পটুয়াখালীতে হৃদয় তরুয়া চত্বরের উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী হৃদয় তরুয়া স্মরণে পটুয়াখালীর ঝাউবাগান চত্বরের নামকরণ করা হয়েছে ‘হৃদয় তরুয়া চত্ত্বর’। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন আনুষ্ঠানিকভাবে এই চত্বরের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন হৃদয় তরুয়ার বাবা রতন তরুয়া, পটুয়াখালীর শিক্ষার্থী সাগরসহ আন্দোলনের বিভিন্ন অংশের নেতৃবৃন্দ। সাগর এ সময় বলেন, ‘‘সকল শহীদদের প্রতীক হিসেবে আমরা তাদের স্মরণ করতে ঝাউবাগানের এই চত্বরকে হৃদয় তরুয়া চত্ত্বর ঘোষণা করেছি।’’ তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ‘‘হৃদয় তরুয়ার আত্মার শান্তি কামনায় এবং তার স্মৃতি ধারণ করতে অন্তত এই চত্বরে যেন কেউ কোনো ধরনের পোস্টার, ব্যানার বা ফেস্টুন না লাগায়।’’

এই স্মরণীয় উদ্যোগের মাধ্যমে পটুয়াখালীতে আন্দোলনের শহীদদের সম্মান প্রদর্শন করা হচ্ছে, এবং এলাকার জনগণের কাছে হৃদয় তরুয়া চত্ত্বর একটি শ্রদ্ধার্ঘ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পুঁজিবাজারে গুজব ও অসত্য তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা: বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে যেকোনো ধরনের গুজব বা অসত্য তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি এই সতর্কতা জানায়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে পুঁজিবাজার ও অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট করতে কিছু অসাধু মহল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর চেষ্টা করছে, যা বিএসইসি নজরে এসেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার সম্পর্কিত বিভিন্ন অসত্য তথ্য ও গুজব প্রচারিত হচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, যা পুঁজিবাজারের সঠিক পরিস্থিতি প্রতিফলিত করে না। বিএসইসি নিশ্চিত করেছে যে, এসব তথ্য সঠিক নয় এবং এগুলো বিনিয়োগকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাইবার প্ল্যাটফর্মে পুঁজিবাজার সম্পর্কিত অপ্রকাশিত তথ্য (আনডিসক্লোসড ইনফরমেশন), শেয়ারদরের পূর্বাভাস (প্রাইস ফোরকাস্টিং) অথবা ভবিষ্যদ্বাণী (প্রেডিকশন) প্রকাশ করা আইনত শাস্তিযোগ্য অপরাধ। বিএসইসি সকলকে সতর্ক করেছে যে, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এ ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

এছাড়া, পুঁজিবাজার সম্পর্কিত যে কোনো তথ্য প্রচারের পূর্বে গবেষণা ও সঠিক বিশ্লেষণ করা জরুরি, তা না হলে দায়িত্বশীল আচরণ না করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। বিএসইসি সকলকে সতর্ক করেছে যে, ভিত্তিহীন তথ্য প্রচার করে পুঁজিবাজারের ভারসাম্য নষ্ট করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএসইসি পুঁজিবাজারের সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থার উন্নয়ন করতে এ ধরনের গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরো নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




রোজায় নিত্যপণ্যের এলসি মার্জিন ও একক ঋণসীমা উঠিয়ে দেয়ার ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর জানিয়েছেন, আগামী রোজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে এলসি (অর্ডার) মার্জিন এবং একক ঋণসীমা সাময়িকভাবে উঠিয়ে দেয়া হবে। তবে, এই সিদ্ধান্ত শুধুমাত্র ছোলা, চিনি, গম, ভোজ্যতেলসহ কিছু বিশেষ পণ্যের জন্য প্রযোজ্য হবে এবং অন্য কোনো পণ্যের জন্য এটি কার্যকর হবে না।

৭ নভেম্বর, বৃহস্পতিবার, অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মূল্যস্ফীতি ও পণ্যের মূল্য নিয়ে আয়োজিত এক সভা শেষে এসব তথ্য জানানো হয়। গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেন, “সরকার সাপ্লাই চেইন নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং বেশিরভাগ নিত্যপণ্যের ডিউটি শূন্য করা হয়েছে।”

এছাড়া, এলসি মার্জিনের বিষয়ে তিনি উল্লেখ করেন, “আগেই এলসি মার্জিন উঠানো হয়েছিল। তবে আমরা আগামী রোববার একটি সার্কুলার জারি করব, যাতে নিত্যপণ্যের ওপর কোনো মার্জিন চার্জ না করা হয়।” গভর্নর আরও জানান, ব্যাংকগুলোকে উৎসাহিত করা হবে যাতে তারা রোজা চলাকালীন সময়ে এলসি মার্জিন না আদায় করে।

ড. আহসান এইচ মুনসুর আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হল, ব্যাংকের একক ঋণসীমা যেন কখনো ভায়োলেট না হয়, যাতে কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর অতিরিক্ত ঋণ না দেয়া হয়।”

চিনি, গম, ভোজ্যতেলসহ এসব পণ্য মূলত বড় কোম্পানিগুলো আমদানি করে এবং মূল্য কমানোর জন্য এই পদক্ষেপ নেয়া হয়নি, কারণ তা উৎপাদনকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, মন্তব্য করেন গভর্নর।

তিনি আরও বলেন, “আমাদের ফরেন এক্সচেঞ্জের কোনো সমস্যা নেই এবং সারা বিশ্বে যে সঙ্কট চলছে, তাও মোকাবেলা করা সম্ভব হবে।”

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, রিজার্ভ বেড়েছে

দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের বিপিএম-৬ হিসাব অনুযায়ী, বর্তমানে বৈদেশিক মুদ্রার মজুদ ২০ বিলিয়ন ডলারের ওপরে এবং গ্রস রিজার্ভ ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশেষ করে প্রবাসী আয় বৃদ্ধির কারণে এই মজুদ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

গেল কয়েক বছর ধরে রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কমছিল। বিশেষত শেখ হাসিনা সরকারের শেষ সময়ে রিজার্ভের দ্রুত পতন ঘটেছিল, যার মূল কারণ ছিল ডলার সংকট। ডলার সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি করার ফলে রিজার্ভ কমতে থাকে। তবে, পট পরিবর্তন হলে এবং ড. আহসান এইচ মুনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন, রিজার্ভের পতন থামিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর ডলার বিক্রি বন্ধ করে দেন তিনি এবং আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার সচল করার মাধ্যমে ডলার সংকট মোকাবিলায় উদ্যোগ নেন।

গভর্নর নিজ উদ্যোগে ডলার সংগ্রহের নির্দেশ দিলে, এরপর থেকেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি পেতে শুরু করে। বর্তমানে রিজার্ভে কোনো ডলার বিক্রি হচ্ছে না, যার ফলে ধীরে ধীরে মজুদ বাড়ছে। পাশাপাশি, প্রবাসী আয়ও বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা : প্রধান উপদেষ্টার প্রেস উইং

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, এই তিন মাসে অন্তর্বর্তী সরকার বেশ সফলতার সাথে কাজ করেছে। এতে যথেষ্ট সফলতাও দেখিয়েছে। এখন সব ঠিক হচ্ছে। আগে সংস্কার হবে, সংস্কার শেষ হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে আওয়ামী লীগ যে ভঙ্গুর অবস্থা রেখে গেছে, তার থেকে ঘুরে দাঁড়াচ্ছে। আগের চেয়ে ব্যাংকিং ব্যবস্থা অনেক ভালো।

ওষুধ উৎপাদন, বাজার বিপণন ও দাম নিয়ে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। সেই টাস্কফোর্স এসব পুনর্মূল্যায়ন করবে বলেও জানিয়েছেন প্রেস সচিব।




বাউফলে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু, এলাকায় শোক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মো. ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের কবির হোসেন সিকদারের সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। শিশুদের বাবা পুকুরঘাটে বসিয়ে রেখে পানি নিতে ঘরে গিয়ে ফিরে এসে দেখতে পান, দুই ছেলে সেখানে নেই। তাকে খুঁজতে গিয়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়। এরপর ছোট ছেলে আবুবকরকেও একই পুকুর থেকে টেনে তুলে উদ্ধার করা হয়। তাদের দ্রুত বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রথমে বড় ছেলে ইমাম পুকুরে পড়ে যায় এবং তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আবুবকরও পানিতে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমাম হোসেন স্থানীয় তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

বাউফল থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




দুমকিতে বিএনপি কার্যালয় ভাঙচুরে ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকি উপজেলায় দুবছর আগের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ সদস্য মো. শহিদুল আকন (৪৫) এবং মো. সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ মার্চ বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালিয়ে বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় যুবদল নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগের ৮৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে চিহ্নিত করে মামলা দায়ের করেন। মামলাটি (মামলা নম্বর -০১/২৪, তাং ৭/১১/২৪) ভিত্তিতে বুধবার রাতে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আহম্মদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।”




কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না: প্রেস সচিব

চন্দ্রদ্বীপ নিউজ :: কোনো সংবাদপত্রের ওপর হামলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার আসার পর কোনো মিডিয়া বা নিউজ ওয়েবসাইট বন্ধ করা হয়নি উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমাদের তরফ থেকে, গোয়েন্দা সংস্থা থেকে একটা ফোন করা হয়নি কোনো সংবাদের বিষয়ে যে এই সংবাদটা নামান বা এই সংবাদটা ওঠান। একে টকশোতে নিতে পারবেন না বা একে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না।

গত ১৫ বছরে এরকম চর্চা ছিল। কিন্তু আমাদের তরফ থেকে একটা কিছু বলা হয়নি। আমরা যদি মনে করেছি যে কোনো নিউজ ভুল হয়েছে, আমরা নম্রভাবে বলেছি যে এই নিউজটা ভুল, আপনারা একটু দেখেন। আমরা বিনয়ের সঙ্গে বলেছি, বলেন তিনি।

তিনি আরও বলেন, অনেক সাংবাদিক জেনেশুনে গুজব ছড়িয়েছেন। আমরা সেগুলো ধরছিই না। সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ। গত তিন মাসে কাউকে বলিনি যে এই রিপোর্ট যাবে না কিংবা এটা কেন গেল, বলিনি।

সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে তথ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।




‘ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বড় পরিবর্তন হবে না

চন্দ্রদ্বীপ নিউজ :: ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দেশটির পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি এ মন্তব্য করেন। ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারনা করে কোনো লাভ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোন পরিবর্তন হবে না। আগামী ২–৩ মাস পর আমেরিকা কিভাবে প্রশাসন চালায় তা দেখেই ঢাকা সিদ্ধান্ত নেবো।

গত মঙ্গলবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয় পান রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে।

ডেমোক্রেটিক ও রিপাবলিক দুই দলেই ড. ইউনূসের বন্ধু আছে জানিয়ে প্রেস সচিব বলেন, ট্রাম্পের জয়ে সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি আমরা।




চোখে দেখেন না মিরাজুল, ১৪ বছর ধরে শেখাচ্ছেন কোরআন

চন্দ্রদ্বীপ নিউজ :: অসুস্থ হয়ে হারিয়েছেন চোখের আলো। কিন্তু মনের আলো আর ইচ্ছাশক্তির জোরে কোরআনে হাফেজ হয়েছেন মিরাজ ইসলাম। শ্রবণশক্তির মাধ্যমে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এরপর থেকে ১৪ ধরে কোমলমতি শিশুদের নিজেই কোরআন শিক্ষা দিচ্ছেন।

হাফেজ মিরাজুল ইসলামের (৩৪) বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে। তার বাবা আবুল হোসেন ছিলেন একজন কৃষক। চার ভাইবোনের মধ্যে মিরাজুল তৃতীয়।

১৯৯০ সালে জন্মগ্রহণ করা মিরাজুলের ১৪ বছর বয়সে টাইফয়েড জ্বর হয়। পরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শুরু করেন। সাত-আট ধরে জ্বর থাকার পর একদিন ডান চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। তারপর বাঁ চোখেরও দৃষ্টিও চলে যায়। তখন থেকেই পুরোপুরি অন্ধ তিনি। তবু তার বাবা চাইতেন মিরাজুল যেন কোরআনে হাফেজ হন।

স্থানীয়রা জানান, মিরাজ ছোটবেলায় কোথাও কোরআন তিলাওয়াত কোথাও শুনলে আল্লাহর কাছে মোনাজাত করে বলতেন তাকে যেন একদিন আল্লাহ কোরআনে হাফেজ বানান।

তারা আরও জানান, মিরাজুল দাউদখালী হাফিজিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। অসুস্থতার কারণে আর মাদ্রাসায় যেতে পারেননি। কিন্তু প্রবল ইচ্ছাশক্তির কারণে ২০০৮ সালে যশোর দারুল সালাম কমপ্লেক্সে তিন বছর পড়ে ৩০ পারা কোরআন মুখস্থ করেন। সেখানে ২০১১ সালে তিনি হাফেজ খেতাব পান।

২০১৭ সালে চালিতাবুনিয়া ছলেহীয়া হামিদিয়া দীনিয়া ও হাফিজি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। মাত্র ছয় হাজার টাকা বেতনে চাকরি নেন। সরকারিভাবে যে প্রতিবন্ধী ভাতা পেতেন, চার মাস ধরে তাও পান না। খুব কষ্টে জীবনযাপন করেন। তবু সেখানে আট বছর ধরে পড়ান। তিনি শত শত ছাত্রকে কোরআন শিখিয়েছেন। তার হাতে ছয়জন ছাত্র হাফেজ হয়েছে।

হাফেজ মিরাজুল ইসলামের সঙ্গে কথা হয় কালবেলার। তিনি বলেন, ছোটবেলায় কোরআন শেখার জন্য বেকুল হয়ে থাকতাম। এখন বাচ্চাদের কোরআন তিলাওয়াত শেখাতে পারছি, এটা আমার কাছে ভাগ্য। আমাদের মাদ্রাসায় শিক্ষক আছেন মোট চারজন। মাদ্রাসায় এখন ৪০ থেকে ৪৫ জনের মতো ছাত্র আছে। এর মধ্যে তিনজন এতিম ও তিনজন হাফেজ রয়েছে।

শিক্ষকের পড়া কেমন লাগছে, জানতে চাইলে মাদ্রাসার ছাত্র হাফেজ আবু সাঈদ কালবেলাকে বলে, আমি এই মাদ্রাসার ছাত্র। স্যার অন্ধ হলেও শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো একজন শিক্ষক। একদিকে অন্ধ, অন্যদিকে তার দ্বীনি শিক্ষা দেওয়ার পদ্ধতি খুবই প্রখর ও নির্ভুল।

চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা আবদুল শাহেদ আলী কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা তাকে ‘অন্ধ হুজুর’ হিসেবে চেনে। চোখে না দেখেও ভালো করে বাচ্চাদের কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন ১৪ বছর ধরে। আমাদের এখানে শেখাচ্ছেন ৮ বছর ধরে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম কালবেলাকে বলেন, শিক্ষকতার পাশাপাশি তার জীবনযাপনে এই মাদ্রাসার ছাত্ররাই তার চলার পথের সাথি। টয়লেটে যাওয়া, গোসল করা, খাওয়াদাওয়া এমনকি কোথাও বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও ছাত্ররাই তাকে সাহায্য করে থাকে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অনেক শ্রদ্ধা করে।