পিরোজপুরে খাল খননে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে প্রায় সাত কিলোমিটার খাল খননে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খাল খননের নামে পাড় ড্রেসিং করা হলেও সঠিকভাবে মাটি তোলা হয়নি। তবে প্রকল্প সংশ্লিষ্টরা নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি করেছেন।
পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে জলাবাড়ী ইউনিয়নের পাঁচটি খালের ৬.৯৫ কিলোমিটার খননের কাজ সম্পন্ন হয়। এ কাজ বাস্তবায়ন করে স্থানীয় ‘জলাবাড়ী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’।
পূর্ব জলাবাড়ী গ্রামের কৃষক রিপন হালদার বলেন, “আমাদের এলাকায় পূর্ব জলাবাড়ী হাইস্কুলের পেছনের ৩০০ মিটার খালে শুধু পাড় ছাঁটাই করা হয়েছে। এতে প্রকল্পের কোনো সুফল পাওয়া যাবে না।”
স্থানীয় আরও অনেকে অভিযোগ করেন, বরাদ্দের অধিকাংশ টাকা তুলে নেওয়া হলেও খননের কাজ হয়েছে নামমাত্র।
পানি ব্যবস্থাপনা সমিতির সম্পাদক বিপ্লব হালদার জানান, তাকে এড়িয়ে সমিতির সভাপতি সুব্রত হালদার এককভাবে কাজ করেছেন। তবে অভিযুক্ত সুব্রত হালদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “নকশা অনুযায়ী সঠিকভাবে কাজ সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের বরাদ্দের ৩০-৩৫ শতাংশ টাকা ঘুষ দিতে হয়েছে।”
পিরোজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী মো. সোহেল রানা বলেন, “নকশা অনুযায়ী সঠিকভাবে খাল খনন করা হয়েছে। অভিযোগের কোনো ভিত্তি নেই।”
স্থানীয় কৃষি ও পানিসম্পদ উন্নয়নে খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ হলেও সঠিক তদারকির অভাব প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








