পটুয়াখালীতে দুর্নীতির বিরুদ্ধে সাইকেল র‌্যালি ও আলোচনা সভা

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক (টিআইবি) যৌথভাবে এ আয়োজন করে।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং দুদকের উপপরিচালক তানভীর আহমেদ। পরে বেলুন ও পায়রা উড়িয়ে সাইকেল র‌্যালি উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সনাকের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

সভায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তানভীর আহমেদ স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সনাক (টিআইবি)-এর সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল র‌্যালি ও জনসচেতনামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে নতুন মাত্রা যোগ করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটায় যুবদলের তিন নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। সোমবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি এবং একই ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত শনিবার রাতে কুয়াকাটার একটি হোটেল ‘হ্যান্ডি কড়াই (বার)’ ভাঙচুরের অভিযোগ ওঠে বহিষ্কৃতদের বিরুদ্ধে। তবে বহিষ্কৃতরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী বলেন, “আমাদের কেন বহিষ্কার করা হলো তা আমরা জানি না। আমরা কোনো অপরাধ করিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।”

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, “বারে হামলার অভিযোগ শুনেছি। তবে দলের নিয়মের বাইরে যারা যাবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় দলের নিয়ম-নীতিতে অটল থাকব।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ার জলাধারগুলোতে ময়লা-আবর্জনা, পুকুর ভরাট ও পানির সংকট

পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় নাগরিক সচেতনতার অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে জলাধারগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে, এবং নাগরিকদের জন্য পরিবেশ হয়ে উঠছে বিপজ্জনক। জলাধারের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের আইনগুলো উপেক্ষা করে চলছে পুকুর ভরাট এবং বিক্রি করার মহোৎসব, যার কারণে একদিকে পানির সংকট তো সৃষ্টি হয়েছে, অন্যদিকে বাড়ছে অগ্নিনির্বাপণ ঝুঁকির আশঙ্কাও।

গত দেড় দশকে প্রায় চার হাজার পুকুর ভরাট করা হয়েছে কলাপাড়ায়, যার কারণে গোসল, রান্না এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত পানির উৎস কমে গেছে। বর্তমানে, পানি সরবরাহ একদিন বন্ধ থাকলেই কলাপাড়ার মানুষ চরম দুর্ভোগে পড়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগে যে পুকুরগুলো পানি সরবরাহের কাজ করত, সেগুলো ভরাট করে স্থাপনা তৈরি করা হচ্ছে, যার ফলে পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।

পুকুর ভরাটের ফলে বিশুদ্ধ পানির সংকট তীব্র হয়ে উঠেছে এবং এতে করে ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের প্রকোপ বাড়ছে। পুকুর ভরাট এবং জলাধার সংরক্ষণের বিষয়টি আরো জটিল হয়ে উঠেছে, কারণ সরকারি আইনের প্রয়োগ নেই। পুকুর ভরাটের কারণে ভূ-উপরিভাগের পানির ব্যবহার কমে গেছে এবং মানুষের উপর চাপ পড়ছে গভীর নলকূপের ওপরে, যার ফলে পানি স্তর নিচে নেমে যাচ্ছে।

কলাপাড়া পৌরসভার খালগুলো এবং পুকুরের অস্তিত্ব আজ সংকটের মুখে। শহরের মধ্যে “চিংগরিয়া খাল” নামক খালটি শহরের একমাত্র জলাধার হয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু সরকারি কর্তৃপক্ষের অজ্ঞতার কারণে এটি এখন ধ্বংসপ্রাপ্ত। এছাড়া, পুকুর ভরাট ও আবর্জনা ফেলার কারণে পরিবেশ আরো দূষিত হয়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কলাপাড়া হাসনপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিন জানিয়েছেন, পুকুর ভরাটের কারণে পানির সংকট রয়েছে এবং এর ফলে ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রকোপ বাড়ার শঙ্কা রয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেন বলেছেন, পৌর শহরে পুকুর ও খাল ভরাট ও ময়লা আবর্জনা ফেলার বিরুদ্ধে যৌথভাবে কাজ করার জন্য প্রশাসন প্রস্তুত।

কলাপাড়া পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানিয়েছেন, পৌরসভায় খাল ও জলাধারগুলো সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালের সাবেক এমপি টিপু কারাগারে

বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে এ আদেশ দেওয়া হয়।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে হামলার অভিযোগে গোলাম কিবরিয়া টিপু ও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়, টিপুসহ আসামিরা রামদা, লাঠিসোঁটা নিয়ে কেন্দ্রে হামলা চালান। বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে, ভোটারদের ভয় দেখিয়ে কেন্দ্র দখল করেন। এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ভোট জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থী টিপুকে বিজয়ী করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এএসআই খাদিজা বেগম জানান, আত্মসমর্পণের সময় টিপু জামিন আবেদন করেন। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন। এ বিষয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

মামলাটি দায়ের করেন বাবুগঞ্জের বিএনপি নেতা আনোয়ার হোসেন হেমায়েত। এতে সাবেক এমপি টিপুসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।

গোলাম কিবরিয়া টিপুর আত্মসমর্পণের খবরে মুলাদী ও বাবুগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং তার ফাঁসির দাবি জানান। অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করা হয়েছে।

সাবেক এমপি টিপুর গ্রেফতারের ঘটনায় বরিশালের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 




বরিশালে ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্রের মৃত্যু

বরিশালের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে পড়ে কলেজছাত্র আবির হাসান হিরার (১৭) করুণ মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিনোদনকেন্দ্র ভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজের দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবির হাসান হিরা বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাছনাপাড়া মদিনাবাদ গ্রামে। তিনি মো. রাশেদের ছেলে।

আবিরের সহপাঠী হৃদয়ের ভাষ্যমতে, তারা চারজন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলেন। ছবি তোলার সময় আবির ব্লকের ওপর উঠলে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন এবং কলেজ কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়।

বরিশাল সদর নৌ-পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে হানাদার মুক্ত দিবসে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বীর মুক্তিযোদ্ধা এস.এ জকির হিরু, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ, একেএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল মজিদ বাহার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসেন তপন এবং সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মো. মফিজুর রহমান খান।

বক্তারা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে তাদের সনদ বাতিল, ভাতা গ্রহণকারীদের টাকা ফেরত প্রদান, এবং যারা এই প্রক্রিয়ায় সহায়তা করেছেন তাদের শাস্তির দাবি জানান। সেই সাথে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



জমি দখলের অভিযোগে গলাচিপায় সনাতনীদের সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের জমি দখল এবং এর প্রতিকারে প্রশাসনের সহায়তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

রোববার (৮ ডিসেম্বর) পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সত্যরঞ্জন পাটনী।

তিনি জানান, গলাচিপা সহকারী জজ আদালতে ১২২৮/২০২১ নম্বর মামলায় ৫.৮৪২ শতাংশ জমির বণ্টন নিয়ে রায় পাওয়া যায়। রায়ের বিরুদ্ধে কিছু প্রভাবশালী ব্যক্তি আপিল করলে আপিল আদালতও তাদের পক্ষে রায় দেয়।

ফাইনাল ডিক্রি পেয়ে ৬/২০২৪ নম্বর দেওয়ানী ডিক্রি জারি করা হয়। আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার জমি মাপজোক করে ঢোলসহ নিশান ও স্থায়ী পিলার স্থাপন করেন। এরপর তারা জমি চাষ করেন এবং ধান ফলান।

সম্প্রতি ওই প্রভাবশালী মহল পৈত্রিক ভিটা ও জমি দখল করে ধান কেটে নেয়। প্রতিবাদ করতে গেলে অশ্লীল ভাষা ব্যবহার, মারধর এবং হত্যার হুমকি দেয়। এমনকি ভুক্তভোগীরা ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

নিজেদের জীবন ও সম্পদ রক্ষায় ভুক্তভোগীরা সরকারের কাছে সহায়তা চেয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পারুল রানী মাঝি, সুখু রানী মাঝি, স্মৃতি রানী মাঝি, সত্য মাঝি এবং তাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ বাদশা আলম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বরিশালে শিশু হাসপাতালের কাজ ৭ বছরেও শেষ হয়নি, ভোগান্তিতে শিশুরা

দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য ২০১৭ সালে বরিশালের আমানতগঞ্জে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হলেও, দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও সেটি এখনো অসমাপ্ত। এর ফলে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের অসংখ্য শিশু।

২২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই হাসপাতালটি ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সুকান্ত বাবুর নামে নামকরণ করা এই হাসপাতালটির কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে থমকে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাসপাতালের নির্মাণকাজের দায়িত্ব বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর প্রতিষ্ঠানকে প্রভাব খাটিয়ে দেওয়া হয়। তারা অভিযোগ করেন, দায়িত্বশীলতা এবং পরিকল্পনার অভাবেই কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি।

বরিশালের বাসিন্দা জসিম হাওলাদার বলেন, “প্রতিদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হচ্ছে। এই হাসপাতালটি চালু হলে আমাদের অনেক সুবিধা হতো।”

আফরোজা জাহান ইভা বলেন, “ঢাকায় ছুটতে হচ্ছে, অথচ বরিশালেই যদি হাসপাতালটি চালু হতো, তাহলে চিকিৎসা সহজ হয়ে যেত।”

বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, “প্রতিমাসে গড়ে এক হাজারেরও বেশি শিশু চিকিৎসা নিতে আসে। নতুন এই হাসপাতালটি চালু হলে চিকিৎসাসেবার মান অনেক উন্নত হবে।”

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরসাল আহমেদ বলেন, “কাজ শেষ করতে বিলম্ব হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে। তবে শিগগিরই হাসপাতালের কাজ সম্পন্ন হবে।”

বরিশালের মানুষ দ্রুত এই হাসপাতালের কাজ শেষ করে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের বিশ্বাস, হাসপাতালটি চালু হলে দক্ষিণাঞ্চলের শিশুদের চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না এবং চিকিৎসার মানের উন্নয়ন হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

বরিশালের মুলাদীতে স্যালোইঞ্জিনচালিত একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুলাদী-বরিশাল মহাসড়কের কাজিরচর ইউনিয়নের চরকমিশনার বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)। তারা দীর্ঘদিনের বন্ধু ছিলেন। হুমায়ুন কবির বরিশালের ‘আশা’ এনজিওতে কর্মরত ছিলেন। জানা গেছে, তারা মোটরসাইকেলে হিজলা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন।

স্থানীয় পথচারী রাতুল হোসেন জানান, “মোটরসাইকেলটি মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি লাইটবিহীন টেম্পুট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়েন এবং ট্রাকটি তাদের উপর উঠে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।”

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, “হাসপাতালে আনার আগেই তারা মারা যান।”

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীর বাউফলে বিএনপি’র বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বগা ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা ও সাংস্কৃতিক আয়োজন সম্পন্ন হয়।

বগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাবুল সিকদারের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. মনির হোসেন। তিনি বিএনপির শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “মনোনয়ন পেলে বাউফলকে একটি সুন্দর ও উন্নত উপজেলায় পরিণত করব।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি সিকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এবং সিনিয়র সদস্য আবুল কালাম মৃধা। সভায় সভাপতিত্ব করেন বগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আনিচুর রহমান বাবুল মৃধা।

বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদান তুলে ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তারা জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত জনগণকে মুগ্ধ করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম