নাজিম উদ্দিন আলম: ‘এখন একটি চক্র আমাকে চরফ্যাসন থেকে উৎখাত করতে চায়’

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি কোন নেতাকর্মীদের খোঁজ নেয়নি। আমি একজন সংসদ সদস্য হিসেবে বিগত ১৭ বছর আপনাদের পাশে ছিলাম এবং চরফ্যাসনের রাজনীতি করে তিন বার এমপি নির্বাচিত হয়েছি। সেই সময়ে চরফ্যাসন ও মনপুরায় অনেক উন্নয়ন করেছি, কিন্তু দুঃখের বিষয় ৩৩ বছরেও আমি দেশী হতে পারলাম না। এখন একটি চক্র আমাকে চরফ্যাসন থেকে উৎখাত করার যড়যন্ত্র করছে।’
বুধবার (২২ জানুয়ারি) বিকালে চরফ্যাসন প্রধান সড়কে বিএনপির একাংশের আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দোসরা পালিয়ে গিয়ে ভারতে বসে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপপ্রচারকারীদের আশ্রয়দাতা ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না।’
বিএনপির ক্ষমতায় থাকার সময় চরফ্যাসনের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘এক সময় চরফ্যাসনে বিদ্যুৎ ছিল না, তবে এখন চরফ্যাসন উপজেলাকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আমি কয়েকটি কলেজ প্রতিষ্ঠা করেছি, পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ করেছি। আমি আপনাদের এমপি নই, আমি আপনাদের সেবক হতে চাই।’
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাৎ হোসেন সায়েদের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিগ্রেডিয়ার জেনারেল আবদুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. হুমায়ুন কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








