চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বিডার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, আশিক মাহমুদ এক চিঠিতে বলেন, চীন-ভিত্তিক যেসব ব্যবসায়ী তাদের উৎপাদন কেন্দ্র স্থানান্তর বা বৈচিত্র্য আনতে আগ্রহী, তাদের জন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় গন্তব্য হতে প্রস্তুত।

আশিক মাহমুদ বলেন, “মার্কিন নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের জন্য শুল্ক ও শুল্কহার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমরা চীনের বিনিয়োগকারী বন্ধুদের আহ্বান জানাই এবং পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমর্থন জানাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, বাংলাদেশ গার্মেন্টস, ইলেকট্রনিক্স, সোলার ভ্যালু চেইন এবং অটোমোটিভের মতো শিল্পে বিনিয়োগের জন্য সম্ভাবনা দেখছে এবং তাদের জন্য আকর্ষণীয় প্রণোদনা কর্মসূচি এবং সুবিধাসহ একটি অনুকূল পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত মাসে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ, বহুজাতিক ও স্থানীয় কোম্পানির অন্তত ২০০ জন প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করেন এবং জানান, নতুন মার্কিন প্রশাসনের অধীনে বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে চীন-ভিত্তিক ব্যবসায়ীদের কাছ থেকে তাদের ঝুঁকি এবং উৎপাদন বৈচিত্র্যময় করার ক্ষেত্রে ব্যাপক আগ্রহের কথা জানতে পেরেছি।”

চীনা ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ এর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ২০২২ সালে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) বৃহত্তম উৎস হিসেবে উঠে আসে। আশিক চৌধুরী আশা করেন, নতুন ট্রাম্প প্রশাসনের অধীনে এই প্রবণতা আরও বাড়বে।

আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগ ব্যাংকার হিসেবে গত এক দশক ধরে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণ আমি পর্যবেক্ষণ করেছি। নতুন মার্কিন রাজনৈতিক ল্যান্ডস্কেপে চীনা ব্যবসায়ীদের আঞ্চলিক সম্প্রসারণের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।”

তিনি আরও বলেন, “এই বিনিয়োগকারীদের উপযোগী প্রতিশ্রুতিসহ বাংলাদেশ তাদের ‘স্বাগত’ জানাতে আগ্রহী। এটি আমার প্রতিশ্রুতি।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবিতে র‍্যাগিংয়ের শিকার ৩ শিক্ষার্থী হাসপাতালে, ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় এম. কেরামত আলী হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে ৩ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ৭ শিক্ষার্থীকে শনাক্ত করে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম বর্ষের (২০২৩-২৪ সেশন) একাধিক শিক্ষার্থীর মতে, মধ্যরাতে সিনিয়র শিক্ষার্থীরা গণরুমে এসে তাদের ফোন জমা নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। নির্যাতনের ধরনে কান ধরে ওঠাবসা, অকথ্য ভাষায় গালিগালাজ, জানালায় ঝুলিয়ে রাখা, সিগারেটের ধোঁয়া দিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা এবং বিভিন্ন ধরনের শারীরিক কসরত করানো অন্তর্ভুক্ত ছিল।

র‍্যাগিংয়ের খবর পেয়ে হল প্রভোস্ট অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন ও সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের হাতেনাতে ধরেন। প্রাথমিক তদন্তে ২০২২-২৩ সেশনের ৭ জন শিক্ষার্থী এই ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

রাতে অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় পবিপ্রবির চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রাতেই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাদের বরিশালে পাঠানো হয়।

এ বিষয়ে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানান, “এ ধরনের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসন আরও সতর্ক থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম রোববার সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন এবং র‍্যাগিংয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

জাতিকে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে শপথ গ্রহণের পর সাংবাদিকদের তিনি এই প্রতিশ্রুতি দেন। সিইসি নাসির উদ্দীন বলেন, “সবার সহযোগিতায় জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রদান করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দলগুলোর চাহিদা বাস্তবায়নে কাজ করবে নির্বাচন কমিশন।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।”

আজ দুপুর ১:৩০ টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত সিইসি এ এস এম মো. নাসির উদ্দীন ছাড়াও চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

উল্লেখ্য, ২১ নভেম্বর বৃহস্পতিবার সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারও ঘোষণা করা হয়। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন, যা সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন সহ চার নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণের আগে সিইসি ও চার নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছান। পরে আনুষ্ঠানিকতা শেষে প্রথমে সিইসিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি, এরপর বাকি চার নির্বাচন কমিশনার শপথ নেন।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয়। ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়।

নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন:

  • অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার
  • অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ
  • অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহ্‌মদ
  • অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

নতুন কমিশন গঠনের পর, ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি রাষ্ট্রপতির কাছে ১০ জনের প্রস্তাবিত তালিকা জমা দেয় এবং ২১ নভেম্বর থেকে এই নতুন নির্বাচন কমিশন গঠন হয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুয়াকাটার জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজন দ্রুত উদ্যোগ

পটুয়াখালীর নয়নাভিরাম কুয়াকাটা, যা সাগরের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ‘সাগরকন্যা’ নামে পরিচিত, আজ জীববৈচিত্র্যের সংকটে ভুগছে। গবেষণায় দেখা গেছে, এখানে বিভিন্ন বিপন্ন ও সংকটাপন্ন প্রজাতির প্রাণী বাস করলেও ক্রমবর্ধমান দূষণ এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডের ফলে এই জীববৈচিত্র্য হুমকির মুখে। বিশেষত প্লাস্টিক দূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

সম্প্রতি প্লাস্টিক দূষণ রোধে একটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের সহায়তায় ২০ নভেম্বর মাত্র আড়াই ঘণ্টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের ছয় কিলোমিটার এলাকা থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়। উদ্ধারকৃত বর্জ্যের মধ্যে ছিল ফুড প্লাস্টিক র‍্যাপার, পলিথিন, ওয়ান টাইম প্লাস্টিক পণ্য, বোতল, সিগারেটের প্যাকেট, মাছ ধরার পুরনো জাল এবং ই-বর্জ্য। এই উদ্যোগে সহায়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও সিইজিআইএস।

ইয়ুথনেট বরিশাল এবং অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীসহ ৩০ জন স্বেচ্ছাসেবী এই অভিযানে অংশগ্রহণ করেন। তারা শুধু বর্জ্য অপসারণ নয়, সৈকতের সাধারণ মানুষ, পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীদের প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে সচেতন করেন।

গঙ্গামতির চর, জিরো পয়েন্ট, এবং কুয়াকাটা জাতীয় উদ্যানের সম্মুখভাগ প্লাস্টিক দূষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব স্থানে খাদ্য পণ্যের প্যাকেট ও পানীয় বোতল সবচেয়ে বেশি পাওয়া গেছে।

স্থানীয়দের মতে, পর্যটকদের অসচেতনতার কারণেই প্লাস্টিক বর্জ্য দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে এই অভ্যাস সৈকতের জীববৈচিত্র্যকে বিপন্ন করে তুলেছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

এই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সমী। সার্বিক সহযোগিতা করেছেন পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




অচল রাজধানী, রাস্তা দখলে নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ

রাজধানীর বিভিন্ন এলাকায় রবিবার (২৪ নভেম্বর) সকালে ব্যাটারিচালিত রিকশাচালকরা বিক্ষোভে অংশ নেন এবং রাস্তা দখল করে আন্দোলন শুরু করেন। জাতীয় প্রেসক্লাব, আগারগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়, যার ফলে ঢাকার যানবাহন চলাচলে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুর তিন রাস্তা এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের অবরোধের কারণে তীব্র যানজট দেখা দেয়। অফিসে যাওয়ার জন্য বের হওয়া মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ রিকশাচালকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে পরিস্থিতি এখনও উত্তপ্ত। যাত্রাবাড়ী মোড়ে কিছুটা গতি থাকলেও রিকশাচালকদের সংখ্যা ছিল অনেক বেশি এবং পুলিশ তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

আগারগাঁও এলাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের এক নেতা জানান, তারা নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হয়েছেন এবং মিছিল সহকারে মিরপুর ১০ নম্বরে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “আমাদের একটাই দাবি, চালকদের পুনর্বাসন ছাড়া ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা যাবে না, কারণ এটি বহু মানুষের জীবিকা।”

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, সকাল ১১টা থেকে ব্যাটারি রিকশাচালকরা মিরপুর বেড়িবাঁধ, ঢাকা উদ্যান ও তিন রাস্তার মোড় এলাকায় রাস্তা অবরোধ করে রেখেছেন, যার ফলে মোহাম্মদপুর, মিরপুর ও গাবতলী সড়কে যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে, তবে এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

এদিকে, গত ১৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে আদালত এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে তা অবৈধ ঘোষণা করার রুল জারি করেছে। আদালতের আদেশের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকরা বিক্ষোভ করে চলেছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে সাবেক এমপি টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০১৮ সালের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুসহ ১৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন উপজেলার দেহেরগতি বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন হেমায়েত। তিনি গত বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ থানায় মামলাটি দাখিল করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম রোববার (২৪ নভেম্বর) জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, জাতীয় পার্টির সাবেক সভাপতি মুকিতুর রহমান কিসলু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ্জামান মিলন, সাবেক এমপি শেখ মুহাম্মদ টিপু সুলতান, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, কাজী ইমদাদুল হক দুলাল, মাধবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ আরও ১৫০ জন অজ্ঞাত আসামি হিসেবে এজাহারে নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারের সূত্র মতে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনকালে বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৩ নং কেন্দ্রে আসামিরা অস্ত্রসহ উপস্থিত হয়ে ধানের শিষের এজেন্টদের মারপিট করে কেন্দ্র দখল করে। এ সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে নির্বাচনে জালিয়াতি করে তারা বিজয়ী হন।

মামলার প্রধান আসামি সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ডিগ্রি পরীক্ষার সময় বাড়ল ৩০ মিনিট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষায় ৩০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে। এ পরিবর্তনের ফলে যেসব বিষয়ের পরীক্ষা সাড়ে তিন ঘণ্টা হওয়ার কথা ছিল, সেটি এখন চার ঘণ্টা হবে। এছাড়া, যেসব বিষয়ের পরীক্ষার সময় তিন ঘণ্টা ছিল, তা হবে সাড়ে তিন ঘণ্টা।

শনিবার (২৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশ্নপত্রে যে সময়ই উল্লেখ করা থাকুক, তাতে ৩০ মিনিট করে সময় বাড়ানো হবে।

এ পরিবর্তন অনুযায়ী, তৃতীয় বর্ষের পরীক্ষা ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের জন্য এই সময় বৃদ্ধি পরীক্ষার প্রস্তুতিতে সুবিধাজনক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




জাতির প্রয়োজন পড়লে আবারও রাস্তায় নামব: নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি মাইলফলক। তিনি উল্লেখ করেন, “এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে পারব।” নাহিদ ইসলাম আরও বলেন, “যদি জাতির প্রয়োজন পড়ে, আমরা আবারও রাস্তায় নামব।”

শনিবার (২৩ নভেম্বর) সরকারি বিজ্ঞান কলেজে ১১তম জিএসসি ন্যাশনাল সাইনটিস্ট ম্যানিয়ার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই।” তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের মতো একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। ভুল করলে শুধরে দেবেন।”

এছাড়া, তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মান প্রদানের পাশাপাশি শহীদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।

নাহিদ ইসলাম শিক্ষার্থীদের মধ্যে পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা সম্পর্কে সতর্ক করে বলেন, “আমরা যেন সবার সামনে দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ-সংঘাত দেশবাসীর কাছে নেতিবাচকভাবে উপস্থাপন করার সুযোগ না পায়।” তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে যদি শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, এ সুযোগ যেন কেউ নিতে না পারে।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা এতদিন রাজপথে বিক্ষোভ করেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়। আমাদের মেধা এবং সৃজনশীলতা কাজে লাগাতে হবে।”

তিনি জেন জি প্রজন্মের আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “জেন জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে তারা অলস নয়, তারা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে।” জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. মুহাম্মাদ শমশের আলী বলেন, “বিজ্ঞানে বাতিক না থাকলে বিজ্ঞানের অগ্রগতি হয় না।” তিনি আন্দোলনে আহতদের জন্য আজীবন স্বাস্থ্যসেবা প্রদান এবং আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




একদিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৩ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম রোববার (২৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এটি ছিল গত এক সপ্তাহে সোনার দাম বাড়ানোর দ্বিতীয় ঘটনা। এর আগে, ২১ নভেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই দাম ২২ নভেম্বর থেকে কার্যকর হয়েছিল।

সোনার দাম বেড়ে যাওয়ার এই প্রবণতা সাধারণ ক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তবে বাজার সংশ্লিষ্টরা বলেন, বৈশ্বিক বাজারের প্রভাবের কারণে স্বর্ণের দাম উঠানামা করছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম