কলাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু: বৈষম্যহীন দেশের অগ্রযাত্রার নতুন অধ্যায়

“বৈষম্যহীন দেশের অগ্রযাত্রা, নতুন ফসল যোগাবে নতুন মাত্রা” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম, এবং কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় কৃষকদের জন্য কন্দাল জাতীয় ফসল প্রদর্শন, চাষাবাদের নিয়ম, সঠিক সময়, এবং প্রাকৃতিক সারের ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে কৃষি বিভাগের কর্মকর্তারা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই কৃষি মেলা আগামী মঙ্গলবার শেষ হবে, যেখানে কৃষকদের জন্য উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রবাসী শ্রমিকদের জন্য শাহজালালে বিশেষ লাউঞ্জ উদ্বোধন

চন্দ্রদ্বীপ ডেস্ক:প্রবাসী শ্রমিকদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (সোমবার) সকালে তিনি অভিবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জটি উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

উদ্বোধনকালে অধ্যাপক ইউনূস বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা বিশ্বাস করি এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।




আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশটির রাজধানী বাকু’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, জলবায়ু সম্মেলনে যোগ দিতে অধ্যাপক ড. ইউনূস রাষ্ট্রীয় সফরে ১১-১৪ নভেম্বর পর্যন্ত আজারবাইজানে অবস্থান করবেন।

দেশটির রাজধানী বাকু’তে অনুষ্ঠিত এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের দাবিগুলো তুলে ধরবে। এছাড়া ড. ইউনূস বিশ্ববাসীর কাছে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।




গণ-অভ্যুত্থানে প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে : প্রধান উপদেষ্টা

অভিবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিল। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ।

সোমবার (১১ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা রোজগার করে বাংলাদেশে পাঠায়। তাদের যে প্রাপ্য ও সম্মান তা দেওয়ার জন্যই আমাদের আজকের এই প্রথম পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের প্রবাসী লাউঞ্জ এবারই প্রথম। এ লাউঞ্জে অভিবাসী কর্মীরা বিশ্রাম নিতে পারবে এবং ভর্তুকিযুক্ত খাবার খেতে পারবে।

অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে স্পনসর করেছে।

‘এটি মাননীয় প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া, বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে,’ বলেন তিনি।




ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের এখন নৌ-পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের দায়িত্বে আবারও পরিবর্তন আনা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে নৌ পরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বর্তমান উপদেষ্টারদের দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়। পরে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

রোববার বেড়েছে উপদেষ্টা পরিষদের আকার। এদিন শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তাদের মধ্যে শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তবে এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করা মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।




পবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট টক ২০২৪: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একত্রিত হওয়ার আহ্বান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের উদ্যোগে “সকলে মিলে ভবিষ্যত জলবায়ু পরিবর্তন মোকাবিলা” শীর্ষক গ্লোবাল ক্লাইমেট টক-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এই দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিওমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এন এম সফিকুল আলম, এবং আন্তর্জাতিক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএস গ্রিন চেম্বার অফ কমার্স এর সিইও মিশেল থ্যাচার। তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তা মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটির পর অংশগ্রহণকারীরা জলবায়ু সম্পর্কিত প্রদর্শনী ও পোস্টার প্রেজেন্টেশন উপভোগ করেন, যেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের অভিজ্ঞতার প্রতি আলোকপাত করা হয়।

ড. এ এন এম সফিকুল আলম বলেন, “২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ১০-১৫ শতাংশ শস্য উৎপাদন হ্রাস পাবে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর প্রতিকার হিসেবে নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।”

মিশেল থ্যাচার বলেন, “বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ঘূর্ণিঝড় বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ ছিল বিশ্বের উষ্ণতম বছর। তাই জলবায়ু নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি, খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সুতরাং টেকসই উন্নয়ন এবং দুর্যোগ প্রশমন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

এই অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য শক্তি এবং সবুজ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন, যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত: আপিল বিভাগের রায়

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দশ বছরের সাজা আপিল বিভাগ স্থগিত করেছে। সোমবার (১১ নভেম্বর) তিন সদস্যের একটি বিচারপতি বেঞ্চ এ আদেশ দেন, যেখানে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর হয়। এর ফলে তাকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড আপাতত স্থগিত থাকছে।

এদিন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলার সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে দুদক (দুর্নীতি দমন কমিশন) জানায়, জিয়া অরফানেজে কোনো অর্থ আত্মসাৎ হয়নি। তবে ২০১৮ সালের রায়ে বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন, যা পরে হাইকোর্ট দশ বছরে উন্নীত করে।

এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও তাকে সাত বছরের সাজা দিয়েছিল বিশেষ জজ আদালত। হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন মঞ্জুর হলেও রাষ্ট্রপতির ক্ষমা চাওয়ার পথে না গিয়ে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তার আইনজীবীরা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করতে চাই: বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

দেশের জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে এবং জীবনযাত্রাকে সহজ করতে চান সদ্য দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, “মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের খরচ বেড়েছে, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।”

নতুন উপদেষ্টা জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিগত সংস্থার প্রতিনিধিত্ব করছেন না; বরং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে এই দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রোববার (১০ নভেম্বর) তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বপ্রাপ্ত হন।

এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বের আগে এই পদে ছিলেন সালেহউদ্দিন আহমেদ, যিনি এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এখন থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে: সারজিস

চন্দ্রদ্বীপ ডেস্ক: ছাত্র-জনতার বিক্ষোভের পর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে নতুন রদবদল আনা হয়েছে। উপদেষ্টা পরিষদের আকার বৃদ্ধি করায় তৈরি হয়েছে বিতর্ক ও অসন্তোষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই পরিবর্তনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, “শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা থেকে কোনো উপদেষ্টা নেই! তার উপর খুনি হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!”

সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরউদ্দিনের নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান। এর পরপরই গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে মশাল মিছিল বের করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা শেখ বশীরউদ্দিনকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে আখ্যায়িত করে বলেন, “উপদেষ্টা পরিষদে তার অন্তর্ভুক্তি মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ। আমরা অবিলম্বে শেখ বশীরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।”

এই রদবদলের ফলে ছাত্র ও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, সরকারের এই সিদ্ধান্ত নতুন সংকটের জন্ম দিতে পারে।




পটুয়াখালী সদর উপজেলার বদরপুরে পুলিশের কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতি, আহত দুইজন

পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে শনিবার দিবাগত রাতে একটি পুলিশ কর্মকর্তার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল ডাকাত ওই পুলিশ কর্মকর্তার মা ও ভাইকে কুপিয়ে এবং অন্য পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। হামলায় আহত মা ও ভাইকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদী-আগৌলঝাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাখির বাড়িতে। ডাকাতির শিকার হলেন— সুলতানা রাখির মা রিনা বেগম, বাবা আবদুস সালাম তালুকদার ও ভাই ইসতিয়াক বিন ইসলাম জাবের।

গৃহস্থ আবদুস সালাম তালুকদার জানান, রাত সোয়া দুইটার দিকে তিনি কোলাহলের শব্দে ঘুম থেকে উঠে দেখেন, তার ছেলেকে মারধর করা হচ্ছে এবং স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে আলমিরার চাবি দেওয়া হলে ডাকাতরা নগদ ৯৮ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা মাইক্রোবাসে করে এসে বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তাদের সঙ্গে আরও ৪-৫ জন বাইরে ছিল। বাড়িতে ছিলেন গৃহস্থের ছোট মেয়ে আশ্রাফি সুলতানা মুন ও মেয়ে জামাই আবদুল্লাহ আল মামুন। পরে পটুয়াখালী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার বলেন, “এ ঘটনায় তদন্ত চলছে এবং জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম