লন্ডনের ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ। চিকিৎসার জন্য দীর্ঘদিন পর লন্ডনে যাত্রা করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দীর্ঘ সাত বছর পর মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। তিনি নিজেই খালেদা জিয়াকে ড্রাইভ করে ক্লিনিকে নিয়ে যান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া লন্ডনে যান। উন্নত চিকিৎসার পাশাপাশি পরিবারের সঙ্গে দেখা করা তার এই সফরের অন্যতম উদ্দেশ্য।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার আগামী জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (EIB) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানান। এ সময়, ড. ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নিকোলা বিয়ার, সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বরগুনার সম্ভাবনাময় শুঁটকি শিল্পে বাধার মুখে উন্নয়ন

বরগুনা জেলার তালতলী উপজেলা দেশের অন্যতম প্রধান শুঁটকি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুঁটকি মৌসুম চলাকালীন, এখানে বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিকরা ও স্থানীয় নারী-পুরুষরা পল্লিতে এসে কাজ করে থাকেন। কিন্তু, অবকাঠামোগত নানা সমস্যার কারণে শুঁটকি শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদন খরচ বাড়ছে, যা ব্যবসায়ীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে।

বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা প্রতিবছর তালতলীতে কাজ করতে আসেন এবং উপজেলা এলাকার আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা ও ফকিরহাটসহ আরও কয়েকটি এলাকায় শুঁটকি তৈরির কাজ করেন। তবে, এখানে অবস্থানের জন্য যেভাবে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়, সেখানে পয়ঃনিষ্কাশনের সমস্যা ও টয়লেটের অভাব বড় এক সমস্যা হিসেবে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে, নারী শ্রমিকরা স্থায়ী টয়লেটের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়ছেন।

বরগুনার শুঁটকি বাজারে স্থানীয় পণ্যের চাহিদা ভালো, কারণ এতে কোনও কীটনাশক বা অতিরিক্ত লবণ ব্যবহার করা হয় না। এই মৌসুমে পুঁটি, শোল, ট্যাংরা, খলিশা, পাবদা, কই, শিং, মাগুর, মেনি, বৈরাগী এবং ফলি মাছের শুঁটকি জনপ্রিয়।

বর্তমানে, এখানে প্রতিকেজি শুঁটকি দাম ৪০০-১৫০০ টাকার মধ্যে বিক্রি হয়, তবে প্রতিটি শুঁটকি পল্লি থেকে প্রতি সপ্তাহে ১০০-১৫০ মণ শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। তদুপরি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে শুঁটকি উৎপাদন এবং সরবরাহ আরো বাড়বে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

শ্রমিকরা জানান, বিশেষ করে নারীদের জন্য টয়লেটের ব্যবস্থা না থাকার কারণে তাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। পিয়ারা বেগম, একজন মহিলা শ্রমিক, বলেন, ‘আমরা নারী-পুরুষ সমানভাবে কাজ করি, কিন্তু নারী শ্রমিকদের জন্য টয়লেটের ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে।’

ওদিকে, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। মো. দুলাল নামের এক ব্যবসায়ী জানান, ‘খারাপ রাস্তার কারণে আমাদের আরও বেশি খরচ হয়। দু-তিন বছর ধরে আমাদের লোকসান হচ্ছে।’ তবে তালতলী উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা আশ্বাস দেন, ‘এটা সমাধান করতে আমরা কাজ করছি, নারীদের জন্য পাবলিক টয়লেট এবং সুপেয় পানির ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা মো. মহসীন বলেন, ‘শুঁটকি পল্লির সমস্যা সমাধানের জন্য আমরা কাজ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল সদর হাসপাতালে অব্যবস্থাপনা ও নারী দালাল চক্রের দৌরাত্ম্য

বরিশাল সদর হাসপাতাল চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও অব্যবস্থাপনা ও দালালচক্রের কর্মকাণ্ড এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করছে। প্রতিদিন এখানে পাঁচ টাকার বিনিময়ে শতশত রোগী চিকিৎসা নিতে আসলেও রোগীদের বিভ্রান্ত করতে সক্রিয় একদল নারী দালাল। তারা রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে কমিশনের ভিত্তিতে কাজ করছে।

নারী চক্রের দৌরাত্ম্য:
হাসপাতালের প্রবেশপথেই ১০-১২ জন নারীর একটি দল রোগীদের বোঝায় যে, সরকারি হাসপাতালে মানসম্মত সেবা পাওয়া যায় না। তারা প্রতিটি রোগী নিয়ে গেলে ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৫-২০% কমিশন পায়।

হাসপাতালের এক্সরে ও আল্ট্রাসনোগ্রাফি সুবিধা না থাকায় রোগীদের বাইরে পরীক্ষা করাতে বাধ্য করা হয়। ফলে অনেকেই দালালদের খপ্পরে পড়ে যান।

খাদ্যের মান ও পরিচ্ছন্নতার অভিযোগ:
কেবিন রোগীদের খাবারের মান নিয়ে অভিযোগ রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি খরচ দাবির অভিযোগ এসেছে। পরিচ্ছন্নতা এবং নিরাপত্তার অভাবও উল্লেখযোগ্য। রোগীদের মতে, দিনেও হাসপাতালের মধ্যে কুকুর ঘোরাফেরা করে।

ডা. মলয় কৃষ্ণ বড়াল, হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জানান, বিশেষজ্ঞ চিকিৎসক এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে। ১২ তলা ভবন নির্মাণের পর পরিস্থিতির উন্নতি হবে।

নার্স মমতাজ বেগম বলেন, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা প্রহরী নিয়োগ একান্ত প্রয়োজন।

বরিশাল সদর হাসপাতালের দীর্ঘদিনের সুনাম ধরে রাখতে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ প্রয়োজন। দালালচক্রের দৌরাত্ম্য রোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নত করা এবং পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করাই হলো প্রধান চ্যালেঞ্জ।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




জেসিআই বরিশালের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন নেতৃত্বে নকিবুল হক

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের বরিশাল চ্যাপ্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল চ্যাপ্টারের ২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে নকিবুল হক নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল চ্যাপ্টারের মেন্টর স্টিভ বেনেডিক্ট ডি’সিলভা।

প্রধান আয়োজন ও নির্বাচনের প্রক্রিয়া:

সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট জামিল খান বিগত বছরের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন জেসিআই বাংলাদেশের ২০২৪ ভাইস প্রেসিডেন্ট বিপ্লব ঘোষ রাহুল।

নকিবুল হকের নেতৃত্বে নতুন বোর্ডে ১২ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন বোর্ডের সদস্যরা হলেন:

লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট: ইশতি আহমেদ

ভাইস প্রেসিডেন্ট: মইনুল আলম চৌধুরী ও জয়ন্ত ভূষণ রায়

লোকাল সেক্রেটারি জেনারেল: ইমাম মেহেদী

লোকাল ট্রেজারার: আসাদ ইকবাল

লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিলর: লিপি ঘোষ

লোকাল কমিটি চেয়ার: নিশাত জাহান

লোকাল ডিরেক্টর: নাঈম সালেহীন, প্রীতি দেবনাথ ও ইসরাত জাহান

সভা শেষে শপথপাঠের মাধ্যমে নবনির্বাচিত বোর্ড সদস্যরা তাদের দায়িত্বভার গ্রহণ করেন। শপথ পাঠ করান সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট নকিবুল হক।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




৭ বছর পর মায়ের দেখা পেলেন তারেক রহমান

দীর্ঘ ৭ বছরের অপেক্ষার পর লন্ডনে মায়ের সঙ্গে দেখা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালে বুধবার (৮ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তারা।

বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার জন্য প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। দোহায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক খোঁজখবর নেন।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় নেতাকর্মীরা মায়ের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছালেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এরপর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করার প্রক্রিয়া চলমান রয়েছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে কাতারের দোহায় যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে বিকেল থেকেই বিএনপির নেতাকর্মীরা গুলশানের বাসভবনে জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর সেখানে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ভিড় জমান। দলের কর্মী-সমর্থকরা তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য হলেন আইটি বিশেষজ্ঞ শরফুদ্দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনয়ন দিয়েছে সরকার।

পবিপ্রবি আইন, ২০০১ এর ধারা ১৮ (১)(ট) ও ১৮ (৪) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সরকার কর্তৃক শিল্প ও ব্যবসা বাণিজ্যে নিয়োজিত ব্যক্তি হিসেবে ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিনকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হয়।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা মো. শরফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বিষয়ে এমএস এবং এপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিকস এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বর্তমানে ত্রিপলি) এ বিএসসি ডিগ্রী অর্জন করেছেন।

দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রকল্পে গবেষণা সহকারি হিসেবে কাজ করেছেন।তার রচিত `Physics Panacea’ নামে এইচএসসি এবং এ লেভেল শিক্ষার্থীদের পাঠ্যবই এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি গাইড বেশ সুনাম অর্জন করেছে। একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির জন্য টেলিভিশন সাংবাদিকতা ও লিডারশিপ ম্যানেজমেন্টসহ বিভিন্ন ইস্যুতে প্রশিক্ষণ-ও নিয়েছেন।

কর্মজীবনে তিনি এমজিআরএস টেক এন্ড ট্রেড, প্যানাসিয়া প্রিন্টিং এন্ড পাবলিকেশন, এনিপন্য গ্লোবাল বিজনেস, জিজাজো বাংলাদেশ, এবিএস ইন্টারন্যাশন্যাল, এবিসি লার্নিং, ফোকাস স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড, সেন্টার ফর মিডিয়া রিচার্সসহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তিনি এমআই ইউ এর ত্রিপলি বিভাগের এডজাসেন্ট ফ্যাকাল্টি হিসেবে আছেন।

ছাত্রজীবন থেকেই তিনি বির্তকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড এবং জনসেবায় সক্রিয় অংশ অংশগ্রহণ করে আসছেন। মো. শরফুদ্দিন ঢাকা বিশ্বব্যিালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাব ও বাধন ব্লাড ব্যাংকের সাবেক নির্বাহী সদস্য, এসএএম ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দশমিনা স্টুডেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এবং সেন্টার ফর ইয়োথ ভেলপমেন্ট ইনিশিয়েটিভ এর নির্বাহী পরিচালক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে পটুয়াখালী প্রস্তুত ৮টি মাঠ 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষে পটুয়াখালী শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মাহফিলকে সফল করতে আটটি মাঠ প্রস্তুত করা হচ্ছে।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। তাই কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ ছাড়াও শ্রোতাদের জন্য অতিরিক্ত সাতটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিসি বাংলো পার্ক, লতিফ স্কুল মাঠ, আক্কেল আলী কলেজ মাঠ, সোনালি ব্যাংক সংলগ্ন মাঠসহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন।

শ্রোতাদের সুবিধার্থে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাজারো স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে শৃঙ্খলা বজায় রাখার জন্য। পাশাপাশি পর্যাপ্ত মাইক ও ভিজ্যুয়াল সিস্টেম স্থাপন করা হচ্ছে যাতে সব মাঠ থেকে বক্তব্য স্পষ্ট শোনা যায়।

পটুয়াখালী শহরে মাহফিলের আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবারের মাহফিল শান্তিপূর্ণ এবং সফল করার জন্য সবধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




নৌকাই একমাত্র ভরসা: পিরোজপুরের দেউলবাড়ী দোবড়া

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩ নম্বর দেউলবাড়ী দোবড়া ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্ন ও অবহেলিত একটি অঞ্চল। উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই ইউনিয়নের মূল যোগাযোগব্যবস্থা খালের ওপর নির্ভরশীল।

বর্ষা ও শীতকালে ভোগান্তি চরমে ::
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া অসংখ্য খাল বর্ষা মৌসুমে পানিতে নিমজ্জিত থাকে। তখন এই এলাকার মানুষের একমাত্র ভরসা নৌকা। অন্যদিকে শীতকালে খাল ও নদীগুলো কচুরিপানায় এমনভাবে আটকে যায়, নৌকা বা ট্রলারে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া তো দূরের কথা, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাপনও থমকে যায়।

শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ: এলাকার মানুষ বছরের প্রতিটি মৌসুমেই বৈঠা বেয়ে ঝুঁকি নিয়ে চলাচল করেন। বিশেষত শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিনিয়তই এই যোগাযোগব্যবস্থার চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসী উন্নত রাস্তাঘাটের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানালেও এখনো কোনো সমাধান আসেনি।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”