শেবাচিমে পরিচালকের কঠোর নজরদারীতে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এখন আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন এবং শৃঙ্খলিত হয়ে উঠেছে। সকাল বেলা এখন আর হকারদের ভিড় কিংবা যানবাহনের জটলা দেখা যায় না। দুপাশের মাঠে ময়লা আবর্জনার স্তূপও নেই। হাসপাতালের ভিতরে দেয়াল, ফ্লোর এবং সিঁড়িতে পান-সিগারেটের দাগও দেখা যাচ্ছে না। চমৎকার পরিচ্ছন্ন পরিবেশে রোগী ও তাদের স্বজনদের চোখে স্বস্তির অনুভূতি স্পষ্ট। তবে, বাইরের পরিবেশ কিছুটা উন্নত হলেও, কিছু অনিয়ম এখনও হাসপাতালের ভিতরে বিদ্যমান।

মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর ) সকালে সরেজমিনে ঘুরে শেবাচিমে এই পরিবর্তন লক্ষ্য করা যায়। তবে, এখানকার কিছু বিভাগে এখনও অনিয়ম পরিলক্ষিত হয়। বিশেষত টিকিট কাউন্টার, মেডিসিন, ক্যান্সার এবং চক্ষু বিভাগে অব্যবস্থাপনা চলছে। এসব বিভাগের প্রধানরা এখনও পুরনো সরকারের মনোনীত লোকজন, এবং টেকনোলজিস্টের অভাবে অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসার যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের সুযোগে অযোগ্যরা এসব বিভাগ দখল করে রেখেছে।

হাসপাতালের চত্বর ঘুরে দেখা যায় টিকিট কাউন্টারেও কিছু অনিয়ম চলছে। এখানে মোট সাতটি কাউন্টার থাকার কথা, কিন্তু টিকিট বিক্রি করছেন মাত্র চারজন। টিকিটের মূল্য ১০ টাকা, তবে ভর্তি রোগীদের জন্য ১৫ টাকা লেখা রয়েছে দেয়ালে। অনেক রোগী তাদের অবস্থা জানানোর পরেও সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না। কিছু দিন আগে, একটি কাউন্টারে একটি মহিলাকে ২০ টাকা নেওয়ার পর টাকা ফেরত দেওয়া হয়নি। টিকিট কাউন্টার এবং পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বজনপ্রীতির কারণে রোগীরা ক্ষুব্ধ হচ্ছেন।

এছাড়া, হাসপাতালের ভিতরে রোগী ও স্বজনদের কিছু অসচেতনতাও লক্ষ্য করা গেছে। পিক বা থুথু যত্রতত্র ফেলছে তারা, এবং তাদের অভিযোগ, ডাস্টবিনের অভাবে এমনটি হচ্ছে। রোগী ও স্বজনদের পরামর্শ অনুযায়ী, টিকিট কাউন্টার হাসপাতাল ভবনের বাইরে সরিয়ে নেয়া হলে সুবিধা হতো। এছাড়া, হাসপাতাল চত্বরে আরও পাবলিক টয়লেট এবং সড়ক সংলগ্ন টিকিট কাউন্টার স্থাপন করা যেতে পারে।

বরিশালের সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, হাসপাতালের শৃঙ্খলা ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দূর করা হলে, হাসপাতালের কার্যক্রম আরও উন্নত হবে। এ বিষয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর বলেন, “বিশেষজ্ঞ চিকিৎসক এবং টেকনোলজি সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। আমি যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলি সমাধান করব।”

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আগুন লাগলেই সর্তক করবে বরিশালের ক্ষুদে বিজ্ঞানী ইরারনের ‘অগ্নি’ ডিভাইস

অফিস, আদালত, শিল্প-কারখানা কিংবা বাসা-বাড়িতে আগুন লাগলে মানুষের মতো করে আশপাশের লোকজনকে বাংলা ও ইংরেজী ভাষায় ডেকে সতর্ক করার পাশাপাশি এ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দিবে ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদারের উদ্ভাবিত ‘অগ্নি’ নামের ডিভাইস। অগ্নি ডিভাইসটির প্রধান কাজ হলো বাসা-বাড়ি, অফিস-আদালত, শিল্প-কারখানার গ্যাস লাইন থেকে গ্যাস লিকেজ হলে এটি গ্যাস সনাক্ত করে সেকেন্ডের মধ্যে অটোমেটিক গ্যাস লাইন এবং বাসার গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিবে। পাশাপাশি রেড সিগন্যাল দিবে এবং এ্যালার্ম বাজিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করবে। এছাড়া, গ্যাস ছড়িয়ে পড়ার আগেই এটি গ্যাস বাসার বাহিরে বের করে দিবে। সেখানে যদি আগুন লাগে বা অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে, তাহলে ‘অগ্নি’ ডিভাইসটি সেকেন্ডের মধ্যে আশপাশের লোকজনকে সতর্ক করে দিবে।

এমনই একটি কার্যকরী ডিভাইস উদ্ভাবন করেছেন  আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদার। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করা ইরান সরদার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স নিয়ে পড়াশোনা করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমাদের দেশে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড দুর্ঘটনা ঘটছে যা একটি ভয়াবহ দূর্যোগে রূপ নিয়েছে। গ্যাস লাইন লিকেজ এবং মানুষের অসাবধানতা এর প্রধান কারণ। এই সমস্যার সমাধান হিসেবে ‘অগ্নি’ ডিভাইসটি উদ্ভাবন করা হয়েছে।”

ইরান সরদার আরও জানান, “সর্বশেষ বাংলাদেশের সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমি এই ডিভাইসের উদ্ভাবনে মনোনিবেশ করি এবং সফলভাবে এটি তৈরি করতে সক্ষম হয়েছি। এর জন্য মোট খরচ হয়েছে মাত্র পাঁচ টাকা।” তিনি আশা করছেন, সরকারি কিংবা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহায়তা পেলে ‘অগ্নি’ ডিভাইসটি বাণিজ্যিকভাবে বাজারজাত করা সম্ভব হবে এবং দেশের বড় বড় অগ্নিকাণ্ড থেকে মানুষ এবং সম্পত্তি রক্ষা করা যাবে।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন বলেন, “বাংলাদেশে অগ্নিকাণ্ডের সংখ্যা বেড়েছে। ক্ষুদে বিজ্ঞানী ইরান সরদারের উদ্ভাবিত ‘অগ্নি’ ডিভাইসটি একটি সময়োপযোগী উদ্ভাবন। এটি দেশে অগ্নি দুর্ঘটনা কমাতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্যানুসারে, ২০২৩ সালে সারাদেশে ২৭ হাজার ৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে প্রায় ৭৯২ কোটি টাকা ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা থেকে সুরক্ষা দিতে ইরান সরদারের ‘অগ্নি’ ডিভাইসটি বেশ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বারুদের গন্ধ, ধোঁয়া ও বিকট শব্দে ২০২৫ বরণ

রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে থেকেই শুরু হয় আতশবাজি। ঘড়ির কাটা ১২টা ছুঁয়ে যেতেই তা যেনো ভয়াবহ মাত্রায় পৌঁছায়।

মুহুর্মুহু শব্দে কেপে উঠতে থাকে পুরো এলাকা, কখনও কখনও জানালার থাই ও গ্লাসগুলো কেপে উঠছিল শব্দের কম্পনে। ভবনগুলোর ছাদে উঠে আতশবাজিতে মেতে ওঠে স্থানীয়রা। দেখলে মনে হবে যেনো আতশবাজি পোড়ানোর প্রতিযোগিতায় মেতেছে বাসিন্দারা, কে কার চেয়ে বেশি পোড়াতে পারেন, কারটা বেশি উপরে উঠছে, আর কার বাজির শব্দ বেশি।

কয়েক মিনিটের ব্যবধানে বাতাস ধোঁয়া ও বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে বারবার না করা হলে সমানতালে ওড়ানো হয় ফানুস।

বিদায়ী বছর ২০২৪ এর আগমনের প্রহরে আতশবাজি নিয়ে অনেক হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল, তারপর ব্যাপকভাবে সমালোচনার ঝড় বয়ে যায় নেট দুনিয়ায়। অনেকে আশা করেছিলেন, এবার অন্তত এই আতশবাজি থেকে বিরত থাকবে জনগণ। কিন্তু রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ধানমন্ডির যেনো আগের বছরের পুনরাবৃত্তি। সাধারণ মানুষের মনে কাঁপন ধরা শব্দ, বয়স্ক লোকজন এবং পাখিদের কি হতে পারে, তা সহজেই অনুমেয়। কিন্তু ভয়াবহ মাত্রায় আতশবাজি যেনো থামানোর কেউ নেই।

শীতে ফুটপাতে যখন নজেহাল দুস্থরা, তাদের দিকে হাত না বাড়িয়ে লাখ লাখ দিয়ে শব্দ ও পরিবেশ দূষণ নিয়ে অনেকে ক্ষোভ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টা বাজেও চলছিলো এই আতশবাজির মহড়া।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ব

বিশ্বজুড়ে নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যে ২০২৫ সালকে স্বাগত জানাতে শুরু করেছে মানুষ। নতুন বছরের শুরুতেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি প্রথম ২০২৫ সালকে বরণ করে। এরপর, নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির ঝলকানিতে নতুন বছরের আগমন উদযাপিত হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতেও এক মহা আতশবাজির আযোজনে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়। রাত ১২ টা বাজতেই আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির বিস্ফোরণে। এই সময়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিও নতুন বছরে প্রবেশ করে।

জাপানে, রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঐতিহ্যবাহী ঘন্টাধ্বনি বাজানোর মাধ্যমে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হয়। এর পরই দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা ও অন্যান্য দেশ একে একে নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করবে।

চীনে, শ্যানডং প্রদেশে একদল নারী ২০২৫ সালের আগমন উপলক্ষে শুভ কামনার ব্যানার নিয়ে প্রস্তুতি নিচ্ছে। চীনের কংজিয়াং কাউন্টিতে গ্রামের মানুষরা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বেইজিংয়ে ভাষণ দেবেন নতুন বছরের আগমন উপলক্ষে।

বিশ্বের অন্যান্য দেশেও নতুন বছরকে বরণ করতে নানা প্রস্তুতি চলছে। তবে, যুক্তরাজ্যে আবহাওয়ার কারণে কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায়, বছরের শেষের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, নতুন বছর উদযাপন কিছুটা নীরবভাবে অনুষ্ঠিত হচ্ছে।

স্পেনে, নতুন বছরের কাউন্টডাউনের সময় একেকটি আঙুর খাওয়ার প্রথা রয়েছে, যা ১৯০৯ সাল থেকে চলে আসছে। ডেনমার্কে নতুন বছরকে স্বাগত জানাতে থালা ছুড়ার রীতি রয়েছে। ল্যাটিন আমেরিকায় রঙিন অন্তর্বাস পরে নতুন বছরকে বরণ করার প্রথা আছে, যেখানে বিশ্বাস করা হয়, বিভিন্ন রঙের অন্তর্বাস ব্যক্তির জন্য বিভিন্ন ধরণের ভাগ্য নিয়ে আসে।

ফিলিপিন্সের মানুষরা নতুন বছরের আগমনীতে গোল আকারের জিনিস দিয়ে নিজেদের ঘিরে রাখে, পাশাপাশি পোলকা ডটের কাপড় পরিধান করে এবং আঙুর খাওয়ার রীতি পালন করে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি, কিছুটা দেরিতে নতুন বছরে প্রবেশ করবে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং সবশেষে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




নতুন বছরে দেশের জন্য উন্নতির প্রতিশ্রুতি: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নতুন বছরের আগমনে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীর জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১ জানুয়ারি) এক বাণীতে তিনি নতুন বছরের শুরুতে মানুষের মাঝে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরের সূচনা সবসময়ই আমাদের মাঝে নব উদ্যম জাগ্রত করে এবং সুন্দর আগামীর জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়ন ও লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

নতুন বছরে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা দেশকে ভালোবাসব এবং সর্বশক্তি দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করব। একইসঙ্গে যেকোনো সন্ত্রাসবাদ প্রতিহত করে শান্তি বজায় রাখব।”

তিনি আরও বলেন, নতুন বছরের প্রতিটি দিন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নতির শিখরে পৌঁছানোর অঙ্গীকার করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে জনগণের কল্যাণে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নাহিদের আগুনে বোলিংয়ে রংপুরের টানা দ্বিতীয় জয়

বিপিএল ২০২৫-এর বর্তমান আসরে রংপুর রাইডার্স শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। গত ম্যাচে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে বড় জয় তুলে নেয়ার পর, তারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও জয়ের ধারা বজায় রেখেছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স সিলেটকে ৩৪ রানে পরাজিত করেছে, যা তাদের টানা দ্বিতীয় জয়।

এই ম্যাচে রংপুরের বোলাররা দারুণ কৃতিত্ব দেখিয়েছেন, বিশেষ করে নাহিদ রানা। তিনি একক হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। মাত্র ২৭ রানে ৪টি উইকেট নিয়ে রংপুরের জয় নিশ্চিত করেন। এছাড়া, মোহাম্মদ সাইফুদ্দিনও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন, যা সিলেটের জন্য ছিল বড় ধাক্কা।

সিলেট স্ট্রাইকার্সের জন্য রনি তালুকদার ছিলেন একমাত্র আলো। তিনি ৩৬ বল খেলে ৪১ রান করেন। তবে জাকের আলি অনিকের মন্থর ইনিংস (৩৩ বলে ২৪) দলের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ১৫৬ রানের লক্ষ্য তাড়াতে সিলেট দল শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে। নাহিদ রানার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তারা থমকে যায়, আর শেষ পর্যন্ত সিলেট দল ১২১ রানে থেমে যায়।

রংপুরের ইনিংসে ইফতেখার আহমেদ ৪২ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে নুরুল হাসান সোহান ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। শেখ মেহেদীও ৮ বলে ১৬ রান করে রংপুরের সংগ্রহে বাড়তি ভূমিকা রাখেন।

শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ১৫৫ রানই যথেষ্ট প্রমাণিত হয়, এবং তারা সিলেটকে ৩৪ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয়।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রেসক্লাব দুমকির সভাপতি দেলোয়ার, সম্পাদক কামাল

পটুয়াখালীর দুমকি উপজেলার প্রেসক্লাব দুমকির ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার মোঃ বাহদুর হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুমন মৃধা।

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন সভাপতি এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি মোঃ কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্বে প্রেসক্লাবের উন্নয়নে নতুন পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণের প্রত্যাশা করছেন সদস্যরা।

নবনির্বাচিতরা প্রেসক্লাবের কার্যক্রমকে গতিশীল এবং উন্নত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




“এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য”: ধর্ম বিষয়ক উপদেষ্টা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সংস্কার শেষে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। তবে, এ মুহূর্তে সবচেয়ে প্রয়োজন সবার ঐক্য। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করা।”

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশালের ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। এ অধিকার ক্ষুণ্ন করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হয়েছে। সরকার কোনো অতিথিকে বিনা পয়সায় হজ করতে পাঠাবে না। কেবল হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই যাবেন।”

তিনি আরও জানান, “ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতন কাঠামো তৈরি হচ্ছে এবং দুটি উৎসব বোনাস প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। কল্যাণ ট্রাস্টের অর্থ ইমাম-মুয়াজ্জিনদের সুবিধার্থে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।”

ইমামদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণ প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ শেষে ছোট ব্যবসা করে আয় বৃদ্ধি করতে পারেন। এটি ইবাদত বলেই বিবেচিত হবে।”

ক্যান্সার, লিভার সিরোসিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ইমামদের এককালীন অনুদানের ব্যবস্থাও করা হয়েছে।

বিশেষ উদ্যোগ: ইমাম মিনারেল ওয়াটার প্রকল্প
ধর্ম উপদেষ্টা জানান, “আমরা ‘ইমাম’ নামে একটি মিনারেল ওয়াটার প্রকল্প শুরু করার পরিকল্পনা নিয়েছি। এর লাভ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ তহবিলে জমা হবে।”

মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত গ্রহণের কার্যক্রম চালু করা হয়েছে, যা শিগগিরই পুরোপুরি কার্যকর হবে। যাকাত সংগ্রহে ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাজে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার
সবশেষে ধর্ম উপদেষ্টা বলেন, “সব ধর্মের মানুষের অধিকার সমান। বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে হানাহানি থাকবে না। দেশের জন্য এ ঐক্য গুরুত্বপূর্ণ।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




‘বিটিভি নিউজ’-এর যাত্রা শুরু করল আজ সন্ধ্যা থেকে

দেশে সংবাদভিত্তিক নতুন টেলিভিশন চ্যানেল ‘বিটিভি নিউজ’-এর সম্প্রচার আজ শুরু করেছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবর বলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়।

বাংলাদেশ টেলিভিশন থেকে আলাদা হয়ে সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করছে ‘বিটিভি নিউজ’। বিটিভি তাদের ফেসবুক পোস্টে লোগো প্রকাশ করে জানায়, সংবাদ পরিবেশনায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ‘বিটিভি নিউজ’ তার সম্প্রচার কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ টেলিভিশন বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন চ্যানেল। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর এটি পাইলট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭২ সালে এটি রাষ্ট্রীয় টিভি চ্যানেলে পরিণত হয়। বর্তমানে বিটিভি দেশের ৯৫ শতাংশ মানুষকে টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধার মাধ্যমে অনুষ্ঠান উপভোগের সুযোগ করে দিচ্ছে।

‘বিটিভি নিউজ’ শুধুমাত্র সংবাদ পরিবেশনের জন্য বিশেষায়িত একটি চ্যানেল। এই চ্যানেলটির মাধ্যমে বিটিভি দেশের দর্শকদের জন্য নতুনভাবে সংবাদ পরিবেশনার প্রতিশ্রুতি নিয়ে এসেছে। এটি দর্শকদের কাছে নির্ভুল এবং গতিশীল সংবাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সর্বস্ব লুট

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে দুর্বৃত্তদের চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের ৬ সদস্য।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১টার দিকে আব্বাস হাওলাদারের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল গড়িয়ে দুপুর হলেও পরিবারের কারো সাড়া না পেয়ে প্রতিবেশীরা তাদের ঘুম ভাঙান। জ্ঞান ফেরার পর তারা দেখতে পান, দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেছে।

লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ণালংকার এবং ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিস। পরিবারের সদস্যদের দাবি, খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে।

চেতনানাশকের প্রভাবে অসুস্থ হওয়া ৬ সদস্যকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই লুটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।