সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

চন্দ্রদ্বীপ নিউজ: চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, গত ০৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয়। পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে আজ (১৪ ডিসেম্বর) বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এই ঘটনায় আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০) গ্রেপ্তার করে।




পবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ।

পতাকা উত্তোলন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপ-উপাচার্য ও ট্রেজারার পুষ্পস্তবক অর্পণের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আবদুল লতিফ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



“গণমাধ্যমের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস সচিব”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী সরকার”—এমন মন্তব্য করে তিনি নিশ্চিত করেছেন যে, অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চি বাধা সৃষ্টি করবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো সাংবাদিক বা সংবাদপত্রে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) “নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকারের নিরলস কাজের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শফিকুল আলম বলেন, “গত বছর, বিশেষ করে জুলাই থেকে আগস্টের মধ্যে এক কঠিন সময়ে ছিলাম আমরা। তখনই কিছু কিছু ব্যক্তি সাংবাদিকতার নামে দালালি করেছেন, কিন্তু সরকার এ ধরনের কার্যক্রমে হস্তক্ষেপ করেনি। ১৫ বছর ধরে অনেক সংবাদকর্মী স্বৈরাচারের মধ্যে কাটিয়েছেন।”

তিনি বলেন, “আমরা চাই না কোনো সাংবাদিককে আঘাত হোক। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তবে সংবাদপত্র মালিকদেরও উচিত তাদের কর্মীদের নিরাপত্তা সরঞ্জাম যথাযথভাবে প্রদান করা।”

শফিকুল আলম আরও যোগ করেন, “এ সরকারের লক্ষ্য হচ্ছে, সাংবাদিকতা, বক্তৃতা ও সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করা। কাউকে এই স্বাধীনতা খর্ব করার সুযোগ দেয়া হবে না। বাংলাদেশে এর আগে কখনও এমন স্বাধীনতা ছিল না।”

তিনি উল্লেখ করেন যে, অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে, তবে সেগুলোর পুনঃমূল্যায়ন করা হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুয়াকাটায় প্রাকৃতিক শুঁটকি উৎপাদনে কর্মব্যস্ততা

পটুয়াখালীর কুয়াকাটায় কীটনাশকমুক্ত প্রাকৃতিক উপায়ে শুঁটকি উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এটি দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে রফতানি হচ্ছে। তবে স্থায়ী শুঁটকি পল্লী না থাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বঙ্গোপসাগরের সমুদ্রতটের বিভিন্ন পয়েন্টে শুঁটকি উৎপাদনের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়। বাঁশের মাচায় রোদে শুকানোর মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয় পোয়া, সোনাপাতা, রূপচাঁদা, চাপিলা, লইট্রা, চিংড়ি, হাঙ্গরসহ প্রায় ৫০ প্রজাতির মাছ। শুধুমাত্র লবণ ব্যবহার করায় এসব শুঁটকির স্বাদ ও গুণগত মান চাহিদা বাড়াচ্ছে।

স্থানীয় শ্রমিকরা জানায়, বছরের ছয় মাস তারা কর্মরত থাকলেও বাকি সময় তাদের কর্মহীন থাকতে হয়। অন্যদিকে, স্থায়ী শুঁটকি পল্লী না থাকায় ব্যবসায়িক কার্যক্রমে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে।

মৎস্য বিভাগের কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণের জন্য প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থায়ী পল্লী নির্মাণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তারা।

গত বছরে কলাপাড়া উপজেলার ৮টি পল্লীতে প্রায় ২০০ মেট্রিক টন শুঁটকি উৎপাদিত হয়। এতে প্রায় ৫০০ পরিবার জড়িত ছিল। তবে বর্তমানে মাত্র ৩টি পল্লীতে কার্যক্রম চলছে, বাকিগুলো সমস্যার কারণে বন্ধ হয়ে গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে কিরাত ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম।

প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) প্রেসিডেন্ট এবং বিশ্ববিখ্যাত ক্বারী শাইখুল কুররা শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, যিনি মনোমুগ্ধকর কিরাত পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

অ্যাডভোকেট মো. নাজমুল আহসান

ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং ওয়েজীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

এছাড়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সাইদুর রহমান খান, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন এবং সেক্রেটারি মাহাদী হাসান নাহিদ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার পর কাওয়ালি পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী মাস্টার আবদুল্লাহ বিন ফয়েজ এবং হেভেন টিউন ব্যান্ডের গাজী আনাস রওশন। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



মহিপুরে বাসের ধাক্কায় এনজিওকর্মীর মৃত্যু

পটুয়াখালীর মহিপুরে বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর পটুয়াখালীর মনোহরপুর গ্রামের জয়দেব শিকদারের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্সে নৈশ প্রহরী ও অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর শিকদার কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মনোহরপুরে ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গণতন্ত্র ও গণহত্যার কারণে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ: মির্জা ফখরুল

গণতন্ত্র হত্যা ও গণহত্যা করেছে বলেই শহীদ বুদ্ধিজীবী দিবসে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র হত্যা ও গণহত্যার কারণে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি হবে। আমরা সব সময় আশাবাদী। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন।”

তিনি আরও বলেন, “আজকের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনীর হাতে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে হত্যা করা হয়। ১৯৭১ সালে আমরা জাতির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হারিয়েছি। বিএনপি এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আজ আমরা শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি।”

বিএনপির মহাসচিব বলেন, “আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করেছি, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যে কারণে যুদ্ধ করেছিল, তা ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে।”

তিনি বলেন, “৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা এই সুযোগে বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।”

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ আমির

পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির আবারও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে, শনিবার পাকিস্তানের গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছিল যে, আরেক পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিমও অবসর নিয়েছেন। এখন আমিরও ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আমির ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট—এই তিন ফরম্যাট থেকেই অবসর নেবেন। পাকিস্তানের হয়ে খেলাকে তিনি একটি ‘গৌরবময় অধ্যায়’ হিসেবে উল্লেখ করেছেন।

অবসর ঘোষণা করে আমির বলেন, “তিন ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। আমি জানি, এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, তবে মনে করি এটি সঠিক সময়, যাতে পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।”

তিনি আরও বলেন, “আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছে। আমি আশা করি, দল আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি, আমার ক্যারিয়ারে আমাকে সমর্থন করার জন্য পাকিস্তানের সকল ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।”

মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের অবসরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালনা কর্মকর্তা সুমাইর আহমদ সৈয়দ বলেন, “পিসিবির পক্ষ থেকে আমির এবং ইমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের অবদানের জন্য। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।”

এটি মোহাম্মদ আমিরের দ্বিতীয় অবসরের সিদ্ধান্ত। এর আগে, গত বছর তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে চলতি বছরের শুরুতে সে সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




একদিকে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা, অন্যদিকে খোঁড়া হচ্ছে কবি হেলাল হাফিজের কবর

আজ ১৪ ডিসেম্বর, বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢল নেমেছে সাধারণ মানুষ। প্রতি বছর এই দিনে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা জানাতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। কিন্তু অন্যদিকে, একই মূহুর্তে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের জন্য খোঁড়া হচ্ছে নতুন কবর।

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের কবর স্থাপন করতে খোঁড়া হচ্ছে এক নতুন সমাধিস্থল। কবি হেলাল হাফিজের মরদেহ দাফন করার প্রস্তুতি চলছে। আজ বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে এখানে দাফন করার কথা রয়েছে।

স্থানীয় গোরখোদক মিঠু জানান, “আজ সকাল ৯টা থেকে কবর খোঁড়ার কাজ শুরু করেছি। এখন পর্যন্ত প্রায় কাজ শেষের দিকে। আশা করি, সাড়ে ১২টার মধ্যে কবর প্রস্তুত হয়ে যাবে।” তিনি আরও বলেন, কবি হেলাল হাফিজের জন্য এই কবর স্থাপন করা হচ্ছে।

এর আগে, সকালে বাংলা একাডেমিতে কবির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কবি হেলাল হাফিজ গত শুক্রবার শাহবাগের সুপার হোম হোস্টেলে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন তিনি গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

কবি হেলাল হাফিজ শুধুমাত্র একজন কবি নয়, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, প্রেম এবং সামাজিক বিপ্লবের এক অমর প্রতীক। তার লেখা “এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়” বাংলাদেশের প্রজন্মের চেতনাকে আলোকিত করেছে। কবি হেলাল হাফিজ বাংলা সাহিত্যে তার স্বল্প শব্দে গভীর দৃষ্টিভঙ্গি এবং প্রতিবাদী কবিতার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এসময় উপদেষ্টা পরিষদের সদস্যরাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫৩ বছর আগে দেশের স্বাধীনতার লালিত বিজয়ের মাত্র দুই দিন আগে দখলদার বাহিনী স্থানীয় কুচক্রীদের সহায়তায় উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার উদ্দেশ্যে একযোগে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।

শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে জাতি
শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের বাংলাদেশ গড়লে আত্মত্যাগ সার্থক হবে
১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের দুই শতাধিক কৃতী সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়।

এর আগে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।