রংপুরের গতির সামনে ১২৪ রানে গুটিয়ে গেল বরিশাল

ফরচুন বরিশাল শক্ত ভিত গড়ার আশা করলেও রংপুর রাইডার্সের বোলিং তোপে ১২৪ রানে গুটিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল দলকে ভালো শুরু এনে দিলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

শুরুতে আগ্রাসী ছিলেন তামিম ইকবাল। তবে নাহিদ রানার গতির সামনে ১৮ বলে ২৮ রান করেই ফিরে যেতে হয় তাকে। ওপেনার নাজমুল হোসেন শান্ত (১০ বলে ৯ রান) আরেকটি হতাশাজনক পারফরম্যান্স উপহার দেন। তিন নম্বরে নামা তাওহিদ হৃদয়ের ব্যর্থতার ধারা অব্যাহত থাকল, তার ব্যাট থেকে আসে ৬ বলে মাত্র ৪ রান।

মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ কেউই দলের হাল ধরতে পারেননি। একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। শেষদিকে মোহাম্মদ নবি চেষ্টা করলেও রান আউট হয়ে ফিরে যান।

নাহিদ রানা ছিলেন দুর্দান্ত। তিনি তামিমসহ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বরিশালের রানের গতিপথ থামিয়ে দেন।

জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ২ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। রংপুর এখন জয়ের পথেই রয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেল চালক

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রিফাত হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী মো. আমানউল্লাহ (৩১)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিফাত হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আমানউল্লাহ কালকিনি উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ভূরঘাটা এলাকা পার হচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে বাসটি ধাক্কা দিলে চালক রিফাত ও আরোহী আমানউল্লাহ রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রিফাতের মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, “সাকুরা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক রিফাতের মৃত্যু হয়েছে। আহত আমানউল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

গুরুতর আহত আমানউল্লাহ বর্তমানে কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

দ্রুত গতির যানবাহনের কারণে মহাসড়কে এমন দুর্ঘটনা ক্রমাগতভাবে ঘটছে। যাত্রী ও পথচারীদের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয়রা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালী ইউপি চেয়ারম্যান অপহরণ: ৩৪ ঘণ্টা পর উদ্ধার

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণের ৩৪ ঘণ্টা পর ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ঢাকায় ডিবি হেডকোয়ার্টারে রয়েছেন।

ডিবি পুলিশ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের ইকরিয়া এলাকার একটি তালাবদ্ধ ঘরের বাথরুম থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। এ বিষয়ে সন্ধ্যায় বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিম গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় পটুয়াখালী লেবুখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে গ্রিনলাইন পরিবহনের একটি বাসে উঠেছিলেন। ভোরে বাসটি পদ্মা সেতু পার হয়ে ঢাকার কেরানীগঞ্জের ইকরিয়া এলাকায় পৌঁছালে এক যাত্রীর নামার কথা বলে বাস থামানো হয়। এ সময় ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি বাসে উঠে অন্য যাত্রী ও চালককে ভয় দেখিয়ে সেলিমকে নামিয়ে মাইক্রোবাসে করে নিয়ে যায়।

পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীরা চেয়ারম্যানের স্ত্রীর কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হলেও পরে অপহরণকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়। এ অবস্থায় তার স্ত্রী ফারহানা কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

খবরটি পটুয়াখালীতে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন মহল বিষয়টি জানিয়ে সহযোগিতা চান। ডিবি পুলিশ বিভিন্ন কৌশল ব্যবহার করে বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের একটি তালাবদ্ধ ঘর থেকে আহত অবস্থায় চেয়ারম্যান সেলিমকে উদ্ধার করে।

চেয়ারম্যানের ছোট ভাই কাজী সাহিন জানান, অপহরণকারীরা চেয়ারম্যানকে শারীরিকভাবে নির্যাতন করেছে। ডিবি পুলিশ বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। এ বিষয়ে সন্ধ্যায় একটি প্রেস ব্রিফিং করবে তারা।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




পটুয়াখালী প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের জন্য এক বছর মেয়াদি ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ইনকিলাবের পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. জাকির হোসেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার দেশ এর প্রতিনিধি অধ্যাপক মো. গোলাম রহমান। গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার, ড. আতহার উদ্দিন মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন দৈনিক গণদাবীর সম্পাদক মো. গোলাম কিবরিয়া, ডেইলি স্টার এর প্রতিনিধি অ্যাডভোকেট মো. সোহরাব হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন এবং মাই টিভি ও আমার সংবাদ এর জেলা প্রতিনিধি মো. মশিউর রহমান বাবলু।

নবগঠিত কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সকল সদস্যদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রেসক্লাবকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের জন্য একটি সমন্বিত পরিবেশ নিশ্চিত করা।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের আজীবন সদস্য এবং সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, নির্মল কুমার রক্ষিত, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী এবং কাজল বরণ দাসসহ অন্যান্য সদস্যরা।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

 




বঙ্গোপসাগরে আটক ভারতীয় জেলেদের মুক্তি

মা ইলিশসহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক হওয়া ৩১ জন ভারতীয় জেলের মুক্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে তাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করা হয়।

পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে মুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি আরও জানান, মোংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও ৬৪ ভারতীয় জেলের মুক্তি এবং ট্রলার হস্তান্তরের আনুষ্ঠানিকতা আগামী দুই একদিনের মধ্যেই সম্পন্ন হবে। এ সময় পর্যন্ত মুক্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে থাকবেন।

এ সময় পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং কোস্টগার্ড দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশের ৯০ জন জেলেও ভারতের জেলে আটক রয়েছেন। তাদেরও একই সময়ে মুক্তি দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মুক্ত জেলেদের পরিবারের সদস্যরা এ ঘটনায় উচ্ছ্বসিত।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভ্যাট বাড়লেও নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে ৪৩টি পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নিত্যপণ্যের দামের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের জন্য নয়, বরং রাজস্ব বৃদ্ধির জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন তারকা ও এর ওপরের মানের হোটেলগুলোর ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে, তবে সাধারণ হোটেল ও রেস্তোরাঁর ওপর কোনো ভ্যাট বাড়ানো হয়নি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রায় এই ভ্যাট বৃদ্ধির প্রভাব পড়বে না। এ বছর দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, ব্যাংক খাতকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে এবং আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




 ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ এর জামিন আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করায় আদালত তা মঞ্জুর করেননি।

গত ২৫ নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এটি রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আদালত জামিন মঞ্জুর করেননি।

চিন্ময়ের পক্ষে আজ শুনানিতে উপস্থিত ছিলেন ১১ জন আইনজীবী। তারা সুপ্রিম কোর্ট থেকে আসা একটি বিশেষ আইনি দলের নেতৃত্ব দিচ্ছিলেন।

এর আগে ৩ ডিসেম্বরের শুনানিতে কোনো আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত আজ (২ জানুয়ারি) পুনরায় শুনানির দিন নির্ধারণ করেন। চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ এর আগেও তিনবার আবেদন করলেও ওকালতনামার জটিলতার কারণে শুনানি এগিয়ে আনতে পারেননি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




খসড়া ভোটার তালিকায় যুক্ত হলো ১৮ লাখ ৩৩ হাজার

চন্দ্রদ্বীপ ডেস্ক: নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। খসড়া হালনাগাদ তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, হালনাগাদের আগে ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। নতুন করে তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এ হিসেবে ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

নির্বাচন কমিশনার বলেন, দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৭ জানুয়ারি।

ইসি জানায়, আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার রয়েছে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।




বাউফলে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোসা. পারভীন বেগম (৫৪) শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। গত (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে এই ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় তিন সহকারী শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষিকা পারভীন বেগমের অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিব সংকর দাস, মুশফিকা জাহান নুপুর এবং নৈশপ্রহরী শাহজাহান দীর্ঘদিন ধরে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করছেন। গত ১৯ আগস্টও তারা তাকে মারধর করেন এবং সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ ঘটনার পর থেকে তাকে বিদ্যালয়ে যেতে বাধা দেওয়া হয়।

৩১ ডিসেম্বর প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করলে অভিযুক্তরা তার ওপর শারীরিক আক্রমণ চালান। খবর পেয়ে তার স্বামী ও মেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পারভীন বেগম জানান, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। তবে একটি মহল তাকে পদত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র করছে।

অপরদিকে অভিযুক্ত শিব সংকর এবং মুশফিকা জাহান অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি মিথ্যা ও বানোয়াট।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীর দুমকিতে নতুন বছরে বই না পেয়ে হতাশ শিক্ষার্থীরা

পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীরা নতুন বই না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার পরিকল্পনা থাকলেও কোনো বিদ্যালয়ে তা সম্ভব হয়নি।

উপজেলার প্রাণকেন্দ্র দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবক বইয়ের জন্য অপেক্ষা করলেও বই পৌঁছায়নি। বিদ্যালয়টি বই বিতরণের প্রস্তুতি নিলেও উপজেলা শিক্ষা অফিসে বই না আসায় বিতরণ সম্ভব হয়নি।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা রানী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান ইভা, আবিদ ইসলাম এবং নবম শ্রেণির ইসরাত জাহান মার্জিয়া ও জান্নাতুন নেছা জানান, বছরের শুরুতে নতুন বই পাওয়ার আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। দ্রুত বই না পেলে তাদের পড়াশোনায় সমস্যা হবে বলে আশঙ্কা করেন তারা।

অভিভাবক নাজমুন নাহার বলেন, “সন্তানদের পড়ার টেবিলে বসাতে বই না থাকলে অসুবিধা হবে। আমরা দ্রুত বই দেওয়ার দাবি জানাই।”

দুমকি আপতুননেছা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহামুদা আখতার হেপি বলেন, “নতুন বই দিতে না পারায় আমরা দুঃখিত। তবে শিগগিরই বই বিতরণ করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন জানান, “পটুয়াখালী জেলায় এখনও বই পৌঁছায়নি। আশা করছি, দ্রুতই বই আসবে এবং তা বিতরণ করা হবে।”

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, “জেলায় বই আসতে কিছুটা দেরি হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই বই পাওয়া যাবে। বই আসা মাত্র তা উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম