লৌহজঙে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি

মুন্সীগঞ্জ-২ নির্বাচনী এলাকার লৌহজং উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হলো আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় লৌহজং সরকারি বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন হাতে মাঠে জমায়েত হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয় মাঠ থেকে কনকসার কাঠপট্টি পর্যন্ত বিশাল র‌্যালি বের হলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনের গনমানুষের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বক্তৃতায় বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এ দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। বর্তমান প্রজন্মকে সত্য ইতিহাস জানতে ও দেশগঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, যিনি জাতীয় স্বার্থ রক্ষায় জনগণের ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব কোহিনুর শিকদার। তিনি বলেন, দীর্ঘ পাঁচ দশক পরও বিপ্লব ও সংহতি দিবস সমানভাবে প্রাসঙ্গিক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানমঞ্চ ছিল সরব। র‍্যালির পুরো পথজুড়ে ছিল স্লোগান, ব্যানার, জাতীয় পতাকা এবং আন্দোলনের চেতনা স্মরণে নানা শ্লোগানধ্বনি। লৌহজং উপজেলা বিএনপির আয়োজনে এই আয়োজনটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে এবং রাজনৈতিক অঙ্গনে দিনব্যাপী আলোচনার জন্ম দেয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিএনপির প্রার্থী মনোনায়ন নিয়ে বাড়ছে দ্বন্দ্ব-সংঘাত

চন্দ্রদ্বীপ নিউজ  : আসন্ন সংসদ নির্বাচন কে কেন্দ্র করে  রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৪টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। দলীয় মনোনয়ন দেওয়ার পর থেকে আসনগুলোয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সড়ক অবরোধের মতো কর্মসূচিও তারা পালন করছেন।

মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীদের পালটাপালটি কর্মসূচি পালনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। কেন্দ্র থেকে কোনো হস্তক্ষেপ না করায় কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে। তবে মনোনীতদের কেউ কেউ বলছেন, মনোনয়নবঞ্চিতরা উদ্দেশ্যমূলকভাবে দলে বিভক্তি-বিভাজন সৃষ্টি করছেন। দলীয় প্রার্থীর ক্ষতি করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বন্ধে দলীয় হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীরা সুবিধা পেয়ে যাবেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন মনোনয়নবঞ্চিত রায়হানুল হক ও ও নাসির হোসেনের অনুসারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নজরুল ইসলাম মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেন মনোনয়নবঞ্চিত বাকি চার প্রার্থীর অনুসারীরা। মঙ্গলবার বিক্ষুব্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। সড়ক অবরোধে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পরিবর্তে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে প্রার্থী করার দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করছেন। মঙ্গলবার শওকতের অনুসারীরা মশাল মিছিল নিয়ে কয়লাবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কে অবরোধ করেন। এর আগে রোববার একই সড়কের কানসাটে সড়ক অবরোধ করা হয়। মনোনয়ন না পেয়ে কয়েকদিন আগে সৈয়দ শাহীন শওকত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বঞ্চনার কথা তুলে ধরেন। দলে তার অবদান ও প্রাপ্তি-অপ্রাপ্তির কথা জানান।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে নাচোল ডাকবাংলা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন বঞ্চিত ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা। আমিনুলকে ফ্যাসিস্টের দোসর অ্যাখ্যা দিয়েছেন তারা।

নওগাঁর ছয়টি আসনের মধ্যে ঘোষিত পাঁচটির মধ্যে তিনটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।




নির্বাচন ও গণভোট একসঙ্গে করার পক্ষে নয় জামায়াতসহ ৮ দল

চন্দ্রদ্বীপ নিউজ : জুলাই জাতীয় সনদ জারির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল।

তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত, সেটির নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে তারা।

আজ বৃহস্পতিবার রাতে সমমনা আট দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। তবে এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য। কিন্তু প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে হবে বলে বিভ্রান্তি তৈরি করেছেন। দলগুলো এর নিন্দা জানাচ্ছে। প্রধান উপদেষ্টা যেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন, সেই আহ্বান জানাচ্ছে দলগুলো।




গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জীবনব্যাপী ডায়াবেটিস’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন (কনসালটেন্ট মেডিসিন), ডা. সালাউদ্দিন মাহমুদ তুহিন, ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন, ডা. নাঈমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. তুষার আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তরিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার পাপড়ি মল্লিক, প্রোগ্রাম অর্গানাইজার পিজুষ বালা, মহুয়া রহমান প্রমুখ।

এছাড়াও স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, ডায়াবেটিস ইনসুলিনের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ডায়াবেটিস রোগীদেরকে পুষ্টি খাবার খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা নিয়মিত নিয়ম মেনে যদি একটু সতর্ক থাকেন তবে অধিকাংশ ক্ষেত্রে অল্প ওষুধেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন।

ডায়াবেটিসের কারণে হার্ট ও প্রেসারসহ নানা জটিলতা দেখা দেয়। সকল পর্যায়ের সকলকেই ডায়াবেটিস প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।




অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ

চন্দ্রদ্বীপ নিউজ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, অধ্যাপক রীয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিত তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি করা হয়।

 




নিজের স্বাক্ষরিত জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা : সালাহউদ্দিন

চন্দ্রদ্বীপ নিউজ : প্রধান উপদেষ্টা ভাষণের মাধ্যমে পূর্বে  স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ বিষয় নিয়ে আলোচনা হয়নি।’

গণভোটে চারটি প্রশ্ন রাখাকে জনগণের ওপর জবরদস্তি বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।




দুমকিতে গো-খাদ্যের তীব্র সংকট, খামারিদের দুঃসময়

পটুয়াখালীর দুমকি উপজেলায় গো-খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এতে স্থানীয় খামারিরা পড়েছেন চরম বিপাকে। একদিকে খড়, ভুষি ও খৈলের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে, অন্যদিকে মাঠে ঘাসের ঘাটতি প্রকট আকার ধারণ করেছে। শুষ্ক মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে গরু-মহিষ পালন এখন অনেকের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামের খামারিরা জানান, গত মৌসুমে ধান কাটার পর পর্যাপ্ত খড় মজুত করতে পারেননি তারা। সামান্য যে পরিমাণ খড় ছিল, তা বন্যা ও টানা বৃষ্টিতে পচে নষ্ট হয়ে গেছে। ফলে বাজার থেকে চড়া দামে খড়, ভুষি ও খৈল কিনতে হচ্ছে। বর্তমানে প্রতি মণ খড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। একইভাবে গমের ভুষি ও সরিষার খৈলের দামও বেড়েছে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত।

শ্রীরামপুর গ্রামের খামারি মো. মজিবুর রহমান মৃধা জানান, আগে প্রতি মাসে গরুর খাবারে খরচ হতো ৮ থেকে ১০ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮ থেকে ২০ হাজার টাকায়। তার ভাষায়, “এই খরচে গরু পালন করে লাভ করা তো দূরের কথা, টিকে থাকাই কষ্টকর।” তিনি আরও জানান, ছোট খামারিরা অনেকেই লোকসানের ভয়ে গরু বিক্রি করে দিচ্ছেন।

কৃষক হারুন সিকদার বলেন, খড় ও ঘাসের অভাবে গরু-বাছুর অনেক সময় না খেয়ে থাকে। শরীর শুকিয়ে যাচ্ছে, দুধও কমে গেছে। “দুরে মাঠের ধানগাছ আর সামান্য কাঁচা ঘাস জোগাড় করে কোনোমতে দিন পার করছি,” বলেন তিনি।

দুমকি উপজেলা সহকারী পশুসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অশোক হালদার জানান, টানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঠের সবুজ ঘাস নষ্ট হয়ে গেছে, ফলে গো-খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। এতে শুধু পশুপালন নয়, দুধ উৎপাদনেও প্রভাব পড়েছে। গত মাসের তুলনায় স্থানীয় বাজারে দুধের সরবরাহ কমেছে প্রায় ৩০ শতাংশ, ফলে লিটারপ্রতি দুধের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।

স্থানীয় খামারিরা অভিযোগ করেছেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় তারা কার্যকর সমাধান পাচ্ছেন না। তবে কৃষি বিভাগ জানিয়েছে, আগাম মৌসুমে গো-খাদ্য উৎপাদনে উৎসাহ দিতে কৃষকদের বীজ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হবে।

স্থানীয়দের আশঙ্কা, সরকার দ্রুত হস্তক্ষেপ না করলে আসন্ন শীত মৌসুমে দুমকির গরু খামারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা ড. ইউনূসের

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবে জনগণের মতামত নেওয়া জরুরি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। এতে দেশের মানুষ তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারের সব কার্যক্রম জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে এবং একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক চেতনায় ফিরে এসে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় সোমবার ঘোষনা করা হবে

চন্দ্রদ্বীপ ‍নিউজ : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার (১৭ নভেম্বর)।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ মামলার রায়ের এই দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ।




দেশের চলমান সংকট উদ্দেশ্যপ্রণোদিত: মির্জা ফখরুল

চন্দ্রদ্বীপ ‍নিউজ :   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক

 তিনি বলেন, দেশের একটা সংকট তৈরি হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি, অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে সংকটটা তৈরি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, উদ্দেশ্য হলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা।

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান।

এসময় সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সবাই একমত হয়ে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি।