বরিশালে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেব বিশ্বাস (৯) নামের এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায় এবং চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দেব বিশ্বাস স্থানীয় দক্ষিণ-পূর্ব আস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং আস্কর গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাসের ছেলে। তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দেব বিশ্বাস তার ছোট বোন রাখি (৬) এবং প্রতিবেশী বন্ধু অয়ন বাড়ৈকে (৮) নিয়ে খেলতে খেলতে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার জানত না। হঠাৎ দেব পানিতে তলিয়ে গেলে তার সঙ্গীরা দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। দেবের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বরিশাল জেলা ডুবুরি দলকেও ডেকে আনা হয়। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ডুবুরি দলের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দেবের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

দেবের ঠাকুরদাদা সিন্ধু বিশ্বাস জানান, স্কুল বন্ধ থাকায় দেব তার সাথিদের নিয়ে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরিবারের একমাত্র ছেলেটির এমন মৃত্যুর ঘটনায় তার স্বজনরা শোকাহত।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার মাহাবুব আলম বলেন, ডুবুরি দলের সহযোগিতায় আমরা চার ঘণ্টার চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকতে হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার এক যুগ পর পটুয়াখালীতে মামলা

পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনায় এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে একজন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনকে নামধারী আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারে দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালান তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হন ইটবাড়িয়া ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার।

মামলার বাদী মেহেদী হাসান জীবন ঢাকা পোস্টকে বলেন, “২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। হামলায় আমার বাবা গুরুতর আহত হন এবং তার চিকিৎসা করতে পারিনি। তখন দেশের পরিস্থিতি বিচারপ্রার্থীদের জন্য অনুকূল ছিল না। তবে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলন এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকার বিতাড়িত হওয়ার পর দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমি মামলা করেছি।”

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ ঢাকা পোস্টকে জানান, “২০১৩ সালে হামলার ঘটনায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য থানা পুলিশ কাজ করছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মির্জাগঞ্জে বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী বহিষ্কার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জাহাঙ্গীর ফরাজীর বাড়ি তল্লাশি করে। এ সময় বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে অস্ত্র আইনে মামলা করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোতালেব ফরাজীর ছেলে জাহাঙ্গীর ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সড়ক দুর্ঘটনায় দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীর দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম (৫৯) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি চলতি বছরের ১৮ এপ্রিল দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে (চলতি দায়িত্ব) যোগদান করেন। তার বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে।

গত ২২ অক্টোবর নদীতে অভিযান শেষে অফিসিয়াল কাজে দশমিনা থেকে পটুয়াখালী যাচ্ছিলেন। ওই দিন দুপুরে পটুয়াখালী যাওয়ার সময় দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদীতে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তাকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনেক দিন কোমায় থাকার পর তিনি মারা যান।

শুক্রবার সকালে জানাজার নামাজ শেষে তাকে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মো: আল-আমিন স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পর্যটকের ভিড়ে মুখর কুয়াকাটা, পর্যটন খাতে ফিরেছে প্রাণচাঞ্চল্য

সাগরকন্যা কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ হতে ছুটে আসছেন পর্যটকরা। সেখানে চিরসবুজ প্রকৃতি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রাখাইন পাড়া, লাল কাঁকড়ার অবাধ বিচরণ, আর পাখির কলকাকলি ভ্রমণপিপাসুদের মন ভরিয়ে দিচ্ছে। সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্যের টানে সৈকতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।

কিছুদিন ধরে হালকা শীতের আমেজে পর্যটকদের আনাগোনা বাড়ছে। এতে স্বস্তি ফিরেছে পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে। কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থানে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। গতকাল ছুটির দিন সকাল থেকেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। কেউ সাঁতার কাটছেন, কেউ ওয়াটার বাইক রাইডে মেতে উঠেছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)-এর সাধারণ সম্পাদক হোসাইন আমির জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে আগে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু এখন পর্যটন মৌসুম শুরু হওয়ায় পর্যটকদের আগমনে মুখরিত হয়েছে সৈকত। এতে ব্যবসায়ীরাও খুশি। এভাবে পর্যটকের ভিড় থাকলে তারা দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ ও থানা পুলিশের সদস্যরা কুয়াকাটায় কঠোর নজরদারি চালাচ্ছেন।

কুয়াকাটা রিজিওনের ট্যুরিস্ট পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, “আমরা পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। দর্শনীয় স্থানগুলোতে আমাদের একাধিক টিম রাতদিন কাজ করছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শীতের সবজির সরবরাহ বাড়লেও বাজারে দাম চড়া, ক্রেতারা বিপাকে

বাজারে সিম, ফুলকপি, বাধাকপিসহ বিভিন্ন মৌসুমী সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ করে সিম, করলা, বেগুনের মতো কিছু সবজির কেজি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর তাল বেগুনের দাম উঠেছে ১৪০ টাকায়। এদিকে মৌসুমের নতুন আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, শীতের সবজি বাজারে আসার সাথে সাথে দামে স্থিতিশীলতা আসার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। এক ক্রেতা জানান, “শীতের সবজি আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ নেই।” আরেকজন ক্রেতা বলেন, “বাজারে সবজির সরবরাহ ভালোই আছে, কিন্তু দাম কমছে না।”

বিক্রেতারা জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে শীতকালীন সবজির সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা সবজির দাম কিছুটা কমাতে পারে। তবে গ্রীষ্মকালীন সবজির যোগান কমে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়ে গেছে।

এদিকে, ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকারি নির্ধারিত মূল্যের কাছাকাছি দামে ডিম পাওয়া যাচ্ছে। বর্তমানে বাজারভেদে প্রতি ডজন লাল ডিম ১৫০ টাকায় এবং সাদা ডিম ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, ক্রেতারা নিত্যপণ্যের এই চড়ামূল্যের কারণে গরু ও খাসির মাংস কেনা থেকে বিরত থাকছেন। বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার ও লেয়ার মুরগির দামে কোনো পরিবর্তন আসেনি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায় এবং লেয়ার মুরগির দাম ৩০০ টাকা প্রতি কেজি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধে সরকারের নজর, বাণিজ্যিক ব্যাংকের উপর নির্ভরতা বৃদ্ধি

চলতি বছরের জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ১ লাখ ৫৬ হাজার ৪৮ কোটি টাকায় পৌঁছেছে। শেখ হাসিনা সরকারের বিগত সময়ে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে এই ঋণ দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এর প্রভাব ইতোমধ্যেই মূল্যস্ফীতির হার বাড়িয়ে তুলেছে। ফলে বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক খাত থেকে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে সরকার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কোনো ঋণ গ্রহণ করেনি। বরং চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

সরকারের রাজস্ব আয়ের ঘাটতি মোকাবিলায়, গত চার মাসে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৬ হাজার ২২৯ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। সেই ঋণের একটি বড় অংশ, প্রায় ৩৯ হাজার ৫৩৩ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের পুরনো ঋণ শোধ করতে ব্যবহার করা হয়েছে। এতে বোঝা যায়, বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধে সরকার বাণিজ্যিক ব্যাংকের উপর আরও নির্ভরশীল হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, সরকারি ব্যয়ের চাহিদা পূরণে বাণিজ্যিক ব্যাংকের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আর্থিক খাতের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বাণিজ্যিক ব্যাংকের ঋণগ্রহণের এই প্রবণতা ক্রমবর্ধমানভাবে সুদের হার বাড়িয়ে তুলতে পারে, যা ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করবে। এ কারণে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল নিয়ে সরকারকে পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মার্কিন বাণিজ্য নীতি বদলাবে গেম! বাংলাদেশি পোশাক শিল্পের নতুন সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশভিত্তিক অর্থনৈতিক সম্পর্ক উন্নত করতে চান বাংলাদেশি ব্যবসায়ীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার আগেই এ প্রত্যাশার কথা জানিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। তাদের মতে, ব্যক্তি বা দল নয়, বরং দেশের স্বার্থে নতুন নীতি কৌশল নিয়ে কাজ করা উচিত।

ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, বিদেশি পণ্যের ওপর ট্যারিফ বাড়ানো হবে। বিশেষ করে চীন থেকে আমদানি করা পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে, যা কিছু ক্ষেত্রে ১০০ শতাংশেও পৌঁছাতে পারে। ইউরোপীয় পণ্যের ওপরও কর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ট্রাম্পের বাণিজ্য নীতির প্রভাব বাংলাদেশে কেমন হবে? কারণ, বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা মনে করছেন, চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাকের চাহিদা বাড়তে পারে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ আরও বাড়লে বাংলাদেশের পোশাক রফতানির সুযোগ সৃষ্টি হতে পারে। তবে দেশের বিদ্যমান গ্যাস সংকট এ সম্ভাবনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

অন্যদিকে, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ব্যক্তি বা দলকে প্রাধান্য না দিয়ে নতুন নীতি কৌশল গ্রহণ করা উচিত। এই মুহূর্তে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন, ট্রাম্পের নতুন বাণিজ্যনীতি যেদিকেই যাক, সেটি তাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। এখন শুধু অপেক্ষা ট্রাম্পের কার্যক্রম কোন দিকে মোড় নেয় সেটির দিকে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রবর্তিত এই সাইবার নিরাপত্তা আইন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। বিশেষ করে এই আইনকে কালাকানুন হিসেবে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আজকের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আইনি যাচাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপদেষ্টা পরিষদের কাছে উপস্থাপন করা হবে।

এছাড়া, সাইবারস্পেসে নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় নতুন একটি আইনের খসড়া তৈরি করা হচ্ছে, যা বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করা হবে।

২০১৮ সালে শেখ হাসিনা সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণীত হয়েছিল, তবে এটি সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। বিশেষ করে, এই আইনের ৫৭ ধারা বাতিল করার পরেও কিছু বিতর্কিত ধারা নতুন আইনে রাখা হয়েছিল, যার ফলে সরকারের পক্ষ থেকে অপব্যবহার হওয়ার শঙ্কা তৈরি হয়।

২০২১ সালে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর এই আইনের বিরোধিতা তীব্র হয়ে ওঠে। আইনের অপব্যবহার বন্ধ করার আশ্বাস দেওয়া হলেও, এই আইনের মাধ্যমে গ্রেফতার কার্যক্রম চলতে থাকে। ২০২৩ সালে এক গণমাধ্যমকর্মীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করা হলে, আইন বাতিলের দাবি আবারও শীর্ষে উঠে আসে।

পরবর্তীতে, ডিজিটাল নিরাপত্তা আইনটির নাম পরিবর্তন করে ‘সাইবার সিকিউরিটি আইন’ রাখা হয়, যা ২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে পাস হয়। এই আইনে পুলিশকে বিনা পরোয়ানায় তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি ঘোষণা করেছেন যে, এক সপ্তাহের মধ্যে এই আইন বাতিল করা হবে এবং এর অধীনে যেসব মামলা হয়েছে সেগুলোকেও বাতিল করা হবে। এছাড়া, মতপ্রকাশে বাধা সৃষ্টি করা এমন সব আইন পর্যালোচনা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বৈদ্যুতিক যানবাহন শিল্পের উন্নতির জন্য সরকারের সুনির্দিষ্ট নীতি ও সহায়তার প্রয়োজন

বিশেষজ্ঞরা বলেন, বৈদ্যুতিক যান (ইলেকট্রিক ভেহিকেল বা ইভি) শিল্পের অগ্রগতির জন্য সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, আমদানি শুল্ক হ্রাস এবং প্রযুক্তি অভিযোজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।

৮ নভেম্বর, শুক্রবার, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) “বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্প: নীতি-চ্যালেঞ্জ-সম্ভাবনা” শীর্ষক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সেমিনারটি আয়োজন করে। এই সেমিনারের মাধ্যমে, গতকাল রাজধানীর কুড়িলে আইসিসিবিতে তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনীও উদ্বোধন করা হয়।

এতে বক্তারা বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ টেকসই উন্নতির দিক নিয়ে আলোচনা করেন এবং বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “ইইউ, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে ইভির ব্যবহার রয়েছে। নরওয়ে এবং সুইডেনে প্রায় ৮০% গাড়ি ইভি এবং চীনে ২৫%। এ শিল্পে বিপুল সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বাংলাদেশে ইভি শিল্পের বিকাশের জন্য প্রচুর গবেষণা এবং সক্ষমতা তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট নীতির প্রয়োজন। চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের দরকার।” সচিব আরও জানান যে, শিল্পটির উন্নয়ন নিয়ে তিনি এনবিআর ও শুল্ক বিভাগসহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করবেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশনের (বিইএমএ) সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) সহ-সভাপতি হাফিজুর রহমান খান, আকিজ গ্রুপের পরিচালক ও আকিজ মোটরসের সিইও এসকে আমিনুদ্দিন, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উপাচার্য ড. মো. আশরাফুল হক, বুয়েটের অধ্যাপক মো. এহসান, এনসেক লিমিটেডের চেয়ারম্যান তাহসিন আমান, ব্লু সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিমা জাহান বিন্তি, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম প্রমুখ।

প্রদর্শনীতে ১৫টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮০টিরও বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। বিপুল সংখ্যক দর্শনার্থী প্রদর্শনীটি দেখছেন।

প্রদর্শনীটি ৭ থেকে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম