কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরির ঘটনা, লক্ষাধিক টাকার মালামাল লুট

পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে, কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এতে চোরচক্র বাসার নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, প্রায় ৭ ভড়ি স্বর্ণালংকার, পোশাকসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। ঘটনার সময় শিক্ষক মোঃ জসিম উদ্দিন ঢাকায় ছিলেন, তার পরিবারের সদস্যরা ওইদিন ঢাকা বেড়াতে গিয়েছিলেন। তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি।

রবিবার সকালে প্রতিবেশীরা ফোন করে জানান যে, তার বাসায় চুরি হয়েছে। এরপর তিনি বাসায় এসে দেখেন, বাসার গেট ভাঙা, বৈদ্যুতিক লাইন বিছিন্ন এবং সিসি ক্যামেরা ভাঙা। এছাড়া আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৭ ভড়ি স্বর্ণালংকারসহ আরও বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ জানিয়েছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে দুই দফায় উদ্ধার হলো ৬টি চোরাই গরু, মালিকের খোঁজ চলছে

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রাম থেকে শুক্রবার ও শনিবার দুই দফায় ৬টি গরু উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, এগুলো চোরাই গরু হতে পারে। গরুগুলোর প্রকৃত মালিক এখনো শনাক্ত হয়নি, তবে পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের সন্ধান করছে।

স্থানীয়দের মতে, শুক্রবার রাতে চরকচুয়া গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৬টি গরু দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দুটি গরু উদ্ধার করতে সক্ষম হন। পরে গ্রাম পুলিশকে খবর দিলে তারা গরু দুটি উদ্ধার করার জন্য স্থানীয়দের সহযোগিতা নিয়ে তা উদ্ধার করেন। এরপর শনিবার (১০ নভেম্বর) আরো ৪টি গরু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, গরুগুলোর চুরি করে সরিয়ে ফেলার চেষ্টা চলছিলো।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সাংবাদিক সোহেল আহমেদ বলেন, “এখানে দীর্ঘদিন ধরে গৃহপালিত পশু চুরির ঘটনা ঘটছে। এর আগে একাধিক ব্যক্তি চোরাই পশুসহ গ্রেপ্তার হয়েছিলো।” তিনি আরও জানান, “এখন ইউনিয়নের মানুষ কিছুটা নিরাপদ মনে করলেও, এই নতুন ঘটনা আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।”

স্থানীয় দফাদার কবির জানান, “শুক্রবার রাতে স্থানীয়রা দুটি গরু রক্ষণাবেক্ষণের জন্য আমার কাছে রেখে যায়, পরে শনিবার আরও চারটি গরু পুলিশ উদ্ধার করে আমার কাছে জমা দেয়।”

এ বিষয়ে ইউপি সদস্য দুলাল সিকদার জানান, “বাউফল থানার ইন্সপেক্টর শাহাবুদ্দিন স্যার গত শনিবার দুটি এবং আজ (রবিবার) চারটি চোরাই গরু আমার কাছে রেখে যান। গরু গুলোর প্রকৃত মালিক না পাওয়ায়, তাদের পরিচর্যা ও দেখাশোনার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।”

বাউফল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, “গরুর প্রকৃত মালিকের খোঁজে অনুসন্ধান চলছে এবং পশু চুরি সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় আলুর বীজের সংকট, কৃষকরা চিন্তিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গত বছরের তুলনায় চলতি বছর আলুর বীজের দাম বৃদ্ধি পেয়েছে। এদিকে, বীজের সঙ্কটের কারণে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। ফলে তাদের আশঙ্কা, উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে অনেক কম হবে।

জানা গেছে, গলাচিপায় আলুর আবাদ করার জন্য এক হাজার একর জমি নির্ধারিত রয়েছে, যেখানে প্রায় পাঁচ শতাধিক কৃষক কাজ করবেন। গলাচিপা সদর ইউনিয়নে আলু চাষের পরিমাণ সবচেয়ে বেশি। ১৯৯০ সালের পর থেকে গলাচিপায় আলু চাষের হার বৃদ্ধি পেয়েছে।

উত্তর বোয়ালীয়া গ্রামের কৃষক জামাল পাহলান জানান, তিনি ব্র্যাক থেকে ৪০ কেজির ২০ বস্তা আলুর বীজ বুকিং দিয়েছেন। গত বছর এক বস্তা বীজ ২৭ শত টাকায় কিনলেও, এ বছর তা ৫০০ টাকা বাড়িয়ে ৩২ শত টাকা হয়ে গেছে। একই গ্রামের আদিত্য পাল বলেন, “গত বছর ২৮ শত টাকায় কেনা বি গ্রেড বীজ আলু এ বছর ৩২ শত টাকায় বিক্রি করা হচ্ছে।”

এদিকে, বাজারে অগ্রিম টাকা দিয়েও ব্র্যাক বা হিরা জাতের আলু বীজ পাওয়া যাচ্ছে না, জানাচ্ছেন স্থানীয় কৃষকরা। আলু চাষের জন্য জমি প্রস্তুতি নিতে কৃষকরা এখনই কাজ শুরু করেছেন। তারা জানিয়েছে, চাষের জন্য বেলে দো-আঁশ মাটি অত্যন্ত উপযোগী এবং আলু চাষে সঠিক সময়ে সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা প্রয়োজন।

গলাচিপায় আলুর বীজ ডিলাররা জানিয়েছেন, বীজের চাহিদা অনেক বেশি হলেও সরবরাহ খুবই সীমিত। মেসার্স সাহা বানিজ্যালয়ের উত্তম সাহা জানান, তিনি মাত্র ৩৫ টন কৃষাণী আলু বীজ পেয়েছেন, তবে কৃষকদের চাহিদা মেটাতে পারছেন না। ব্র্যাকের বীজ আলু ডিলার মো: মন্জু জানান, তিনি মাত্র ২৫ টন বীজ পেয়েছেন, যা চাহিদার তুলনায় অতি নগণ্য।

গলাচিপা উপজেলা কৃষি অফিসার আর্জু আক্তার বলেছেন, “গলাচিপায় বীজ আলুর সঙ্কট থাকার কথা নয়। বিএডিসি কোম্পানির বীজ আলু পাওয়া না গেলে আমাদের থেকে বীজ সংগ্রহ করা যেতে পারে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দপ্তর পেলেন নতুন দুই উপদেষ্টা, ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টাদের মধ্যে ২ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে।

নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।




সন্ধ্যায় শপথ, রাতে মশাল মিছিল নতুন উপদেষ্টার বিরুদ্ধে

চন্দ্রদ্বীপ ডেস্ক: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি।

নতুন উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ করেছেন। তারা বলছেন, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনো উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না।

বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা পুলিশি বাধা উপেক্ষা করে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।




খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপন

“এখানে ছিল- এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে” স্লোগানকে ধারণ করে সাগরপারের জনপদ কলাপাড়ার ঐতিহ্যবাহী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে শহরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সময় থেকে সকল প্রাক্তন শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এই র‍্যালির মাধ্যমে।

রবিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব রেজাউল করিম বাবলা, প্রধান শিক্ষক আব্দুর রহিম। র‍্যালিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও শত শত অধ্যয়নরত শিক্ষার্থী অংশ নেন।

এদিকে, আগামী ২৮ ডিসেম্বর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং নিবন্ধনের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে কলাপাড়ায় ব্যাপক প্রস্তুতি চলছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সংস্কারের অভাবে বরগুনার ইকোপার্কের বেহাল দশা

রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত বনে প্রতিষ্ঠিত সোনাকাটা ইকোপার্কটি বেহাল হয়ে পড়েছে। একই সঙ্গে দীর্ঘদিন সংস্কারের অভাবে ভাঙা রাস্তা ও নির্মাণাধীন সেতু ফেলছে ভোগান্তিতে। এতে আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা।

বন বিভাগ সূত্র জানা যায়, ইকো-ট্যুরিজম সুযোগ বৃদ্ধি শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের সখিনা বিটে ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে ৬৩৪ একর জমির ওপর ৯৬ হাজার ৬০০ টাকা ব্যয়ে একটি ইকোপার্ক প্রতিষ্ঠা করা হয়।

এ সময় বনের ভেতরে পর্যটকদের জন্য বনভোজনের স্থান, চলাচলে বনের ভেতরে ছোট ছোট খালের ওপর ১৬টি কাঠের সেতু, ৪টি গভীর নলকূপ, ৪টি শৌচাগার, ৪টি বিশ্রামাগারসহ ইটের সাড়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক নির্মাণ করা হয়। কিন্তু প্রতিষ্ঠার ১২ বছর পার হলেও এখন পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান সংস্কার করা হয়নি।

সরেজমিন গিয়ে দেখা যায়, টেংরাগিরি ইকোপার্কের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে সেতুর নির্মাণকাজ বন্ধ থাকায় ঘুরতে আসা পর্যটকরা পড়ছেন ভোগান্তিতে। কিছু পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় পারাপার হলেও কেউ কেউ ফিরে যাচ্ছেন। পার্কে চলাচলের সুবিধার্থে ছোট ছোট খালের ওপর নির্মিত সেতুগুলো পারাপারের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের ইট উঠে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গভীর নলকূপ অকেজো, শৌচাগারের দরজা-জানালা ও বেসিন ভেঙে পরিত্যক্ত পড়ে আছে। বন্যপ্রাণীদের থাকার স্থানের চারপাশে নির্মিত লোহার গ্রিলে মরিচা ধরে ভেঙে পড়ে রয়েছে। দেয়ালের পলেস্তারাও খসে পড়েছে। ইকোপার্কের ভেতরে কুমির প্রজনন কেন্দ্রের অবস্থাও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া বনের ভেতরে চিতা বাঘ, হরিণ, শূকর, অজগর, কুমির, কাঠবিড়ালী, বানরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী হুমকিতে রয়েছে।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক শামীম হোসেন বলেন, এ ইকোপার্কে আসতে হলে একটি বড় খাল ডিঙি নৌকায় পারাপার হতে হয়। এতে ঝুঁকি রয়েছে। এ ছাড়া বন্যপ্রাণীদের জন্য নির্মিত বেষ্টনী নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি বেষ্টনী দেয়াল হেলে পড়েছে। এ কারণে এই পার্কে পযর্টকদের সংখ্যা কমছে।

ওয়াটার কিপার্স বাংলাদেশের (তালতলী-আমতলী) সমন্বয়ক ও পরিবেশকর্মী আরিফ রহমান বলেন, ইকোপার্কটিতে একসময় বিপুলসংখ্যক পর্যটক ঘুরতে আসত। কিন্তু অব্যবস্থাপনা ও অবহেলার কারণে পর্যটনকেন্দ্রটি পর্যটকদের আগ্রহ হারাচ্ছে। এতে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। তাই বর্তমান সরকারের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

ভোলা থেকে ঘুরতে আসা পর্যটক সাজ্জাদ মিয়া বলেন, পার্কের ভেতরে পরিবেশ খুবই বেহাল। হাঁটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় খুব কষ্ট করতে হয় পর্যটকদের। খাবার পানির ব্যবস্থা নেই, শৌচাগার বেহাল। এসব কারণে পর্যটকদের আগ্রহ হারাচ্ছে।

এ বিষয়ে বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, ইকোপার্ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত বাস্তবায়ন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, আমি নতুন যোগদান করেছি, ইকোপার্কটি পরিদর্শন করে পর্যটনবান্ধব করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

মো: তুহিন হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




লিবিয়ায় বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ হবে : রাষ্ট্রদূত

লিবিয়া চিকিৎসক ও প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আমন্ত্রণ জানিয়েছে।

রোববার (১০ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সালিমান এ আগ্রহের কথা জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, আমরা মানব পাচারকে সমর্থন করি না। এর জন্য অনেক মানুষ ভুগছে। এটি বন্ধ করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।

প্রধান উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কি না তারও খোঁজখবর নেন তিনি। রাষ্ট্রদূত সালিমান এ লক্ষ্যে বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালুর ওপর জোর দেন।

রাষ্ট্রদূত সালিমান লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মীবাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, তার দেশে বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি।

তিনি স্বীকার করেন যে বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে চলমান সংস্কার সম্পন্ন হলে দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মো: তুহিন হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের জন্য মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য: এ এফ হাসান আরিফ

দেশের বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতা শক্তিশালী করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষিত মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, “বৈষম্যমুক্ত কর্মক্ষেত্রের জন্য দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে, বিদেশে যারা কাজের জন্য যাচ্ছেন তাদের বেশিরভাগই অদক্ষ, তবে যারা কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে দক্ষ, তাদের জন্য সুযোগের দরজা খোলা রয়েছে।”

আজ (১০ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ এফ হাসান আরিফ। তিনি আরও বলেন, “এটি শুধু ব্যক্তিগত লাভ-লোকসানের বিষয় নয়, বরং এটি জাতীয় পর্যায়ে বাংলাদেশের জন্য একটি উন্নয়নের প্রক্রিয়া।”

আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এছাড়া, অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর নয়টি পরিবারকে এক লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ ছাড়া, আন্দোলনে গুরুতর আহতদেরকে সম্মাননা স্মারক এবং আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানের শেষে তিনি আইডিইবি ভবন প্রাঙ্গনে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। পরে আইডিইবি ভবন থেকে আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কাকরাইল মোড়, নাইটঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় হয়ে আবার আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




উপদেষ্টা হিসেবে শপথ নিলেন মাহফুজ -বশির- ফারুকী

চন্দ্রদ্বীপ নিউজ::অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আরও তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন।

তারা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

এসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বরাবরই বিগত সরকারের অন্যায় কর্মকাণ্ডের সমালোচনা করে এসেছেন। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের একেবারে শুরু থেকেই তিনি পাশে ছিলেন। শেখ হাসিনা সরকার পতনের পরও নানা ধরনের পরামর্শ দিয়েছেন ফেসবুকের পাতায়। ফলে তার উপদেষ্টা হওয়ার গুঞ্জণ বেশ আগে থেকেই শোনা যাচ্ছিলো। অবশেষে সেই গুঞ্জণ সত্য হলো।

মো. মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর উপজেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরইমধ্যে তিনমাস পার করেছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ। তাদের অনেকেই পালন করছেন একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এ নিয়ে রাজনীতিবিদদের প্রায়ই অভিযোগ, এক ব্যক্তি একইসঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় সরকারের কাজে দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। তাই উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানোরও দাবি তুলেছেন তারা।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ টেলিকমের পরিচালক নূর জাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার, বীর প্রতীক ফারুক-ই-আজম, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম