পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল

পায়রা সমুদ্র বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। রোববার (৫ জানুয়ারি) বিদায়ী চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে, ১ জানুয়ারি তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, বিদায়ী চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বাংলাদেশ নৌবাহিনীতে বদলি হয়ে সহকারী নৌবাহিনী প্রধান হিসেবে নৌ সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন।

নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল দায়িত্ব নেওয়ার পর বন্দরের উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভারতে প্রশিক্ষণের অনুমতি বাতিল ৫০ বিচার কর্মকর্তার

ভারতের ভূপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি প্রদানপূর্বক জারি করা প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।”

উল্লেখ্য, এই প্রশিক্ষণটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য পরিকল্পনা করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অংশগ্রহণ সংক্রান্ত অনুমতি প্রত্যাহার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী জেলার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে এক ইলেকট্রিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে, উপজেলার ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া এলাকায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সিলিং ফ্যানের সঙ্গে সোহান প্রামাণিক নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত সোহান প্রামাণিক পাবনার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধু প্রামাণিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোহান পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ম্যানপাওয়ার গাজী এন্টারপ্রাইজের ইলেকট্রিক মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি গত দুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে কাজে যোগ দেননি এবং রুমেই অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যায় তার সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে লাইট জ্বালালে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পারিবারিক বিরোধে পটুয়াখালীতে গৃহবধূকে হ*ত্যা,  আটক স্বামী

পটুয়াখালীর ছোট আউলিয়াপুরে নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে।

রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার বলাইকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নুরজাহানের পুত্রবধূ রোজি আক্তার ও নুপুর আক্তার জানিয়েছেন, দ্বিতীয় বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে নুর মোহাম্মদ তার স্ত্রীকে তালাক দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে পুত্রবধূদের হস্তক্ষেপে রাতের বিবাদ সাময়িকভাবে থেমে যায়। সবাই ঘুমিয়ে পড়ার পর রাত ৩টার দিকে নুর মোহাম্মদ গলা কেটে নুরজাহানকে হত্যা করে পালিয়ে যান।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ জানান, “আমরা ঘটনার পরপরই অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করেছি। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নুরজাহানের স্বজনরা দ্রুত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পথকুকুরের পাশে পটুয়াখালীর চার যুবক

পটুয়াখালীতে চলমান মৃদু শৈত্যপ্রবাহে আশ্রয়হীন পথকুকুরদের দুর্দশা তীব্রতর হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে চার যুবক তাদের ব্যবহৃত পুরোনো গরম কাপড় দিয়ে এসব কুকুরের পাশে দাঁড়িয়েছেন। তাদের এ মহৎ উদ্যোগ প্রশংসার জোয়ার তুলেছে শহরজুড়ে।

শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে শহরের চৌরাস্তা, ঝাউতলা, সবুজবাগ, কলাতলা ও পলিটেকনিক ইন্সটিটিউট এলাকায় ঘুরে অন্তত অর্ধশত পথকুকুরকে গরম কাপড় পরিয়ে দেন সাগর চৌধুরী, রুবাইয়াত হক মেহেদী, আক্তারুজ্জামান তুরাগ এবং তানভির রহমান।

তাদের উদ্যোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহলে প্রশংসা কুড়ান তারা।

এই কাজ সম্পর্কে রুবাইয়াত হক মেহেদী বলেন, “শীতের রাতে বেওয়ারিশ কুকুরদের দুর্দশা দেখে আমরা সিদ্ধান্ত নিই তাদের পাশে দাঁড়ানোর। আমরা আমাদের পুরোনো গরম কাপড় নিয়ে বের হই এবং যতটা সম্ভব কুকুরকে সাহায্য করি। মানুষের কাছ থেকে এমন ইতিবাচক সাড়া পেয়ে আমরা অভিভূত। ভবিষ্যতে এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

সেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন “এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী”র প্রতিনিধি মো. আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “মানুষ চাইলে শীত থেকে নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু এই প্রাণীগুলো তা পারে না। এই চার যুবকের কাজ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।”

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, “তাদের এই উদ্যোগ মানবতার প্রকৃত উদাহরণ। রাস্তার কুকুরদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করে তারা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। আমরা তাদের এই মহৎ কাজের জন্য ধন্যবাদ জানাই।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুই-আড়াই টাকার ফুলকপি হাত বদলে পটুয়াখালীতে ২৫-৩০ টাকা

পটুয়াখালীর বাজারে ফুলকপির দামে বড় বৈষম্য লক্ষ্য করা গেছে। মাঠ পর্যায়ে কৃষকরা ফুলকপি বিক্রি করছেন মাত্র ২-৩ টাকায়, অথচ শহরের বাজারে সেই ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এমন মূল্যবৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

শনিবার (৪ জানুয়ারি) পটুয়াখালীর নিউমার্কেট, পুরান বাজার, নতুন বাজার, কলাতলা ও হেতালিয়া বাধঘাটসহ বিভিন্ন বাজার ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। সরেজমিনে ঘুরে জানা যায়, গুনগত মানের ওপর ভিত্তি করে ফুলকপি ২০-৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে উৎপাদন স্থানের তুলনায় এমন দামের পার্থক্যে অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্রেতারা দাবি করছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ছে।

শিমুলবাগ এলাকার বাসিন্দা মোহন খন্দকার পৌর নিউমার্কেটে সবজি কিনতে এসে বলেন, “কৃষকরা যেখানে ২-৩ টাকায় ফুলকপি বিক্রি করছে, আমাদের কিনতে হচ্ছে ৩০ টাকায়। জিজ্ঞেস করলেই বলা হয়, ডিজেলের দাম বেশি তাই সবজির দাম বেশি। এই অবস্থায় কৃষকরা উৎপাদনে অনাগ্রহী হবে আর আমাদের পকেটের ক্ষতি হবে। আমার মতে, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে।”

নিউমার্কেটের খুচরা বিক্রেতা কাওসার আহমেদ বলেন, “আমরা পাইকারি বাজার থেকে ১৫ টাকায় কিনে ২০ টাকায় বিক্রি করি। লাভের পরিমাণ খুবই সীমিত।”

একই বাজারের বিক্রেতা মো. শুক্কুর জানান, “আমরা যেভাবে পাই, সেভাবেই বিক্রি করি। সবজির দাম কম বলে শোনা যায়, কিন্তু আমাদের কিনতে হয় বেশি দামে। আমরা কম দামে কিনতে পারলে অবশ্যই ক্রেতাদের কম দামে দিতে পারতাম।”

বাজার বিশ্লেষকদের মতে, এই সমস্যার মূল কারণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। তারা কৃষকদের কাছ থেকে নামমাত্র মূল্যে ফুলকপি কিনে শহরের বাজারে চড়া দামে বিক্রি করছে।

জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা পুরোপুরি মার্কেট অ্যানালাইসিসের বিষয়। প্রকৃতপক্ষে তারা কী দামে কিনছে এবং পরিবহন খরচ কত হচ্ছে, সেটা তারাই জানে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছবোঝাই পিকআপের ধাক্কায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ হাওলাদার নীলগঞ্জ গ্রামের বাসিন্দা এবং মৃত তাহের হাওলাদারের ছেলে। তিনি কলাপাড়ার সত্তার মুদির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক মাহবুব জানান, ইউসুফ প্রতিদিনের মতো বাইসাইকেলযোগে বাসা থেকে পৌর শহরের উদ্দেশ্যে রওনা হন। মহিপুর থেকে ছেড়ে আসা একটি মাছবোঝাই পিকআপ নীলগঞ্জ টোলপ্লাজার কাছে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, “দুর্ঘটনার পর চালককে আটক করা হয়েছে। মরদেহ শেরে বাংলা মেডিকেলে রয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালীতে প্রতিবেশীদের হামলায় ১০ জন আহত

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের কালীচন্না গ্রামে প্রতিবেশীদের হামলায় জাকির আকনের বাড়ির ১০ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে পঞ্চমবারের মতো এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাকির হোসেন (৪২), তার মা ফুলবানু বেগম (৭৫), স্ত্রী ফাতেমা বেগম (৩৮), ভাই আউয়াল আকন (৩৫), বোন সাহাভানু, হাসিনা বেগম ও পুত্র রনি (১৮) রয়েছেন। গুরুতর আহত ফাতেমা বেগম ও জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আউয়াল আকন জানান, প্রতিবেশী মোতাহার ও মোকলেছ তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও সমস্যার সমাধান হয়নি। গত ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি ধারাবাহিকভাবে আকন বাড়িতে হামলার ঘটনা ঘটে। একাধিকবার ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা নিলেও সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় ১০ জন আহত হন এবং বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আকন পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইমতিয়াজ জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে বড় বাইশদা ইউনিয়ন মৎস্যজীবী দলের উদ্যোগে এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বড় বাইশদা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক জাবের আল মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি লিটন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন মৎস্যজীবী দলের সদস্য সচিব শিবলু হাওলাদার এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় আরও বক্তব্য দেন পটুয়াখালী জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সভাপতি ও বড় বাইশদা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম বাচ্চু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবদলের সভাপতি মিরাজ হাওলাদার, রুলেল খান, মজিবর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। বক্তারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে কলাপাড়া-রাঙ্গাবালী আসনে ধানের শীষ প্রতীকে এবিএম মোশারফ হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যুক্তরাজ্যের এমপিকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৪ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে, প্রধান উপদেষ্টা রূপা হককে জানান, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এবং এসব নির্বাচনে ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার ছিল।

এ সময়, ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ড. ইউনূস তাকে জানান, নির্বাচনের সম্ভাব্য তারিখ দুইটি হতে পারে—এ বছর অথবা আগামী বছরের মাঝামাঝি। তবে, এটি নির্ভর করবে জনগণের সংস্কার চাওয়ার পরিমাণের ওপর।

রূপা হক বাংলাদেশে এসে আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে আগ্রহ প্রকাশ করেন। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম