বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাকিবুল ইসলাম বুলেটের মরদেহ কবর থেকে উত্তোলন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের মরদেহ চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার (৩ ডিসেম্বর) কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস ও চক বাজার মডেল থানার ইন্সপেক্টর আবুল খায়েরের উপস্থিতিতে মহিষকান্দি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

নিহত রাকিবুল ইসলাম বুলেট (২০) কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গির হোসেন হাওলাদারের ছেলে। তিনি চানখারপুল এলাকায় একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন এবং ছাত্রদলের কর্মী ছিলেন।

মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, ঢাকা মহানগর পুলিশের চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে রাকিবুলের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

এ বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে নিহত হন রাকিবুল ইসলাম বুলেট। নিহতের বাবা মো. জাহাঙ্গির হোসেন হাওলাদার ২৩ সেপ্টেম্বর সাবেক এমপি হাজী মো. সেলিমসহ ১৫২ জনকে আসামি করে ঢাকার চকবাজার মডেল থানায় হত্যা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলায় আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার বাদী মো. জাহাঙ্গির হোসেন জানান, গত ৫ আগস্ট ঢাকা থেকে আন্দোলনরত ছাত্রদের সহায়তায় তার ছেলে বুলেটের মরদেহ বাড়িতে আনা হয় এবং রাতেই ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঝালকাঠিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আ.লীগ নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার মানপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক শহিদুল ইসলাম মানপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। সোমবার রাতে মানপাশা বাজারে একটি ভবনে তাদের একান্তে সময় কাটাতে দেখে স্থানীয়রা ভবনের প্রবেশদ্বার তালাবদ্ধ করে দেন। পরে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শহিদুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে অনেকেই অবগত থাকলেও তার রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। তবে সম্প্রতি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এ ঘটনা প্রকাশ্যে আসে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক শহিদুল ইসলাম এবং ওই নারীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোর ক্রিকেটারের

বরিশাল নগরীতে ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে পড়ে ওয়াহিদ ওহী (১৪) নামে এক কিশোর ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ওহী বরিশাল নগরীর সাগরদী চান্দু মার্কেট এলাকার বাসিন্দা এবং মালয়েশিয়া প্রবাসী মো. হাসানের ছেলে। সে ব্যাপটিস্ট মিশন বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার বিবরণে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, একটি পণ্যবাহী ট্রাক সাগরদীর দিকে যাচ্ছিল। ট্রাকটি হাসপাতালের গেটের সামনে এলে ওহী সাইকেল নিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। এসময় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেল ট্রাকের পেছনের চাকায় আটকে যায়। ট্রাকের ধাক্কায় ওহী পড়ে গিয়ে মাথায় এবং কাঁধে গুরুতর আঘাত পায়।

দ্রুত তাকে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওহীর সহপাঠী ফাহিম ও জোবায়ের জানায়, তারা স্টেডিয়ামে ক্রিকেট প্র্যাকটিস শেষে বাড়ি ফিরছিল। পথে ট্রাকের সঙ্গে ওহীর সাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের এক ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত মা মাকসুদা বেগমের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফেব্রুয়ারি-মার্চে পাওয়া যাবে ১.১ বিলিয়ন ডলার আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ তার ঋণের চতুর্থ কিস্তি হিসেবে ১.১ বিলিয়ন মার্কিন ডলার আগামী ফেব্রুয়ারি-মার্চে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আইএমএফ-এর ১৩ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের চতুর্থ কিস্তির ১.১ বিলিয়ন ডলার বাংলাদেশ পেতে যাচ্ছে। বৈঠকে আরও আলোচনা হয়েছে, “আমরা আশা করছি, এই পরিমাণ ঋণ আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আমাদের হাতে আসবে।”

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আইএমএফের প্রতিনিধি দলের সাথে আলোচনা করা হয়েছে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে। তিনি আরও জানান, এই ঋণ প্যাকেজে কিছু সংস্কার কার্যক্রমের সাথে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

আরো পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

অর্থ উপদেষ্টা বলেন, অতিরিক্ত ফান্ডের বিষয়ে আবার আলোচনা করা হবে। বাংলাদেশে ব্যাংকিং খাত ও রাজস্ব খাতে বড় সংস্কার প্রয়োজন, আর এসব সংস্কার কার্যক্রমের জন্য অতিরিক্ত ফান্ডের প্রয়োজন। তিনি জানান, চলমান ৪.৭ বিলিয়ন ডলারের প্যাকেজের প্রথম কিস্তি ছাড় হয়েছে, তবে আরও ফান্ড প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়তা করবে।

বাংলাদেশের রেমিট্যান্স সেক্টর ও রপ্তানি ভালো করছে জানিয়ে ড. সালেহ উদ্দিন বলেন, “আমাদের রপ্তানি বাড়ছে এবং রেমিট্যান্স প্রবাহও ইতিবাচক। যদিও কিছু ক্ষেত্রে আমদানি কমেছে, তবুও রপ্তানি ভালো।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতায় অর্থনৈতিক খাতের বিপর্যয়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মতে, দেশের অর্থনৈতিক খাতকে সংকটাপন্ন অবস্থায় নিয়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী বাংলাদেশ ব্যাংক। সেবা খাতের দুর্নীতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেছেন।

 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতির কারণে দেশের আর্থিক খাত ধ্বংসের পথে। গোয়েন্দা সংস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের যোগসাজশে ব্যাংকগুলোতে দখলদারি চলছে।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পাসপোর্ট অফিস দুর্নীতি রোধের বিষয়ে বড় বড় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। সরকারি অফিসগুলোতে সিন্ডিকেট করে দুর্নীতি করা হয়, যার সুবিধা পাচ্ছে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

২০২৩ সালে দেশের পাঁচটি দুর্নীতিগ্রস্ত সেবা খাতের মধ্যে পাসপোর্ট খাত ছিল শীর্ষে। গ্রামাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছে। এছাড়া পুলিশ বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, “যাদের দায়িত্ব দুর্নীতি রোধ করা, তারাই দুর্নীতিতে নিমজ্জিত। ফলে দুর্নীতি কমানোর কোনো বাস্তব উদ্যোগ দৃশ্যমান নয়।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের নানা ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।




ডিসেম্বর মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত, ১২ কেজি এলপিজির মূল্য ১৪৫৫ টাকা

ডিসেম্বর মাসে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, ১২ কেজি এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১৪৫৫ টাকা এবং অটোগ্যাসের দাম (লিটার প্রতি ৬৬.৮১ টাকা) অপরিবর্তিত থাকবে।

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে, এই ঘোষণা বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান।

আরো পড়ুন : পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতদলের ৬ সদস্য আটক

বিইআরসির অন্যান্য সদস্যরা, সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক এবং কমিশনের সচিব ব্যারিস্টার খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

এলপিজির দাম সম্পর্কে বিইআরসি জানায়, ২০২১ সালের ১২ এপ্রিল সৌদি আরবের এলপিজি দাম উঠা-নামার সাথে সাথে বাংলাদেশের ভিত্তিমূল্যও পরিবর্তিত হবে। তবে অন্যান্য কমিশনের দাম অপরিবর্তিত থাকবে। এই সিদ্ধান্তের পর থেকে প্রতি মাসেই এলপিজির দাম ঘোষণা করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবি ও চায়নার কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও চায়নার কলেজ অব প্লান্ট প্রটেকশন (কৃষি বিশ্ববিদ্যালয়) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করা হয় ৩ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, যিনি কৃষি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান।

অনুষ্ঠান শুরুর সময় পবিপ্রবি’র উপাচার্য কলেজ অব প্লান্ট প্রটেকশনের চারজন সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চায়না বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মধ্যে ছিলেন, কলেজ অব প্লান্ট প্রটেকশনের ডিন অধ্যাপক ড. জুন লিউ, প্ল্যান্ট বায়োসিকিউরিটি বিভাগের অধ্যাপক জিহং লি, এবং প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ইয়ান লি।

অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবি গত ২৫ বছর ধরে দক্ষিণ বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার্থীদের মধ্যে উচ্চ মানের জ্ঞান বিতরণ করছে। এরই ফলস্বরূপ কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সমঝোতা চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক-ছাত্র বিনিময় এবং কৃষি গবেষণায় আরও নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এছাড়া, পবিপ্রবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রুবেল মাহমুদ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. ইমাদুল হক প্রিন্স উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আইনজীবীকে মেরেও আমাদের ফাঁদে ফেলতে পারেনি: ঝালকাঠিতে ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যা করার পরও একটি উগ্রবাদী গোষ্ঠী তাদের পাতানো ফাঁদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন। সোমবার সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আয়োজনে শহরের পূর্ব চাঁদকাঠির একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বক্তৃতার শুরুতেই ডা. শফিকুর রহমান গত সাড়ে ১৫ বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দক্ষিণ অঞ্চলের প্রধান তিনটি ইসলামী মারকাজের মধ্যে দুটিতে আজ দোয়া নিতে এসেছি। একটি ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ও অন্যটি পিরোজপুরের ছারছীনা দরবার শরিফে। এটি কোনো সাংগঠনিক কর্মসূচি না হলেও জেলা জামায়াতের উদ্যোগে এ সংক্ষিপ্ত সমাবেশেও উপস্থিত হয়েছি।”

ডা. শফিক আরও বলেন, “ক্ষমতায় গিয়ে অনেকে নিজেদেরকে দেশের মালিক ভাবেন আর জনগণকে ভাড়াটিয়া মনে করেন। আমরা খেদমত করার সুযোগ পেলে সেবক হিসাবে কাজ করব, মালিক হিসাবে নয়।”

সোমবার দুপুরে স্বরূপকাঠির জগন্নাথকাঠি বাজারে এক পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, “গণ-অভুত্থানে বিতাড়িত আওয়ামী লীগ সরকার মাওলানা মো. দেলাওয়ার হোসাইন সাঈদীসহ হাজারও নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আল্লাহ আমাদের জালিমমুক্ত করেছেন।” এরপর তিনি ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মরহুম পিরদের মাজার জিয়ারত করেন এবং দরবারের সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

গৌরনদী বাসস্ট্যান্ডে পথসভায় তিনি বলেন, “আমাদের আকাশে কালো সূর্য এবং কালো মেঘ ঘোরাফেরা করছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। দেশের জন্য জীবন দেব, তবুও দেশের একমুঠো মাটি কাউকে দেব না।”

মাদারীপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, “গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল। মানুষ খুন, গুম হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে। যারা এ কাজ করেছেন তারা শাসক বানানো হয়নি, তারা নিজেই শাসক হয়েছেন।”

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোবারক হোসাইন, মাসুদ সাঈদী, বরিশালের জেলা আমিরসহ ঝালকাঠি ও পিরোজপুর জেলার নেতাকর্মীরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশালে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের আগরতলা সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে ছাত্র ও রাজনৈতিক দলগুলো ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে। বেলা সাড়ে ১১টায় বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিএনপি পৃথকভাবে এই বিক্ষোভে অংশ নেয়। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতের আগ্রাসন বন্ধের দাবি জানায়।

সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টায় হাসপাতাল রোড, সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট, গীর্জা মহল্লা হয়ে সাড়ে ১২টার দিকে সদর রোড অশ্বনী কুমার হলের সামনে এসে তাদের বিক্ষোভ শেষ করেন। অপরদিকে, মহানগর বিএনপির উদ্যোগে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে ১টার দিকে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের মধ্যে শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, “ভারতের উগ্রবাদীরা আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে, যার অংশ হিসেবে তারা হামলা চালিয়েছে।”

আরেক শিক্ষার্থী রাখি বলেন, “স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেওয়া হবে না। ভারত কোনোদিনও বাংলাদেশের বন্ধু ছিল না।”

শিক্ষার্থী গোলাম মোস্তফা বলেন, “ভারতের উগ্রবাদীরা আমাদের সীমান্তে প্রবেশের চেষ্টা করেছে, যা স্পষ্টতই তাদের দুঃসাহসিকতা। বাংলাদেশ জেগে উঠেছে, আমাদের আর ভুল বুঝিয়ে দমিয়ে রাখা যাবে না।”

বিক্ষোভকারীরা এ সময়ে ভারতের আগ্রাসন বিরোধী নানা স্লোগান দেন। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে একটি বড় মিছিল সদর রোড প্রদক্ষিণ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম