জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আজ মহান বিজয় দিবস। বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।




জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্তিম সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নিয়েছিল। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হন এ লড়াইয়ে। সেই ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, সেটির উদয় ঘটে একাত্তরের ১৬ ডিসেম্বরে, বহু শতাব্দীর স্বপ্ন-স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের মাধ্যমে। অবর্ণনীয় দুর্যোগে লন্ডভন্ড হওয়া বাংলাদেশের বঞ্চিত ও শোষিত মানুষ রুখে দাঁড়ায় সর্বশক্তি দিয়ে। আত্মবিস্মৃত বাঙালি আত্মপরিচয় অনুসন্ধানে উৎসর্গ করে নিজ ও স্বজনকে। ছিনিয়ে আনে বিজয়, লাল-সবুজ পতাকা সংবলিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আজ সেই ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বিজয়ের ৫৩তম বর্ষ। হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ।




এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন, ধীরগতি চলমান প্রকল্পে

২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার মাত্র ১২.২৯ শতাংশে নেমে এসেছে, যা গত দশকের মধ্যে সবচেয়ে কম। গত বছর এ হার ছিল ১৭.০৬ শতাংশ এবং এর আগের বছর ছিল ১৮.৪১ শতাংশ।

এই সময়ে গত ১০ বছরে দ্বিতীয় সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন হার ছিল ২০১৫-১৬ অর্থবছরে ১৬.৮৪ শতাংশ। বাস্তবায়ন মনিটরিং ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এই তথ্য জানা গেছে।

আইএমইডি সূত্রে আরও জানা যায়, সরকারি সংস্থাগুলি ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার বরাদ্দের মধ্যে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয় করেছে। তবে, আইএমইডি কর্মকর্তাদের মতে, চলমান এবং নতুন প্রকল্পের জন্য বরাদ্দের টাকা কমানোর কারণে এডিপি বাস্তবায়ন ধীর হয়েছে।

নতুন সরকারের অধীনে অনেক ঠিকাদার প্রকল্প ছেড়ে চলে যাওয়ায় এডিপি বাস্তবায়ন আরো কমেছে। জুলাই-নভেম্বর পর্যন্ত ঘরোয়া উৎস থেকে ১৯,৪১১ কোটি টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১,৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩,৩৯৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বিজয় দিবসে জামায়াত-শিবিরের যে যে কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নেতাকর্মীদের সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর (সোমবার) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে একটি সমাবেশ ও র‌্যালির আয়োজন করেছে। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির মো. নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে দলের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরী নেতারা বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সহদপ্তর সম্পাদক ও সমন্বয়ক আবদুস সাত্তার সুমন।

অপরদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরও ১৬ ডিসেম্বর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করবে। র‍্যালিটি সকাল ৯টায় রাজধানীর বায়তুল মোকাররম (উত্তর গেট) থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হবে। র‍্যালিতে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



শফিক রেহমানকে আজীবন সম্মাননা প্রদান করবে সিজেএফবি

বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও সঞ্চালক শফিক রেহমানকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। আগামী ২৮ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইটিভি-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডস-এর ২৩তম আসর, যেখানে এই সম্মাননা তুলে দেওয়া হবে শফিক রেহমানের হাতে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিজেএফবির সভাপতি এনাম সরকার। তিনি জানান, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি এবং সিজেএফবি যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করছে।

গত ২২ আসরে সিজেএফবি আজীবন সম্মাননা প্রদান করেছে শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, কবরী সারওয়ার, শবনম, সুচন্দা, সুবর্ণা মুস্তাফা, গোলাম সারওয়ার, জুয়েল আইচ, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন এবং তারিক আনাম খান সহ দেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বকে।

এছাড়া, এই অনুষ্ঠানে সঙ্গীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছরের সেরা পারফরমেন্সের ওপর ভিত্তি করে পুরস্কৃত করা হবে দেশবরেণ্য তারকাদের। আয়োজনটি জমকালোভাবে অনুষ্ঠিত হবে এবং দেশের জনপ্রিয় তারকাদের পারফরমেন্স থাকবে বিশেষ আকর্ষণ।

উল্লেখ্য, শফিক রেহমান বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘লাল গোলাপ’-এর সঞ্চালক হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন। অনুষ্ঠানটি প্রথমে বিটিভি পরে বাংলাভিশনে প্রচারিত হতো এবং ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। গত আট বছর বিদেশে থাকার কারণে তিনি এই অনুষ্ঠান উপস্থাপন করতে পারেননি, তবে সম্প্রতি দেশে ফিরে আসার পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি আবারও টিভি পর্দায় ফিরেছে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”



আজ বিজয়ের দিন: বৈষম্যবিরোধী বাংলাদেশের প্রত্যাশা

চন্দ্রদীপ নিউজ : ১৬ ই ডিসেম্বর।  মহান বিজয় দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের দিনে বাংলাদেশ বিজয় লাভ করে। ৩০ শহীদ আর লাখ লাখ মা-বোনের সম্ভ্রম আর ইজ্জতের বিনিময়ে অর্জিত হ স্বাধীনতা।

৩০ লাখের অধিক প্রাণ আর লাখ লাখ মায়ের সম্ভ্রমহানির মধ্য দিয়ে নিজেকে মুক্ত করেছে দীর্ঘকালের নাগপাশ আর বঞ্চনা থেকে।

আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বাংলার শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। আজ সেই মহান বিজয় দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি- নেবে সাম্য ও মানবিক দেশ গড়ার অঙ্গীকার।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিদেশি কূটনীতিকরা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দিনটি সরকারি ছুটির দিন। সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।

বঙ্গভবনে অপরাহ্নে বীরশ্রেষ্ঠ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়েছে। এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু সদনসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোয় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

চট্টগ্রাম, খুলনা, মোংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) ও বরিশালসহ বিআইডব্লিউটিসির ঘাটে এবং চাঁদপুর ও মুন্সীগঞ্জ ঘাটে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

দেশের সব শিশুপার্ক ও জাদুঘরগুলো বিনা টিকিটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং সিনেমা হলে বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া রোববার এক বাণীতে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাই আসুন- ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাই, গড়ে তুলি উন্নত-সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ- মহান বিজয় দিবসে এ আমার প্রত্যাশা।

দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। লাখ লাখ শহিদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তিনি বলেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। তিনি বলেন, আজকের এদিনে, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে।

 




চট্টগ্রামে সড়কে তিন বছরে প্রাণ হারাল ৫৫৪ জন

চট্টগ্রামের নগরীর সড়কে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৫৪ জন। তিন বছরে ৩৬২টি দুর্ঘটনায় এই প্রাণহানি ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, সড়কে মৃত্যুর এই মিছিল থামাতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণের বিকল্প নেই।

আজ (১৫ ডিসেম্বর) ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আয়োজিত গোলটেবিল আলোচনায় এ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম শহর রোড সেফটি রিপোর্ট ২০২১-২৩ প্রকাশ করা হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা। সিটি কর্পোরেশন, পুলিশ, বিআরটিএ ও সিডিএ একসঙ্গে কাজ করলে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আসফিকুজ্জামান আক্তার সড়কে চালকদের প্রতিযোগিতা বন্ধের ওপর জোর দেন। অন্যদিকে সড়ক নিরাপত্তা আন্দোলনের ইলিয়াস কাঞ্চন জানান, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণে এনে চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনতে হবে।

বিআইজিআরএস-এর কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। বিআরটিএ ‘যানবাহনের গতিসীমা নির্দেশিকা ২০২৪’ বাস্তবায়ন করলে দুর্ঘটনা রোধ সম্ভব।

অনুষ্ঠানে চট্টগ্রাম রোড সেফটি রিপোর্ট ২০২১-২৩ উপস্থাপন করেন বিআইজিআরএস-এর সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান প্রকৌশলী আবুল কাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মাহবুব, বিআরটিএ চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা, এবং বিআইজিআরএস-এর বিভিন্ন কর্মকর্তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




WASA Link 16162, An efficient Call Center




বাউফলে বিএনপির কার্যালয়ে শ্রমিক লীগ নেতাকে অতিথি করায় ক্ষোভ

পটুয়াখালীর বাউফলে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি করায় স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবুল কালাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মদনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চন্দ্রপাড়া চৌরাস্তার পশ্চিম পাশে মুন্সী বাড়ির সামনে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন কার্যালয়টি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। তবে অনুষ্ঠানটি নিয়ে বিতর্ক তৈরি হয়, কারণ শ্রমিক লীগ নেতা আবুল কালামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল।

বিএনপির কর্মীদের একাংশের দাবি, আবুল কালাম অতীতে আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় পল্লী বিদ্যুতের ঠিকাদারি কাজে যুক্ত ছিলেন। এছাড়া, তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় জড়ানোর অভিযোগেও অভিযুক্ত। তাই তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নেতাকর্মীদের জন্য অপমানজনক।

স্থানীয় এক বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, “আবুল কালাম অনেক টাকার মালিক এবং গুঞ্জন আছে, শিগগিরই তিনি বিএনপিতে যোগ দেবেন। কিন্তু তিনি অতীতে আমাদের অনেক ক্ষতি করেছেন।”

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “আমি এ ঘটনার বিষয়ে কিছু জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন কর্মী জানান, আবুল কালামকে অতিথি করা ছিল ভুল সিদ্ধান্ত, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



কলাপাড়ায় দুর্যোগ প্রস্তুতি নিয়ে জাগোনারীর লার্নিং শেয়ারিং কর্মশালা

পটুয়াখালীর কলাপাড়ায় চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারীর উদ্যোগে একটি লার্নিং শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা হোটেল মিয়াদ ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের সার্বিক সহায়তায় এবং রাইমসের কারিগরি সহায়তায় প্রকল্পটি পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

কর্মশালার উদ্বোধন করেন প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডালুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ জেহাদি।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাকসুদুল আলম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন, বনবিভাগ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ আব্দুল জব্বারসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি।

সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সঞ্চিতা হালদার প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া অতিথিরা দুর্যোগ প্রস্তুতি এবং চ্যালেঞ্জ নিয়ে মতামত প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয় এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ সুপারিশ ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। এসব সুপারিশ প্রকল্প কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস জানান, বরগুনাভিত্তিক এই সংস্থা ২৬ বছর ধরে দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করছে। প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের প্রকল্পে বেশ কিছু ভালো অর্জন এবং চ্যালেঞ্জ রয়েছে, যা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃতভাবে বাস্তবায়িত হবে।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জাগোনারীর ফাইন্যান্স ও অ্যাডমিন কর্মকর্তা মো. রুহুল আমিন, প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার, মিল অফিসার মারিয়া আক্তার জিন্টু, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, জাকিয়া আক্তার, মো. রহমত উল্লাহ রাজু, আব্দুল লতিফ, গাজী মো. ওবায়দুল্লাহ, এবং মো. জিন্নাত আলী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম