পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয় এবং পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন—ছগির হাওলাদার (৩৩), রাহাত ফকির (২৭), মনির ফকির (২৭), সফিক গাজী (২৮), আবুল হাসেম (৪০) এবং রাকিবুল খান (২৭)। তাদের মধ্যে আবুল হাসেম ও রাকিবুলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নে, বাকিদের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়ি ছিল ডাকাতদলের আড্ডাস্থল। মঙ্গলবার ভোরে রাসেল হাওলাদার নামে এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ২ লাখ টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার লুট করে।

স্থানীয় নুপুর বেগম ডাকাতদের মধ্যে কাসেম ও রাকিবুলকে চিনে ফেলেন। সকালে স্থানীয়রা কাসেমের বাড়িতে গিয়ে বাকি সদস্যদেরও শনাক্ত করে আটক করেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, ‘‘ডাকাতদল দীর্ঘদিন ধরে কাসেমের বাড়ি ব্যবহার করছিল। স্থানীয়দের সন্দেহ থেকেই তারা ধরা পড়েছে। আটককৃতদের নামে ডাকাতির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবিতে ভূয়া নামফলক স্থাপন, সমালোচনার ঝড়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদে ভূয়া নামফলক স্থাপন নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন ও সাবেক ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের নাম সংযুক্ত করে নতুন একটি উদ্বোধনী ফলক বসানো হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ ডিসেম্বর তৎকালীন ভিসি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের সেমিনার লাইব্রেরির উদ্বোধন করেছিলেন। তবে, ২০২০-২০২৪ মেয়াদে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের অনুসারী বলে পরিচিত অধ্যাপক ড. মো. নুরুল আমিন করিডোরে স্থাপিত সেমিনার লাইব্রেরিতে নতুন করে ভিসি ও নিজের নামে ফলক বসান।

সাবেক দুই ডিন অধ্যাপক ড. আহমেদ পারভেজ এবং ড. আব্দুল আহাদ বিশ্বাস এ বিষয়ে বলেন, তাদের সময় লাইব্রেরি উদ্বোধন হয়নি এবং বর্তমান ডিনের সময়ে এটি উদ্বোধনের বিষয়েও তারা কিছু জানেন না। বিষয়টি জানার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

বর্তমান ডিন ড. মো. নুরুল আমিন এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে মুঠোফোন কেটে দেন।

সাবেক ভিসি ড. স্বদেশ চন্দ্র সামন্ত নিশ্চিত করেছেন, তার সময়ে এ লাইব্রেরি উদ্বোধন হয়নি। কেন তার নাম ফলকে দেয়া হয়েছে, তা তিনি জানেন না।

বর্তমান ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে অবগত নন বলে জানান এবং এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

নামফলক স্থাপনের এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা চলছে। অনেকেই বিষয়টিকে নৈতিকতা ও পেশাদারিত্বের পরিপন্থী বলে অভিহিত করছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



শ্রীনগরে নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলায় যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় ভোলা থেকে তৌহিদ শেখ তন্ময় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে ভোলার ইলিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক ইশতিয়াক আশফাক জানিয়েছেন, গ্রেপ্তার যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই অস্ত্রটি গত ৫ আগস্ট ওয়ারী থানা থেকে লুট করা হয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, তৌহিদ শেখ তন্ময় নিহত সাহেদা বেগমকে খাওয়ানোর কথা বলে মাওয়া এলাকার দিকে নিয়ে যায়। সেখানে তাকে গুলি করে হত্যা করে এবং মরদেহ ঢাকা-মাওয়া মহাসড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

গত শনিবার সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাহেদা বেগম (২২) নামে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে আটককৃত ওমর ফারুক সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনার সময় ওমর ফারুকের কাছ থেকে উদ্ধার করা গাঁজার ওজন ৪ কেজি এবং বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।

ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, অভিযানের সময় মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে আটক করা হয় ওমর ফারুককে। তার বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান বলেন, “জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের উদ্যোগ চলমান থাকবে।” পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় জেলা পুলিশের এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পিরোজপুরে ফেরি বিভাগের সম্পদ চুরির কবলে

নদীমাতৃক জেলা পিরোজপুরে ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। জেলার ১১টি ফেরি সার্ভিসের অধিকাংশ বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে সদরের বলেশ্বর, ইন্দুরকানী, ও কচা নদীর বেকুটিয়া পয়েন্ট এবং বৈঠাকাঠা সড়কের দীর্ঘা ও কালিগঙ্গা নদীতে সেতু হওয়ায় সেসব ফেরি ও পন্টুন ব্যবহারহীন।

অভিযোগ উঠেছে, রাতের আঁধারে চোরচক্র ফেরি ও পন্টুনের লোহা চুরি করছে। তদারকির অভাবে এসব সরকারি সম্পদ মরিচা পড়ে নষ্ট হচ্ছে। স্থানীয় বাসিন্দা বেকুটিয়া গ্রামের আব্দুল ছবুর মুন্সী বলেন, “ফেরিঘাটে পড়ে থাকা সম্পদ চুরি হয়ে যাচ্ছে, অথচ এগুলো রক্ষার কোনো উদ্যোগ নেই।”

অন্যদিকে হুলারহাট-দেওনাখালি খেয়াঘাটে যাতায়াতে ভোগান্তির অভিযোগ করেছেন স্থানীয়রা। বাসিন্দা আব্দুল মালেক বলেন, “বর্ষাকালে আমাদের যাতায়াতে চরম কষ্ট হয়। একটি ফেরি চালু হলে আমরা সহজেই যানবাহনসহ সদর উপজেলায় যেতে পারতাম।”

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, “ফেরি ও পন্টুনের তদারকি না থাকায় নষ্ট হচ্ছে এবং চুরি হচ্ছে মালামাল। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে, এসব সম্পদ নিলামে তোলার জন্য।”

জেলার ১২টি ফেরি ও পন্টুনের অধিকাংশই বর্তমানে অকেজো। তদারকির অভাবে এই সম্পদ আরও নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে সরকারি সম্পদের এ ক্ষতি আরো বাড়বে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে দলিল লেখক সমিতির নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা

পটুয়াখালীর দুমকিতে দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন এবং অর্থ সম্পাদক মো. নুরুজ্জামানসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণের এ আয়োজন ছিল উৎসবমুখর।

সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা ও প্রধান কমিশনার এম আমির হোসেন।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকির সাব-রেজিস্ট্রার মো. মেহেদী হাসান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়ার সাব-রেজিস্ট্রার কাজী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মো. আ. জব্বার সিকদার এবং এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন এবং সাবেক সভাপতি মো. রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। তারা কমিটির কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজনটি পরিচালনা করেন মোহরার মো. আলমগীর হোসেন। নবনির্বাচিত কমিটির প্রত্যেকে দায়িত্ব পালনে অঙ্গীকার করেন এবং সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা: তীব্র ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ভোরে হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে। তারা জাতীয় পতাকা অবমাননা, পতাকা খুঁটি ভাঙচুর এবং সহকারী হাইকমিশনের সম্পত্তির ক্ষতিসাধন করে।

২ ডিসেম্বর আগরতলার গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশের পর ছয় সদস্যের একটি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি দিতে যায়। এরপর কিছু উগ্র বিক্ষোভকারী সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে প্রবেশ করে। তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং ভবনের সামনে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এ হামলা ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে এ ঘটনা ঘটেছে। বাংলাদেশ সরকার ভারতের কাছে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তারা বিবৃতিতে উল্লেখ করেছে, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনাগুলো কোনোভাবেই সহিংসতার লক্ষ্যবস্তু হতে পারে না। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে দিল্লি এবং অন্যান্য বাংলাদেশি মিশনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, আগরতলার এ হামলার আগে কলকাতাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যেখানে জাতীয় পতাকা অবমাননা করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পটুয়াখালীর বাউফলে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হল রুমে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস তার বক্তব্যে জানান, ২০২৪-২৫ অর্থবছরে মোট ১১টি ফসলের বীজ যেমন গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগডাল, মসুর, ফেলন ও খেসারীর চাষাবাদে ৮,৬৭৫ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হবে। বীজের পাশাপাশি কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধিতে বিনামূল্যে সারও সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক রিয়াজ হোসেন এবং মাই টিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক বক্তব্য রাখেন।

উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার চালু

পটুয়াখালীর গলাচিপায় সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার চালু হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় অফিসার্স ক্লাব মাঠে এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মিজানুর রহমান বলেন, “বর্তমানে সবজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই বাজারের মাধ্যমে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। কোনো খাজনা বা টোল দিতে হবে না। এতে ভোক্তারা কম দামে পণ্য কিনতে পারবেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সোনালী ব্যাংকের ম্যানেজার রিপন সাহা, সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, এবং স্থানীয় ব্যবসায়ী হাজী মনির হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

বাজার পরিদর্শনকালে ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে সবজি কিনতে পেরে তারা খুশি। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং এটি নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান: বিশ্ব আমীরের আগমনের দাবি

তাবলীগ জামাতের মাওলানা সা’দ অনুসারীরা পটুয়াখালীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এবং সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করেছেন। আজ দুপুরে সার্কিট হাউজ থেকে হাজারো সাথী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের হাতে স্মারকলিপি তুলে দেন। একই সঙ্গে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের কাছেও তাদের দাবি তুলে ধরা হয়।

তাদের প্রধান দাবি, তাবলীগ জামাতের বিশ্ব আমীর হজরত মাওলানা সা’দ (দা.বা.) যেন আগামী বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন। তারা অভিযোগ করেন, গত সাত বছর ধরে তিনি প্রধান বক্তা এবং আখেরি মোনাজাত পরিচালনা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা সরকারের প্রতি আহ্বান জানান, মাওলানা সা’দের বাংলাদেশে আগমনে যেন আর কোনো বাধা না থাকে এবং দেশের সকল মসজিদে তাবলীগের কাজ নির্বিঘ্নে চালানো যায়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম