বাউফলে বিরোধপূর্ণ জমির ধান ও মাছ লুট, ফিল্মি স্টাইলে অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে সোমবার ভোরে জমি ও মাছ লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত হাবিবুর রহমান খানের মেয়ে তানজিলা আক্তারের সঙ্গে একই গ্রামের আলমগীর সিকদার গংয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার, আলমগীর সিকদার গং প্রায় সাড়ে ৩ একর জমির ধান লুট করে নেয়। একই সময়ে তানজিলার মালিকানাধীন মৎস্য ঘের থেকে কয়েকশ মণ মাছ চুরি করে নেয় তারা। অভিযোগ আছে যে, মাছ চুরির পর, চিহ্ন মুছে ফেলতে ভেকু মেশিন দিয়ে ঘেরের মাটি ভেঙে ফেলা হয়।
ঘটনার পর তানজিলা আক্তার স্থানীয় ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিছু ধান জব্দ করে। ভুক্তভোগী তানজিলা আক্তার বলেন, “এটা ছিল সিনেমার স্টাইলে লুটপাট। দলবল নিয়ে আমার জমি ও মাছ লুট করে নিয়ে যায়। আমার রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক ঢুকে লুটপাট করেছে। আমি স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ জানাই।”
অপরদিকে, আলমগীর সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এমন কিছু ঘটেনি। বরং তানজিলা গং জোরপূর্বক আমার জমি দখল করে রেখেছে।”
এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।








