বরিশালে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে বদলে যাচ্ছে তরুণ প্রজন্মের ভাগ্য

বরিশালের সরকারি ও বেসরকারি আইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলো বেকার যুবক ও যুব নারীদের আত্ম-কর্মসংস্থানের পথ তৈরি করছে। এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা আউটসোর্সিং পেশায় যুক্ত হয়ে গড়ে তুলছেন স্বাবলম্বী জীবন।

বরিশালে আইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলো তরুণদের ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক শেখাচ্ছে। ডিজিটাল স্কিলসের মধ্যে রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এছাড়া বরিশাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণের মাধ্যমে জেলার যুবসমাজ মাসে ১ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয় করছে। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, অনেকে গড়ে তুলছেন ছোট ছোট প্রতিষ্ঠান। এতে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা গেছে, বরিশালের বিভিন্ন এলাকায় শতাধিক তরুণ-তরুণী আউটসোর্সিং পেশায় সফলতা অর্জন করেছে। ফ্রিল্যান্সার মো. নওশাদ ও মো. তানভীর ইসলামের মতো অনেকে শুরুতে ছোট পরিসরে কাজ করলেও বর্তমানে তারা স্বাবলম্বী।

বরিশাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি অফিসার মো. আতিকুর রহমান জানান, সরকারের নানামুখী উদ্যোগের ফলে তথ্য প্রযুক্তি খাতে অবকাঠামো উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশালের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জসীম বলেন, দ্রুতগতি ইন্টারনেট, ব্যাংক লোন ও পেপালের মতো সুবিধা নিশ্চিত হলে এখানকার ফ্রিল্যান্সাররা আরও এগিয়ে যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন পাবেন সরকারি ভাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে অন্তর্বর্তী সরকার। তাঁদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই ভাতা। তাঁরা নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এ ভাতা পাবেন।

দেশের মোট মসজিদের ১০ শতাংশ মসজিদে প্রথম দফায় এ কর্মসূচি চালু করা হবে।

পর্যায়ক্রমে বাকি মসজিদগুলোকেও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমাম পাঁচ হাজার, মুয়াজ্জিন চার হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পারেন।
সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্যের কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে।




সাওয়ান হত্যার ঘটনায় ইউপি সদস্যের ঘরে আগুন

গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদে পাঁচ বছরের শিশু সাওয়ান হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ও তার সহযোগী রোমান চৌধুরীর ঘরে আগুন লাগিয়ে দেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত শিশুর ময়নাতদন্ত শেষে জানাজার আগে উত্তেজিত এলাকাবাসী এ ঘটনা ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে বিক্ষুব্ধ জনতা বাধা দেয়। ফলে পুলিশ ও ফায়ার সার্ভিস অসহায় অবস্থায় পড়ে।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নিহত সাওয়ানের জানাজার আগে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বসতঘরে আগুন লাগায়। জানাজা শেষে শিশু সাওয়ানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সন্ধ্যায় হোসনাবাদ বাজারে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শিশু সাওয়ানের বাবা ইমরান হোসাইন বাদি হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন—রোমান চৌধুরী, তার বাবা লোকমান চৌধুরী, ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী, রোমানের স্ত্রী আখি বেগম, বোন রাবিনা আক্তার ও শাহাদাত প্যাদা।

মামলায় আরও ৯/১০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

গত বুধবার দুপুরে মধ্য হোসনাবাদে স্থানীয় শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাওয়ান। পরিবারের খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার দাদা বারেক শিকদার গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ভোরে স্থানীয়রা মান্না বেপারীর বাড়ির পেছনে একটি জমিতে শিশুটির রক্তাক্ত লাশ দেখতে পায়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যোগ্যকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন পুতুল

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ নিয়ে আলোচনার ঝড় উঠেছে। এই পদে নিয়োগ পাওয়া সায়মা ওয়াজেদ পুতুল, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে, তার যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে তাকে এই পদে নিয়োগ দেয়া হলেও, তার প্রার্থীতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সমালোচনা এসেছে।

কলকাতাভিত্তিক সাংবাদিক মনদ্বীপা বেনার্জি একটি নিবন্ধে উল্লেখ করেছেন, ‘‘বাবার পাপের দায় ছেলের ওপর পড়ে’’—এ কথা বাইবেল থেকে উদ্ধৃত করে তিনি বলেন, শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোন টিউলিপ সিদ্দিকের ওপর, যিনি সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মন্ত্রীর পদ হারিয়েছেন। এবার, সেই দায় সায়মা ওয়াজেদ পুতুলের ওপর পড়ছে।

প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতুলের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছে স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেট। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার জন্য সায়মা ওয়াজেদ পুতুলের যথাযথ যোগ্যতা ছিল না। তবে তাকে মনোনয়ন দেয়া হয়েছে কেবল স্বজনপ্রীতির কারণে, যা সংস্থার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করেছে।

এছাড়া, ২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। প্রতিবেদনে বলা হয়, পুতুলের বিরুদ্ধে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের সম্ভু আচার্য, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং ৩০ বছর ধরে সেখানে কাজ করছেন। তার পিএইচডি ডিগ্রি রয়েছে জনস্বাস্থ্য বিষয়ে, যা পুতুলের অটিজম নিয়ে কাজের সঙ্গে তুলনা করা যায় না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সায়মা ওয়াজেদ পুতুলের আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই এবং তার পূর্ববর্তী কাজ ছিল মূলত মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে।

এ ব্যাপারে সায়মা ওয়াজেদ পুতুল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে, এই বিষয়টি এখনই একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কুয়াকাটায় পর্যটকদের ঢল: মাসব্যাপী মেলা আর সাপ্তাহিক ছুটির আমেজ

পটুয়াখালীর কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদের তথ্য অনুযায়ী, কুয়াকাটার প্রায় ৮০% হোটেল ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে।

শুক্রবার ও শনিবারের ছুটির সঙ্গে মেলার জমজমাট আয়োজন পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করছে। মেলায় সাংস্কৃতিক কার্যক্রম, স্থানীয় পণ্যের প্রদর্শনী ও বিনোদনের বিশেষ ব্যবস্থা রয়েছে, যা শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য বিনোদনের সুযোগ তৈরি করেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকেই শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন এবং ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়েছে। কেউ সমুদ্রের জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠছেন, কেউ ছবি তুলছেন, কেউ ঘোড়ার পিঠে পুরো সৈকত চষে বেড়াচ্ছেন।

ঢাকা থেকে আসা পর্যটক মেহেদী মিরাজ বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। মেলা ঘুরে বাচ্চাদের জন্য সার্কাসসহ বিনোদনের নানা আয়োজন দেখে বেশ আনন্দ পেয়েছি।”

স্থানীয় ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, “পর্যটকদের চাহিদা মেটাতে আমরা বিশেষ প্রস্তুতি নিয়েছি। হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন সেবা খাতে কাজ চলছে। আজ অনেক পর্যটক এসেছে, আমাদের ব্যবসাও ভালো হচ্ছে।”

মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য এবং কুয়াকাটা প্রেসক্লাব ও টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, “পর্যটকদের জন্য বাড়তি আনন্দ দিতে মাসব্যাপী মেলার আয়োজন করেছি। এখানে বাচ্চাদের জন্য নানা বিনোদনের ব্যবস্থা ও বড়দের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়া রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী বিশেষ আকর্ষণ যোগ করছে।”

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, “সাপ্তাহিক ছুটির কারণে কুয়াকাটায় পর্যটকদের সংখ্যা বেড়েছে। আমরা মোবাইল টিমসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সচেষ্ট।”

কুয়াকাটার এই মাসব্যাপী পর্যটন মেলা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুমকিতে আবার চালু হলো ভোকেশনাল শাখা

পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল কারিগরি শাখা দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এটি স্থানীয়দের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়েছে।

২০০৪ সালে ইঞ্জিনিয়ার কামাল হোসেনের একক প্রচেষ্টায় শুরু হওয়া এই শাখাটি ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কামাল হোসেন রাষ্ট্রদ্রোহিতার মামলায় জড়িয়ে পড়েন। ফলে শাখাটি চালানোর মতো আর কেউ না থাকায় এটি বন্ধ হয়ে যায়।

শাখাটি চালুর পেছনে ইঞ্জিনিয়ার কামাল হোসেনের অবদান অনস্বীকার্য। নিজের পিতার জমি বিক্রি করে এবং প্রাপ্ত অর্থ দিয়ে তিনি এই শাখা চালু করেছিলেন। তার লক্ষ্য ছিল, স্থানীয় শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান করা। শুরুর ১২ বছরে এই শাখা থেকে আড়াইশতাধিক শিক্ষার্থী পাস করে বের হয়, যারা বর্তমানে বিভিন্ন পেশায় সফলতার সঙ্গে কাজ করছেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কামাল হোসেন আবার নতুন উদ্যমে শাখাটি চালু করার উদ্যোগ নেন। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের সহায়তায় অবশেষে ২০২৫ সালের জানুয়ারিতে শাখাটি পুনরায় কার্যক্রম শুরু করে।

এতে স্থানীয়রা উচ্ছ্বসিত। এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা আবার কারিগরি শিক্ষা পাবে। এটি তাদের ভবিষ্যৎ গড়ার জন্য বিশাল সুযোগ।” সাবেক শিক্ষার্থী ও বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, “এই শাখা আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

ইঞ্জিনিয়ার কামাল হোসেন বলেন, “প্রতিষ্ঠানটি চালু রাখতে আমার অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমি কখনো এড়াতে চাইনি। শাখাটি এমপিওভুক্ত করতে পারলে তবেই এটি পূর্ণতা পাবে।”

উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল কারিগরি শাখার পুনরায় চালু হওয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুনর্জন্ম নয়, এটি একটি এলাকার উন্নয়নের প্রতীক। এটি প্রমাণ করে যে, অদম্য ইচ্ছাশক্তি এবং সঠিক প্রচেষ্টা দীর্ঘ প্রতিকূলতাকে জয় করতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরগুনার খেয়াঘাট: কোটি টাকার রাজস্ব, যাত্রীসেবায় নেই উন্নয়ন

বরগুনায় জেলা পরিষদের আওতায় থাকা ১৫টি খেয়াঘাট থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও যাত্রীসেবার মান উন্নয়নে নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। অধিকাংশ ঘাটে যাত্রীদের ওঠা-নামার জন্য আলাদা কোনো ঘাট কিংবা নিরাপদ ব্যবস্থা নেই। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এছাড়াও অনেক ঘাটে যাত্রীছাউনিগুলো দখল হয়ে আছে কিংবা সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে আছে।

বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরে এসব খেয়াঘাট থেকে ৫ কোটি ২২ লাখ ২০ হাজার ৯৪০ টাকা ইজারা আদায় করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ কোটি ৫৩ লাখ টাকা রাজস্ব এসেছে পুরাকাটা-আমতলী ঘাট থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে বড়ইতলা-বাইনচটকি ঘাট, যেখানে ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আদায় হয়েছে। অন্য ঘাটগুলোর মধ্যে চালিতাতলী-বগী, ফুলঝুড়ি-রামনা, নিশানবাড়িয়া-পাথরঘাটা, বামনা-বদনিখালীসহ অন্যান্য ঘাট থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, পুরাকাটা-আমতলী ঘাটে আলাদা খেয়াঘাট না থাকায় যাত্রীদের ফেরির পল্টুন থেকে ওঠা-নামা করতে হয়। এতে যাত্রী ও মালামাল পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের জন্য নির্মিত ছাউনিটি দখল করে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন বসবাস করছেন। একইভাবে বড়ইতলা-বাইনচটকি ঘাটেও ফেরির পল্টুন খেয়াঘাট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্ষায় যাত্রীদের সাঁকো দিয়ে ওঠা-নামা করতে হয়।

গোলবুনিয়া-চালিতাতলী খেয়াঘাটেরও অবস্থা শোচনীয়। এখানকার যাত্রীছাউনিটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। বৃষ্টি হলে নারী ও শিশু যাত্রীরা অপেক্ষার জন্য কোনো নিরাপদ স্থান পান না।

গোলবুনিয়া-চালিতাতলী ঘাটের ইজারাদার মো. আল-আমিন বলেন, “প্রতিবছর লাখ লাখ টাকা ইজারা দিই, কিন্তু ঘাট উন্নয়নে কোনো কাজ হয় না। যাত্রীছাউনিটি ভেঙে পড়েছে, আর যাত্রীদের জন্য কোনো টয়লেট নেই। ঘাট উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

পুরাকাটা-আমতলী ঘাটের ইজারাদার শফিকুল ইসলাম নবীন বলেন, “ফেরির পল্টুনে যাত্রী ওঠা-নামার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। জেলা পরিষদের নির্মিত যাত্রীছাউনিটি বেহাল অবস্থায় রয়েছে। এটি সংস্কার করলে যাত্রীদের অনেক সুবিধা হবে।”

বরগুনার জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, “খেয়াঘাটগুলোর উন্নয়নে প্রয়োজনীয় কাজের তালিকা প্রস্তুত করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হবে। বেদখল যাত্রীছাউনিগুলো উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বরগুনায় অবৈধ কয়লা তৈরির ৭ চুল্লি ধ্বংস

বরগুনার সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আজগরকাঠি এলাকায় কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৭টি চুল্লি ধ্বংস করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছিল, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এ ছাড়া চুল্লির ধোঁয়া ও তাপে ক্ষেতের ফসলও নষ্ট হচ্ছিল।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, “কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লিগুলোর বিষয়ে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভোলায় আধুনিক লঞ্চঘাট নির্মাণে উদ্যোগ, ফেরি সার্ভিস চালুর আশ্বাস

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “বিগত স্বৈরাচার সরকারের আমলে নানা অব্যবস্থাপনা তৈরি হয়েছিল। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি না হয়, সেজন্য এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।”

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন আরও বলেন, “দক্ষিণাঞ্চলের নৌপথগুলো সচল ও নিরাপদ রাখতে ড্রেজিং কার্যক্রম শুরু করা হবে। ভোলা-মনপুরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে। লঞ্চঘাটগুলোর চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে।”

তিনি জানান, বিশ্ব ব্যাংকের সহায়তায় ভোলায় পাঁচটি আধুনিক জেটি এবং লঞ্চঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে যাত্রীসেবা আরও উন্নত হবে।

এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




রাজাপুরে সুপারিগাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে সুপারিগাছে ঝুলন্ত অবস্থায় মোসা. মারুফা আক্তার সুরমা (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাতে রাজাপুর সদর ইউনিয়নের আলগী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুরমা মো. আমজাদ হাওলাদারের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সুরমা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তার আচরণ অস্বাভাবিক ছিল। এ কারণে পরিবারের সদস্যরা সবসময় তাকে নজরে রাখতেন। প্রতিদিনের মতো রাতেও মা ও বোনের সঙ্গে ঘুমিয়েছিলেন সুরমা। তবে রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে বাগানে সুপারিগাছের সঙ্গে ওড়নায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান।

পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম