বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন শহীদ আবু সাঈদের দুই ভাই

বসুন্ধরা গ্রুপের দেওয়া চাকরি ছেড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের দুই ভাই। বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।
গত মঙ্গলবার (১২ নভেম্বর) তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইল ও ডাকযোগে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন।
গত ৯ অক্টোবর বসুন্ধরা গ্রুপ রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ-২৪ এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দেয়। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই তারা উভয়ে চাকরি থেকে অব্যাহতি নিলেন।
আবু হোসেন গণমাধ্যমকে জানান, আমরা দুই ভাই ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দিয়েছি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ই-মেইল এবং ডাকযোগে জানিয়েছি।
এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা বলেন, রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হিসেবে চিহ্নিত হন। তার হত্যার পর সারা দেশে আন্দোলন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, যার ফলস্বরূপ গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
আবু সাঈদের আত্মত্যাগের পর তার পরিবারও বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। চাকরি ছাড়ার এই সিদ্ধান্তও সেই আন্দোলনের প্রেক্ষাপটের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”








