১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৫ আগস্টকে ‘জাতীয় শোক দিবসের’ ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

গতকাল (রোববার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আজ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।




পাঠ্যবইয়ে বড় পরিবর্তন: যা বাদ পড়ছে, যা যুক্ত হচ্ছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: বদলে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্যবই। মাধ্যমিকের প্রতি শ্রেণির বাংলা বইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা, কবিতা অথবা কার্টুন। প্রতিটি বইয়ের পেছনের কভারে থাকছে গ্রাফিতি। এর বাইরে ইতিহাসনির্ভর অনেক বিষয়েও পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ‘অতিরঞ্জিত’ চিত্র। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে বর্তমান অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার কথা জানানো হয়। এ কারণে চলতি বছরের চেয়ে আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের বইয়ের সংখ্যা অনেক বেড়েছে। বাতিল করা নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক স্তরে একেকটি শ্রেণির জন্য ১০টি বিষয় ছিল। পুরোনো শিক্ষাক্রমে বিষয় আরও বেশি। যেমন পুরোনো শিক্ষাক্রমে মাধ্যমিকে বইয়ের সংখ্যা ২৩ (সব কটি সবার জন্য নয়)। ২০১২ সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় আবার ছাপা হচ্ছে আরবি, সংস্কৃত, পালি ভাষা শিক্ষা বই।

পাঠ্যপুস্তকে নানা পরিবর্তনের কথা নিশ্চিত করে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘ইতিহাসে যাঁর যাঁর যে স্থান বা ভূমিকা, সেটাই আমরা নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এ জন্য পরিমার্জনের সঙ্গে জড়িত লেখক, গবেষক ও বুদ্ধিজীবীদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।’

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণির বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ইতিহাসনির্ভর বিষয়েও কিছু কাটছাঁট করা হয়েছে। এনসিটিবি সূত্র বলছে, পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে মেজর জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে। আর বাদ যাচ্ছে বইয়ের শেষ কভারে লেখা শেখ হাসিনার ছবিসংবলিত বাণী। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে লেখাও বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে।




বাউফলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবাদ

বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাসিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে স্থানীয় জনতা এক মানববন্ধনের আয়োজন করেছে।

রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করে। বক্তারা চেয়ারম্যান মহাসিনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশ, ইউপি প্যানেল চেয়ারম্যান সহিদুল ইসলাম এবং ইউপি সদস্য মোজাহেদুল ইসলাম। তারা চেয়ারম্যান মহাসিনকে অপসারণ করে ইউনিয়নে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

তবে চেয়ারম্যান মহাসিন দাবি করেন, এটি একটি ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমার সুনাম ক্ষুণ্ণ করতে এ মানববন্ধনের আয়োজন করেছে।”

মানববন্ধনের বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




২৪-এর অভ্যুত্থানে শহীদরা দেশের সম্পদ: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তারা কোনো দলের সম্পদ নন, তারা পুরো দেশের সম্পদ। তিনি আরও বলেন, ২৪-এর এই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সকল পরিবার তাদের কাছে ঋণী।

রবিবার (১ ডিসেম্বর) রাতে বরিশাল সফরের অংশ হিসেবে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।

পথসভায় শহীদ ও আহত পরিবারের পাশে জামায়াতে ইসলামী থাকার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেড় বছর আগে চিন্তাও করিনি যে বাংলাদেশের কোনো খোলা ময়দানে দাঁড়িয়ে দোয়া চাইতে পারব।”

তিনি আরো বলেন, “২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে গুম-খুন করা হয়েছে, সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। দফায় দফায় মানুষকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। হাজার হাজার আলেম-ওলামাকে কোমরে দড়ি বেঁধে টানা হয়েছিল।”

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “জামায়াতের সাড়ে পাঁচশত সাথীকে ২৪-এর অভ্যুত্থানের আগেই গুম করা হয়েছিল।”

পথসভায় জামায়াতের আমীর বলেন, “ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে, বাকিটা লড়াই করে আনব। কোনো দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না।”

তিনি বলেন, “নতুন বাংলাদেশে দুর্নীতি, দখলদার, চাঁদাবাজ থাকবে না, অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব আমরা মালিক নয়, সেবক হয়ে পালন করব।”

শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করার কথা উল্লেখ করে তিনি বলেন, “কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “২০০৬ সালের ২৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধা বোধ করেনি। তাদের পায়েও ডান্ডা বেড়ি পরিয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।”

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঝালকাঠি মহিলা দলের শারমিন আক্তার মুক্তা বহিষ্কার

ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শারমিন আক্তার মুক্তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে, তাঁর সঙ্গে মহিলা দলের কোনো নেতা-কর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শারমিন আক্তার মুক্তা বলেন, “আমাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানো হয়েছে। ২০০৫ সাল থেকে মহিলা দলে কাজ করছি। ২০২১ সালে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। দলের জন্য অনেক ত্যাগ করেছি। আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছি। এমনকি আমার পেটের সন্তানও হারিয়েছি। তবুও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তবে জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, “সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুক্তাকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মহিলা দলের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেননি। তবে কেন তাঁকে বহিষ্কার করা হলো, তা সেন্ট্রাল কমিটিই ভালো জানে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




প্রবাসী আয়ে ধারাবাহিক উত্থান: নভেম্বর মাসে এসেছে ২১৯ কোটি ডলার

প্রবাসী আয়ের প্রবাহে নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৩৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা চার মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর মধ্যে:

অক্টোবর: ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার

সেপ্টেম্বর: ২৪০ কোটি ৪৮ লাখ ডলার

আগস্ট: ২২২ কোটি ৪১ লাখ ডলার

 

নভেম্বর মাসে এককভাবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ ৩৬ কোটি ৬ লাখ ডলার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো: ৮২ কোটি ৪২ লাখ ১০ হাজার ডলার

বেসরকারি ব্যাংকগুলো: ১২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার

কৃষি ব্যাংক (বিশেষায়িত): ১৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার

বিদেশি ব্যাংক: ৬২ লাখ ৮০ হাজার ডলার

তবে, ৯টি ব্যাংক রেমিট্যান্স আনতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাংকগুলো হলো:

রাষ্ট্রায়ত্ত ব্যাংক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)

বিশেষায়িত ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)

বেসরকারি ব্যাংক: কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক

বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

 

২০২০ সালের জুলাই মাসে দেশে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স আসে। এছাড়া ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে রেকর্ড।

 

বিশ্লেষকদের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় প্রবাসীদের উৎসাহিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং ব্যাংকিং চ্যানেলের সহজলভ্যতার ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




ভোলায় ১১ মাসে পানিতে ডুবে ৪০ শিশুর মৃত্যু

ভোলার সাত উপজেলায় জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পানিতে ডুবে ৪০ শিশুর করুণ মৃত্যু ঘটেছে বলে স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে। যদিও সরকারি হিসাবে এই সংখ্যা ৪০, বেসরকারি সূত্রমতে প্রকৃত সংখ্যা আরও বেশি। অভিভাবকদের অসাবধানতা ও সচেতনতার অভাবকে এ মৃত্যুর মূল কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

পরিসংখ্যান অনুযায়ী, শিশুদের পানিতে পড়া ও মৃত্যুর হার প্রতি বছর বেড়েই চলেছে। শিশু চিকিৎসকদের মতে, এই সংখ্যা অত্যন্ত উদ্বেগজনক। গত ২৯ অক্টোবর তজুমদ্দিনে পুকুরে ডুবে দুই বোন মারজিয়া (৯) ও রাফিয়া (১০) এবং তাদের বন্ধু মিম (১২) মারা যায়। একই মাসের ১২ অক্টোবর ভোলা সদর ও চরফ্যাশনে পৃথক ঘটনায় জাইফা (৩), সাইফুল (২), আরিয়ান (৪) ও জুনায়েদ (৫) নামের চার শিশুর মৃত্যু হয়। এছাড়া ২৪ নভেম্বর লালমোহনে মো. ফারহান নামে ১ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়।

পানিতে ডুবে নিহত শিশুদের মধ্যে অধিকাংশের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। বর্ষাকালে ঝুঁকির মাত্রা আরও বেড়ে যায়। বর্ষার সময় বাড়ির চারপাশের পুকুর ও ডোবাগুলো পানিতে পূর্ণ থাকায় মুহূর্তের অসাবধানতায় শিশুরা প্রাণ হারায়।

সুজনের জেলা সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী একে নীরব দুর্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, “অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা ও সচেতনতাই এ ধরনের মৃত্যুর হার কমানোর একমাত্র উপায়।”

বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাড. সাহাদাত হোসেন শাহিন বলেন, “বাড়ির পুকুর ও ডোবাগুলোর নিরাপত্তা বেষ্টনী দেওয়া এবং শিশুদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি।”

ভোলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, “অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং শিশুদের সাঁতার শেখানো প্রয়োজন। এছাড়া বাড়ির আশপাশের পুকুর ও ডোবার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাও জরুরি।”

শিশুদের পানিতে ডুবে মৃত্যু রোধে সম্মিলিতভাবে সচেতনতা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, এবং সাঁতার শেখানোর উদ্যোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর দুমকী উপজেলায় সাইফুল কাজী (২১) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু ঘটেছে। রবিবার সকালে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া এলাকার নিজ বসতঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত সাইফুল দেলোয়ার কাজীর ছেলে এবং আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তবে এ ঘটনায় স্বজনদের সন্দেহ রয়েছে। তারা অভিযোগ করেছেন, সাইফুল মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। ঘরের আড়া ও ফ্লোরের উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চি, অথচ সাইফুলের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। ফলে এটি আত্মহত্যা বলে মেনে নেওয়া কঠিন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানিয়েছেন, “ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর কলাপাড়ায় উড়ন্ত বিলুপ্তপ্রায় সাপ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে আড়াই ফুট দৈর্ঘ্যের একটি উড়ন্ত বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী। শনিবার সন্ধ্যায় সাপটি উদ্ধার করা হয় এবং বর্তমানে এটি প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। রবিবার সন্ধ্যায় সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

লাউডগা সাপটি উজ্জ্বল সবুজ বর্ণের, নলাকার এবং সুচালো নাকের সাথে লম্বা। এটি মূলত ব্যাঙ এবং সরীসৃপ জাতীয় প্রাণি খেয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এই সাপটি উড়ন্ত, অর্থাৎ এটি লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে যায়। এর বিষ মৃদু হলেও কিছুটা বিপজ্জনক।

আরো পড়ুন : কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা

অ্যানিমেল লাভারস সদস্য ইউসুফ রনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর সাপটি উদ্ধার করা হয়। সাপটি সাধারণত দেখা যায় না, তবে যখন পাওয়া যায় তখন বিশেষ যত্ন নিতে হয়।

এনিমেল লাভারস কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “আমরা সাপটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কিছুটা সুস্থ হলে বন বিভাগের সহায়তায় এটি অবমুক্ত করা হবে। এর আগে আমরা অনেক বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বিএনপি নেতার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আদনান হোসেন শাওনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাত ১২টার দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজার সংলগ্ন কালীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাওন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তাঁর বাড়ি দেউলী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। তিনি মো. জাকির হোসেনের ছেলে।

আজ রোববার দুপুরে শাওনকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, এই মামলায় তাঁর নাম উল্লেখ না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০২৩ সালের ৮ এপ্রিল, বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা কাঁঠালতলি থেকে সুবিদখালী আসছিলেন। সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে মিছিলকারীরা লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

সরকার পরিবর্তনের পর, গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। এতে ১০২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম আহমেদ জানান, দ্রুত বিচার আইনের মামলায় শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম