অপেক্ষা করছে আরও দুই ম্যাচ। সেই দুই ম্যাচও আজকের ভেন্যু শারজাতেই হবে। আগামী ৯ ও ১১ নভেম্বর হবে দুই ম্যাচ।

বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।




ড. ইউনূসের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

চন্দ্রদ্বীপ নিউজ :: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের দুই ভাই, রমজান আলী ও আবু হোসেন, গত ৬ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা অধ্যাপক ইউনূসকে তাদের বাবা-মায়ের সালাম ও শুভকামনার বার্তা পৌঁছে দেন।

প্রফেসর ইউনূস, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করেছিলেন। এই ভাষণ শুনে আবু সাঈদের পরিবার কান্নায় ভেঙে পড়েছিল, এ কথা সাক্ষাৎকারে তারা জানান।

শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, বিপ্লবে তার বীরত্বপূর্ণ ভূমিকা আপনি তুলে ধরেছেন, এবং একদিন প্রধান উপদেষ্টা হওয়ার পরই আমাদের গ্রামের সঙ্গে দেখা করার জন্য রংপুরে এসেছিলেন। এটি আমাদের জন্য একটি বিশাল সম্মান ছিল।

তিনি আরো জানান, মঞ্চে দাঁড়িয়ে যখন সৈন্যরা তাদের গার্ড স্যালুট দেয়, সে মুহূর্তের অনুভূতি প্রকাশ করা কঠিন ছিল।
এছাড়া, তারা আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকারীদের শাস্তির বিষয়ে অধ্যাপক ইউনূসের কাছে তাদের দাবির কথা জানান। শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং গ্রামের উন্নয়নে একটি ‘মডেল মসজিদ’ ও মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। এই উদ্যোগে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে।

ছোট ভাই আবু হোসেন জানান, ফাউন্ডেশনটি বিশেষত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সাহায্য করতে কাজ করবে।

অধ্যাপক ইউনূস এই উদ্যোগগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং শহীদ আবু সাঈদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “নির্যাতনের বিরুদ্ধে এবং গণঅভ্যুত্থানে তার যে ভূমিকা, তা জাতি কখনো ভুলবে না। তিনি তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি সবসময় তোমাদের সাথে থাকব। তোমাদের বাবা-মাকে আমার সালাম জানাবো।”

গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। অধ্যাপক ইউনূস, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ৯ আগস্ট রংপুরে গিয়ে আবু সাঈদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছিলেন।




শমী কায়সার ও গান বাংলার তাপসের ৩ দিনের রিমান্ডে

চন্দদ্বীপ নিউজ :: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিনেত্রী শমী কায়সার এবং গান বাংলা টেলিভিশনের তাপসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার (৬ নভেম্বর) তাদের আদালতে হাজির করা হয়। এই মামলায় তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানা পুলিশের এসআই মৃত্যুঞ্জয় পন্ডিত ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা মঞ্জুর না করে প্রতিটির জন্য ৩ দিনের রিমান্ড প্রদান করেন।

মামলাটি চলতি বছরের ২৯ অক্টোবর দায়ের হয়। অভিযোগ রয়েছে, শমী কায়সার এবং তার সহযোগী একদল সন্ত্রাসী ১৮ জুলাই একটি আন্দোলনের সময় ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। ঐদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল এবং হামলার ঘটনা ঘটেছিল উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায়।

এছাড়াও, শমী কায়সারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে আরও একাধিক মামলা রয়েছে। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানি মামলার সম্মুখীন। এই মামলায় ১৩ অক্টোবর মাগুরার আদালতে একটি মামলা দায়ের করা হয় এবং তদন্তের জন্য ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, শমী কায়সার আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন এবং ই-ক্যাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।




ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে আ.লীগ নেতা গ্রেফতার

ছবি : সংগৃহীত

চন্দ্রদ্বীপ নিউজ ::  ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তাজউদ্দিন নামে এক আ.লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজউদ্দীনের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশকালে নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়।

এদিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অপরাধীরা অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।