হজ উপলক্ষে ডলার বিক্রির সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

হজের মৌসুমে বিদেশে গমনের জন্য মানি চেঞ্জারদের নগদ ডলার বিক্রির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৯ নভেম্বর) এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নতুন নির্দেশনা দিয়েছে, যা দেশের সব অনুমোদিত ডিলার ও বৈধ মানি চেঞ্জারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে, বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকরা এখন থেকে দুই হাজার ডলার পর্যন্ত নগদ ডলার কিনতে পারবেন। এর আগে এই সীমা ছিল এক হাজার ডলার।

বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এন্ডোর্সমেন্ট) নেয়া প্রয়োজন। প্রতি বছর একজন বাংলাদেশি নাগরিক সর্বোচ্চ ১২ হাজার ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে খরচ করতে পারেন, যা নগদ ডলার এবং কার্ড উভয় মাধ্যমে হতে পারে। এই অনুমোদন দেয় সরকারি-বেসরকারি ব্যাংক ও বৈধ মানি চেঞ্জারগুলো।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে, প্রাপ্তবয়স্ক নাগরিকরা বিদেশে যাওয়ার সময় এক বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার বা সমমূল্যের বৈদেশিক মুদ্রা এন্ডোর্স করতে পারবেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




একাত্তরের অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, যদি একাত্তরের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তবে তারা জাতির কাছে ক্ষমা চাইবে। ১৯ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “একাত্তরে যদি কোনো ভুল করে থাকি এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে, তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে ‘জেনোসাইড অব জাস্টিস’ বলেছে।”

তিনি আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দিন। এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এবং দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যেভাবে পারেন, আমাদের সাথে যুদ্ধ করেছেন।”

এছাড়া, ডা. শফিকুর রহমান জামায়াতের ওপর আক্রমণের বিষয়টি তুলে ধরেন এবং বলেন, “১৫ বছর জামায়াতকে কার্যালয় খুলতে দেয়া হয়নি, কথা বলতে দেয়া হয়নি, সভা-সমাবেশ করতে দেয়নি, এমনকি শোভাযাত্রা পর্যন্ত করতে দেয়নি। আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছেও যেতে পারিনি।”

প্রবাসীদের প্রতি তার আহ্বান, “আমি প্রবাসীদের শুধু মনিটারি রেমিটেন্স নয়, বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্যও আবেদন জানাচ্ছি। এই রেমিটেন্স বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাট সাহায্য করবে এবং প্রবাসীরা স্বপ্নের বাংলাদেশ গঠনে অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন।”

বিগত সরকারের দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, “যে পরিমাণ উন্নয়ন সম্ভব ছিল, তা হয়নি। বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর খরচ অন্য দেশের তুলনায় তিনগুণ বেশি ছিল। প্রকল্পগুলো সময়মতো শেষ হয়নি, বরং সময় বাড়ানো হয়েছে এবং প্রকল্পের খরচও বাড়ানো হয়েছে। এর ফলে দেশের সম্পদ লুটে নিঃস্ব করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




এক যুগ পর সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা

চন্দ্রদ্বীপ ডেস্ক: এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বুধবার এ কথা জানান।

তিনি বলেন, “সুস্থ থাকলে ইনশাল্লাহ ম্যাডাম (বৃহস্পতিবার) সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলার সাথে যুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান বুধবার রাতে গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় গিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বৃহস্পতিবার সেনানিবাসের এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। দিনব‌্যাপী অনুষ্ঠানে প্রতিবছর দিনটি ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করে বাংলাদেশ।




পটুয়াখালীতে শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত

পটুয়াখালীর কলাপাড়ায় মো. রিফাত (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার সহপাঠীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের মাদরাসা রোড কালভার্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

রিফাতের বাবা মো. রিপন মোল্লা জানান, বিকেলে রিফাত সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সহপাঠী ও সিনিয়র ভাইদের সঙ্গে খেলা করছিল। খেলাকালীন তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা কয়েকজন সহপাঠী ধারালো অস্ত্র দিয়ে রিফাতের পিঠে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নতুন আইজিপি বাহারুল আলম

দেশের নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। তার পূর্বসূরি মো. ময়নুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ঘোষণা দেন।

তিনি আরও জানান, ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী কমিশনার মো. মাইনুল হাসানকেও পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান এবং পুলিশ সদর দফতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরে শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনেও দায়িত্ব পালন করেছেন।

দুই দফায় পদোন্নতি বঞ্চিত হওয়া সত্ত্বেও বাহারুল আলম ২০২০ সালে অবসরে যান। তবে এবার তার অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা সভা

পটুয়াখালীর মহিপুরে “জনতাই পুলিশ, পুলিশই জনতা” প্রতিপাদ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে বেগবান করতে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় মহিপুর থানার আলীপুর শেখ রাসেল সেতু সংলগ্ন আলীপুর মধ্য বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতানের সভাপতিত্বে এবং মহিপুর থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি সাগর সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসআই শেখ ফিরোজ আলম, এএসআই ইউনুস, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার, থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী রেদোয়ান হাওলাদার, এবং থানা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা।

অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা সমাজের অসংগতি দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রশাসন ও সামাজিক নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা মাদক, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গলাচিপায় গৃহবধূ হত্যা: প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর গৃহবধূ খাদিজা বেগম হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মোহাম্মদ গিয়াস প্যাদাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রামে অভিযান চালিয়ে গিয়াস প্যাদাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন। গ্রেফতারের পর আসামিকে গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, “গৃহবধূ খাদিজা বেগম হত্যার মতো গুরুতর মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। প্রাথমিক তদন্ত শেষে গিয়াস প্যাদাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

গত ২১ আগস্ট চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয় খাদিজা বেগমকে। ঘটনার দিনই নিহতের স্বামী মো. মানিক প্যাদা গলাচিপা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ তিন মাসের তদন্ত ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর পুলিশ মামলার প্রধান আসামি গিয়াস প্যাদাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এলাকাবাসীর ধারণা, গ্রেফতার হওয়া আসামির জবানবন্দি মামলার অগ্রগতি বাড়াবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরগুনায় বিদ্যালয়ে ঢুকে ছাত্রীকে কুপিয়ে আহত

বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালি মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত যুবককে গ্রেফতার করেছে।

অভিযুক্ত হাসান শিকদার (২২), পুটিয়াখালি গ্রামের হক মিয়া শিকদারের ছেলে। পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসান এই হামলা চালায়।

বিদ্যালয়ের শিক্ষক ফাইজুর রহমান জানান, দুপুরের বিরতির সময় শিক্ষার্থীদের চিৎকারে তারা ঘটনাস্থলে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে দেখতে পান এবং হাসানকে পালিয়ে যেতে দেখেন। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগীর বাবা জানান, স্কুলে যাওয়ার পথে হাসান তার মেয়েকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত। বিষয়টি অভিভাবকদের জানালে হাসানের পরিবার তাকে শাসন করে। এতে ক্ষুব্ধ হয়ে সে বিদ্যালয়ে ঢুকে তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম জানান, হাসান শিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীর শিখন কেন্দ্রে স্কুলবিমুখ শিশুদের জন্য নতুন দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরাঞ্চলে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল রিসকিউ কমিটি (আইআরসি)। গত মঙ্গলবার, আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের বিভিন্ন শিখন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। শিখন কেন্দ্রগুলোতে শিশুদের জন্য আধুনিক শিক্ষা পদ্ধতির প্রবর্তন করা হয়েছে, যার ফলে প্রযুক্তি ভিত্তিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হচ্ছে।

১৮ মাস আগে আইআরসি এবং বেসরকারি সংস্থা জাগো নারীর উদ্যোগে রাঙ্গাবালী সদর ও ছোটবাইশদিয়া ইউনিয়নে ১৬টি শিখন কেন্দ্র স্থাপন করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছানোর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আইআরসির কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান সাংবাদিকদের বলেন, “চরাঞ্চলের শিশুদের জন্য প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা আরও বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে আইআরসি।”

এ সময় হাসিনা রহমানের সঙ্গে ছিলেন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেপ্তার

বরিশালে বিএনপির কার্যালয় পোড়ানোসহ একাধিক মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৯ নভেম্বর, মঙ্গলবার, বরিশাল নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত কোহিনুর বেগম বরিশাল সিটি করপোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সাবেক কাউন্সিলর এবং সিটি করপোরেশনের সর্বশেষ পরিষদের প্যানেল মেয়র ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া, এসব মামলায় এর আগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম, সিটি করপোরেশনের ৯ কাউন্সিলরসহ আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম