এলডিসি দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে সমর্থন চাইলো বাংলাদেশ

জলবায়ু সংকট মোকাবিলায় স্বল্পোন্নত দেশ (এলডিসি) ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ২০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এই প্রস্তাবে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কে আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার (২২ নভেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এর চূড়ান্ত ফলাফলের আলোচনায় এলডিসি মন্ত্রীদের এবং ইইউ মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য মো. জিয়াউল হক এই আহ্বান জানান।

বৈঠকে উভয় পক্ষই জলবায়ু সংকটের সমাধানে একসঙ্গে কাজ করার গুরুত্বারোপ করে একটি ভারসাম্যপূর্ণ এবং সমতাভিত্তিক চুক্তি অর্জনের দিকে মনোযোগ দেয়। বাংলাদেশের প্রতিনিধি বলেন, ‘‘অনেক সমস্যা এখনো অমীমাংসিত রয়ে গেছে। একযোগে কাজ করে কপ২৯-এ একটি অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক চুক্তি নিশ্চিত করতে হবে।’’

এছাড়া, বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর মন্ত্রীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে প্রয়োজনীয় আর্থিক এবং কারিগরি সহায়তার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তারা নিজেদের অবস্থান তুলে ধরেন এবং তাদের উদ্বেগের বিষয়গুলি তুলে আনেন।

ইইউ মন্ত্রীরা এলডিসি দেশগুলোর উদ্বেগের প্রতি সমর্থন জানান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এদিকে, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, নির্গমন হ্রাস এবং গ্লোবাল স্টকটেক প্রক্রিয়া বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কপ২৯-এর চূড়ান্ত আলোচনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে পরিত্যক্ত ভবনে মৃত্যুর আশঙ্কা: ঝুঁকি নিয়েই বসবাস

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডে অবস্থিত ৮২ ইউনিট সরকারি কোয়ার্টারগুলোর ভবনগুলোতে এখন ভয়াবহ ঝুঁকি তৈরি হয়েছে। ছাদ এবং দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, এবং বাঁশ ও কাঠের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে ছাদ। এর মধ্যে জীবনঝুঁকি নিয়ে বসবাস করছেন ২০টি পরিবারের শতাধিক মানুষ। এই ভবনগুলোর অবস্থা এতটাই খারাপ যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে এক বছর আগে ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনগুলো খালি করার নির্দেশ দেয়। তবে, এখনো ২০টি পরিবার সেখানে বসবাস করছেন অবৈধভাবে, যদিও তাদের বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে মানবিক কারণে তাদের সংযোগ পুনরায় চালু করা হয়।

গণপূর্ত অধিদপ্তরের সুত্রে জানা গেছে, ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করার পর ৮২টি পরিবারের মধ্যে অধিকাংশই সরে গেছেন। তবে কিছু পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। এই ২০টি পরিবারে সরকারি দপ্তরের কর্মচারী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, জেলা প্রশাসন, কারাগারের কর্মচারী এবং হাসপাতালের সাবেক নার্সসহ নানা ব্যক্তি বসবাস করছেন।

স্থানীয়রা জানায়, এই ভবনগুলোর কোনো সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতরা প্রবেশ করে মাদক সেবন এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা দরজা-জানালা খুলে বিক্রি করে দিচ্ছে।

এ বিষয়ে বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, “ভবনগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং ভবনের গায়ে সতর্কবাণী টানানো হয়েছে। তবে ২০টি পরিবার এখনও সেখানে বসবাস করছে। ভবনগুলোর দ্রুত ভাঙন কাজ শুরু হবে যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গলাচিপায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমা পাল (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুমা গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সদর রোডের বাসিন্দা সুজন পালের স্ত্রী এবং এক কন্যা সন্তানের মা।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন জানান, সুমা প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

ডা. মেজবাহ আরও জানান, গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। বিশেষ করে রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এবং গোলখালী ইউনিয়নের হরিদেবপুর বাজার এলাকাগুলোতে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। গত ছয় মাসে উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে নসিমন উল্টে গৃহবধূর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপবোঝাই একটি নসিমন উল্টে গিয়ে মিনারা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে, ধূলাসার ইউনিয়নের চরচাপলী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ মিনারা বেগম স্থানীয় বাসিন্দা ছগির হাওলাদারের স্ত্রী ছিলেন এবং তিনি দুই সন্তানের মা। স্থানীয়দের বরাতে জানা গেছে, মিনারা বেগম সকাল বেলা বাড়ির পাশের পুকুরঘাটে থালা-বাসন ধোয়ার সময় নলকূপের পাইপবোঝাই নসিমনটি রাস্তায় উল্টে গিয়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা দ্রুত খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে বহিষ্কার

দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের লতাচাপলী ইউনিয়নের সভাপতি রুহুল আমিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু এবং সাধারণ সম্পাদক মাসুম ফরাজীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুহুল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ প্রসঙ্গে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু বলেন, “দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব সময় কঠোর। কেউ যদি দলের সুনাম নষ্ট করার মতো কাজ করে, তবে তাকে ছাড় দেওয়া হবে না। রুহুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তারই প্রমাণ।”

দলীয় সূত্রে জানা গেছে, শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমে আরও শৃঙ্খলা আনার জন্য সংশ্লিষ্ট নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে ট্রাক পুকুরে, প্রাণ গেল দুইজনের

বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তারাকূপি আরিফ ফিলিং স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক মুকুল (৩৫) এবং ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামের ব্যবসায়ী বাদল মোল্লা (৪০)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে চালকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

কীভাবে ঘটলো দুর্ঘটনা:
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ট্রাকটি বরিশাল থেকে মালামাল বিক্রি করে ফরিদপুরের দিকে খালি অবস্থায় যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে যায়।

বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের লাশ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার কার্যক্রম চলমান:
ট্রাকটি পুকুর থেকে উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বৈষম্যবিরোধী আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদাধিকারবলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এ কমিটির সদস্য থাকবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

১৮ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা হলেন- মো. মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো. মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাইম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনী, মুঈনুল ইসলাম হাসনাত।

এর আগে ২২ অক্টোবর সমন্বয়ক টিম বিলুপ্ত করে ৪ সদস্যের আহ্বায়ক কমিটি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্যসচিব, আবদুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়। এই কমিটি দিয়েই এতদিন সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।




প্রশাসনে ফ্যাসিবাদী ৬৯ জন কর্মকর্তার অপসারণে গড়িমসি

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসর দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের এখনো অপসারণ-অব্যাহতি প্রদান করা হয়নি। প্রায় ৪২০০ জন কর্মকর্তা ন্যায়বিচার ও বঞ্চনা নিরসনের আবেদন করেছে। কমিটি যাচাই-বাছাই করে ১৫৪৬ জনের আবেদনকে প্রাথমিকভাবে আমলে নিয়ে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এসব দুষ্ট ক্ষতগুলো সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারকে বিব্রত ও বিভ্রান্ত করা হচ্ছে। কেউ কেউ গোপনে বিগত স্বৈরাচারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিভিন্ন ষড়যন্ত্রের ইন্ধন যোগাচ্ছে। এ কারণে শত চেষ্টা সত্ত্বেও সরকারের বিভিন্ন দফতরে কাজে গতিশীলতা আসছে না, জনমনে সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মাঠ প্রশাসনে কর্মরত ৩৪ জন বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার, বিতর্কিত ১৬ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং সাবেক ফ্যাসীবাদী সরকারের দোসর, ছাত্র-জনতা হত্যায় জড়িত সেচ্ছাচারী, দুর্নীতিবাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ কাজে লিপ্ত ১৯ জন কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। দলবাজ, অদক্ষ ও সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ-অব্যাহতি প্রদান গত ৫ আগস্টের পর দীর্ঘদিনের বঞ্চিত কর্মরত যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পেয়েও এখনো পদায়ন পাননি তাঁদেরকে দ্রুত উপযুক্ত পদে পদায়ন করতে হবে। জনপ্রশাসনকে দ্রুত সচল করতে ছাত্র-জনতার আকাক্সক্ষার সাথে সংগতিপূর্ণ কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন করতে হবে। মাঠ প্রশাসনে কর্মরত বিতর্কিত জেলা প্রশাসককে প্রত্যাহার করে নিরপেক্ষ, সৎ, দক্ষ কর্মকর্তাকে পদায়ন করা এবং বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ভূতপেক্ষ জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা প্রদানসহ পদোন্নতির প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টাকে দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্ব একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেন, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের দাবি জানিয়ে যে আবেদন করেছে তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেটা বাস্তবায়ন করবো।




ঝালকাঠিতে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর গ্রেপ্তার

বরিশাল অফিস :: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে ব্যারিস্টার শাহজাহান ওমরসহ ৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় কাঁঠালিয়ার গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের রাজাপুরের বাসভবন ‘মেহজাবিন’-এ দুর্বৃত্তরা হামলা চালায়। এই হামলায় বাসার জানালার কাচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা হন শাহজাহান ওমর। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। ভাঙচুরের শিকার গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েন।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, “কাঁঠালিয়া থানার মামলার ভিত্তিতে ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। থানার বাইরে উত্তেজিত বিএনপি নেতাকর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

পরে, তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা বিনতে শহিদের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারের পর থেকে রাজাপুর ও কাঁঠালিয়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতাকর্মীরা থানার বাইরে গ্রেপ্তারকৃত নেতার মুক্তির দাবিতে শ্লোগান দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

এ ঘটনায় এলাকায় চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নেছারাবাদে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি গ্রামে ইশরাত জাহান জেবিন (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।

জানা গেছে, ইশরাত জাহান জেবিন স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় ওয়ার্ড মেম্বার শামীম জানান, মায়ের সঙ্গে রাগারাগির পর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইলের সিম পরিবর্তন নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয় জেবিনের। এরপর সে পাশের বাড়িতে যায়। কিছুক্ষণ পর বাড়ি ফিরে ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জেবিনের মা ঘরে ঢুকে তাকে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেবিনের মা জানান, সকালে মোবাইল নিয়ে বকাঝকা করায় তার মেয়ে রেগে যায়। তিনি আরও বলেন, “আমার মেয়েটা ছোটবেলা থেকেই বেশ জেদি স্বভাবের ছিল।”

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম