বরিশালের সাবেক মেয়রসহ আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

বরিশাল অফিস: বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৪ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। তবে বিচারক তানভীর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপ-পরিদর্শক নূর মোহাম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, জামিন না মঞ্জুর হওয়া নেতাকর্মীরা বর্তমানে কারাগারে রয়েছেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন— বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়ুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার এবং সোহেল রানা।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৮ আগস্ট বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হলে, তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় বিএনপি নেতাকর্মীদের গুরুতরভাবে পিটিয়ে আহত করা হয় এবং তাদের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

এ ঘটনায় প্রায় এক বছর পর, ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে ১৬ জন নামধারী আসামি ছাড়াও আরো ২০০ অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। সেই মামলার পর, জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় আদালত ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গলাচিপায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পটুয়াখালীর গলাচিপায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় উপজেলা এলাকার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সভায় শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে সামাজিক উন্নয়ন কার্যক্রমে কাজ করা আরও সহজ হবে। আমি অফিসার নই, সাধারণ মানুষের মতো আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে জানাবেন। দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন থাকবে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে।’

মতবিনিময় সভায় ইউএনও সকল সাংবাদিকদের সাথে কাজ করার অঙ্গীকার করেন এবং এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, শিক্ষক বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর বাউফল উপজেলার কচুয়া গ্রামে এক শিক্ষার্থীকে পড়াশোনা করতে রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠেছে। ১৩ বছর বয়সী মো. আরাফাত নামের ওই শিক্ষার্থীকে তার প্রতিষ্ঠানের শিক্ষক মো. রায়হান শেখ ডেকে নিয়ে মারধর করেন বলে অভিযোগ।

বুধবার (১৩ নভেম্বর) সকালে এ ঘটনাটি ঘটে। মো. আরাফাত বড় ডালিমা গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে এবং বর্তমানে মোকলেছুর রহমান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। অভিযুক্ত শিক্ষক রায়হান শেখ তাহফিজুর হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত আগে বড় ডালিমা হাফিজিয়া মাদ্রাসায় পড়ত, কিন্তু এক শিক্ষক অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কারাগারে যাওয়ার পর, মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। এরপর রায়হান শেখ কালাইয়া এলাকায় তাহফিজুর হাফেজি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং আগের ছাত্রদের তার নতুন মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য চাপ দিতে থাকেন।

আরাফাত জানিয়েছেন, রায়হান হুজুর তাকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনেক দিন ধরেই চাপ দিচ্ছিলেন। গতকাল (মঙ্গলবার) রাতে তিনি আবারো তাকে তার মাদ্রাসায় ভর্তি হতে বলেন। রাজি না হওয়ায় রায়হান হুজুর তার ওপর ক্ষুব্ধ হন এবং বুধবার সকালে তাকে দুই শিক্ষার্থী পাঠিয়ে ডেকে নিয়ে কালাইয়া লঞ্চঘাট এলাকার উল্টো পাশে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলার হুমকি দেন। এ সময় তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা তাকে মারধরও করেন।

অভিযুক্ত রায়হান শেখ জানিয়েছেন, আরাফাত তার ছাত্র ছিল এবং সে তার ছাত্রদের ফুসলিয়ে অন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বলেছে। তবে, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এ ঘটনায় বাউফল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কুয়াকাটায় জমি দখলের অভিযোগে জাপা নেতা রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন ভূইয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রাশেদ মোল্লা ও মজিবুর রহমান বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, রুহুল আমিন হাওলাদার কুয়াকাটায় অনেক মানুষের জমি জোরপূর্বক দখল করেছেন। বক্তারা এসব জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার এবং রুহুল আমিন হাওলাদারের শাস্তির দাবি জানান।

এর আগে, কুয়াকাটার ওসমান শেখ পরিবারের পক্ষ থেকে পৌর এলাকায় মাইকিং করা হয়, যাতে সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করতে পারেন। এক আয়োজক, শাহীন শেখ বলেন, “আমরা জমি নিয়ে বিরোধের বিষয়টি সমাধান করতে আশ্বাস পেয়েছি, তাই মানববন্ধন করা হবে না।”

এদিকে, রুহুল আমিন হাওলাদারের স্থানীয় প্রতিনিধি ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “মানববন্ধন আহ্বানকারীদের সাথে আমাদের কোন বিরোধ নেই। তাদের জমি তাদের দখলে রয়েছে। যারা ভুক্তভোগী বলে অভিযোগ করছেন, তারা জমি দেওয়ার কথা বলে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে নানা ছলচাতুরী করে আসছেন। এ বিষয়ে মামলা চলমান রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানববন্ধন করা হচ্ছে।”

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার হলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

বরিশাল অফিস: পিরোজপুরের নাজিরপুরে নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কুদ্দুস (৫২) ২৭ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার ভোরে, উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী এলাকায় অসুস্থ মাকে দেখতে আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আব্দুল কুদ্দুস উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি ঝালকাঠির মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন ডেইলি লেবার হিসেবে কাজ করতেন। সেই সুবাদে আনোয়ার মোল্লার মেয়ে শাহনাজের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে চট্টগ্রামে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা মোহরানা বেঁধে ইসলামি বিধান অনুযায়ী তাকে বিয়ে করেন কুদ্দুস।

তবে শাহনাজের পিতা আনোয়ার মোল্লা কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। ১৯৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত আব্দুল কুদ্দুসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ জানান, দীর্ঘদিন পলাতক থাকা কুদ্দুস মায়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি ফরিদ বলেন, “আমরা সোর্সের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট কারী অফিসারকে দিয়ে অভিযান পরিচালনা করি। এরপর আসামিকে থানায় এনে আদালতে প্রেরণ করা হয়েছে।

আব্দুল কুদ্দুস দাবি করেন, মামলার বিষয়ে তিনি কিছুই জানতেন না। বিয়ের পর শাহনাজের পরিবারই কৌশলে তাকে আলাদা করে মামলা দায়ের করে। ওই সময় বাড়ি ত্যাগ করার পর আর ফিরে আসেননি তিনি। অবশেষে ২৭ বছর পর অসুস্থ মাকে দেখতে এসে তার গ্রেপ্তার নিশ্চিত হলো।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বরিশালে ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বরিশালের পলাশপুর এলাকায় বিশেষ অভিযানে র‍্যাব-৮ এর সদস্যরা ২৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। এ সময় একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ আক্কাস হাওলাদার (৪২), মৃত আঃ হামেদ হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কাস ও তার পরিবারের সদস্যরা পলাশপুর থেকে বরিশালের পোর্ট রোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেটসহ বিভাগের বিভিন্ন অঞ্চলে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করতেন। দীর্ঘদিন ধরেই তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ অনুযায়ী সারাদেশে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। অভিযানে মোট ৩৫ বস্তায় আনুমানিক ২৫০০ কেজি পলিথিন উদ্ধার করা হয়।

মেজর সোহেল রানা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও বরিশালসহ আশপাশের জেলাগুলোতে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন ও সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কিছুদিন আগেও আক্কাস বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনের চালানসহ গ্রেপ্তার হন। তবে স্বল্প সময়ের সাজা ভোগ করে মুক্তি পাওয়ার পর আবারও এই অবৈধ ব্যবসায় যুক্ত হন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামীকাল

চন্দ্রদ্বীপ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে প্রকাশিত হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর ঢাকা বোর্ডে ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ওই বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ শিক্ষার্থীরা পেয়েছেন। তবে, সাবজেক্ট ম্যাপিং হওয়া বিষয়গুলোর ফল পুনর্নিরীক্ষণের সুযোগ ছিল না। গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

যেভাবে ফল জানা যাবে
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।

এছাড়াও শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারবেন।




পটুয়াখালীতে যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন গাজীর দলীয় পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন গাজীর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সুমন গাজীকে সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, দলের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দলীয় সুনাম ও ঐক্য রক্ষার্থে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে যুবদলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, সুমন গাজীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, সাত মাসের অন্তঃস্বত্ত্বা

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করা হয়েছে। এতে ওই ছাত্রীটি অন্তঃস্বত্তা হয়ে পড়েছে। মো. ফিরোজ হাওলাদার (৩৮) নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফিরোজ ব্যক্তি জীবনে বিবাহিত, তার স্ত্রী ও চার সন্তান রয়েছে। সে উপজেলার নিমদী গ্রামের বাসিন্দা মো. মন্নান হাওলাদারের ছেলে।

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, ছাত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন ফিরোজ। রাজি না হওয়ায় বিভিন্ন কৌশল অবলম্বন করেন ফিরোজ। তার কৌশলের কাছে হার মানে ছাত্রীটি। বিভিন্ন সময়ে টাকা পয়সা ও অন্যান্য উপহার দিয়ে সখ্যতা গড়ে তোলেন ছাত্রীটির সঙ্গে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীটিকে ধর্ষণ করেন ফিরোজ। ছাত্রীটিকে ধর্ষণের বিষয়টি কাউকে না বলার জন্য বলেন এবং বললে মেরে ফেলার হুমকি দেন ফিরোজ। এ কারণে ওই ছাত্রীটি কাউকে এ বিষয়ে জানায়নি। একপর্যায়ে অন্তঃস্বত্তা হয়ে পড়লে ছাত্রীটি তার মাকে জানায়।

মানসম্মানের ভয়ে মা কাউকে না জানিয়ে ফিরোজের সঙ্গে যোগাযোগ করেন এবং নিরুপায় হয়ে গত শনিবার চিকিৎসকের শরনাপন্ন হন। চিকিৎসক জানিয়েছেন ছাত্রীটি এখন সাত মাসের অন্তঃস্বত্তা। মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফিরোজ হাওলাদার ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘ খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ঘরে আগুন দিয়ে নিজেই ফেঁসে গেলেন

কলাপাড়ায় বিরোধীয় জমি নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ঘরে আগুন দিয়ে নিজেই বিপদে পড়লেন মো. হেলাল খান ও তার সঙ্গীরা। সোমবার সন্ধ্যায় কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের পূর্ব পাশে কলাউপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিপক্ষ সুজন মৃধার ভাড়া করা বসত ঘরে আগুন লাগানোর চেষ্টা করে অভিযুক্তরা। আগুন লাগানোর সময় স্থানীয়দের তাড়া খেয়ে পালিয়ে যায় তারা। এতে দুটি টিনের ঘর পুড়ে যায় এবং একটি ঘরের টিনের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ভাঙচুর করা হয়।

ঘটনাটি ঘটেছে এমন সময়, সুজন মৃধার ভাড়াটিয়া লিটন প্যাদা এবং তার পরিবার ঘরটি থেকে বের হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্থানীয় চৌকিদার রাজিব, নুরুজ্জামাল, মেম্বার কাওসার তালুকদার এবং রবিউল হাওলাদার এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় অভিযুক্তরা পালিয়ে যায়। তবে মো. হেলাল খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, বিরোধীয় জমি তিনি ক্রয় করেছেন। এ ঘটনায় সুজন মৃধা বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম